ক্রীড়া প্রতিবেদক
ওয়ালটন রেফ্রিজারেটর আন্তজেলা পুমসে তায়কোয়ানদো প্রতিযোগিতার সিনিয়র বিভাগে শ্রেষ্ঠত্ব দেখিয়েছে বাংলাদেশ সেনাবাহিনী। পুরুষ-নারী দুই বিভাগেই চ্যাম্পিয়ন হয়েছে তারা। সিনিয়র পুরুষ বিভাগে রানার্সআপ হয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। নারী বিভাগে রানার্সআপ হয়েছে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী।
জুনিয়র পুরুষ ও মহিলা যৌথ বিভাগে চ্যাম্পিয়ন হয়েছে কুমিল্লা জেলা ক্রীড়া সংস্থা। আর রানার্সআপ হয়েছে সিরাজগঞ্জ জেলা ক্রীড়া সংস্থা। সিনিয়র পুরুষ বিভাগে বাংলাদেশ সেনাবাহিনী ৪টি সোনা ও ৫টি রুপাসহ ৯টি পদক জিতে চ্যাম্পিয়ন হয়েছে। রানার্সআপ বিজিবি ৩টি সোনা ও ৪টি রুপার সঙ্গে পেয়েছে ২টি ব্রোঞ্জ। সিনিয়র নারী বিভাগে সেনাবাহিনী ৩টি সোনা ও ২টি রুপাসহ ৫টি পদক জিতে সেরা হয়েছে। দুটি সোনাজয়ী বাংলাদেশ আনসার রানার্সআপ। জুনিয়র যৌথ বিভাগে কুমিল্লা জেলা ক্রীড়া সংস্থা ৬টি সোনা, ১টি রুপা ও ৪টি ব্রোঞ্জসহ ১১টি পদক জিতে চ্যাম্পিয়ন হয়েছে। সিরাজগঞ্জ জেলা ৪টি সোনা, ২টি ব্রোঞ্জসহ ৬টি পদক জিতে রানার্সআপ। তিন দিনব্যাপী এই প্রতিযোগিতায় ৬টি কাব ও ১৪ জেলার দুই শতাধিক খেলোয়াড় অংশ নিয়েছে। এবার এ প্রতিযোগিতায় ইভেন্ট ছিল একটি (পুমসে, প্রদর্শনী)। ক্যাটাগরি ছিল ১২টি। অংশ নেওয়া জেলাগুলোর মধ্যে ছিল চট্টগ্রাম, কক্সবাজার, বান্দরবান, সিলেট, গাজীপুর, কুমিল্লা, খাগড়ছড়ি, ব্রাহ্মণবাড়িয়া, সিরাজগঞ্জ, রাজশাহী, নাটোর, বগুড়া, নরসিংদী ও নারায়ণগঞ্জ।
প্রতিযোগিতার শেষদিনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পুরস্কার বিতরণ করেন পৃষ্ঠপোষক প্রতিষ্ঠান ওয়ালটন গ্রুপের নির্বাহী পরিচালক (গেমস অ্যান্ড স্পোর্টস মার্কেটিং) এফএম ইকবাল বিন আনোয়ার।
ক্রোয়েশিয়াকে উড়িয়ে দিল পর্তুগাল
ক্রীড়া প্রতিবেদক
পায়ে সংক্রমণের কারণে একাদশে ছিলেন না ক্রিশ্চিয়ানো রোনালদো। পূর্ণ বিশ্রাম দিতে তাকে রাখা হয়নি স্কোয়াডেও। তবে দলের সবচেয়ে বড় তারকা না থাকলেও, উয়েফা নেশনস লিগে উড়ন্ত সূচনাই পেয়েছে টুর্নামেন্টের বর্তমান চ্যাম্পিয়নরা।
