Home খেলাধুলা ব্রাদার্স ইউনিয়নের আহ্বায়কের দায়িত্ব নিলেন ইশরাক

ব্রাদার্স ইউনিয়নের আহ্বায়কের দায়িত্ব নিলেন ইশরাক

21


স্পোর্টস ডেস্ক

বাংলাদেশ ফুটবলের এক সময়ের ঐতিহ্যবাহী ক্লাব ব্রাদার্স ইউনিয়নের হাল ধরেছেন ইশরাক হোসেন। তিনি গোপীবাগের ক্লাবটির আহ্বায়ক কমিটির দায়িত্ব নিয়েছেন।

আজ শনিবার দায়িত্ব নিয়ে ক্লাবের কর্মকর্তা, সদস্য ও সমর্থকদের উদ্দেশে বার্তা দিয়েছেন ইশরাক। তিনি জানান, ক্লাবটিকে নতুনভাবে সাজাতে চান।

যদিও একসময়ের দাপুটে ক্লাব ব্রাদার্স গত প্রিমিয়ার লিগে তলানিতে থেকে অবনমিত হয়ে নেমে যায় বাংলাদেশ চ্যাম্পিয়নশিপ লিগে। অথচ একসময় দেশের ফুটবলে দলটির পরিচিতি ছিল ‘জায়ান্ট কিলার’ হিসেবে।

ইশরাক বলেন, ‘যারা সদস্য রয়েছেন, বিশেষ করে যাদের অভিজ্ঞতা রয়েছে ক্লাব পরিচালনার ক্ষেত্রে, ফুটবল, ক্রিকেট দল এবং অনান্য বিষয় আপনারা যারা দেখভাল করেছেন, আপনার সবাই পরস্পরকে সহযোগিতা করবেন, আমাকেও সহযোগিতা করবেন। যেন আমি এই ক্লাবকে নতুনভাবে সাজাতে পারি।’

তিনি আরও বলেন, ‘উদ্দেশ্য একটাই, ব্রাদার্স ইউনিয়নকে আগের গৌরবের জায়গায় ফিরিয়ে নেওয়া, বাংলাদেশের এক নম্বর ক্লাব হিসেবে এটাকে প্রতিষ্ঠা করা। ফুটবল, ক্রিকেট দল, প্রয়োজনে আরও অনান্য খেলার দলও গঠন করব। আরেকটি পরিকল্পনা আছে, সুদূরপ্রসারী, সবসময় স্বপ্ন দেখেছি। ব্রাদার্স ইউনিয়নের যে ক্লাবটি আছে, এখানে অত্যাধুনিক স্পোর্টস কমপ্লেক্স গড়ে তোলা।’

ক্লাবটির প্রতিষ্ঠাতা সদস্যদের একজন এবং আজীবন সদস্য সাদেক হোসেন খোকার ছেলে ইশরাক। যেখানে আসছে লিগের দলবদল কার্যক্রম শেষ হবে ২২ অগাস্ট। সে অর্থে দল গুছিয়ে নেওয়ার খুব একটা সময় নেই ইশরাকের হাতে। তবে তিনি এই অল্প সময়েই দল গুছিয়ে নিতে চান।

‘এখন যে পরিস্থিতি, তাতে সময় খুবই কম। তবে এরই মধ্যে চেষ্টা করব দল দাঁড় করানোর, যাতে আসন্ন লিগে ব্রাদার্স ইউনিয়ন খেলতে পারে। এরপর আস্তে আস্তে কমপ্লেক্স, কাঠামো ও অনান্য আনুসাঙ্গিক দিকে মনোযোগ দিব।’-যোগ করেন ইশরাক।