Home Uncategorized ঢাবিতে পৈশাচিক নির্যাতনে যুবককে হত্যা

ঢাবিতে পৈশাচিক নির্যাতনে যুবককে হত্যা

23


৬ শিক্ষার্থী গ্রেপ্তার ।। নিহত তোফাজ্জল ছিলেন মানসিক ভারসাম্যহীন ।। তিন দফা পিটিয়ে নাচতে বাধ্য করা হয়, রক্তে ভিজে যায় গেস্টরুমের ফ্লোর ।। ঢাবি প্রশাসনের ব্যর্থতাকে দায়ী করছে ছাত্রসংগঠনগুলো

ঢাকা অফিস।।

ঢাকা বিশ^বিদ্যালয়ের (ঢাবি) ফজলুল হক মুসলিম হলে চোর সন্দেহে পৈশাচিক নির্যাতন চালিয়ে তোফাজ্জল হোসেন (৩৫) নামে মানসিক ভারসাম্যহীন এক যুবককে হত্যা করা হয়েছে। বুধবার দিবাগত রাতের এ হত্যাকা-ে দেশজুড়ে তোলপাড় সৃষ্টি হয়েছে। জানা গেছে, হত্যার আগে তোফাজ্জলকে ভাত খাওয়ানো হয়। এরপর তিন দফায় পিটিয়ে হলের গেস্টরুমে নাচতে বাধ্য করা হয়। নাচার সময় তার শরীর থেকে গড়িয়ে পড়া রক্তে গেস্টরুমের ফ্লোর ভিজে যায়। রাত সাড়ে ১০টার দিকে তাকে থানায় নিয়ে যাওয়া হয়। অবস্থা গুরুতর দেখে পরে তাকে ঢাকা মেডিক্যাল

কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে রাত পৌনে ১টার দিকে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

তোফাজ্জলকে হত্যায় হলের ৬ শিক্ষার্থীকে গ্রেপ্তার করেছে শাহবাগ থানা পুলিশ; ঢাবি প্রশাসন অজ্ঞাত আসামিদের নামে একটি হত্যা মামলাও দায়ের করেছে।

এদিকে ধিকৃত এ হত্যাকা-ের জন্য দায়ীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবিতে সোচ্চার হয়েছে বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠন। সামাজিক মাধ্যমেও দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করা হচ্ছে। হলের ভেতর দীর্ঘ তিন ঘণ্টা ধরে নির্যাতন করে হত্যার ঘটনায় বিশ^বিদ্যালয় প্রশাসনের ব্যর্থতাকে দায়ী করছে ছাত্র সংগঠনগুলো। বর্বরোচিত এ কা-ে দুঃখ প্রকাশ করেছে ঢাবি প্রশাসন। এর পাশাপাশি একটি তদন্ত কমিটিও গঠন করা হয়েছে। কমিটি আজ শুক্রবারের মধ্যে প্রতিবেদন জমা দেবে।

জানা গেছে, নিহত তোফাজ্জলের বাড়ি বরিশালের বরগুনা জেলার পাথরঘাটা উপজেলার কাঁঠালতলী ইউনিয়নে। তিনি একসময় ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি ছিলেন। তার মা-বাবা কেউ বেঁচে নেই। বছর কয়েক আগে একমাত্র ভাইও মারা যান। এরপর তিনি মানসিক ভারসাম্য হারিয়ে ফেলেন।

শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহাবুদ্দিন শাহীন জানান, এ হত্যাকা-ের অভিযোগে মোট ছয়জনকে শাহবাগ থানায় সোপর্দ করা হয়েছে।

গ্রেপ্তার হওয়া শিক্ষার্থীরা হলেন- ২০১৮-১৯ শিক্ষাবর্ষের পদার্থবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী জালাল আহমেদ। ২০২১-২২ শিক্ষাবর্ষের মৃত্তিকা পানি ও পরিবেশ বিভাগের শিক্ষার্থী মো. সুমন মিয়া। খাদ্য ও পুষ্টিবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী মোত্তাকিন সামিন, প্রাণিবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী আল হুসাইন সাজ্জাদ ও আহসানউল্লাহ এবং ওয়াজিবুল আলম।

