স্পোর্টস ডেস্ক
টি-টোয়েন্টি বিশ্বকাপের পরপরই একই সংস্করণে ৫ ম্যাচের সিরিজ, তাই জিম্বাবুয়েতে সম্পূর্ণ ভিন্ন দল পাঠায় ভারত। সিরিজের প্রথম ম্যাচেই হোঁচট খায় শুভমান গিলের দল। এরপর টানা চার ম্যাচে জয় তুলে নিল ভারতের এই তরুণ দল। ৪-১ ব্যবধানে সিরিজ নিশ্চিত করলেন শুভমান গিলরা।
আজ হারারেতে রোডেশিয়ানদের বিপক্ষে ৪২ রানের জয় পায় ভারত। প্রথমে ব্যাট করে নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে ১৬৭ রান করে মেন ইন ব্লুরা। জবাব দিতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৯ বল বাকি থাকতেই ১২৫ রানে অলআউট হয় জিম্বাবুয়ে। সিকান্দার রাজারা হরেন ৪২ রানের ব্যবধানে।
১৬৮ রানের লক্ষ্যে খেলতে নামা জিম্বাবুয়ে শুরুতেই হারায় ওয়েসলি মাধেভেরের উইকেট। এর পরের তিন ব্যাটারই পান তিন অঙ্কের রানের দেখা। ওপেনার তাদিওয়ানাশে মারুমানি ২৪ বলে ২৭, ব্রায়ান বেনেট ৮ বলে ১০ ও ডিয়ন মায়ার্স ৩২ বলে ৩৪ রান করেন। ৮৫ রানে ৩ উইকেট নিয়ে এক পর্যায়ে জয়ের স্বপ্নই দেখেছে জিম্বাবুয়ে।
এরপরই খেই হারায় দলটি। এক শ রানের আগেই হারায় আরও ৪ উইকেট। আটে নামা ফারাজ আকরাম ১৩ বলে ২৭ রান না করলে আরও বড় ব্যবধানের হার দেখতো দলটি।
ভারতের হয়ে সবচেয়ে সফল বোলার মুকেশ কুমার। ৩ ওভার ৩ বলে ২২ রান খরচায় ৪ উইকেট নেন এই পেসার। ৪ ওভারে ২৫ রান দিয়ে ২ উইকেট নেন আরেক পেসার শিভাম দুবে।
এর আগে প্রথমে ব্যাটিংয়ে নেমে খুব একটা সুবিধা করতে পারেনি ভারত। দলের হয়ে সর্বোচচ ৫৮ রান করেন সাঞ্জু স্যামসন। যদিও এতে খরচ করেন ৪৫ বল। ছয়ে নেমে ১২ বলে ২৬ রান করেন দুবে। এছাড়া বলার মতো ব্যাটিং করতে পারেননি কেউই।
ব্যাট হাতে ২৬ রান ও বল হাতে গুরুত্বপূর্ণ ২ উইকেট নিয়ে ম্যাচসেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছেন দুবে। অন্যদিকে, সিরিজে ৮ উইকেট নেওয়ার পাশাপাশি ২৮ রান করে সিরিজসেরা হয়েছেন ওয়াশিংটন সুন্দর।










































