Home আঞ্চলিক বৈষম্যবিরোধী ছাত্রদের ‘বিনা লাভের দোকান’

বৈষম্যবিরোধী ছাত্রদের ‘বিনা লাভের দোকান’

72


স্টাফ রিপোর্টার।।
খুলনায় ‘বিনা লাভের দোকান’ চালু করেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা। গতকাল শুক্রবার বিকেলে নগরীর শিববাড়ি মোড়ে এই অস্থায়ী দোকান পরিচালনা করা হয়।
ওই দোকানে গিয়ে দেখা যায়, বিনা লাভের দোকানে ডিম প্রতি পিস ১২ টাকা, মসুর ডাল ৯৯ টাকা, আলু ৫০ টাকা ও পেঁয়াজ ১০০ টাকা কেজি এবং এক আঁটি লালশাক ১২ টাকা ও প্রতি পিস লাউ ৪০ টাকায় মিলছে। ক্রেতারা প্রয়োজন অনুযায়ী পণ্য কিনতে পারছেন।

বিনা লাভের দোকানে পণ্য কিনতে আসা ফাহিম হোসেন বলেন, আমি এখান থেকে আলু, পেঁয়াজ ও ডিম নিয়েছি। বাজারে এগুলোর দাম অনেক বেশি। তিনি বলেন, নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার বাইরে চলে গেছে। এ অবস্থায় শিক্ষার্থীদের এই উদ্যোগ অবশ্যই প্রশংসনীয়।


বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন খুলনার বাজার নিয়ন্ত্রণ টাস্কফোর্সের সদস্য হৃদয় ঘরামী বলেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে ‘বিনা লাভের দোকান’ চালু করা হয়েছে। ছাত্ররা এই কার্যক্রমে অংশ নিয়েছে। বাজারে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির সিন্ডিকেট ভাঙতে আমাদের এই উদ্যোগ। প্রতি সপ্তাহে আমরা এটি পরিচালনা করব।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন খুলনার সমন্বয়ক ও খুবি শিক্ষার্থী নাইম মল্লিক বলেন, প্রতি শুক্রবার এই দোকানের কার্যক্রম চলবে। পাশাপাশি সপ্তাহের অন্য দিনগুলোয় যেন করা যায় এবং আরও কিছু পণ্য বাড়ানো যায়, সে বিষয়ে চিন্তাভাবনা চলছে। এ ছাড়া শুধু এক জায়গায় নয়, খুলনা নগরীর প্রতিটি ওয়ার্ডে বিনা লাভের দোকান ছড়িয়ে দেওয়ারও পরিকল্পনা রয়েছে।