স্পোর্টস রিপোর্টার
ঘটনাবহুল একটি বছর পার করেছে দেশের ফুটবল। এই বছরই ১৬ বছরের রাজত্ব শেষ হয়েছে কাজী সালাউদ্দিনের। নানা চড়াই-উতরাই পেরিয়ে সাবিনা খাতুনরা সাফ শিরোপা ধরে রাখার চ্যালেঞ্জে জয়ী হয়েছে। পুরুষ ফুটবলের ব্যর্থতার মিছিলে বছরের একেবারে শেষ প্রান্তে এসে সুখবর পেয়েছে বাংলাদেশ। ইংলিশ ক্লাব লেস্টার সিটির তারকাকে পাওয়া বিদায়ী বছরে বড় প্রাপ্তিই বাংলাদেশের ফুটবলে।
আন্তর্জাতিক ফুটবল
এ বছর মাঠে জামাল ভূঁইয়াদের প্রাপ্তি প্রায় শূন্যই। ৮টি আন্তর্জাতিক ম্যাচে খেলে মাত্র ২টিতে জয় ভুটান ও মালদ্বীপের সঙ্গে। ৬ হারের ৪টি ২০২৬ বিশ্বকাপ বাছাইয়ে ফিলিস্তিন (২টি), অস্ট্রেলিয়া ও লেবাননের কাছে। বাকি দুই হার ভুটান ও মালদ্বীপের সঙ্গে। ২০১৬ সালে ভুটানের কাছে প্রথম হারের আট বছর পর সেই দুঃস্মৃতি ফিরে এসেছে। তবে মেয়েদের জাতীয় দলের পরিসংখ্যানটা বেশ ভালো। ৮ ম্যাচে ৫ জয়। এক ড্র, দুটি হার। নেপালের কাঠমান্ডুতে অনুষ্ঠিত নারী সাফে সাবিনারা আবারো অপরাজিত চ্যাম্পিয়ন হয়েছেন। টুর্নামেন্ট জুড়ে বৃটিশ কোচ পিটার বাটলার ও সিনিয়র ফুটবলারদের দ্বন্দ্ব ছিল আলোচনায়। সকল কিছু ছাপিয়ে মাঠে সেরাটা দিয়ে বাংলাদেশ চ্যাম্পিয়ন হয়। সাফ চ্যাম্পিয়ন মেয়েদের এবারো ছাদখোলা বাসে বিমানবন্দর থেকে বাফুফে ভবনে আনা হয়। চ্যাম্পিয়ন মেয়েদের বাফুফে বেতন বকেয়া রেখেছিল। এ নিয়ে সমালোচনা হয় অনেক। চ্যাম্পিয়ন হওয়ার পর সাবিনারা প্রধান উপদেষ্টার সাক্ষাৎ পান। ক্রীড়া মন্ত্রণালয়, বিসিবি, বিওএ আর্থিক পুরস্কার প্রদান করে তাদের। সাফের সেরা খেলোয়াড় ঋতুপর্ণা চাকমা। এবারো সেরা গোলরক্ষকের খেতাব জেতেন বাংলাদেশের রূপনা চাকমা। বিদায়ী বছরে বয়সভিত্তিক ফুটবলে এসেছে তিনটি শিরোপা। প্রথমটি অনূর্ধ্ব-১৬ মেয়েদের সাফে। দ্বিতীয়টি মেয়েদের অনূর্ধ্ব-২০ সাফে ভারতের সঙ্গে যৌথভাবে। অনূর্ধ্ব-২০ টুর্নামেন্টের সেরা মোছাম্মদ সাগরিকা। অনূর্ধ্ব-২০ ছেলেদের বিভাগে প্রথমবার চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশ।
সালাউদ্দিনের বিদায়
মাঠের বাইরে এসেছে বড় পরিবর্তন। বছরের অন্যতম আলোচিত ঘটনা বাফুফে থেকে কাজী সালাউদ্দিনের বিদায়। ২৬শে অক্টোবের বাফুফের নির্বাচনে সভাপতি পদে পঞ্চমবার প্রার্থী হওয়ার ঘোষণা দিয়েও নানা সমালোচনায় শেষ পর্যন্ত সরে যান। বাফুফেতে তার ১৬ বছরের আলোচিত-সমালোচিত অধ্যায় শেষ হয়েছে এভাবেই। সিনিয়র সহ-সভাপতি সালাম মুর্শেদী, সহ-সভাপতি কাজী নাবিলরাও বিদায় নিয়েছেন। ‘নতুন বাফুফের’ নতুন সভাপতি হয়েছেন সাবেক ফুটবলার তাবিথ আউয়াল। ফুটবলে এসেছে অনেক নতুন মুখ। এক সিনিয়র সহ-সভাপতি ও চার সহ-সভাপতির মধ্যে একমাত্র পুরোনো মুখ ইমরুল হাসান। সাবেক এই সহ-সভাপতি এবার বিনা প্রতিদ্বন্দ্বিতায় এবার সিনিয়র সহ-সভাপতি নির্বাচিত হয়েছে। চার সহ-সভাপতির চারজনই একেবারে নতুন। তারা হলেন- নাসের শাহরিয়ার জাহেদী। তার সঙ্গী জয়ী হয়েছেন ওয়াহিদ উদ্দিন চৌধুরী হ্যাপী, সাব্বির আহমেদ আরিফ ও ফাহাদ করিম।
