Home আঞ্চলিক সোনালী আঁশের সোনালী দিন খুঁজছেন কৃষকেরা

সোনালী আঁশের সোনালী দিন খুঁজছেন কৃষকেরা

41


সাবজাল হোসেন, বিশেষ প্রতিনিধি ॥
এক সময় জাতীয় আয়ে পাটের ভূমিকা ছিল সবার উপরে। তখন বৃহত্তর যশোর অঞ্চলের ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলায় ব্যাপক পাট উৎপাদন হতো। কিন্ত সম্প্রতি কয়েক বছরের অত্যাধিক তাপমাত্রা,পাট পঁচানোর জলাশয়ের স্বল্পতা ও খামখেয়ালী বাজার দরে পাট নিয়ে চরম ভোগান্তিতে পড়তে হয়েছে কৃষকদেরকে। এছাড়াও উৎপাদন ব্যয় বেড়ে যাওয়ায় তারা লোকসান গুনছেন। যে কারনে দিনদিন পাটচাষে আগ্রহ হারাচ্ছেন। গত মৌসুমের চেয়ে চলতি মৌসুমে এ অঞ্চলে অর্থকরী এ ফসলটির চাষ অর্ধেকে নেমে এসেছে। কৃষকেরা বলছেন, পাট পঁচাতে কৃষি অফিস রিবন রেটিং পদ্ধতির কথা বললেও তা পাটের রঙ নষ্ট করে পাটের দাম কমিয়ে দেয়। তাদের দাবি শুধুমাত্র নদী,খাল,বিলসহ জলাশয়গুলো খননের মাধ্যমে সোনালী আঁশের সোনালী দিন ফেরানো সম্ভব।

সূত্রে জানাগেছে, সোনালী দিনগুলোতে এ অঞ্চলের সোনালী আঁশ খ্যাত পাটের বেশ কদর ছিল। কিন্ত আবহাওয়া জলবায়ু পরিবর্তনের প্রভাবে বর্ষার ভরা মৌসুমেও ঠিকমত বৃষ্টিপাত হয় না। ফলে জলাশয়গুলোতে পানি থাকে না। কৃষকেরা পাট পঁচানো নিয়ে পড়েন চরম বিপাকে। বাধ্য হয়ে ডোবা জমি ভাড়া নিয়ে স্যালোমেশিনের পানির ব্যবস্থার মাধ্যমে হাঁটু পানিতে পাট পঁচিয়ে থাকেন। এতে তাদের একদিকে উৎপাদন ব্যয় আরেক ধাপ বেড়ে যায় অন্যদিকে রঙ আকর্ষনীয় হয় না। আবার একে একে পাটকলগুলো বন্ধ হয়ে যাওয়ায় পাট বিক্রিতেও বিরাট প্রভাব পড়েছে। কেননা বাকি পাটকলগুলোর সিন্ডিকেটে পড়ে খামখেয়ালী দাম ব্যবস্থাপনার শিকার হচ্ছেন কৃষক। এমন অবস্থায় পাট কিনে লোকসান গুনতে গুনতে পূজি হারিয়ে ফেলেছেন স্থানীয় ব্যবসায়ীরাও। তাদের অধিকাংশই আজ পাটের ব্যবসা থেকে মুখ ফিরিয়ে নিয়েছেন। যে কারনে ধারদেনার মাধ্যমে পাটচাষ করেও পাট বিক্রিতে ক্রেতা খুঁজে পান না কৃষকেরা। গুটি কয়েক স্থানীয় ক্রেতা যে দাম বলেন, সে দামেই কৃষকদের বিক্রি করা ছাড়া উপায় থাকে না।

ঝিনাইদহ জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সুত্রে জানা গেছে, গত ২৩-২৪ মৌসুমে ঝিনাইদহ জেলায় পাট চাষের লক্ষ্যমাত্রা ২৩ হাজার ৭০০ হেক্টর ধরা হলেও চাষ হয়েছিল ২২ হাজার ৫২৪ হেক্টর জমিতে। এরমধ্যে কালীগঞ্জ উপজেলায় ১ হাজার ৫৫০ হেক্টর, ঝিনাইদহ সদরে ৫ হাজার ৭২ হেক্টর, কোটচাঁদপুরে ৬৩৫ হেক্টর, মহেশপুরে ৪ হাজার ২৭৫ হেক্টর, শৈলকুপায় ৮ হাজার ৪২৫ হেক্টর ও হরিণাকুণ্ডুতে ২ হাজার ৫৬৭ হেক্টর জমিতে পাটের চাষ হয়।

কিন্ত চলতি ২০২৪-২০২৫ মৌসুমে জেলায় পাট চাষের মোট লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ২৩ হাজার ৮০০ হেক্টর। কিন্ত চাষ হয়েছে ২১ হাজার ৪৪৬ হেক্টর জমিতে। যার অর্থ এ মৌসুমে লক্ষ্যমাত্রার চেয়ে ২ হাজার ৩৫৪ হেক্টর জমিতে পাটচাষ কম হয়েছে। এরমধ্যে কালীগঞ্জ উপজেলায় চাষ হয়েছে গত মৌসুমের অর্ধেকেরও কম মাত্র ৭১০ হেক্টর, মহেশপুরে ৪ হাজার ৭০ হেক্টর, কোটচাঁদপুরে ৪১৫ হেক্টর, শৈলকুপায় ৮ হাজার ৪৭৭ হেক্টর, হরিণাকুণ্ডুতে ২ হাজার ৭১২ হেক্টর ও ঝিনাইদহ সদরে ৫ হাজার ৬২ হেক্টর জমিতে পাটের চাষ হয়েছে। অপেক্ষাকৃত নিচু এলাকা ও নদী ও জলাশয় থাকায় জেলার মোট লক্ষ্যমাত্রার প্রায় অর্ধেক পাট চাষ হয়েছে শুধুমাত্র শৈলকুপা উপজেলাতে।

