Home আঞ্চলিক দৌলতপুরে আপন দুই ভাইকে কুপিয়ে হত্যা

দৌলতপুরে আপন দুই ভাইকে কুপিয়ে হত্যা

72


নিজস্ব প্রতিনিধি।।

পূর্ব শত্রুতার জেরে কুষ্টিয়ার দৌলতপুরে আপন দুই ভাইকে কুপিয়ে হত্যার অভিযোগ পাওয়া গেছে। আহত হয়েছেন আরও তিনজন। বুধবার (৩০ অক্টোবর) বিকেল সাড়ে ৪টার দিকে উপজেলার ছাতারপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত দুই ভাই হলেন- আব্দুল হামিদ (৫০) ও নজরুল ইসলাম (৪৫)। তারা ওই এলাকার মৃত রমজান মন্ডলের ছেলে। আহতরা হলেন- জামাল উদ্দিন, আসমত আলী ও আকবর আলী।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, বিকেল নিহত হামিদ ও নজরুলসহ কয়েকজন তাদের নিজ এলাকার দৌলতপুর উপজেলার আড়িয়া ইউনিয়নের ছাতারপাড়া বাজারে বসে ছিলেন। এসময় একই এলাকার সিরাজ পিয়াদারের ছেলে সুমনের নেতৃত্বে ১৫ থেকে ২০জন দেশীয় অস্ত্র ও লাঠিসোটা নিয়ে তাদের ওপর অতর্কিত হামলা চালায় এবং কুপিয়ে গুরুতর জখম করে। পরে স্থানীয়রা গুরত্বর আহত অবস্থায় উদ্ধার করে কুষ্টিয়ার ২৫০ শয্যা সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

নিহতের ভাইয়ের ছেলে সুজন আলী জানান, বিকেল সাড়ে ৪টার দিকে ছাতারপাড়া বাজারে বসেছিলেন তার দুই চাচাসহ কয়েকজন। এসময় হঠাৎ করেই সুমনের নেতৃত্বে একদল সন্ত্রাসী তাদের ওপর হামলা চালায়।

দৌলতপুর থানার অফিসার ইনচার্জ শেখ আওয়াল কবির জানান, নিহত হামিদ ও নজরুলদের সঙ্গে সুমনদের আগে থেকেই শত্রুতা ছিল। তারই জেরে এ হতাহতের ঘটনা ঘটে। তবে এলাকায় যাতে করে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি না ঘটে সে জন্য সতর্ক অবস্থানে রয়েছে পুলিশ।