Home Uncategorized ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় পুলিশ মোতায়েন

ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় পুলিশ মোতায়েন

24


ঢাকা অফিস।।

সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর দিনভর ছাত্রলীগের হামলার পর ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) এলাকায় বিপুল সংখ্যক পুলিশ মোতায়েন করা হয়েছে।


আজ সোমবার সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের দোয়েল চত্বর এলাকায় পুলিশের ব্যাপক উপস্থিতি দেখা যায়। বিশ্ববিদ্যালয়ের ড. মুহম্মদ শহীদুল্লাহ হলের পাশে রাখা হয়েছে পুলিশের সাঁজোয়া যান।

বিশ্ববিদ্যালয় প্রশাসনের অনুমতি নিয়েই ঢাবি এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে বলে জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) যুগ্ম কমিশনার (অপারেশনস) বিপ্লব কুমার সরকার। তিনি জানান, পরিস্থিতি স্বাভাবিক রাখতে ব্যবস্থা নেবে পুলিশ।

এর আগে বিকেল ৩টার দিকে ঢাবির বিজয় একাত্তর হলে শিক্ষার্থীদের ওপর প্রথম হামলা চালায় ছাত্রলীগ। এরপর পুরো ক্যাম্পাসে শিক্ষার্থীদের ওপর চড়াও হন ছাত্রলীগের নেতাকর্মীরা। থেমে থেমে চলতে থাকে হামলা।

প্রত্যক্ষদর্শীরা জানান, ছাত্রলীগ নেতাকর্মীদের হামলায় অনেক শিক্ষার্থীর মাথা ফেটে গেছে। রক্তাক্ত অবস্থায় অ্যাম্বুলেন্স ও রিকশাযোগে তাদের ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হয়েছে।

বিকেল ৫টার পর বিশ্ববিদ্যালয়ের শহীদুল্লাহ হলে ফের হামলা করেন ছাত্রলীগের নেতাকর্মীরা। এখানে বেশ কয়েকটি ককটেল বিস্ফোরণ করা হয়। ঢামেকের সামনেও শিক্ষার্থীদের সঙ্গে ছাত্রলীগের ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে।

কোটা সংস্কার দাবিতে আন্দোলনকারীদের ছত্রভঙ্গ করে বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন স্থানে অবস্থান নিয়েছেন ছাত্রলীগের নেতাকর্মীরা। ক্যাম্পাসে এখন থমথমে অবস্থা বিরাজ করছে।