স্টাফ রিপোর্টার
লবণাক্ততা, জলাবদ্ধতা, নদীভাঙনের কবলে থাকা খুলনাসহ উপকূলীয় এলাকার কৃষিতে আশার আলো দেখাতে পারে ‘ক্রপ ক্লিনিক’। এই প্রযুক্তি বাস্তবায়ন হলে ফসল উৎপাদনের জন্য জমিতে যথেচ্ছ সার ও কীটনাশকের ব্যবহার কমবে। পাশাপাশি মাটি ও পরিবেশদূষণ রোধ সম্ভব হবে বলে আশা করছেন কৃষক ও কৃষি কর্মকর্তারা। কৃষি সম্প্রসারণ অধিদপ্তর খুলনাসহ ৬৪ জেলার অ্যাগ্রিকালচার অ্যান্ড রুরাল ট্রান্সফরমেশন ফর নিউট্রিশন এন্টারপ্রেনারশিপ অ্যান্ড রেসিলিয়েন্স (পার্টনার) শীর্ষক প্রকল্পটি বাস্তবায়ন করবে।
কৃষকরা বলেছেন, বছরজুড়েই তারা চাষাবাদে ব্যস্ত থাকেন। ফসলের উৎপাদন বৃদ্ধি ও মুনাফা অর্জনে নিজেদের অভিজ্ঞতা ও জ্ঞানই তাদের ভরসা। এতে অনেক সময় অতিরিক্ত সার, কীটনাশকের ব্যবহার করতে হয়। ‘ক্রপ ক্লিনিক’ ব্যবস্থা কৃষিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
খুলনার অন্যতম সফল চাষি ডুমুরিয়া উপজেলার হানিফ মোড়ল (৫১) বলেন, ‘সারা বছরই চাষাবাদ নিয়ে ব্যস্ত থাকি। দীর্ঘদিন চাষাবাদে নিজের অভিজ্ঞতা দিয়ে সার-কীটনাশক দিচ্ছি। তবে কোনো সময় মাটি ও পানি পরীক্ষা করিয়ে ফসলের ক্ষেতে সার বা বালাইনাশক দেওয়া হয়নি। মাটি পরীক্ষার জন্য অনেক দূরে যেতে হয় ও ব্যয়বহুল।
মাটি পরীক্ষা-নিরীক্ষা করে ওষুধ, সার দিলে আমরাই উপকৃত হব। এতে খরচ কমবে, ভালো ফসল পাব।’
একই উপজেলার অঙ্গারদহ গ্রামের কৃষক নেসার আলী মোড়ল (৬৬)। ৫০ বছরের বেশি সময় কৃষি কাজ করছেন এই কৃষক। তিনি বলেন, মাটির স্বাস্থ্য ভালো না থাকলে ফসল ভালো হয় না।
তাই নিজের বিবেচনা ও এলাকার দোকানির পরামর্শমতো সার ও কীটনাশক ব্যবহার করছি। কিন্তু দিন দিন মাটি নিস্তেজ হয়ে যাচ্ছে। ভালো ফসল পেতে দিনরাত কষ্ট করতে হয়। জমির রোগ জানলে চিকিৎসা ভালো হবে। আমাদের লাভ হবে।
অঙ্গারদহ গ্রামের রুবিনা বেগম (৪৬) বলেন, ‘বাপ-দাদা জমিজমা চাষ করেছেন। আমরাও করি। কিন্তু আগের মতো ফসল হয় না। লেখাপড়া জানি না। তাই কেউ যদি পরামর্শ দেন আমাদের জন্য ভালো। আমাদের কষ্ট ও খরচ কমবে। জমি-জিরাতও বাঁচবে।’
কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের (ডিএই) তথ্য মতে, অ্যাগ্রিকালচার অ্যান্ড রুরাল ট্রান্সফরমেশন ফর নিউট্রিশন এন্টারপ্রেনারশিপ অ্যান্ড রেসিলিয়েন্স (পার্টনার) নামে একটি প্রকল্প বাস্তবায়ন করছে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর। প্রকল্পটির মাধ্যমে দেশের ২৩৯টি উপজেলায় কৃষকের দোরগোড়ায় কৃষিসেবা পৌঁছে দেওয়া হবে। এ লক্ষ্যে ১৪টি কৃষি অঞ্চলে ১৪টিসহ ২৫৩টি ‘মোবাইল ক্রপ ক্লিনিক ভ্যান’ কেনা হবে। এই ক্লিনিকের মাধ্যমে স্বল্প সময়ে কৃষকের জমিতে বসে একটি ছোট ডিভাইসের মাধ্যমে জমির উর্বরতা, লবণাক্ততা, মাটির উপাদনগুলোর বিশ্লেষণ করা হবে। রিপোর্ট সঙ্গে সঙ্গেই প্রিন্ট করে কৃষকের হাতে তুলে দেওয়া হবে। একই সঙ্গে জমিতে কী পরিমাণ সার, বালাইনাশক বা কীটনাশক ব্যবহার করবে তার পরামর্শ দেওয়া হবে। এতে জমির উর্বরতা রক্ষা, ফসল উৎপাদন বৃদ্ধি ও পরিবেশদূষণ বন্ধ হবে।
অধিদপ্তর বলছে, প্রায় ছয় হাজার ৯১১ কোটি টাকা ব্যয়ে প্রকল্পটির মেয়াদ ২০২৮ সাল পর্যন্ত। এর মধ্যে সরকারি অর্থায়ন এক হাজার ১৫১ কোটি ১৩ লাখ টাকা। প্রকল্প সাহায্য হিসেবে আসবে পাঁচ হাজার ৭৫৯ কোটি ৮০ লাখ টাকা (৫৪৩ মিলিয়ন ডলার; আইডিএ-৫০০ মিলিয়ন ও ইফাদ-৪৩ মিলিয়ন)। এই প্রকল্পের আওতায় দেশের ২৩৯টি উপজেলা এবং ১৪টি কৃষি অঞ্চলে ২৫৩টি আধুনিক কৃষি সুবিধা সম্পন্ন গাড়ি কিনে দেওয়া হবে। প্রতিটি গাড়ির জন্য বরাদ্দ রয়েছে ৭০ লাখ টাকা। এই গাড়ি বা ‘মোবাইল ক্রপ ক্লিনিক ভ্যান’ কেনার বরাদ্দ রয়েছে প্রায় ১৭৭ কোটি টাকা। এরই মধ্যে ‘মোবাইল ক্রপ ক্লিনিক ভ্যান’র মাধ্যমে খুলনাসহ কয়েকটি স্থানে কাজ করছেন কৃষি কর্মকর্তারা।
কৃষি সম্প্রসারণ অধিদপ্তর খুলনার সিনিয়র মনিটরিং কর্মকর্তা কৃষিবিদ মো. মোছাদ্দেক হোসেন বলেন, ‘খুলনাসহ উপকূলীয় অঞ্চলের কৃষির অযুত সম্ভাবনা রয়েছে। কিন্তু এসব সবজি উৎপাদন করতে অতিরিক্ত সার ও কীটনাশক প্রয়োজন। ফলে বিশ্ববাজারে সবজি রপ্তানির বিশাল সম্ভাবনা থাকলেও তা কাজে লাগানো যাচ্ছে না।











































