Home আঞ্চলিক ভোগান্তি আরেক নাম গল্লামারী ব্রীজ: সড়কে চলাচলকারীদের নিত্যদিনের দুর্ভোগ

ভোগান্তি আরেক নাম গল্লামারী ব্রীজ: সড়কে চলাচলকারীদের নিত্যদিনের দুর্ভোগ

59


স্টাফ রিপোর্টার
দেশের জেলা ও আশপাশ উপজেলা থেকে খুলনা শহরে ঢোকার অন্যতম জিরোপয়েন্ট-গল্লামারী সড়ক। এ সড়কের ময়ূর নদের ওপর পুরাতন দুটি সেতুর স্থলেই নির্মিত হচ্ছে নতুন দুটি আধুনিক সেতু। সেতু দুটি নির্মাণে প্রকল্পে মেয়াদ ধরা হয় চার বছর। তবে ঠিকাদারি প্রতিষ্ঠানকে মেয়াদ সমাপ্তের মাত্র ৯ মাস বাকিতে দেওয়া হয় কার্যাদেশ। কাজ বাস্তবায়নে ঠিকাদারি প্রতিষ্ঠান স্বল্প সময় পাওয়ায় দ্বিতীয় দফায় ফের ৯ মাস মেয়াদ বাড়ানো হয়। তবে বাড়তি মেয়াদের সময় ফুরিয়ে বাকি রয়েছে মাত্র ছয় মাস। কিন্তু কাজে ভৌত অগ্রগতি মাত্র ২৭ দশমিক ৭০ শতাংশ। এখন বন্ধ রয়েছে নির্মাণকাজ। কাজের এমন করুণ দশায় প্রতিদিন লাখো মানুষের পোহাতে হচ্ছে সীমাহীন দুর্ভোগ। দুর্ভোগের ব্যাপারে কামাল হোসেন ও জাহিদুল ইসলামসহ পথচারীরা জানান, মহানগরীর অন্যতম প্রবেশদ্বার গল্লামারী এলাকা। এ এলাকায় খুলনা বিশ্ববিদ্যালয়, পাইকারি ও খুচরা বৃহৎ বাজার এবং জনবসতি গড়ে উঠেছে। এ ছাড়া সোনাডাঙ্গা বাসস্ট্যান্ড থেকে বিভিন্ন রুটের বাস-ট্রাক, ইজিবাইক এবং নানা পরিবহন ও বিপুলসংখ্যক মানুষ চলাচল করে। কিন্তু দুটি সেতুর একটি ভেঙে কাজ শুরু হওয়ায় অন্যটির ওপর চাপ তৈরি হয়েছে। অথচ সেতু ভেঙে কাজ শুরু হয়। সেটি এখন ফেলে রাখা হয়েছে। কাজই শেষ হচ্ছে না। এতে প্রতিদিনই তীব্র যানজটের সৃষ্টি হচ্ছে। ফলে মানুষকে পোহাতে হচ্ছে চরম দুর্ভোগ। সড়ক ও জনপথ সূত্রে জানা গেছে, গল্লামারীতে ময়ূর নদের ওপর দুটি সেতু ছিল। পুরনো সেতুটি নির্মাণ করা হয় পাকিস্তান আমলে। সেটি ঝুঁকিপূর্ণ হয়ে পড়ায় এর পাশে ২০১৩ সালে নতুন একটি সেতুর নির্মাণকাজ শুরু করে সড়ক ও জনপথ বিভাগ। পিসি গার্ডার পদ্ধতির সেতুটি নির্মাণে ব্যয় হয় ৬ কোটি ৯০ লাখ টাকা। ২০১৫ সালে সেতুটি চলাচলের জন্য উন্মুক্ত করে দেওয়া হয়। কিন্তু মাত্র সাত বছরে এই সেতুটিও পরিণত হয় ভঙ্গুর দশায়। এর নিচ দিয়ে কোনো নৌযানও চলাচল করতে পারে না। তাই এখন দুটি সেতু ভেঙে নতুন আঙ্গিকে দৃষ্টিনন্দনভাবে স্টিল অবকাঠামোর সেতু নির্মাণ হচ্ছে।
