Home খেলাধুলা একাদশে কোনো স্পিনার নেই, যা বললেন পাকিস্তান অধিনায়ক

একাদশে কোনো স্পিনার নেই, যা বললেন পাকিস্তান অধিনায়ক

33


স্পোর্টস ডেস্ক

পাকিস্তানের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজে মুখোমুখি হচ্ছে বাংলাদেশ। আগামীকাল বুধবার রাওয়ালপিন্ডিতে সিরিজের প্রথম টেস্ট গড়াবে। তবে প্রথম টেস্টের প্রায় দুই দিন আগেই একাদশ ঘোষণা করেছে স্বাগতিক পাকিস্তান। কিন্তু দলটির একাদশে কোনো বিশেষজ্ঞ স্পিনার নেই।

পাকিস্তান এই টেস্টে যে শুধু পেস দিয়েই বাংলাদেশকে কুপোকাত করতে চাইছে, সেটা এখন পরিস্কার। তবে কেনই বা এমন পরিকল্পনা? টেস্ট শুরুর এক দিন আগে সংবাদ সম্মেলনে সেই ব্যাখ্যা দিয়েছেন পাকিস্তান অধিনায়ক শান মাসুদ।

মাসুদ সংবাদ সম্মেলনে বলেছেন, ‘যখনই ঘরোয়া ক্রিকেট খেলেছি, রাওয়ালপিন্ডির কন্ডিশন পেসার ও ব্যাটসম্যানদের সহায়তা করেছে। স্পিন বোলিং ওই অর্থে কোনো হুমকি নয়। ঘরোয়া ক্রিকেটে যেমন চলেছে, তা মাথায় রেখেই এগোতে চেয়েছি। নতুন কিছু করতে চাই না, রাওয়ালপিন্ডিতে সাধারণত যে সুবিধা পাওয়া যায় না।’

রাওয়ালপিন্ডিতে টেস্টে পেসার ও ব্যাটাররা সব সময় বাড়তি সুবিধা পান। সর্বশেষ ৫ টেস্টে রাওয়ালপিন্ডিতে পেসাররা উইকেট নিয়েছেন ৭৭টি। উইকেটপ্রতি রান দিয়েছেন ৩৫ করে, ওভারপ্রতি ৩.১৮। আর স্পিনাররা ৫ টেস্টে তারা উইকেট নিয়েছেন ৪৬টি। একটি উইকেট নিতে রান খরচ করেছেন ৫৫.৬৭ করে। স্পিনারদের চেয়ে পেসাররা যে রাওয়ালপিন্ডিতে বেশি সুবিধা পান, সেটা এই পরিসংখ্যানেই স্পষ্ট। সর্বশেষ ৫ টেস্টে এখানে ব্যাটসম্যানদের গড় প্রায় ৪২।

পাকিস্তানের পেস আক্রমণে রয়েছেন পেসার শাহিন শাহ আফ্রিদি, নাসিম শাহ, খুররম শাহজাদ ও মোহাম্মদ আলী। যেখানে মির হামজাকে না নিয়ে মোহাম্মদ আলী কেন একাদশে এই প্রশ্নের উত্তরে মাসুদ বলেছেন, ‘কে শাহিন শাহ আফ্রিদি ও নাসিম শাহকে বেশি সহায়তা করতে পারবে, সেই বিষয়টা আমরা বিবেচনা করেছি, আশা করছি সে আগামীকাল নতুন বলেও বোলিং করবে। আমরা বিশ্বাস করি মোহাম্মদ আলী এই ভূমিকার জন্য ভালো হবে। সে উইকেটের ওপর জোরে বল করে, সিমের সঙ্গে দুই দিকেই বাতাসে সুইং করাতে পারে। অতিরিক্ত গতিও আছে। কেউ আরেকজনের চেয়ে ভালো বিষয়টা আসলে এমন নয়, বরং এখানে গুরুত্বপূর্ণ হচ্ছে কে কন্ডিশনের সঙ্গে বেশি মানানসই।’

বুধবার বাংলাদেশ সময় বেলা সাড়ে ১১টায় টেস্টটি শুরু হবে।