ফুটবল বিশ্বকাপের বর্তমান রানারআপ ক্রোয়েশিয়াকে ৪-১ গোলে উড়িয়ে দিয়েছে পর্তুগাল। পুরো ম্যাচজুড়েই আধিপত্য ছিল স্বাগতিকদের। শেষদিকে যাও একটি গোল করেছিল ক্রোয়াটরা। কিন্তু এরপরেও আরও একটি গোল হজম করতে হয়েছে তাদের। পর্তুগালের এস্তাদিও ডো ড্রাগনে শনিবার রাতে এবারের নেশনস লিগে নিজেদের প্রথম ম্যাচ খেলতে নেমেছিল পর্তুগাল। প্রতিপক্ষ ক্রোয়েশিয়াকে সে অর্থ কোনো সুযোগই দেয়নি তারা। ম্যাচের একদম শুরু থেকেই একের পর এক আক্রমণে ক্রোয়েশিয়ার রক্ষণভাগকে ব্যতিব্যস্ত করে রাখে পর্তুগাল। তবু প্রথম গোল পেতে অপেক্ষা করতে হয় ম্যাচে ৪১ মিনিট পর্যন্ত। হোয়ান ক্যানসেলোর গোলে অন্তত লিডটা নিয়ে বিরতিতে যায় ফার্নান্দো সান্তোসের শিষ্যরা। প্রায় ২০ গজ দূর থেকে দূরপাল্লার শটে জাল কাঁপান ম্যানচেস্টার সিটির এ ডিফেন্ডার। দ্বিতীয়ার্ধে ফিরে গোল পেতে খুব একটা সময় লাগেনি। ম্যাচের ৫৮ মিনিটের সময় ব্যবধান দ্বিগুণ করেন ডিয়েগো জোতা। ডিফেন্ডার গেররেয়োর বাড়ানো বল ধরে নিখুঁত ফিনিশিংয়ে স্কোরশিটে নাম তোলেন তিনি। এর ১৩ মিনিট পর আরও একবার উল্লাসে মাতে পর্তুগাল। এবার স্কোরার হোয়াও ফেলিক্স।
ম্যাচের নির্ধারিত ৯০ মিনিটে স্কোরলাইন থাকে ৩-০। অতিরিক্ত যোগ করা সময়ের প্রথম মিনিটে একটি গোল শোধ করেন ব্রুনো পেতকোভিচ। যা সহ্য হয়নি আন্দ্রে সিলভার। মিনিট তিনেক পর জাল কাঁপিয়ে ম্যাচের স্কোরলাইন করে দেন ৪-১।
মনোনয়নপত্র তুললেন আরো ১১জন
ক্রীড়া প্রতিবেদক
বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) নির্বাচনে মনোনয়নপত্র কিনলেন আরো ১১জন। এর মধ্যে একজন সহসভাপতি পদে, বাকিরা সদস্য। গতকাল রবিবার ছিল মনোনয়নপত্র বিতরণের দ্বিতীয় দিন। শনিবার প্রথম দিনে দুই সহ-সভাপতিসহ ৫জন মনোনয়নপত্র উত্তোলণ করেছিলেন। এ নিয়ে ১৬জন মনোনয়নপত্র কিনলেন।
দ্বিতীয় দিনে মনোনয়নপত্র উত্তোলণ করা ১১ জনের মধ্যে সহসভাপতি পদে তুলেছেন বাংলাদেশ পুলিশের শেখ মুহম্মদ মারুফ হাসান। সদস্য পদে মনোয়নপত্র কেনা ১০ জনের মধ্যে বর্তমান কমিটিতে আছেন একজন আরিফ হোসেন মুন। বর্তমান সভাপতি কাজী মো. সালাউদ্দিন তার প্যানেলে মুনকে রাখলেও তিনি ঘোষণা দিয়েছেন আলাদাভাবে নির্বাচন করার। তবে সালাউদ্দিন পক্ষের দাবী মুন তাদের সঙ্গেই আছেন। অন্য ৯জনের মধ্যে উল্লেখযোগ্য হলেন, সাবেক তারকা ফুটবলার ইমতিয়াজ সুলতান জনি। সদস্য পদে মনোনয়নপত্র কেনা বাকি ৮ জন হলেন- আব্দুল ওয়াদুদ পিন্টু, মোহাম্মদ সাব্বির হোসেন, মহিদুর রহমান মিরাজ, মনজুরুল আহসান, হাজী মো. রফিক, আ ন ম আমিনুল হক মামুন, অ্যাডভোকেট সাইফুল ইসলাম ও সৈয়দ মোস্তাক আলী মুকুল। আজ সোমবার বিকেল ৫টায় শেষ হবে মনোনয়নপত্র বিরতরণ। আগামী ৩ অক্টোবর অনুষ্ঠিত হবে বাফুফের নির্বাচন।
টাইগারদের পেস বোলিং কোচ আসছেন আজ
ক্রীড়া প্রতিবেদক
