খবর বিজ্ঞপ্তি।।
বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন (ইউজিসি) এর সাথে খুলনা বিশ্ববিদ্যালয়ের ২০২৪-২০২৫ অর্থবছরের জন্য বার্ষিক কর্মসম্পাদন চুক্তি (এপিএ) স্বাক্ষরিত হয়েছে। আজ ২৩ জুন (রবিবার) সকাল ১০.৩০ মিনিটে রাজধানীর ইউজিসি ভবনের অডিটরিয়ামে এ চুক্তি স্বাক্ষরিত হয়।
চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী এমপি। ইউজিসির চেয়ারম্যান (অতিরিক্ত দায়িত্ব) প্রফেসর ড. মুহাম্মদ আলমগীরের সভাপতিত্বে ও খুলনা বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার প্রফেসর অমিত রায় চৌধুরীর উপস্থিতিতে এই চুক্তি স্বাক্ষরিত হয়। ইউজিসির পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন সচিব ড. ফেরদৌস জামান এবং খুলনা বিশ্ববিদ্যালয়ের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন এপিএ টিম লিডার রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) প্রফেসর খান গোলাম কুদ্দুস।
এ সময় ইউজিসির সদস্য প্রফেসর ড. মো. সাজ্জাদ হোসেন, প্রফেসর ড. বিশ্বজিৎ চন্দ, প্রফেসর ড. হাসিনা খান, প্রফেসর ড. মো. জাকির হোসেন, অন্যান্য পাবলিক বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, রেজিস্ট্রার এবং খুলনা বিশ্ববিদ্যালয়ের এপিএ’র ফোকালপয়েন্ট উপ-রেজিস্ট্রার এস এম আবু নাসের ফারুক উপস্থিত ছিলেন।
এই কর্মসম্পাদন চুক্তির আওতায় বিশ্ববিদ্যালয় বার্ষিক কর্মসম্পাদন বাস্তবায়নে প্রাতিষ্ঠানিক অগ্রগতির অভীষ্ট লক্ষ্য অর্জনে সক্ষম হবে বলে আশা করা হচ্ছে। অনুরূপভাবে অন্যান্য পাবলিক বিশ্ববিদ্যালয়গুলো ইউজিসির সাথে পৃথকভাবে বার্ষিক কর্মসম্পাদন চুক্তি স্বাক্ষর করে।
খুবিতে রিসার্চ প্রোপোজাল রাইটিং শীর্ষক কর্মশালা উদ্বোধন
খুলনা বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাসুরেন্স সেল (আইকিউএসি) এর উদ্যোগে ‘রিসার্চ প্রোপোজাল রাইটিং’ শীর্ষক তিন দিনব্যাপী এক কর্মশালা আজ ২৩ জুন (রবিবার) শুরু হয়েছে। সকাল ৯.১৫ মিনিটে শহিদ সৈয়দ নজরুল ইসলাম ভবনের আইকিউএসির প্রশিক্ষণ কক্ষে এ কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপাচার্যের রুটিন দায়িত্বে নিয়োজিত বিজ্ঞান, প্রকৌশল ও প্রযুক্তিবিদ্যা স্কুলের ডিন প্রফেসর ড. কামরুল হাসান তালুকদার। তিনি বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের দক্ষতা বৃদ্ধিতে সময়োপযোগী এই কর্মশালা আয়োজনের জন্য আইকিউএসির পরিচালক, অতিরিক্ত পরিচালকসহ সংশ্লিষ্টদের আন্তরিক ধন্যবাদ জানান।
আইকিউএসির অতিরিক্ত পরিচালক প্রফেসর ড. মতিউল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন অতিরিক্ত পরিচালক মো. মোস্তাফিজুর রহমান। অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন টেকনিক্যাল সেশনের রিসোর্স পারসন ফরেস্ট্রি এন্ড উড টেকনোলজি ডিসিপ্লিনের প্রফেসর ড. মো. ইফতেখার শামস্। সঞ্চালনা করেন আইকিউএসির উপ-রেজিস্ট্রার মো. নুরুল ইসলাম সিদ্দিকী।
উদ্বোধনী অনুষ্ঠানের পর রিসোর্স পারসন হিসেবে টেকনিক্যাল সেশন পরিচালনা করেন ফরেস্ট্রি এন্ড উড টেকনোলজি ডিসিপ্লিনের প্রফেসর ড. মো. ইফতেখার শামস্, ব্যবসায় প্রশাসন ডিসিপ্লিনের প্রফেসর ড. মো. নূরুন্নবী, নগর ও গ্রামীণ পরিকল্পনা ডিসিপ্লিনের প্রফেসর ড. তানজিল সওগাত। এ কর্মশালায় খুলনা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন পর্যায়ের ৩০ জন শিক্ষক অংশগ্রহণ করেন।











































