Home খেলাধুলা ইরানে খেলতে না গিয়ে শাস্তির মুখে কলকাতার ক্লাব

ইরানে খেলতে না গিয়ে শাস্তির মুখে কলকাতার ক্লাব

16


স্পোর্টস ডেস্ক

মধ্যপ্রাচ্যে ইরানের সঙ্গে ইসরায়েলের উত্তেজনা চরমে। গতকাল ইসরায়েলে অসংখ্য ব্যালিস্টিক মিসাইল ছুড়েছে ইরান। সাম্প্রতিক এই উত্তেজনার কারণে এএফসি চ্যাম্পিয়ন্স লিগ টু-র গ্রুপ পর্বে ট্র্যাক্টর এসসি-র বিরুদ্ধে খেলতে ইরান যায়নি কলকাতার ক্লাব মোহনবাগান সুপার জায়ান্ট। এই কারণে শাস্তিও পেতে যাচ্ছে ক্লাবটি।

আজ বুধবার ইরানের তাবরিজে ট্র্যাক্টর এসসি-র বিরুদ্ধে খেলা ছিল ভারতের অন্যতম প্রাচীন ক্লাব মোহনবাগানের। তবে খেলার চব্বিশ ঘণ্টা আগেই ক্লাবটির ৩৫ জন ফুটবলার স্বাক্ষর করে একটি চিঠি দিয়ে ক্লাবকে জানান, এমন উত্তেজনাময় পরিস্থিতিতে ইরান যেতে চান না তারা। পরে ক্লাবটি সঙ্গে সঙ্গে সেই চিঠি পাঠিয়ে দেয় এএফসি, দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় ও দেশটির ফুটবল ফেডারেশনের কাছে। আবেদন করা হয় ম্যাচের দিন পরিবর্তন ও নিরপেক্ষ ভেন্যু চেয়েও।

তবে এএফসি এক বিবৃতিতে জানায়, ‘এএফসি চ্যাম্পিয়ন্স লিগ টু-তে ট্র্যাক্টর এসসি-র বিরুদ্ধে খেলতে ইচ্ছাকৃতভাবে ইরান যায়নি মোহনবাগান সুপার জায়ান্ট। ২ অক্টোবর তাবরিজের ইয়াদেগার ইমান স্টেডিয়ামে এই ম্যাচ হওয়ার কথা ছিল। পুরো বিষয়টি নথিভুক্ত করে এএফসির সংশ্লিষ্ট কমিটিতে পাঠানো হয়েছে। সময় মতো পরবর্তী পদক্ষেপ জানানো হবে।’

শাস্তি হিসেবে মোহামেডান কী ভোগ করতে পারে সেটি নিয়েও আছে আলোচনা। পশ্চিমবঙ্গের গণমাধ্যম আনন্দবাজারের তথ্য অনুযায়ী, এএফসি চ্যাম্পিয়ন্স লিগ টু’র নিয়ম অনুযায়ী, বিপক্ষ দলকে জয়ী ঘোষণা করা হবে। বিরাট অঙ্কের জরিমানা হতে পারে। চলতি এএফসি চ্যাম্পিয়ন্স লিগ টু থেকে ক্লাবটিকে বাতিল করা হতে পারে। এমনকি এশীয় পর্যায়ের সব ধরনের প্রতিযোগিতা থেকেও নির্বাসিত করা হতে পারে মোহনবাগানকে।

তবে শাস্তির শঙ্কা থাকলেও চিন্তিত নন মোহনবাগানের খেলোয়াড়রা। নিরাপত্তাই তাদের কাছে শেষ কথা, ‘ইরানে খেলতে গিয়ে প্রাণ হারাব নাকি? আশা করছি, সব সমস্যার সমাধান হয়ে যাবে।’