খুলনাঞ্চল রিপোর্ট
সফেদা আম কিংবা কাঁঠালের মতো জনপ্রিয়তা না পেলেও এর বহু গুণাগুণ রয়েছে। সফেদায় প্রচুর ভিটামিন ‘এ’ এবং ‘সি’ রয়েছে। নিয়মিত সফেদা খেলে ওরাল ক্যান্সার প্রতিরোধ ও দাঁত ভালো থাকে। পাকা সফেদায় পাওয়া যায় পটাশিয়াম, কপার, আয়রন, ফোলেট, নিয়ামিন ও পান্টোনিক অ্যাসিড। এছাড়াও সফেদার রয়েছে ওষুধি গুণ। এটি ঘন ঘন ঠান্ডা লাগার সমস্যা কমায়। ত্বকে বয়সের ছাপ দূর করে। শরীরের ওজন কমাতে সাহায্য করে। ফুসফুস ভালো রাখে। সফেদার বীজের নির্যাস কিডনি রোগ সারাতে সাহায্য করে। সফেদা হজমে সাহায্য করে। অর্ধেক পাকা সফেদার পানি ফুটিয়ে কষ বের করে ব্যবহারে ডায়রিয়া ভালো হয়। সফেদার পাতা ঠান্ডাজনিত অসুখ কমাতে সাহায্য করে। রসালো, সুমিষ্ট ও ওজনে বড় নানা পুষ্টিগুণ সম্পন্ন সফেদার নতুন জাত উদ্ভাবন করেছে বাংলাদেশ পরমাণু কৃষি গবেষণা ইনস্টিটিউটের (বিনা) উদ্যানতত্ত্ব বিভাগের সিনিয়র বৈজ্ঞানিক কর্মকর্তা ড. শামসুল আলম মিঠু।
ইনস্টিটিউট সূত্রে জানা যায়, সফেদার গবষণা শুরু হয়েছিল ২০১৬ সালে। সফেদার সায়নে গামা রেডিয়েশন এবং ইএমএস প্রদান করে বিকিরণ বৃত্তি গুলোকে গ্রাফটিং করে রোপণ করা হয়। ফল আসার পর মূল্যায়ন এর পরে দুইটি মিউট্যান্ট শনাক্ত করা হয়। এতে দেখা যায়, চিহ্নিত মিউট্যান্ট গুলোর ফল অনেক বড়, চামড়া খুবই পাতলা, শাঁস খুবই রসালো, সুমিষ্ট ও বীজ ছোট। এসব দিক বিবেচনা করে জাতীয় বীজ বোর্ড এটিকে বিনাসফেদা- ১ নামে ছাড়পত্র দিয়েছে। জাতটি উদ্ভাবক বিনার উদ্যানতত্ত্ব বিভাগের সিনিয়র বৈজ্ঞানিক কর্মকর্তা ড. শামসুল আলম মিঠু বলেন, এটি একটি নাবী জাত। এ জাতের সফেদার গাছ লম্বায় মাঝারী ও ঝোঁপালো। ফল আকারে বেশ বড় সুস্বাদু, সুগন্ধিযুক্ত ও মিষ্টি হয়। ফল পাকার পর তামাটে রং ধারণ করে, বীজ আকারে খুব ছোট এবং গড় ওজন ৪ গ্রাম। ফলের ওজন ২৫০ থেকে ৪৫০ গ্রাম হয়। ফলে ভিটামিন সি এর পরিমাণ ১৫.৫৮ মিলিগ্রাম/১০০ গ্রাম; ট্রাইটেবল এসিডিটি ০.৯১ শতাংশ। টিএসএস এর পরিমাণ ২৪-২৮ শতাংশ। ভক্ষণযোগ্য অংশের পরিমাণ ৭৫-৯০ শতাংশ। দেড় বছরের একটি গাছে ২ থেকে ৫কেজি ফল পাওয়া যায়। যা প্রচলিত জাতের তুলনায় অনেক বেশি। ফলের প্রধান মৌসুম জানুয়ারি থেকে মার্চ মাস। উপযুক্ত পরিচর্যা পেলে এ জাতের ফলন প্রতি হেক্টরে ২৫ থেকে ৪০ টন পাওয়া যাবে। এছাড়াও এটিতে রোগবালাই ও পোকামাকড়ের আক্রমণ প্রচলিত জাতের চেয়ে অনেক কম হয়। চাষ পদ্ধতি সম্পর্কে তিনি বলেন, এ ফসলের জন্য বেলে-দোআঁশ ও দোআঁশ মাটি সম্পন্ন পানি সেচ ও নিষ্কাশন সুবিধা সম্পন্ন জমি ভাল। পাহাড়ি ও সমতল উভয় এলাকাতেই সফলভাবে এ সফেদা জন্মানো যায়। সফেদা সাধারত উষ্ণ ও আর্দ্র জলবায়ু পছন্দ করে। জলাবদ্ধতা সহ্য ক্ষমতা কম, তবে খরা মৌসুমে ২ থেকে ৩ বার সেচ প্রদান করে চাষ করা যায়। কলমের চারা মার্চ-সেপ্টেম্বর মাসে রোপণ করলে পরের বছর সেপ্টেম্বর-নভেম্বর মাসে ফুল আসে এবং জানুয়ারি-এপ্রিল মাসে ফল সংগ্রহ করা যায় এবং পরের বার ফেব্রুয়ারি-মার্চ মাসে ফুল আসে এবং মে-সেপ্টেম্বর মাসে ফল সংগ্রহ করা যায়। ড. শামসুল আলম মিঠু আরো বলেন, উদ্ভাবিত নতুন জাতটি চাষাবাদের আওতায় আনতে বিপুল পরিমাণ চারা উৎপাদনের চেষ্টা চলছে। জাতটি কৃষকরা বাণিজ্যিকভাবে চাষ করলে অর্থনৈতিকভাবে লাভবান হওয়ার পাশাপাশি বিদেশেও রফতানি করা যাবে। বিনার উদ্যানতত্ত্ব বিভাগের প্রধান ড. রফিকুল ইসলাম বলেন, দেশে সফেদা চাষাবাদ কম হওয়ার কারণে বাজারে পর্যন্ত পরিমাণে পাওয়া যায় না। এছাড়া বিভিন্ন মানুষ এখনো সফেদা ফল খাওয়া দূরের কথা; এটির নামও জানে না। ফলে বাণিজ্যিকভাবে চাষাবাদের আওতায় এনে বিপুল পরিমাণ সফেদা উৎপাদনের জন্য দীর্ঘ গবেষণার মাধ্যমে ফলটির উন্নত জাত উদ্ভাবন করা হয়েছে। বাংলাদেশ পরমাণু কৃষি গবেষণা ইনস্টিটিউটের (বিনা) মহাপরিচালক ড. মো. আবুল কালাম আজাদ বলেন, সফেদা বাজারে পর্যাপ্ত বিক্রি হলে বিভিন্ন পুষ্টির অভাব পূরণ হবে। এছাড়া বাজারে ফালটির দামও যথেষ্ট কমে যাবে। কৃষকরাও বাণিজ্যিকভাবে নতুন এই জাতটি চাষাবাদ করলে লাভবান হবে।











































