Home জাতীয় গুলি ও ধারাল অস্ত্রের কোপে যুবদলের ৩ নেতাকর্মী আহত

গুলি ও ধারাল অস্ত্রের কোপে যুবদলের ৩ নেতাকর্মী আহত

31


ঢাকা অফিস।।

নওগাঁ শহরের ইয়াদ আলীর মোড় নামক স্থানে দুর্বৃত্তদের হামলায় তিন সহোদর গুলিবিদ্ধ ও ধারালো অস্ত্রের আঘাতে জখম হয়েছেন। তারা স্থানীয় যুবদলের রাজনীতির সঙ্গে জড়িত।

গতকাল শনিবার রাত সাড়ে ১০টার দিকে এ ঘটনা ঘটে। হামলাকারীদের একজন চিহ্নিত সন্ত্রাসী ও আওয়ামী লীগের ক্যাডার মোহাম্মদ আলী বলে স্থানীয়রা জানিয়েছেন।

ঘটনার পর পর আহতদের উদ্ধার করে চিকিৎসার জন্য প্রথমে নওগাঁ সদর হাসপালে নেওয়া হয়। সেখানে তাদের অবস্থার অবনতি হলে রাতেই বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।

আহতরা হলেন, ইয়াদ আলীর মোড় এলাকার আফজাল হোসেনের ছেলে ও বোয়ালিয়া ইউনিয়ন যুবদলের সাবেক সভাপতি আব্দুল মজিদ (৬০), ইউনিয়ন যুবলীগের নেতা কাবিল হোসেন (৫২) ও শ্রমিক নেতা শফিকুল ইসলাম (৪৫)।

প্রত্যক্ষদর্শিরা জানান, রাত সাড়ে ১০ টার দিকে আব্দুল মজিদ, কাবিল হোসেন ও শফিকুল দোকান বন্ধ করছিলেন। এ সময় হঠাৎ মোটরসাইকেলে এসে অস্ত্রধারী সন্ত্রাসীরা গুলি চালায় ও দেশীয় ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে পালিয়ে যায়। পালানোর সময় সন্ত্রাসীরা মোটরসাইকেল ও হামলায় ব্যবহৃত একটি ওয়ান শুটারগান ফেলে যায়।

বোয়ালিয়া ইউনিয়ন বিএনপির সদস্য মাহবুব হাসান জানান, সন্ত্রাসী ও আওয়ামী লীগের ক্যাডার মোহাম্মদ আলী দুই সহযোগীকে নিয়ে এসে এ হামলা চালিয়েছে।

এদিকে ঘটনার পরপর অভিযান চালিয়ে নওগাঁর ডিবি পুলিশ ইয়াদ আলী মোড় এলাকা থেকে আরিফুল ইসলাম আরিফ নামের একজনকে আটক করে। উত্তেজিত জনতা ডিবির কাছ থেকে ওই আসামিকে ছিনিয়ে নিয়ে মারধর করা শুরু করলে সেখানে সেনাবাহিনীর একটি দল এসে আটক আরিফুল ইসলাম আরিফকে উদ্ধার করে এবং উত্তেজিত জনতাকে ছাত্র ভঙ্গ করে দেয়।

পরবর্তীতে উত্তেজিত জনতা হামলাকারী মোহাম্মদ আলীর বাড়িতে আগুন ধরিয়ে দেয়।

আজ রবিবার বিকেলে নওগাঁ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূরে আলম সিদ্দিকী জানান, শনিবার রাতে হামলাকারী মোহাম্মদ আলীর শশুরবাড়ি আদমদিঘী উপজেলায় অভিযান চালিয়ে জিজ্ঞাসাবাদের জন্য তার স্ত্রী ও মেয়েকে থানায় আনা হয়েছে। এ ঘটনায় থানায় একটি মামলার প্রস্তুতি চলছে।

নওগাঁর পুলিশ সুপার (এসপি) কুতব উদ্দিন জানান, হামলার ঘটনায় একজনকে আটক করা হয়েছে। ঘটনাস্থল থেকে সন্ত্রাসীদের ফেলে যাওয়া ওয়ান শুটারগান ও মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে। জড়িতদের দ্রুত গ্রেপ্তারের চেষ্টা চলছে।