সাতক্ষীরা প্রতিনিধি।।
সাতক্ষীরার শ্যামনগরে চলমান মেগা প্রকল্পের সিমেন্ট চুরির অভিযোগে সাইদুল আলম গাজী নামে একজনকে গ্রেফতার করেছে পুলিশ। এসময় তার বাড়ি থেকে ১০০ বস্তা সিমেন্ট উদ্ধার করা হয়।
সাইদুল আলম গাজী উপজেলার গাবুরা ইউনিয়নের সাবেক সদস্য কেরামত আলীর ছেলে।
সংশ্লিষ্ট মেগা প্রকল্পের কর্তব্যরত রহমান ইঞ্জিনিয়ারিং ফার্মের ম্যানেজার নিয়াজ মোরশেদ জানান, মেগা প্রকল্পের কাজের জন্য স্থানীয় চৌদ্দরশি হাটখোলা মাঠে রক্ষিত আড়াই হাজার বস্তা সিমেন্টের মধ্যে ৪৫০ বস্তা সিমেন্ট চুরি হয়। এ ঘটনায় থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়। পুলিশ তাৎক্ষণিক অভিযানে নেমে সাইদুল আলমকে গ্রেফতার করে। পরে তার স্বীকারোক্তি অনুযায়ী বাড়ি থেকে ১০০ বস্তা সিমেন্ট উদ্ধার করা হয়।
শ্যামনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবুল কালাম আজাদ বলেন, শনিবার (২২ জুন) রাতে ওই আসামিকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারের সময় তার বাড়ি থেকে ১০০ বস্তা সিমেন্ট উদ্ধার করা হয়। বাকি সিমেন্ট উদ্ধারের চেষ্টা অব্যাহত আছে।











































