বিনোদন ডেস্ক।।
আমেরিকান কমেডিয়ান ও অভিনেত্রী নিকি গ্লেজার গোল্ডেন গ্লোবসের ৮২তম আসর সঞ্চালনা করবেন। ২০২৫ সালের ৫ জানুয়ারি যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসে বেভারলি হিলটন হোটেলে অনুষ্ঠিত হবে এ আয়োজন।
মার্কিন গণমাধ্যমকে নিকি গ্লেজার বলেন, ‘গোল্ডেন গ্লোবস উপস্থাপনার সুযোগ পেয়ে আমি রোমাঞ্চিত। জনপ্রিয় ও বিখ্যাত তারকাদের সামনে মঞ্চে দাঁড়িয়ে সঞ্চালনা করার কাজ সত্যিই স্বপ্নের মতো লাগছে।’
গোল্ডেন গ্লোবসের সভাপতি হেলেন হোনা বলেন, ‘কমেডির ঝুড়ি নিকি গ্লেজারের স্বভাবসুলভ হাস্যরস গোল্ডেন গ্লোবসের সঙ্গে দারুণ মানানসই। তিনি নিশ্চিতভাবে আমাদের এবারের অনুষ্ঠানে অন্যরকম চঞ্চলতা ও স্বতঃস্ফূর্ততা দেখাবেন, যা দর্শকদের পুরো সময় জুড়ে বিনোদন দেবে।’
এর আগে ২০২২ সালে এইচবিও’র কমেডি স্পেশাল ‘গুড ক্লিন ফিল্প’ সমালোচকদের ভূয়সী প্রশংসা পাওয়ার সুবাদে খবরের শিরোনামে উঠে আসেন নিকি গ্লেজার। চলতি বছর তুমুল জনপ্রিয় কমেডি স্পেশাল ‘নিকি গ্লেজার: সামডে ইউ উইল ডাই’-এর জন্য এমি মনোনয়ন পান তিনি।
উল্লেখ্য, ১৯৪৪ সাল থেকে আমেরিকাসহ বিভিন্ন দেশের টেলিভিশন ও চলচ্চিত্র অঙ্গনের সেরা কাজগুলোকে গোল্ডেন গ্লোবস অ্যাওয়ার্ডস দেওয়া হচ্ছে।
নিকি গ্লেজার এখন এইচবিও ম্যাক্সের ‘লাভারস অ্যান্ড লায়ারস’ সঞ্চালনা ও নির্বাহী প্রযোজনা করছেন। সম্প্রতি ‘দ্য গুড গার্ল’ শীর্ষক বৈশ্বিক স্ট্যান্ড-আপ ট্যুর শেষ করেছেন তিনি। ২০২৫ সালের মে মাসে যুক্তরাষ্ট্রের বিভিন্ন প্রান্তে ‘অ্যালাইভ অ্যান্ড আনওয়েল’ শীর্ষক নতুন ট্যুর শুরু করবেন এই তারকা।











































