Home আঞ্চলিক বেনাপোলে ঘোষণাবহির্ভূত ১৫ টন ৭৫০ কেজি সালফিউরিক অ্যাসিড জব্দ

বেনাপোলে ঘোষণাবহির্ভূত ১৫ টন ৭৫০ কেজি সালফিউরিক অ্যাসিড জব্দ

15


বেনাপোল প্রতিনিধি
বেনাপোল বন্দর দিয়ে মিথ্যা ঘোষণায় আমদানিকৃত ১৫ টন ৭৫০ কেজি সালফিউরিক অ্যাসিড জব্দ করেছে কাস্টমস কর্তৃপক্ষ। রোববার পণ্য চালানটি জব্দ করা হয়।

পণ্যটির ইনভয়েজ মূল্য ৯৬০৭.৫ মার্কিন ডলার; যা বাংলা টাকায় হবে ১১ লাখ ৩৩ হাজার টাকা। কাস্টমস ডিউটিসহ পণ্য চালানটির মূল্য প্রায় ২১ লাখ টাকা বলে কাস্টমস জানায়।

পণ্য চালানটি ভারত থেকে আমদানি করেছেন চট্টগ্রামের রিফ লেদার লিমিটেড নামে একটি আমদানিকারক প্রতিষ্ঠান। রফতানিকারক প্রতিষ্ঠান হলো ভারতের কেরেলার ক্যাটালাইস কেমিক্যাল ইন্ডাট্রিজ। পণ্য চালানটি বন্দর থেকে খালাসের দায়িত্বে ছিল মোশারফ টেডার্স নামে এক সিএন্ডএফ এজেন্ট।

কাস্টমস সূত্রে জানা গেছে, চট্টগ্রামের রিফ লেদার লিমিটেড নামে একটি আমদানিকারক প্রতিষ্ঠান গত ২ জুলাই ফরমিক অ্যাসিড নাম ঘোষণা দিয়ে ১৫ টন ৭৫০ মেট্রিক টন সালফিউরিক অ্যাসিড আমদানি করে। পণ্য চালানটি বন্দরের ৩৮ নম্বর শেডের মধ্যে রাখা হয়। জাতীয় নিরাপত্তার গোয়েন্দা সংস্থার (এনএসআই) তথ্যের নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য ল্যাবে পাঠানো হয়। ল্যাব টেস্টে ফরমিক অ্যাসিডের পরিবর্তে সালফিউরিক অ্যাসিড পাওয়া যায়। আর সালফিউরিক অ্যাসিড আমদানি করতে হলে এলসি খোলার আগে স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও বিস্ফোরক অধিদপ্তরের অনুমতি প্রয়োজন হয়। স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও বিস্ফোরক অধিদপ্তরের অনুমতি ছাড়া সালফিউরিক অ্যাসিড আমদানি করা সম্পূর্ণ নিষিদ্ধ।

এ ব্যাপারে সিএন্ডএফ এজেন্ট মোশারফ টেডার্সের স্বত্বাধিকারী মোশারফ হোসেন জানান, আমার আমদানিকারক ফরমিক অ্যাসিড আমদানি করেছেন। পণ্য চালানটি বেনাপোলে বন্দরে প্রবেশ করার পরে কাস্টমস সেটা ল্যাবে পরীক্ষা করে ফরমিক অ্যাসিডের পরিবর্তে সালফিউরিক অ্যাসিড পেয়েছেন। এখানে আমার কোনো ভুল নেই। ভুল করেছেন আমদানিকারক। এর সব দায়ভার আমদানিকারকের।

বেনাপোল কাস্টমস হাউসের কমিশনার আব্দুল হাকিম জানান, আমদানিকৃত কোনো পণ্যে অনিয়ম পেলে সেটা তো আটক করতেই হবে। চট্টগ্রামের রিফ লেদার লিমিটেড নামে এক আমদানিকারক ফরমিক অ্যাসিড ঘোষণা দিয়ে এই পণ্য চালান আমদানি করেন। পণ্যটি বেনাপোল বন্দরে আসার পর ল্যাবে পরীক্ষা করা হয়। ল্যাব পরীক্ষার রিপোর্টে ফরমিক অ্যাসিডের স্থলে সালফিউরিক অ্যাসিড পাওয়া গেছে। বর্তমান বেনাপোল কাস্টমস হাউসে অনিয়মে জিরো টলারেন্স ঘোষণা করা হয়েছে। কেউ অনিয়ম করলে কোনো প্রকার ছাড় দেওয়া হয় না বেনাপোল কাস্টমস হাউসে। এ পণ্য চালানের ক্ষেত্রেও কোনো ছাড় দেওয়া হবে না।