সবকিছু ঠিক থাকলে শ্রীলঙ্কা সফরের প্রাথমিক প্রস্তুতি শুরু হয়ে যাবে সপ্তাহ দুয়েক পরই। ক্রিকেট অপারেশন্স কমিটি প্রধান আকরাম খানের দেয়া তথ্য অনুযায়ী, আগামী ২১ বা ২২ সেপ্টেম্বর টাইগারদের অনুশীলন শুরু।
বলার অপেক্ষা রাখে না, বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের পুরো কোচিং স্টাফে একজনও বাংলাদেশিও নেই। হেড কোচ থেকে শুরু করে ব্যাটিং, বোলিং (পেস-স্পিন), ফিল্ডিং কোচ, ফিজিও, ট্রেনার, কম্পিউটার এনালিস্ট পর্যন্ত সবাই ভিনদেশি। করেনাকালীন সময়ে ভিনদেশ থেকে আসা মানেই দুই সপ্তাহ স্বেচ্ছায় কোয়ারেন্টাইনে থাকা। সে কারণেই শ্রীলঙ্কাগামী জাতীয় দলের অনুশীলন শুরুর অন্তত ১৫-১৬ দিন আগে রাজধানীতে আসা শুরু হচ্ছে জাতীয় দলের বিদেশি কোচদের। রবিবার রাত থেকেই বাংলাদেশের বিদেশি কোচরা রাজধানীতে এসে পৌঁছাবেন। রোববার রাতে ঢাকা এসে পৌঁছাবেন হেড কোচ রাসেল ডোমিঙ্গো আর ফিল্ডিং কোচ রায়ান কুক। বাংলাদেশ সময় রাত পৌনে ১২টায় অ্যামির্যাটসের ফাইটে তাদের হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দরে অবতরণের কথা। এদিকে রাতটুকু পার হতেই চলে আসবেন আরেক ভিনদেশি কোচ ওটিস গিবসন। জাতীয় দলের এ ক্যারিবীয় পেস বোলিং কোচ ঢাকায় পা রাখবেন আজ সোমবার সকালে।
শ্রীলঙ্কা সফরের দল চূড়ান্ত করতে ডোমিঙ্গোর অপেক্ষা
ক্রীড়া প্রতিবেদক
সময় বয়ে যাচ্ছে দ্রুত। শ্রীলঙ্কা সফরে যাবার সময়ও ঘনিয়ে এসেছে। ক্রিকেটারদের ব্যক্তিগত অনুশীলনটাও চলেছে অনেকদিন। এখন শুধু দলগত প্রস্তুতি শুরুটাই বাকি। বোর্ড থেকে দেয়া ঘোষণা অনুযায়ী, আগামী ২১ সেপ্টেম্বর শুরু শ্রীলঙ্কা সফরের দলীয় প্রস্তুতি।
পূর্ব ঘোষণা অনুযায়ী তার আগের পর্ব অর্থাৎ দল সাজানো ও ঘোষণার কাজ শেষ হয়ে যাবে ১০ সেপ্টেম্বরের মধ্যে। প্রধান নির্বাচক মিনহাজুল আবেদিন নান্নুর দেয়া তথ্য মতে, আগামী এক-দুই দিনের ভেতরে সেরে ফেলা হবে ক্রিকেটার নির্বাচন। নান্নুর ভাষায়, ‘আমরা ৭-৮ তারিখের মধ্যে খেলোয়াড় তালিকা বোর্ডে জমা দিয়ে দেব।’ তিনি আরও জানান, শ্রীলঙ্কা সফরের তিন ম্যাচের সিরিজের জন্য ২০ জনের পূর্ণাঙ্গ স্কোয়াড পাঠানো হবে। সেই দল নিয়ে টেস্ট অধিনায়ক মুমিনুল হকের সঙ্গে নির্বাচক কমিটির কথাবার্তাও শেষ। এখন শুধু কোচদের মত বিশেষ করে হেড কোচ রাসেল ডোমিঙ্গোর মতটাই নেয়া হয়নি
ক্রিকেটারদের অনুশীলন ঢাকায় বুধবার
ক্রীড়া প্রতিবেদক
আগামী বুধবার থেকে ঢাকার ক্রিকেটারদের বন্ধ হয়ে যাওয়া অনুশীলন আবার শুরু হচ্ছে। শ্রীলঙ্কা সিরিজকে সামনে রেখে মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামে আবারও অনুশীলনে ঘাম ঝরাবেন জাতীয় পুলের ক্রিকেটাররা।
