স্পোর্টস ডেস্ক
অনূর্ধ্ব-২০ দক্ষিণ আমেরিকা চ্যাম্পিয়নশিপের চূড়ান্ত পর্বে নিজেদের প্রথম ম্যাচে জয় পেয়েছে আর্জেন্টিনা ও ব্রাজিল। আজ বুধবার ভেনেজুয়েলার কারাকাসের অলিম্পিকো স্টেডিয়ামে চিলিকে ২-১ গোলে হারিয়েছে আর্জেন্টিনা। আর একই শহরের ব্রিগিদো স্টেডিয়ামে উরুগুয়ের বিপক্ষে ১০ জনের দল নিয়েও ১-০ গোলের জয় পেয়েছে ব্রাজিল।
ম্যাচের প্রথমার্ধে আর্জেন্টিনা দুটি গোল পেয়েছে। যেখানে ৩৫তম মিনিটে উইঙ্গার ইয়ান সুবিয়াব্রের গোলে লিড পায় আর্জেন্টিনা। রিভার প্লেটের এই ফুটবলার ২০২২ সালে চিলি অনূর্ধ্ব-১৭ দলের হয়েও খেলেন।
সুবিয়াব্রের গোলের ৭ মিনিট পরই আর্জেন্টিনাকে ২-০ গোলে এগিয়ে দেন রিভার প্লেট ফরোয়ার্ড অগাস্তিন রুবের্তো। বিরতির পর ৬১ মিনিটের চিলির স্ট্রাইকার হুয়ান রসেল একটি গোল পরিশোধ করেন।
এদিকে ম্যাচের শেষ ৩৩ মিনিট ১০ জন নিয়ে খেলেছে ব্রাজিল। ৫৭ মিনিটে উরুগুয়ের রাইট উইঙ্গার আলেহান্দ্রো সেভেরোকে ফাউল করে দ্বিতীয় হলুদ কার্ড দেখে মাঠ ছাড়েন ব্রাজিলের লেফটব্যাক আর্থুর দিয়াস। ব্রাজিল জয়সূচক গোলটি পেয়েছে তারপরই। প্রতি–আক্রমণ থেকে ৭৪ মিনিটে ব্রাজিলকে গোল এনে দেন ফরোয়ার্ড পেদ্রো।
যুবাদের এই কোপা আমেরিকায় ফাইনাল কিংবা তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচ নেই। ছয় দল নিয়ে গঠিত চূড়ান্ত পর্বে লিগভিত্তিক খেলা শেষে যে দল শীর্ষে থাকবে, তারাই চ্যাম্পিয়ন। কারাকাসে প্যারাগুয়েকে ৪-০ গোলে হারানো কলম্বিয়া ১ ম্যাচে ৩ পয়েন্ট নিয়ে শীর্ষে। সমান ম্যাচে সমান পয়েন্ট নিয়ে দুইয়ে আর্জেন্টিনা। গোল ব্যবধানে কলম্বিয়ার (+৪) চেয়ে পিছিয়ে আর্জেন্টিনা (+১)। ১ ম্যাচে ৩ পয়েন্ট নিয়ে তিনে ব্রাজিল (+১)।











