তাদের মধ্যে জালাল আহমেদ ছাত্রলীগের সাবেক নেতা। তোফাজ্জলকে নির্যাতনের সময় স্ট্যাম্প হাতে তার দাঁড়িয়ে থাকা একটি ছবি সামাজিক মাধ্যমে ভাইরাল হয়। অভিযোগ ওঠে, তিনি এ হত্যাকা-ের নেতৃত্ব দিয়েছিলেন। কিন্তু এ অভিযোগ অস্বীকার করে জালাল জানান, তোফাজ্জলকে মারধরের সময় এক ছোট ভাইয়ের হাত থেকে তিনি লাঠি ছিনিয়ে নিয়েছিলেন। জালাল ছাত্রলীগের উপ-বিজ্ঞান বিষয়ক সম্পাদক ছিলেন। গত ১৬ জুলাই তিনি পদত্যাগ করেন।

অভিযোগের বিষয়ে জালাল মিয়া বলেন, ‘ঘটনাটি তিনটি স্টেজে ঘটেছে। বিষয়গুলো নিয়ে আমার জানা ছিল না। আমি হলের ছাত্রলীগের উপ-বিজ্ঞান বিষয়ক সম্পাদক ছিলাম। এ জন্য আমার নামেই বেশি ব্লেম আসছে। ঢাবি ক্যান্ডিডেটদের মধ্যে আমিই একমাত্র ব্যক্তি যে গত ১৬ জুলাই পদত্যাগ করেছিলাম। আমি পদত্যাগ অনেক আগেই করতাম, কিন্তু আমি আন্দোলনকারীদের তথ্য দিতাম যে, কেন্দ্রীয় ছাত্রলীগ কী পদক্ষেপ নিচ্ছে। সেসবের স্ক্রিনশটও আছে আমার কাছে।

প্রত্যক্ষদর্শী শিক্ষার্থীরা জানান, গত বুধবার ফজলুল হক হলে ক্রিকেট টুর্নামেন্ট ছিল। সেখান থেকে শিক্ষার্থীদের ছয়টি ফোন চুরি হয়। পরে সন্ধ্যা সাড়ে ৭টার দিকে তোফাজ্জল হোসেনকে চোর সন্দেহে আটক করে হলে নিয়ে আসা হয়। তাকে হলের এক্সটেনশনের গেস্টরুমে নিয়ে কয়েক দফা বেধড়ক মারধর করা হয়। এরপর ক্যান্টিনে নিয়ে খাবার দেওয়া হয়। খাবার খেতে না চাইলে তাকে আরেক দফা মারধর করে শিক্ষার্থীরা। তোফাজ্জলকে জোর করে প্রচুর পরিমাণে ডাল খাওয়ানো হয়। ডাল না খেলে শিক্ষার্থীরা চড়-থাপ্পড় মারতে থাকেন। খাওয়া শেষে তাকে হলের মেইন গেস্টরুমে আনা হয়। পরে সেখানে নিয়ে আরেক দফা বেধড়ক মারধর করা হয়।

প্রত্যক্ষদর্শীরা আরও বলেন, তোফাজ্জল হোসেনকে প্রায় তিন ঘণ্টার বেশি সময় ধরে মারধর করা হয়। বেধড়ক মারধরের পর তোফাজ্জল হোসেন দাঁড়ানোর শক্তি পর্যন্ত পাচ্ছিলেন না। সে সময় তার পিঠ দিয়ে রক্ত ঝরছিল। সেই অবস্থায়ও তাকে নাচতে বাধ্য করা হচ্ছিল। তার রক্তে গেস্টরুমের ফ্লোর ভিজে যায়। নির্যাতনকালে তার আঙুলগুলো পুরো ছেঁচে ফেলা হয়। গোপনাঙ্গে লাঠি দিয়া জোরে জোরে আঘাত করা হয়। একপর্যায়ে তার চুলে আগুন ধরিয়ে দেওয়া হয়। তখন শিক্ষার্থীরা গেটম্যানকে রক্ত পরিষ্কার করতে বললে তিনি অস্বীকৃতি জানান। শিক্ষার্থীরা বলেন, প্রক্টরিয়াল টিম রাত ৯টা থেকে গেস্টরুমের বাইরে দাঁড়িয়ে ছিল। তাদের সঙ্গে চারজন হাউস টিউটরও ছিলেন। তারা হলেন- জহির স্যার, আলমগীর স্যার, মাহবুব স্যার ও শফিউল আলম স্যার। তখন গেস্টরুমের ভেতর থেকে কান্নার শব্দ আসছিল। সে সময় এক হাউস টিউটর গেটম্যানকে খোঁজ নিতে বলেন। তখন তোফাজ্জলের অবস্থা অত্যন্ত গুরুতর। সেই অবস্থায় তাকে প্রক্টরিয়াল টিমের গাড়িতে তুলে শাহবাগ থানা নিয়ে যাওয়া হয়।