গতকাল রবিবার সংবাদমাধ্যমে একথা জানিয়েছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) ক্রিকেট পরিচালনা বিভাগের প্রধান আকরাম খান। অনুশীলন করানোর সময় বেশ কয়েকজন সাপোর্টিং স্টাফ করোনা আক্রান্ত হওয়ায় ৪ সেপ্টেম্বর থেকে তিনদিনের জন্য অনুশীলন স্থগিত করে বিসিবি।
আকরাম খান বলেন, আপনারা জানেন আমাদের বেশ কয়েকজন সাপোর্টিং স্টাফের করোনা শনাক্ত হওয়ায় তিনদিন ক্রিকেটারদের অনুশীলন বন্ধ রেখেছিলাম। এর মেয়াদ আরও ২ দিন বাড়ানো হয়েছে। বুধবার থেকে আবার শুরু হবে।
ক্রিকেটারদের করোনা টেস্ট শুরু আজ
ক্রীড়া প্রতিবেদক
ক্রিকেটারদের অনুশীলনে করোনার হানার কারণে একক অনুশীলন বন্ধ রেখেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। পুনরায় অনুশীলন শুরু করার আগে ক্রিকেটারদের করোনা টেস্ট করানোর পরিকল্পনা নিয়েছে বিসিবি। সে লক্ষ্যে আজ সোমবার করোনা টেস্ট করা হবে জাতীয় ক্রিকেট দলের খেলোয়াড়দের। শ্রীলঙ্কা সিরিজের কথা মাথায় রেখে এমন সিদ্ধান্ত নিয়েছে বিসিবি।
শুধু মাত্র ক্রিকেটার নয় অনুশীলনের সঙ্গে যুক্ত সকল সাপোর্ট স্টাফদেরও করোনা টেস্ট করাবে বিসিবি। এদিকে ক্রিকেটারদের সুরক্ষার কথা বিবেচনায় এনে ব্যক্তিগত অনুশীলন আরও দুইদিন বন্ধ রাখার ঘোষণা দিয়েছে বিসিবি। এর আগে সাপোর্টস্টাফসহ মোট তিনজন করোনায় আক্রান্ত হওয়ায় ক্রিকেটারদের সুরক্ষার কথা বিবেচনায় এনে তিনদিনের জন্য ব্যক্তিগত অনুশীলন বন্ধের ঘোষণা দেয় বিসিবি। সেই হিসেবে আজ থেকে আবার অনুশীলন শুরু করার কথা ক্রিকেটারদের। তবে ক্রিকেটারদের নিয়ে সতর্ক অবস্থানে থাকায় আরও দুই দিন অনুশীলন বন্ধের ঘোষণা দিলো বিসিবি।
পাবনায় প্রিমিয়ার লীগের খেলোয়াড়দের নিলাম অনুষ্ঠিত
ক্রীড়া প্রতিবেদক
আগামী অক্টোবরে পাবনার চাটমোহরে প্রথমবারের মতো শুরু হতে যাচ্ছে ত্রিদলীয় চাটমোহর প্রিমিয়ার লীগ (সিপিএল) ক্রিকেট। এ উপলক্ষ্যে অনুষ্ঠিত হয়ে গেল লীগে অংশগ্রহণকারী তিন দলের খেলোয়াড়দের নিলাম অনুষ্ঠান।
চাটমোহর ক্রিকেট একাডেমীর আয়োজনে গতকাল রবিবার সকাল ১০টায় চাটমোহর ডায়মন্ড ফুড কর্নার অ্যান্ড কমিউনিটি সেন্টারে অনাড়ম্বর অনুষ্ঠানে খেলোয়াড়দের নিলাম অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের শুরুতে লটারীর মাধ্যমে তিনজন আইকন প্লেয়ারকে বাছাই করে নেন তিন দলের কোচ ও ম্যানেজার। তাদের মধ্যে চাটমোহর ওয়ারিয়র্সে রাসেল শেখ, চাটমোহর ফাইটারে মোবারক হোসেন এবং চাটমোহর রাইডার্সে সজিব কুমার দাস অন্তর্ভূক্ত হয়। পরে এ প্লাস, এ, বি ও সি ক্যাটাগরির অন্তর্ভূক্ত ৪৬ জন খেলোয়াড়কে লটারীর মাধ্যমে ডেকে নেয় দল তিনটি।
