স্পোর্টস ডেস্ক
নারী বিসিএলে জাতীয় দলের ব্যাটাররা যেন একে অপরের সঙ্গে পাল্লা দিচ্ছেন। প্রথম রাউন্ডে বাংলাদেশের প্রথম নারী ব্যাটার হিসেবে প্রথম শ্রেণীর ক্রিকেটে সেঞ্চুরি করেন নিগার সুলতানা জ্যোতি। ওই ইনিংসে ১৫৩ রান করেন তিনি। দ্বিতীয় রাউন্ডে মুর্শিদা ১৭০ রান করে তাকে ছাড়িয়ে যান। একই রাউন্ডে ১৭১ রানের ইনিংস খেলে আবার মুর্শিদাকে টপকে বাংলাদেশের নারীদের প্রথম শ্রেণির ক্রিকেটে সর্বোচ্চ ব্যক্তিগত ইনিংসের মালিক হলেন জ্যোতি। আসরের দ্বিতীয় রাউন্ডে গতকাল রাজশাহীর শহীদ কামারুজ্জামান স্টেডিয়ামে পূর্বাঞ্চল ও মধ্যাঞ্চলের খেলা ড্র হয়। তিন দিনের লড়াইয়ে মূলত ব্যাটাররাই দাপট দেখিয়েছেন। মধ্যাঞ্চলের ওপেনার মুর্শিদা ও অধিনায়ক জ্যোতির আগে সেঞ্চুরি করেন পূর্বাঞ্চলের ওপেনার দিলারা দোলা। সব মিলিয়ে ম্যাচে দুই ইনিংসও পূর্ণ হয়নি। ২ উইকেটে ২৪২ রান নিয়ে তৃতীয় দিনের খেলা শুরু করে মধ্যাঞ্চল। তারা প্রথম ইনিংসে ৮ উইকেটে ৫২৮ রান করে। এর আগে টস জিতে ব্যাটিংয়ে নেমে পূর্বাঞ্চল প্রথম ইনিংসে অলআউট হয় ৩৫৪ রানে। দুই অপরাজিত ব্যাটার মুর্শিদা ১২২ ও জ্যোতি ৬৪ রান নিয়ে তৃতীয় দিনের খেলা শুরু নামেন। ২৬৩ বলে দেড়শ স্পর্শ করেন মুর্শিদা। মধ্যাহ্ন বিরতির আগে ফাহিমা খাতুনের বলে এলবিডব্লিউ হয়ে বিদায় নেন তিনি। ২৮৬ বল মোকাবিলায় ২৩টি চার মারেন মুর্শিদা। জ্যোতির সঙ্গে তার তৃতীয় উইকেট জুটি ছিল ২২৮ রানের। দ্বিতীয় সেশনের শুরুতে ২১৮ বলে সেঞ্চুরি পূর্ণ করেন চারে নামা জ্যোতি। আসরে এটি তার দ্বিতীয় সেঞ্চুরি। নারীদের প্রথম শ্রেণির ক্রিকেটে বাংলাদেশের প্রথম ব্যাটার হিসেবে দুটি সেঞ্চুরির কীর্তি গড়েন তিনি। এরপর পঞ্চম উইকেটে শারমিন আক্তার ছোঁয়ার সঙ্গে ৭৯ ও ষষ্ঠ উইকেটে নাহিদা আক্তারের সঙ্গে ৪৮ রানের জুটি গড়েন জ্যোতি। ২৯২ বলে দেড়শ স্পর্শ করে শেষমেশ থামেন মুর্শিদার চেয়ে ১ রান বেশি করে। তাজ নেহারের বলে শরিফা খাতুনের হাতে ক্যাচ দেওয়ার আগে ৩২২ বল খেলা জ্যোতির ব্যাট থেকে আসে ১৮টি চার। শেষ বিকালে প্রতিপক্ষের বোলারদের ওপর চড়াও হয়ে ৪৩ বলে ফিফটি পূর্ণ করেন দিশা বিশ্বাস। দুই দল ড্র মেনে নেওয়ার আগে ৫১ রানে অপরাজিত ছিলেন তিনি। ৪৪ বলে ছয়টি চার ও একটি ছক্কা মারেন তিনি। পূর্বাঞ্চলের পক্ষে তিনটি করে উইকেট নেন ফাহিমা ও তাজ।











