প্রক্টরিয়াল টিমের সদস্যরা বলেন, আমাদের বিকালের শিফটের সদস্যরা ৯টার কিছুক্ষণ আগে ওই হলে হাজির হই। তখন কী হয়েছিল জানি না। আমরা রাতের শিফটের সদস্য। তোফাজ্জলকে থানায় নিয়ে যাওয়া হয় আনুমানিক সাড়ে ১০টার দিকে। আমাদের সাথে তিনজন হাউস টিউটর ও ছয়জন শিক্ষার্থী ছিল। থানায় গিয়ে হাউস টিউটররা ওসির সঙ্গে কথা বলেন। ওসি তাকে প্রাথমিক চিকিৎসা দেওয়ার কথা জানান। তখন হলের ছয় শিক্ষার্থী তাকে নিয়ে ঢামেক হাসপাতালে যায়। রাত পৌনে ১টার দিকে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

হত্যাকা-ের ঘটনায় গতকাল বৃহস্পতিবার শাহবাগ থানায় বিশ্ববিদ্যালয় প্রশাসন বিশ্ববিদ্যালয়ের এস্টেট অফিসের সুপারভাইজার মোহাম্মদ আমানুল্লাহ বাদী হয়ে মামলা করেন। মামলার কোনো আসামির নাম উল্লেখ করা হয়নি। মামলার এজাহারে আমানুল্লাহ উল্লেখ করেন, গত ১৮ সেপ্টেম্বর রাত ৭টা ৪৫ মিনিটে একজন যুবক ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফজলুল হক মুসলিম হলের গেটে সন্দেহজনকভাবে ঘোরাফেরা করতে থাকলে কয়েকজন ছাত্র তাকে আটক করেন। পরে তাকে প্রথমে হলের মূল ভবনের গেস্ট রুমে নিয়ে তিনি মোবাইল ফোন চুরি করেছেন বলে এলোপাতাড়ি চড়-থাপ্পড় ও কিলঘুষি মারা হয়। এ সময় তাকে জিজ্ঞাসা করলে তার নাম তোফাজ্জল বলে জানান। তিনি মানসিক ভারসাম্যহীন বুঝতে পেরে তাকে হলের ক্যান্টিনে খাবার খাওয়ানো হয়। পরে হলের গেস্টরুমে নিয়ে জানালার সঙ্গে হাত বেঁধে স্ট্যাম্প, হকিস্টিক ও লাঠি দিয়ে উচ্ছৃঙ্খল কিছু ছাত্র বেধড়ক মারধর করলে তিনি অচেতন হয়ে পড়েন। বিষয়টি বিশ্ববিদ্যালয়ের কয়েকজন আবাসিক শিক্ষককে জানানো হলে তারা সহায়তা করে অচেতন যুবককে ঢামেক হাসপাতালে নিয়ে যান। পরে রাত ১২টা ৪৫ মিনিটে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এফএইচ হলের প্রাধ্যক্ষের কার্যালয়ের সামনে এক সংবাদ সম্মেলনে ঢাবির প্রক্টর সাইফুদ্দিন আহমেদ বলেন, আমরা এ ক্ষেত্রে জিরো টলারেন্স নীতিতে চলব। আমরা ন্যায়বিচার নিশ্চিতে কাজ করে যাব।

এদিকে এ বিষয়ে ঢাকা মেট্রোপলিটান পুলিশ (ডিএমপি) জানিয়েছে, ঘটনার কারণ অনুসন্ধান, জড়িতদের চিহ্নিতকরণ ও গ্রেপ্তারে কাজ করছে পুলিশ। তাদের আইনের আওতায় নিয়ে আসতে থানা পুলিশের পাশাপাশি ডিবির একাধিক টিম কাজ করছে।