রাসেল-জামাল খেলেনি, দলহীন জামাল ভূঁইয়া
৫ই আগস্ট দেশে পটপরিবর্তনের পর স্পন্সররা সরে যাওয়ায় শেখ জামাল-শেখ রাসেলের মতো ক্লাব দল গড়েনি ঘরোয়া লীগে। বিপ্লবের আগে মে মাসে টানা পঞ্চমবার পেশাদার লীগ জিতে রেকর্ড গড়েছে বসুন্ধরা কিংস, বিদায়ী মৌসুমে জিতেছে লীগ, ফেডারেশন কাপ ও স্বাধীনতা কাপের ট্রেবলও। তবে আন্তর্জাতিক এরিনায় আবারো ব্যর্থ বাংলাদেশের এই ক্লাবটি। এবার এএফসি
নতুন টুর্নামেন্ট এএফসি চ্যালেঞ্জ লীগের গ্রুপ পর্বের তিন ম্যাচের তিনটিতেই হেরেছে তারা। দেশের অন্যতম জনপ্রিয় ক্লাব আবাহনী এবার লীগ খেলছে বিদেশি ফুটবলার ছাড়াই। আবাহনী ক্লাবে খেলার কথা ছিল জাতীয় দলের অধিনায়ক জামাল ভূঁইয়ার। ৫ই আগস্টের পর ক্লাব চুক্তির অঙ্ক কমানোর প্রস্তাব দেয়। এতে তিনি রাজি হননি। শেষ মুহূর্তে এমনটা হওয়ায় তিনি অন্য কোনো দলেও যেতে পারেননি। ফলে প্রথম লেগে তার পক্ষে আর খেলা সম্ভব হয়নি। ৫ই আগস্ট ঘটনায় ঘরোয়া ফুটবলের পরিধিও এবার কমেছে। স্বাধীনতা কাপ ও সুপার কাপ ক্যালেন্ডার থেকে বাদ পড়েছে। ফেডারেশন কাপ ও লীগই এবার অনুষ্ঠিত হবে শুধু।
আবারো ফিফার শাস্তি
২০২৩ সালের ১৪ই এপ্রিল ফিফা বাফুফের তৎকালীন সাধারণ সম্পাদক আবু নাঈম সোহাগকে নিষিদ্ধ করেছিল দুই বছরের জন্য। ২০২৩ সালের পরের বছরও ফিফার শাস্তি অব্যাহত ছিল। এই বছর মে মাসের দিকে ফিফা বাফুফের সাবেক সিনিয়র সহ-সভাপতি আব্দুস সালাম মুর্শেদীকে দায়িত্বে অবহেলার জন্য আর্থিক জরিমানা করে। পাশাপাশি বাফুফের কয়েকজন স্টাফকেও বিভিন্ন মেয়াদে বহিষ্কারাদেশ দেয়। সোহাগের শাস্তির মেয়াদ আরও এক বছর বাড়ায়।
হামজা এখন বাংলাদেশের
প্রায় দেড় বছর ধরে হামজা চৌধুরীকে নিয়ে কাজ করছিল বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। ইংলিশ ক্লাব লেস্টার সিটিতে খেলা এই ফুটবলারকে এই বছর বাংলাদেশি পাসপোর্ট, ইংল্যান্ড ফুটবল ফেডারেশনের অনুমতির পর ফিফার প্লেয়ার স্ট্যাটাস কমিটিতে আবেদন করে বাফুফে। নানা ইস্যুতে সেই আবেদন নিষ্পত্তিতে অনেক সময় নিয়েছিল। এক পর্যায়ে না হওয়ার আশঙ্কাও ছিল। পরবর্তীতে ফিফার সবুজ সংকেত পাওয়ায় হামজা চৌধুরীর বাংলাদেশ দলের হয়ে খেলতে আর বাধা নেই। বাংলাদেশ ফুটবল দলে ইংল্যান্ড প্রিমিয়ার লীগের ফুটবলার খেলা বিশেষ ঘটনা।
প্রথম অধিনায়ক জাকারিয়া পিন্টুর চিরবিদায়
স্বাধীন বাংলা ফুটবল দল ও বাংলাদেশ জাতীয় ফুটবল দলের প্রথম অধিনায়ক ছিলেন জাকারিয়া পিন্টু ১৮ই নভেম্বর ইন্তেকাল করেন। বাংলাদেশের প্রথম অধিনায়কের মৃত্যুতে বাংলাদেশের ক্রীড়াঙ্গনে গভীর শোক নেমে আসে। স্বাধীন বাংলা ফুটবল দলের সদস্যগণ মুক্তিযোদ্ধা স্বীকৃতি পাওয়ায় পিন্টু গার্ড অব অনার পেয়েছেন। মোহামেডান ক্লাব, বাফুফে, ক্রীড়া মন্ত্রণালয় তাকে গভীর শ্রদ্ধা জানায়।











































