Home Uncategorized নির্বাচনের প্রস্তুতিতে দলগুলো, আছে দ্বিধাও

নির্বাচনের প্রস্তুতিতে দলগুলো, আছে দ্বিধাও

14


খুলনাঞ্চল রিপোর্ট।।
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সারা দেশে নিজ নিজ নির্বাচনী এলাকায় গণসংযোগ করছেন বিএনপি, জামায়াত এবং যুগপৎ আন্দোলনের দলসহ ইসলামী দলগুলোর সম্ভাব্য প্রার্থীরা। বিভিন্ন সামাজিক এবং ধর্মীয় অনুষ্ঠানেও যোগ দিচ্ছেন তারা। এসব কর্মসূচিতে বিভিন্ন প্রতিশ্রুতি দিচ্ছেন নেতারা। বিএনপি ইতিমধ্যে ৩১ দফা জনসাধারণের মধ্যে ছড়িয়ে দিতে সারা দেশে কর্মশালাসহ বিভিন্ন কর্মসূচি করেছে। জামায়াতও নির্বাচনী প্রস্তুতির অংশ হিসেবে সারা দেশে কর্মিসম্মেলন করছে। পাশাপাশি বিএনপি’র সঙ্গে যুগপৎ আন্দোলন করা দলগুলো তাদের সম্ভাব্য প্রার্থীদের নিজ নিজ নির্বাচনী এলাকায় গণসংযোগসহ ভোটারদের দ্বারে দ্বারে যাওয়ার নির্দেশনা দিয়েছে। সেই অনুযায়ী তারাও নিজের অবস্থান সুসংহত করতে নির্বাচনী মাঠে নেমেছেন। ওদিকে হেফাজতে ইসলাম বাংলাদেশ নিজেদের ব্যানারে নির্বাচনে না যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে। সংগঠনটির নেতারা অন্যান্য ইসলামী দল থেকে প্রার্থী হয়ে নির্বাচনে লড়বেন।

৫ই আগস্ট ছাত্র-জনতান গণঅভ্যুত্থানে সরকার পতনের পর থেকেই যৌক্তিক সময়ের মধ্যে নির্বাচনের জন্য অন্তর্বর্তী সরকারকে তাগিদ দিচ্ছে বিএনপি। এর পাশাপাশি দলটি নির্বাচনেরও প্রস্তুতি নিচ্ছে। জানা গেছে, এবার নির্বাচনে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেয়া বিএনপি’র দলীয় প্রার্থী এগিয়ে থাকলেও তরুণ নেতারা বেশি প্রাধান্য পাবেন। বিগত আন্দোলনে থাকা ছাত্র নেতাদের সবচেয়ে বেশি অগ্রাধিকার দেয়া হবে এবং সাবেক এমপিদেরও বিবেচনায় রাখা হবে বলে জানানো হয়েছে। ইতিমধ্যে আসন্ন নির্বাচনে বেশ কয়েকজন প্রার্থী বিএনপি’র হাইকমান্ড থেকে সবুজ সংকেত পেয়েছেন বলে জানা গেছে। নির্বাচনে জিতলে যুগপৎ আন্দোলনের দল ও জোটদের নিয়ে জাতীয় সরকার গঠন এবং ‘দ্বি-কক্ষ বিশিষ্ট পার্লামেন্টে’র ঘোষণা দিয়েছে বিএনপি।

বিএনপি’র স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেন, রাজনৈতিক দল সব সময়ই আন্দোলন ও নির্বাচনের প্রস্তুতি রাখে। নির্বাচনের তারিখ ঘোষণার পর আনুষ্ঠানিকভাবে প্রস্তুতি নেয়া হয়। এখন আমরা সাংগঠনিক কার্যক্রম করছি। এটাও নির্বাচনেও প্রস্তুতি।

হেফাজতে ইসলাম বাংলাদেশের যুগ্ম মহাসচিব মাওলানা আজিজুল হক ইসলামাবাদী বলেন, হেফাজতে ইসলাম বাংলাদেশ-এর ব্যানারে আমরা নির্বাচনে যাবো না। তবে দেশের বিভিন্ন ইসলামী দল থেকে হেফাজতে ইসলাম বাংলাদেশ-এর নেতারা নির্বাচনে অংশ নেবেন।

ওদিকে দীর্ঘ প্রায় ১৬ বছর আওয়ামী লীগ সরকারের নির্যাতন-নিপীড়নের শিকার হয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। এ সময়ে প্রকাশ্যে রাজনীতি করার সুযোগ পায়নি তারা। ৫ই আগস্ট রাজনৈতিক প্রেক্ষাপট পরিবর্তনে সারা দেশে নতুন করে সংগঠন গোছাচ্ছে দলটি। পাশাপাশি কর্মিসম্মেলনের মধ্য দিয়ে নির্বাচনের বার্তাও ভোটারদের দ্বারে দ্বারে পৌঁছে দেয়া হচ্ছে। এছাড়া ইসলামী দলগুলোকে নিয়ে একটি জোট গড়ারও চেষ্টা করছে বলে জানা গেছে। তবে দলটি এবার এককভাবে নির্বাচনে অংশ নেবে, না কি বিএনপি’র সঙ্গে জোটবদ্ধভাবে যাবে তা এখনো সিদ্ধান্ত হয়নি। সম্প্রতি রাজধানীতে এক অনুষ্ঠানে জামায়াতের আমীর ডা. শফিকুর রহমান বলেন, নেতা নির্বাচনের ক্ষেত্রে ব্যক্তির সততা, কর্তব্যনিষ্ঠা, আমানতদারিতা ও তাক্‌ওয়া বিবেচনায় নিতে হবে। ন্যায়-ইনসাফের সমাজ প্রতিষ্ঠায় আগামী দিনে যোগ্য ও নিবেদিতদের নির্বাচিত করুন।

বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় প্রচার সম্পাদক এডভোকেট মতিউর রহমান আকন্দ বলেন, দলকে আরও বিস্তৃতি ও গোছানোর জন্য সারা দেশে আমরা কর্মিসম্মেলন করছি। এটা নির্বাচনী প্রস্তুতিও। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে জামায়াত এককভাবে অংশগ্রহণ করবে কি না, তা এখন বলা যাচ্ছে না। বিএনপি’র সঙ্গে জোটবদ্ধ হয়ে এর আগেও আমরা নির্বাচন করেছি। এবারও জোটবদ্ধভাবে নির্বাচন করা হবে তা ভোটের আগে আলোচনা করে সিদ্ধান্ত নেয়া হবে।

এদিকে বিএনপি’র সঙ্গে যুগপৎ আন্দোলনের অংশ নেয়া দল এবং জোটগুলোও নির্বাচনী প্রস্তুতি নিচ্ছে। তাদের সম্ভাব্য প্রার্থীরা নিজ নিজ নির্বাচনী এলাকায় গণসংযোগ করছেন। পাশাপাশি বিএনপি’ও তাদেরকে নির্বাচনে সহযোগিতা করার সর্বোচ্চ আশ্বাস দিয়েছে। তবে জোটগতভাবে নির্বাচনের অংশগ্রহণের এ বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি। নির্বাচনের আগে এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেয়া হবে। এছাড়া ইসলামী আন্দোলন এককভাবে এবং জোটবদ্ধ উভয়ভাবে নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে। এই প্রক্রিয়া এখনো চলমান রয়েছে বলে জানা গেছে।

গণতন্ত্র মঞ্চের সমন্বয়ক ও বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক বলেন, নির্বাচনী প্রস্তুতি বলতে নেতৃবৃন্দ নিজ নিজ এলাকায় যাচ্ছেন এবং গণসংযোগ করছেন। তবে এটা গণতন্ত্র মঞ্চের ব্যানারে নয়। স্ব স্ব দল নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে। আর বিএনপি’র সঙ্গে গণতন্ত্র মঞ্চ জোটগতভাবে নির্বাচনে যাবে না কি এককভাবে অংশগ্রহণ করবে- তা এখনো ঠিক হয়নি। এটা নির্বাচনের আগে আলোচনার মাধ্যমে সিদ্ধান্ত নেয়া হবে।
ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর মহাসচিব অধ্যক্ষ হাফেজ মাওলানা ইউনুছ আহমাদ বলেন, এককভাবে এবং জোটবদ্ধ উভয়ভাবে ইসলামী আন্দোলন নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে। আর দলের কোনো কোনো নেতাকে নির্বাচনের প্রস্তুতি নেয়ার কথা বলা হয়েছে। তাদের নিজ নিজ নির্বাচনী এলাকায় গণসংযোগ করার নির্দেশনা দেয়া হয়েছে।

গণফোরাম সাধারণ সম্পাদক মো. মিজানুর রহমান বলেন, গণফোরাম নির্বাচনমুখী দল। দলের নির্বাচনী প্রস্তুতি রয়েছে। এককভাবে নির্বাচনের প্রস্তুতি আছে। আর বিএনপি’র সঙ্গে জোটবদ্ধভাবে নির্বাচন করবো না কি এককভাবে করবো- তা এখনো সিদ্ধান্ত হয়নি। সময় হলে বলা যাবে।
১২ দলীয় জোটের সমন্বয়ক ও বাংলাদেশ জাতীয় দলের চেয়ারম্যান সৈয়দ এহসানুল হুদা বলেন, নির্বাচনের প্রস্তুতি অনেক আগে থেকেই আমরা নিচ্ছি। ১২ দলীয় জোটের যারা নিজেদের যোগ্য প্রার্থী মনে করছেন, তারা নিজ নিজ নির্বাচনী এলাকায় গণসংযোগসহ বিভিন্ন সামাজিক কর্মকাণ্ড করছেন। আর আমরা জোটগতভাবেই নির্বাচনে যেতে চাই।

গণঅধিকার পরিষদের একাংশের সাধারণ সম্পাদক মো. রাশেদ খান বলেন, আমাদের নির্বাচনের প্রস্তুতি আছে। সে অনুযায়ী কাজ চলছে। আমরা বলেছি, ৩০০ আসনে গণঅধিকার পরিষদ প্রার্থী দেবে। ইতিমধ্যে সম্ভাব্য প্রার্থীরা নিজ নিজ নির্বাচনী এলাকায় প্রচার-প্রচারণা চালাচ্ছেন। আর জোটগতভাবে নির্বাচনে যাওয়ার বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি। সামনে এ বিষয়ে আলোচনার মাধ্যমে সিদ্ধান্ত হতে পারে।

গণঅধিকার পরিষদের অপর অংশের সদস্য সচিব ফারুক হাসান বলেন, গণঅধিকার পরিষদ নির্বাচনী প্রস্তুতি নিচ্ছে। এখন সম্ভাব্য সংসদ সদস্য প্রার্থীদের নিজ নিজ নির্বাচনী এলাকায় গণসংযোগসহ বিভিন্ন রাজনৈতিক কর্মকাণ্ড করার নির্দেশনা দেয়া হয়েছে। আর নির্বাচনে এককভাবে না কি জোটবদ্ধভাবে যাবো তা এখনো ঠিক হয়নি। জানুয়ারি কিংবা ফেব্রুয়ারি মাসে এ বিষয়ে কোনো সিদ্ধান্ত হতে পারে। আপাতত এককভাবে নির্বাচনে যাওয়ার প্রস্তুতি নিচ্ছি।-মানবজমিন