বলে স্যানিটাইজার লাগানোয় নিষিদ্ধ ইংলিশ পেসার
ক্রীড়া প্রতিবেদক
করোনাভাইরাসের সতর্কতামূলক পদক্ষেপ হিসেবে এখন সব ক্রিকেট ম্যাচেই সীমানার কাছে রাখা হচ্ছে হ্যান্ড স্যানিটাইজার। যাতে করে ম্যাচ চলাকালীন সময় কিছুক্ষণ পরপর হাত জীবাণুমুক্ত করে নিতে পারেন খেলোয়াড়রা। কিন্তু এর অপব্যবহার তথা হাতের বদলে ক্রিকেট বলে ব্যবহার করলেই পেতে হবে শাস্তি।
যে কাজটি করেছেন ইংল্যান্ডের অস্ট্রেলিয়ান বংশোদ্ভূত পেসার মিচ ক্যাডন। যার ফলে ঘরোয়া ক্রিকেট থেকে অনির্দিষ্টকালীন সময়ের জন্য নিষিদ্ধ করা হয়েছে ৩৭ বছর বয়সী এ পেসারকে। ইংল্যান্ডের চলতি বব উইলিস ট্রফির বাকি ম্যাচগুলো খেলতে পারবেন না সাসেক্সের প্রতিনিধিত্ব করা ক্যাডন। গত মাসে সাসেক্স ও মিডলসেক্সের মধ্যকার ম্যাচে ক্রিকেট বলে হ্যান্ড স্যানিটাইজার লাগিয়েছিলেন মিচ ক্যাডন। এখন তার বিরুদ্ধে আনুষ্ঠানিক তদন্ত শুরু করেছেন ইংল্যান্ড এন্ড ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি)। এ তদন্তের পূর্ণাঙ্গ প্রতিবেদন না আসা পর্যন্ত ইসিবির কোনো টুর্নামেন্টে খেলতে পারবেন না ক্যাডন।
অবসরের ঘোষণা ইয়ান বেলের
ক্রীড়া প্রতিবেদক
পেশাদার ক্রিকেট ক্যারিয়ারকে বিদায় বলে দিয়েছেন ইংল্যান্ডের সাবেক মিডলঅর্ডার ব্যাটসম্যান ইয়ান বেল। এই মৌসুম শেষ হলেই অবসরে যাবেন ৩৮ বছর বয়সী এই ক্রিকেটার।
২০১৫ সালে ইংল্যান্ডের বিশ্বকাপ বিপর্যয়ের পর আর ওয়ানডেতে খেলা হয়নি তার। এতদিন কাউন্টিতে ওয়ারউইকশায়ারের হয়ে নিয়মিত খেললেও ২০১৯ মৌসুমে সাইডলাইনে চলে যান চোটের কারণে। এমনকি এই বছরেও ফর্ম পেতে যুদ্ধ করতে হয়েছে, যেখানে তার সর্বোচ্চ স্কোরই ২৮! তাই নিজের ক্যারিয়ারের শেষ দেখে ফেলেছেন তিনি। বয়সের কারণে শরীরটাই যে এখন বড় বাধা সেই কথাই তুলে আনেন তিনি বিবৃতিতে, ‘খেলাটার জন্য আমার ক্ষুধা ও আগ্রহ ভীষণ মাত্রায় থাকলেও এই চাহিদার সঙ্গে আমার শরীরটা পাল্লা দিয়ে পেরে উঠছে না।’
কুতিনিয়োকে আর ধারে পাঠাবে না বার্সেলোনা
ক্রীড়া প্রতিবেদক
গত মৌসুমে বায়ার্ন মিউনিখে ধারে খেলতে গিয়ে ফিলিপ্পে কুতিনিয়ো ২৩ ম্যাচে করেছেন ৮ গোল। খুব ভালো পরিসংখ্যান নয়। কিন্তু এই ৮ গোলের দুটি তার মূল কাব বার্সেলোনার বুকে বিঁধেছে শেলের মতো। এই দুটি গোল করেছেন গত ১৪ আগস্ট, লিসবনে চ্যাম্পিয়নস লিগের কোয়ার্টার ফাইনালে, আর তাতে ৮-২ গোলে উদোম হয়ে পড়ে মেসি-সুয়ারেজ-গ্রিজমানের বার্সেলোনা। যুগ-যুগান্তর বার্সেলোনাকে যন্ত্রণা দিয়ে যাবে এই দুটি গোল। তবে আপাতত কাতালান কাবটিকে এই উপলব্ধি দিয়েছে যে আর ধারে না পাঠিয়ে কুতিনিয়োকে কাবে থিতু হওয়ার সুযোগ দেওয়া যাক।