কৃষকদের সাথে কথা বলে জানা গেছে, সাধারণত বীজ বপন থেকে পাট সংগ্রহ পর্যন্ত প্রতি বিঘা পাটে প্রায় ১৮ থেকে ২০ হাজার টাকা খরচ হয়। কিন্তু বর্তমান সময়ে সার, কীটনাশকের দাম বৃদ্ধি ও পাট পঁচনের স্থান সংকটসহ নানা কারণে খরচের বোঝা ভারি হয়েছে। এ কারনে ২২ থেকে ২৪ হাজার টাকাতেও পাট ঘরে তোলার কাজ শেষ হচ্ছে না। দিন দিন বৃষ্টি কমে যাওয়ায় নদী, খাল-বিলসহ জলাশয়গুলো পানিশূন্য হয়ে পড়েছে। নদীগুলো ভরাট ও দখল হয়ে গেছে। যেগুলো দখলমুক্ত ও খননের মাধ্যমে পাটের সোনালী দিন ফিরিয়ে আনা সম্ভব।

কালীগঞ্জ উপজেলার নরেন্দ্রপুর গ্রামের কৃষক মাহাবুবুর রহমান জানান, তাদের গ্রামের উত্তর মাঠে শুধুমাত্র তারা দুই ভাই মোট ৪ বিঘা জমিতে পাটের চাষ করেছেন। এ মাঠে আর কেউ পাটচাষ করেননি। অথচ এক সময় এ মাঠ ভরা পাটক্ষেত থাকতো। তিনি বলেন পাট পঁচানোর সুযোগ না থাকায় এমনটি হয়েছে।

বলরামপুর গ্রামের পাটচাষী দুদু মিয়া জানান, দিন দিন সার-কীটনাশকসহ কৃষি উপকরনের মূল্য বৃদ্ধি পাচ্ছে। বীজবপন থেকে পাট ঘরে তোলা পর্যন্ত প্রায় ৫ মাস সময় লেগে যায়। ভালো পাট হলে প্রতিবিঘা ২০ থেকে ২৫ মন পাট পাওয়া যায়। দাম ভালো থাকলে খরচ বাদে প্রতিবিঘায় ৩৫ থেকে ৪০ হাজার টাকার অধিক লাভ আসে। কিন্ত সরকারিভাবে মূল্য নির্ধারণ না করায় অনেক সময় সিন্ডিকেটে দাম কমিয়ে দেয়। এতে পাট নিয়ে বিপাকে পড়তে হচ্ছে চাষীদের।

কালীগঞ্জ কামালহাট গ্রামের পাটচাষী ইসমাইল হোসেন বলেন, গত বছর দুই বিঘা জমিতে পাটের চাষ করেছিলেন। এবার ১ বিঘা জমিতে পাট চাষ করেছেন। পাটের তুলনায় অন্য সবজি চাষে লাভ বেশি হচ্ছে। এজন্য পাট চাষ কমিয়ে দিয়েছেন। খালে-বিলে পানি না থাকায় স্যালোমেশিনে সেচ দিয়ে পাট পঁচাবেন বলে ভাবছেন।

পাট ব্যবসায়ী আব্দুস সালাম বলেন, পাটের বাজার এক এক সময় এক এক রকম থাকে। সরকারি মিলগুলো বন্ধ হয়ে যাওয়ায় বেসরকারি মিল মালিকেরা সিন্ডিকেট করে পাটের দাম নির্ধারণ করে। এতে ব্যবসায়ীদের লোকসান গুনতে হচ্ছে। তাছাড়া পাট চাষীরা ন্যায্যমূল্য থেকে বঞ্চিত হচ্ছে। যে কারনে পাটচাষে প্রভাব পড়ছে।

কালীগঞ্জ উপজেলা কৃষি কর্মকর্তা মাহাবুব আলম রনি জানান, এ এলাকার মাটি পাটচাষের জন্য উপযোগী। এক সময় রেকর্ড পরিমান পাটচাষ হতো। কিন্ত সম্প্রতি বর্ষা মৌসুমেও তেমন ভারী বৃষ্টি হয় না। ফলে নদী,খাল বিল ও জলাশয়ে পানি না থাকায় পাট পঁচাতে বেগ পেতে হয় কৃষকদের। যে কারনে কৃষকেরা পাটচাষ কমিয়ে দিয়েছেন। এখনও এলাকার জলাশয়ে পানি জমেনি। ফলে পাট পঁচাতে রিবন রেটিং পদ্ধতির পরামর্শ দিচ্ছেন।

ঝিনাইদহ জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক ষষ্টি চন্দ্র রায় বলেন, শিলাবৃষ্টি ও বৈরি আবহাওয়ার কারণে পাটের ক্ষতি হয়েছে। এছাড়া সময়মতো বৃষ্টি না হওয়ায় পাট পঁচাতে বেগ পেতে হচ্ছে চাষীদের। কিন্ত প্রকৃতিতে কারও হাত নেই।