দৃষ্টান্তমূলক শাস্তি দাবি ছাত্র সংগঠনগুলোর : তোফাজ্জল হত্যার ঘটনাকে হল প্রশাসনের চরম ব্যর্থতা বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম রাকিব। তিনি বলেন, বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলে কয়েক ঘণ্টা ধরে মারধর করে একজনকে হত্যা করার ঘটনাকে আমরা হল প্রশাসনের চরম ব্যর্থতা বলে মনে করছি। ছাত্রলীগের পদধারী কতিপয় সন্ত্রাসী বর্তমানে সাধারণ শিক্ষার্থী নামে হলগুলোতে অবস্থান নিয়েছে। তারা বিভিন্ন সময়ে ‘মব’ তৈরি করে আইন নিজের হাতে তুলে নিচ্ছে। এতে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনব্যবস্থা ভেঙে পড়েছে।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক আবু বাকের মজুমদার বলেন, এই ঘটনার সাথে যারা জড়িত ছিল, আমরা সবার শাস্তি চাই। প্রশাসনিকভাবে কেউ যদি দায়িত্বে অবহেলা করে তাদেরও শাস্তি চাই। ছাত্র সমাজের পক্ষে আহ্বান থাকবে, যেকোনো মূল্যে এই মব কিলিংকে বন্ধ করতে হবে এবং দেশব্যাপী আইনের শাসন জারি করতে হবে। তিনি বলেন, একজন মানুষকে চোর সন্দেহে আটক করে ভাত-টাত খাওয়ানোর পর দফায় দফায় পিটিয়ে ঠান্ডা মাথায় খুন করা হয়েছে। এই দীর্ঘ সময়ে প্রশাসন কই ছিল?

হত্যাকা-ে তোলপাড় : শিক্ষার্থীদের পিটুনিতে তোফাজ্জলের মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে সামাজিক যোগাযোগমাধ্যমে তীব্র প্রতিক্রিয়া তৈরি হয়। সাধারণ মানুষ এই হত্যাকা-ের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন। বিশ্ববিদ্যালয়কেন্দ্রিক ফেসবুক গ্রুপ ও নিজেদের ব্যক্তিগত প্রোফাইলে দেওয়া বিভিন্ন পোস্টে শিক্ষার্থীদের অনেকেই বিচারবহির্ভূত এই হত্যাকা-ের বিচার ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছেন। হত্যাকা-ের প্রতিবাদে ঢাবি শিক্ষার্থীরা গতকাল সকালে টিএসসিতে বিক্ষোভও করেন।

ঢাবি প্রশাসনের দুঃখ প্রকাশ : তোফাজ্জল হত্যার ঘটনায় দুঃখ প্রকাশ করেছে ঢাবি প্রশাসন। গতকাল বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের বিবৃতিতে বলা হয়, গত বুধবার রাতে ঢাকা বিশ্ববিদ্যালয় ফজলুল হক মুসলিম হলে সংঘটিত অমানবিক ও অনাকাক্সিক্ষত ঘটনা বিশ্ববিদ্যালয় প্রশাসন দুঃখিত ও মর্মাহত। তাৎক্ষণিকভাবে এ বিষয়ে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। এই কমিটি দ্রুততম সময়ে প্রতিবেদন প্রদানের জন্য এরই মধ্যে সাক্ষ্যগ্রহণ শুরু করেছে। সংশ্লিষ্ট থানায় মামলা দায়ের ও পুলিশ প্রশাসনের সাথে নিয়মিত যোগাযোগ রক্ষা করার ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। সকল মহলকে আশ্বস্ত করা যাচ্ছে যে, এ বিষয়ে ন্যায়বিচার নিশ্চিত করতে বিশ্ববিদ্যালয় প্রশাসন বদ্ধপরিকর।

সাত সদস্যের তদন্ত কমিটি : তোফাজ্জল হত্যায় গতকাল ঢাবি প্রশাসন সাত সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে। গতকালই সন্ধ্যা ৬টার মধ্যে কমিটিকে তদন্ত প্রদিবেদন জমা দিতে নির্দেশ দেওয়া হয়। তবে বিশ্ববিদ্যালয় প্রশাসন সুষ্ঠু তদন্তের স্বার্থে একদিন সময় বৃদ্ধি করেছে। হলের আবাসিক শিক্ষক অধ্যাপক ড. আলমগীর কবীরকে আহ্বায়ক করে করা এ কমিটির অন্য সদস্যরা হলেন- আবাসিক শিক্ষক অধ্যাপক ড. মোহাম্মদ শফিউল আলম খান, অধ্যাপক ড. শেখ জহির রায়হান, মো. মাহাবুব আলম, ড. আছিব আহমেদ আবাসিক শিক্ষক, সহকারী আবাসিক শিক্ষক ড. এমএম তৌহিদল ইসলাম, সহকারী প্রক্টর (বিজ্ঞান অনুষদ) একেএম নূর আলম সিদ্দিকী।