প্রকল্প সূত্রে জানা গেছে, ২০২০ সালের ১ জুলাই জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক) সভায় খুলনা জোনের আওতাধীন মহাসড়কে বিদ্যমান সরু ও ঝুঁকিপূর্ণ পুরাতন কংক্রিট সেতু বা বেইলি সেতুর কংক্রিট সেতু নির্মাণ শীর্ষক প্রকল্প অনুমোদন পায়। যার মেয়াদ ছিল চলতি বছর ৩০ জুন। নির্ধারিত মেয়াদে কাজ শেষ না হওয়ায় দ্বিতীয় দফায় এ প্রকল্পে মেয়াদ বাড়ানো হয় ২০২৫ সালের ৩০ মার্চ। এ প্রকল্পের আওতায় গল্লামারী ময়ূর নদের আগের সেতুর স্থলেই দুটি সেতু নির্মিত হচ্ছে। সাড়ে ৬৭ কোটি টাকা চুক্তিমূল্যে কাজ বাস্তবায়ন করছে ঠিকাদারি প্রতিষ্ঠান ন্যাশনাল ডেভেলপমেন্ট ইঞ্জিনিয়ার্স লিমিটেড। ২০২০ সালের ১ জুলাই একনেকে অনুমোদন পেলেও ঠিকাদারি প্রতিষ্ঠানকে কার্যাদেশ দেওয়া হয় তিন বছর পর ২০২৩ সালের ১ অক্টোবর।
ঠিকাদারি প্রতিষ্ঠান জানায়, কংক্রিটের সাব-কনস্ট্রাকশনের ওপর স্টিল অবকাঠামোর সেতু দুটির প্রতিটির দৈর্ঘ্য হবে ৬৮ দশমিক ৭০ মিটার ও প্রস্থ ১৩ দশমিক ৭০ মিটার। নদীর পানির সীমা থেকে সেতুর উচ্চতা হবে পাঁচ ৫ মিটার। কংক্রিটের প্রতিটি সাব-কনস্ট্রাকশনে ১৬টি পাইল হচ্ছে। প্রতিটি পাইলের দৈর্ঘ্য হচ্ছে ৪৮ মিটার।
এ ব্যাপারে প্রজেক্ট ম্যানেজার অপূর্ব কুমার বিশ্বাস বলেন, প্রথমে দুটি সেতুর মধ্যে বেশি পুরনো সেতুটি ভেঙে সেখানে নতুন সেতুর নির্মাণ শুরু করা হয়। নদের দুপাশে কংক্রিটের সাব-কনস্ট্রাকশনের কাজ শেষ হয়েছে। কিন্তু নকশা এখনো অনুমোদন হয়নি। ফলে স্টিলের অবকাঠামো নির্মাণের জন্য মালামাল আনা সম্ভব হয়নি। বিদেশ থেকে বিয়ারিং আনতে হবে। কারখানায় স্টিল মালামাল ফেব্রিকেট করতে হবে। এগুলো আসতে অনেক সময় লাগবে। এ কারণে কাজ আপাতত বন্ধ রয়েছে। তবে ইতিমধ্যে গড়ে কাজে কাজে ভৌত অগ্রগতি মাত্র ২৭ দশমিক ৭০ শতাংশ।
তিনি আরও বলেন, পাশে থাকা অন্য সেতু ভেঙে কাজও শুরু করা যায়নি। সেটি দিয়ে গাড়ি চলাচল করছে। যেটির কাজ শুরু হয়েছে, সেটি চালু না করে অন্যটির কাজ শুরুর অনুমতি পাওয়া যাচ্ছে না।
একনেক অনুমোদনের পর ঠিকাদারি প্রতিষ্ঠানকে কার্যাদেশ দিতে তিন বছর কেন বিলম্ব হলো এই প্রশ্নের জবাবে প্রকল্প পরিচালক ও সড়ক ও জনপথ অধিদপ্তরের খুলনা জোনের অতিরিক্ত প্রধান প্রকৌশলী মো. জাকির হোসেন বলেন, তিনি সদ্য যোগদান করেছেন। তাই এ ব্যাপারে তিনি বলতে পারবেন না।