কোচ রোনাল্ড কোম্যান কাবকে বলে দিয়েছেন, ২৮ বছর বয়সী ব্রাজিলিয়ান ফরোয়ার্ডকে তিনি রেখে দিতে চান। আপাতত বিক্রির তালিকা থেকে বাদ তো বটেই, কুতিনিয়োকে আর ধারে পাঠানোর সিদ্ধান্তও বাতিল করা হয়েছে। বার্সেলোনাতেই থিতু হওয়ার লড়াই চালাবেন লিভারপুলের ব্রাজিলিয়ান ম্যাজিশিয়ান। কুতিনিয়োকে রেখে দেওয়ায় দলের শক্তি বাড়বে বলেই মনে করছেন কোম্যান। তাকে তিনি সেন্ট্রাল মিডফিল্ডার হিসেবে খেলাতে চান। সাবেক কোচ আর্নেস্তো ভালভার্দে তাকে খেলিয়েছেন উইঙ্গার হিসেবে, যেখানে কুতিনিয়ো নিজের আসল মানটা তুলে ধরতে পারেননি।
ফ্রান্সকে জেতালেন এমবাপ্পে
ক্রীড়া প্রতিবেদক
দলের মূল স্ট্রাইকারদের গোলে দল জিতলেই তৃপ্তিটা হয় বেশি। ইংল্যান্ড যেমন দিনের আগের ম্যাচে রাহিম স্টার্লিংয়ের দেওয়া একমাত্র গোলে হারিয়েছে আইসল্যান্ডকে, তেমনি কিলিয়ান এমবাপ্পেই সুইডেনের মাঠে সুইডেনের বিপক্ষে ফ্রান্সকে জেতাতে করলেন দলের একমাত্র গোল।
একে তো দর্শকহীন স্টেডিয়াম, তারওপর খেলায় কোনও প্রাণ নেই। উয়েফা নেশনস লিগে ইংল্যান্ড-আইসল্যান্ড ম্যাচটি টিভি দর্শকদের চোখের জন্যও ছিল পীড়াদায়ক। আইসল্যান্ডারদের সুদৃঢ় রক্ষণ ভাঙতে পারছিল না ইংল্যান্ড। মাঝে মাঝে মনে হচ্ছিল গ্যারেথ সাউথগেটের ‘অভিজাত’ ইংল্যান্ড পরিকল্পনাহীন ফুটবল খেলছে। এরপর তো উইংব্যাক কাইল ওয়াকার ৭০ মিনিটে দ্বিতীয় হলুদ কার্ড দেখে মাঠ ছাড়লে হারের শঙ্কাই তাদের পেয়ে বসে। তবে শেষদিকে ওই স্টার্লিংই একটি পেনাল্টি আদায় করে তা থেকে ৮৯ মিনিটে গোল করেন। তার শটে হ্যান্ডবল করেন সভেরির ইনগাসন। তবে এই গোলের পরও ইংল্যান্ডকে ড্র নিয়ে সন্তুষ্ট থাকতে হতো, যদি না যোগ করা সময়ে পেনাল্টি নষ্ট করতো আইসল্যান্ড। জো গোমেজের ফাউলে পেনাল্টি পেয়ে গিয়েছিল আইসল্যান্ড, কিন্তু স্পটকিক উড়িয়ে মারেন বার্কির বিয়ার্নাসন।
বেলজিয়াম ও ইংল্যান্ডের জয়
ক্রীড়া প্রতিবেদক
উয়েফা নেশন্স লিগে ডেনমার্কের বিপক্ষে প্রত্যাশিত জয় পেয়েছে বেলজিয়াম। লিগের দ্বিতীয় আসরে নিজেদের প্রথম ম্যাচে ২-০ গোলে জয় পেয়েছে রবের্তো মার্তিনেসের শিষ্যরা। তবে একই গ্রুপের অন্য ম্যাচে আইসল্যান্ডের বিপক্ষে ১-০ গোলের কষ্টার্জিত জয় পেয়েছে ইংল্যান্ড।
