Home আন্তর্জাতিক ইসরায়েলি সেনাদের হটিয়ে দিল হিজবুল্লাহ

ইসরায়েলি সেনাদের হটিয়ে দিল হিজবুল্লাহ

22


অনলাইন ডেস্ক
লেবাননে সীমিত আকারে স্থল অভিযান শুরু করেছে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ)। তবে দক্ষিণ লেবাননের একটি শহরে ঢোকার সময় হিজবুল্লাহর প্রবল প্রতিরোধে পিছু হটতে বাধ্য হয়েছে ইসরায়েলি সেনারা। হিজবুল্লাহ ও আইডিএফের মুখোমুখি লড়াইয়ে ইসরায়েলের এক সেনা নিহত হয়েছে। বুধবার এ তথ্য জানিয়েছে আলজাজিরা।

হিজবুল্লাহ জানিয়েছে, বুধবার সূর্যোদয়ের সময় ইসরায়েলি পদাতিক বাহিনী দক্ষিণ লেবাননের ওদাইশেহ শহরে অনুপ্রবেশের চেষ্টা চালায়। এ সময় হিজবুল্লাহর যোদ্ধাদের তীব্র হামলার মুখে ব্যাপক ক্ষতির শিকার হয়ে পিছু হটতে বাধ্য হয় তারা। এ ছাড়া হেলিকপ্টারে করে আহতদের সরিয়ে নেওয়ার কথা জানিয়েছেন প্রত্যক্ষদর্শীরা। তবে এ তথ্য নিরপেক্ষভাবে যাচাই করতে পারেনি আলজাজিরা।

লেবাননে হিজবুল্লাহর মুখপাত্র জানিয়েছেন, দেশটির দক্ষিণাঞ্চলে ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনীর সঙ্গে তাদের সংঘর্ষ ‘যুদ্ধের প্রথম ধাপের’ অংশ।

রয়টার্স ও এনবিসির খবরে বলা হয়, হিজবুল্লাহর মুখপাত্র মোহাম্মদ আফিফ সাংবাদিকদের বলেন, শত্রুদের মোকাবিলা ও প্রতিহত করতে আমাদের বাহিনী ও যোদ্ধারা পুরোপুরি প্রস্তুত। আইডিএফকে মোকাবিলা করতে সশস্ত্র সংগঠনটির হাতে পর্যাপ্ত অস্ত্র আছে বলেও জানান তিনি।

এদিকে আইডিএফ এক বিবৃতিতে জানিয়েছে, বুধবার লেবাননের ভেতরে লড়াইয়ে ২২ বছর বয়সী ক্যাপ্টেন ইতান ইতঝাক ওস্তার নিহত হয়েছেন। তিনি ছিলেন ইগোজ ইউনিটের টিম কমান্ডার। গেরিলা হামলার জন্য বাছাই করা কমান্ডোদের নিয়ে ইগোজ ইউনিটটি গঠিত।

স্থল হামলা ঘোষণার পর তিনটি এলাকায় দীর্ঘ সময় ধরে কামানের গোলা বর্ষণ করে ইসরায়েল। এর মধ্যে একটি এলাকা ওদাইশেহ। পরিকল্পনা অনুযায়ী, এ রকম আরও বেশ কয়েকটি এলাকাকে লেবাননের ইসরায়েলি স্থল বাহিনী ‘প্রবেশের’ পথ হিসেবে চিহ্নিত করা হয়েছিল।

বিশ্লেষকরা বলছেন, এখন এই স্থল অভিযানে ইসরায়েল কোন ধরনের কৌশল অবলম্বন করছে, তা নিশ্চিত নয়।

হিজবুল্লাহর অবকাঠামো লক্ষ্য করে বুধবার দক্ষিণ লেবাননের সীমান্তবর্তী কয়েকটি গ্রামে ‘নির্দিষ্ট’ এবং ‘সীমিত’ স্থল অভিযান শুরু করেছে ইসরায়েলি সেনারা। এর পরই এই অভিযানে ইসরায়েলকে সমর্থন করার প্রতিশ্রুতি দিয়েছে তাদের মিত্র যুক্তরাষ্ট্র।

এদিকে মঙ্গলবার রাতে ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি) ইসরায়েলে বিভিন্ন স্থাপনা লক্ষ্য করে ব্যাপক ক্ষেপণাস্ত্র হামলা চালায়। এই আকস্মিক হামলার পরপরই সকালের দিকে ইসরায়েলে হামলা চালিয়েছে হিজবুল্লাহ।

হিজবুল্লাহ জানিয়েছে, তারা বুধবার সকালে ইসরায়েলের বিরুদ্ধে পরপর কয়েকটি হামলা চালিয়েছে। এর মধ্যে একটি ছিল ইসরায়েলি সামরিক ব্যারাকে রকেট হামলা। সশস্ত্র গোষ্ঠীটি একটি বিবৃতিতে এসব জানিয়েছে বলে এক প্রতিবেদনে উল্লেখ করেছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি।

বিবৃতিতে হিজবুল্লাহ আরও জানিয়েছে, স্থানীয় সময় বুধবার সকাল ৭টা ১৫ থেকে ৭টা ২০ মিনিটের মধ্যে শুতলা ও মাসকাফ আম সেটলমেন্টে এবং শোমেরা ব্যারাকে ইসরায়েলি সেনাদের একটি জমায়েতে তিনটি মিসাইল হামলা চালানো হয়। হিজবুল্লাহ বলছে, তারা যত ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে, এর বেশ কয়েকটি সরাসরি ও নির্ভুলভাবে লক্ষ্যে আঘাত হেনেছে। এ হামলার কিছুক্ষণ আগেই লেবাননের আদাইসেহ শহর থেকে ইসরায়েলি সেনাদের পিছু হটিয়ে দেওয়ার কথা জানায় হিজবুল্লাহ।