Home আঞ্চলিক খুলনায় ছাত্রলীগ নেতা সজল এক দিনের রিমান্ডে

খুলনায় ছাত্রলীগ নেতা সজল এক দিনের রিমান্ডে

24

স্টাফ রিপোর্টার।।

নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ খুলনা মহানগরের সহসভাপতি রনবীর বাড়ৈ সজলকে এক দিনের রিমান্ডে নিয়েছে পুলিশ। আজ মঙ্গলবার খুলনা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত-২-এর বিচারক মো. আল আমিন তাঁর এক দিনের রিমান্ড মঞ্জুর করেন।

খালিশপুর থানার উপপরিদর্শক (এসআই) সিরাজুল ইসলাম এ তথ্য জানিয়েছেন। তিনি বলেন, মহানগর ছাত্রলীগ নেতা রনবীর বাড়ৈ সজলকে জিজ্ঞাসাবাদের জন্য ১০ দিনের আবেদন করা হয়েছিল। আদালত এক দিনের রিমান্ড মঞ্জুর করেছেন।


সিরাজুল ইসলাম আরও বলেন, ২০২৩ সালের ২২ অক্টোবর খালিশপুর থানার বৈকালী এলাকার বিএনপি কার্যালয়ে হামলা, ভাঙচুর ও লুটপাটের অভিযোগ এনে গত বছরের ৩০ আগস্ট ১৪ নম্বর ওয়ার্ড বিএনপির সদস্য শেখ নুরুল ইসলাম মামলাটি করেন। ছাত্রলীগের এই নেতা ওই মামলার ৬১ নম্বর আসামি।

উল্লেখ্য, ২৭ ডিসেম্বর বাগেরহাট জেলার মোংলা উপজেলার খাসেরডাঙ্গা থেকে রনবীর বাড়ৈ সজলকে গ্রেপ্তার করে খুলনা মহানগর ডিবি পুলিশ। তাঁর বিরুদ্ধে খুলনা মেট্রোপলিটন ও জেলার কয়েকটি থানায় একাধিক মামলা রয়েছে। ছাত্রলীগের এই নেতা খুলনা নগরীর ধর্মসভা রোডের বাসিন্দা।