শনিবার কোপেনহেগেনের পার্কেন স্টেডিয়ামে ‘এ’ লিগের দুই নম্বর গ্রুপের ম্যাচে বেলজিয়ামের হয়ে প্রথমার্ধে জেসন দেনেইয়ার দলকে এগিয়ে নেওয়ার পর দ্বিতীয়ার্ধে ব্যবধান বাড়ান ড্রিস মের্টেন্স। এদিকে গ্রুপের অন্য ম্যাচে আইসল্যান্ড জাতীয় ফুটবল স্টেডিয়ামে ইংল্যান্ড পেনাল্টি থেকে একমাত্র গোলে রক্ষা পায়। গোলটি করেন রাহিম স্টার্লিং। সমতায় ফিরতে পারতো আইসল্যান্ড। তবে তাদের বিরকির বিয়ারনাসন পেনাল্টি মিস করেন।
ডিপে’কে বার্সায় চান কোচ কোম্যান
ক্রীড়া প্রতিবেদক
লা লিগার ২০২০/২১ মৌসুমকে সামনে রেখে মেমফিস ডিপেকে বার্সেলোনায় আনতে চান ক্যাম্প ন্যুয়ের নতুন কোচ রোনাল্ড কোম্যান। খবরটি নিশ্চিত করেছে স্প্যানিশ ক্রীড়ামাধ্যম মার্কা।
নেদারল্যান্ডসের কোচ থাকাকালীন ডিপেকে খুব কাছ থেকে দেখেছেন কোম্যান। এখন বার্সা কোচ পুনরায় চান, ২৬ বছর বয়সী ফরোয়ার্ডের সঙ্গে আরেকবার পুনর্মিলন। তার জন্য ২৫ মিলিয়ন ইউরো খরচ করতে হতে পারে বার্সাকে।
এমনকি লিওনেল মেসি বার্সায় থেকে যাওয়ার সিদ্ধান্ত নিলেও ফরাসি কাব লিঁও থেকে কোম্যানের বিশেষ অনুরোধে ডিপেকে আনতে পারে কাতালানরা।
চেন্নাই-মুম্বাই ম্যাচ দিয়ে শুরু হবে আইপিএল
ক্রীড়া প্রতিবেদক
জল্পনার অবসান। প্রকাশ্যে এলো সংযুক্ত আরব আমিরাতে হতে চলা আইপিএলের সূচি। ১৯ সেপ্টেম্বর চেন্নাই সুপার কিংস বনাম মুম্বাই ইন্ডিয়ান্সের ম্যাচের মাধ্যমে শুরু এবারের আইপিএল।
গতকাল রবিবার দুপুরে আইপিএল ২০২০ এর সূচি প্রকাশ করে গভর্নিং কাউন্সিল। শনিবারই গভর্নিং কাউন্সিলের চেয়ারম্যান ব্রিজেশ প্যাটেল জানিয়েছিলেন রবিবার প্রকাশিত হবে সূচি। আবুধাবি ছাড়াও দুবাই ও শারজার মাঠে খেলা হবে। ২৩ সেপ্টেম্বর মাঠে পা রাখবে কলকাতা নাইট রাইডার্স। প্রতিপক্ষ গতবারের চ্যাম্পিয়ন ম্ম্বুাই ইন্ডিয়ান্স। দুবাইতে হবে ২৪টি খেলা। ২০টি ম্যাচ হবে আবুধাবিতে। শারজায় হবে ১২টি ম্যাচ। তার মধ্যে ১০ দিন হবে দুটি করে ম্যাচ। যার প্রথমটি শুরু হবে বাংলাদেশ সময় বিকাল চারটায়। দিনের দ্বিতীয় ম্যাচ শুরু হবে বাংলাদেশ সময় রাত আটটায়। তবে প্লে–অফের দিনক্ষণ এখনও ঘোষণা করা হয়নি। ৩ নভেম্বর পর্যন্ত চলবে গ্রুপ পর্বের খেলা। তারপর প্লে-অফ হয়ে ফাইনাল হবে ১০ নভেম্বর।
ইউএস ওপেনের চতুর্থ রাউন্ডে জোকোভিচ
ক্রীড়া প্রতিবেদক
ফাশিং মিডোয় নোভাক জোকোভিচের দাপুটে দৌড় অব্যাহত। শনিবার অনায়াসে জিতে ইউএস ওপেনের চতুর্থ রাউন্ডে পৌঁছে গেলেন শীর্ষ বাছাই সার্বিয়ান তারকা।
তৃতীয় রাউন্ডে তিনি স্ট্রেট সেটে হারালেন জ্যান লেনার্ড স্ট্রুফকে। আর্থার অ্যাশ স্টেডিয়ামে ৩৩ বছর বয়সি জোকোভিচের সামনে কার্যত থই পাননি ২৮তম বাছাই জার্মান খেলোয়াড়টি। জোকার জিতলেন ৬-৩, ৬-৩, ৬-১ সেটে। ক্যারিয়ারের ১৮তম গ্র্যান্ড স্ল্যাম জয়ের লক্ষ্য সামনে রেখে এগিয়ে চলেছেন তিনি। পরের ম্যাচে জকোভিচ খেলবেন পাবলো ক্যারেনো বুস্তার বিপক্ষে। ২০তম বাছাই স্প্যানিশ তারকা পাবলো তৃতীয় রাউন্ডে ৬-৪, ৬-৩, ৬-২ স্ট্রেট সেটে উড়িয়ে দিয়েছেন লিথুয়ানিয়ার রিকার্ডাস বেরানকিসকে।
পুরুষদের সিঙ্গলসে এছাড়াও জয় পেয়েছেন পঞ্চম বাছাই আলেকজান্ডার জেরেভ। তবে ফরাসি খেলোয়াড় আদ্রিয়ান ম্যানারিনোর বিপক্ষে রীতিমতো বেগ পেতে হয়েছে তাকে। প্রথম সেটে হেরে পিছিয়ে পড়েছিলেন জেরেভ। শেষ পর্যন্ত অভিজ্ঞতা ও মানসিক দৃঢ়তায় ভর করে ৬-৭ (৪-৭), ৬-৪, ৬-২, ৬-২ সেটে জিতে চতুর্থ রাউন্ডের টিকিট নিশ্চিত করেন তিনি।
শেষ ষোল পর্বে সেরেনা উইলিয়ামস
ক্রীড়া প্রতিবেদক
শুরুতে পিছিয়েই পড়ে ছিলেন সেরেনা উইলিয়ামস। কিন্তু পরে ঘুরে দাঁড়িয়ে ম্যাচ নিজের করে নেন। মার্কিন যুক্তরাষ্ট্রের এ টেনিস কিংবদন্তি স্লোয়ানে স্টিফেন্সকে হারিয়ে পৌঁছে গেছেন ইউএস ওপেনের শেষ ষোল পর্বে।
ষষ্ঠবারের ইউএস ওপেন জয়ী সেরেনা প্রথম সেট হেরে যান ২-৬ গেমে। এর পরই ঘুরে দাঁড়ান তিনি। স্বদেশী প্রতিপক্ষ স্টিফেন্সকে আর পাত্তাই দেননি। পরের দুই সেট খুব সহজে ৬-২ ও ৬-২ গেমে জিতে প্রি-কোয়ার্টার পর্বে পৌঁছে যান সেরেনা। ক্যারিয়ারের ২৪তম গ্র্যান্ড স্ল্যাম জয়ের রেকর্ড স্পর্শ করার লক্ষ্যে পরের ম্যাচে সেরেনা লড়বেন ১৫তম বাছাই গ্রিক প্রতিপক্ষ মারিয়া সাক্কারির বিপক্ষে। গত সপ্তাহে ওয়েস্টার্ন ও সাউদার্ন ওপেনে সাক্কারি হারিয়ে ছিলেন সেরেনা উইলিয়ামসকে। এবার তার মধুর প্রতিশোধ নেওয়ার পালা।
ইংল্যান্ড দলকে জরিমানা
ক্রীড়া প্রতিবেদক
অস্ট্রেলিয়ার বিপক্ষে তিন ম্যাচ সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে স্লো ওভার রেটের জন্য জরিমানা করা হয়েছে ইংল্যান্ড দলকে। নির্ধারিত সময়ে এক ওভার বল কম করায় ওয়েন মর্গ্যানের দলের সবাইকে ম্যাচ ফির ২০ শতাংশ জরিমানা করেন ম্যাচ রেফারি ক্রিস ব্রড।
সাউথ্যাম্পটনে শুক্রবারের সেই ম্যাচে মর্গ্যানের বুদ্ধিদীপ্ত নেতৃত্ব ও বোলারদের দুর্দান্ত পারফরম্যান্সে ঘুরে দাঁড়িয়ে ২ রানের রোমাঞ্চকর জয় পায় ইংল্যান্ড। ইংলিশ অধিনায়ক দায় স্বীকার করে শাস্তি মেনে নেওয়ায় আনুষ্ঠানিক শুনানির দরকার হয়নি।











































