কয়রা (খুলনা) প্রতিনিধি
প্রায় সাড়ে ৪ কিলোমিটার বেহাল সড়কের কারণে খুলনার কয়রা উপজেলার হাজারো মানুষকে দীর্ঘদিন ধরে দুর্ভোগ পোহাতে হচ্ছে। উপজেলার কাটকাটা থেকে হরিহরপুর পর্যন্ত ওই সড়কটি সংস্কারে বারবার ধরনা দিয়েও কাজ হচ্ছে না। এসব তথ্য জানিয়েছেন এলাকার বাসিন্দারা। তাদের ভাষ্য, সড়কটি সংস্কার নিয়ে পানি উন্নয়ন বোর্ড (পাউবো) ও স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) কর্মকর্তারা ঠেলাঠেলি করছেন। ফলে ১৮ গ্রামের আনুমানিক ৩০ হাজার মানুষকে প্রতিদিন ভোগান্তির শিকার হতে হচ্ছে।
জানা গেছে, উপজেলা সদর থেকে দক্ষিণ বেদকাশি ইউনিয়ন পর্যন্ত তের কিলোমিটার সড়ক এলজিইডির আওতায়। একই সড়কের ওই সাড়ে চার কিলোমিটার পড়েছে উত্তর বেদকাশি ইউনিয়নে। সেটি আবার পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) আওতাধীন। সড়কটি এক বছরেরও বেশি সময় ধরে বেহাল অবস্থায় রয়েছে। উত্তর বেদকাশির তিনটি গ্রাম ও দক্ষিণ বেদকাশি ইউনিয়নের ১৫টি গ্রামের মানুষকে উপজেলা সদরে যাতায়াত করতে এ সড়ক ব্যবহার করতে হয়।
উত্তর বেদকাশির হরিহরপুর গ্রামের বাসিন্দা দেবাশীষ মণ্ডলের ভাষ্য, বছরখানেক আগে ইট-বালু দিয়ে সড়কটি সংস্কার করা হয়েছিল। কিন্তু এক মাস যেতে না যেতেই তা বেহাল হয়ে পড়ে। সড়কের ইট উঠে রাস্তার দুই পাশে বিক্ষিপ্তভাবে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। ফলে রাতে চলাচল বন্ধ হওয়ার উপক্রম হয়েছে। এ বিষয়ে জনপ্রতিধিদের কাছে ধরনা দিয়েও লাভ হয় না।
বৃহস্পতিবার সরেজমিন দেখা গেছে, ইটের সোলিং করা সড়কের দুই পাশ ভেঙে সরু হয়ে গেছে। মাঝখানে যে অংশে ইট রয়েছে তা উঠে এবড়ো-খেবড়ো হয়ে পড়েছে। দুই পাশের অংশে মাটি না থাকায়
যানবাহন চলাচলও সম্ভব হচ্ছে না। ফলে দীর্ঘ পথ হেঁটে যাতায়াত করতে হয় ১৮ গ্রামের মানুষকে। তারা জানান, বর্ষায় এই দুর্ভোগ চরমে পৌঁছায়।
দক্ষিণ বেদকাশি ইউনিয়নের মাটিয়াভাঙ্গার রফিকুল গাজী বলেন, সড়কের ভাঙা অংশের কারণে ভাড়ায়চালিত মোটরসাইকেলেও উঠতে চায় না কেউ। প্রতিনিয়ত সেখানে দুর্ঘটনা ঘটছে। তবুও কর্তৃপক্ষের টনক নড়ে না।
একই ইউনিয়নের ঘড়িলাল এলাকায় চিংড়ি ঘের রয়েছে ব্যবসায়ী আব্দুর রব মিঠুর। তাঁর অভিযোগ, ব্যবসায়িক পণ্য পরিবহনের জন্য সড়কের ওই অংশটুকু বাধা সৃষ্টি করছে। বাধ্য হয়ে তাদের বাড়তি খরচ করে নৌপথে পণ্য পরিবহন করতে হয়।
মাঝেমধ্যে ইউনিয়ন পরিষদের টাকায় সড়কটি ঠিক করা হলেও তা বেশি দিন টেকে না বলে জানান উত্তর বেদকাশি ইউপি চেয়ারম্যান সরদার নুরুল ইসলাম। তিনি বলেন, গত বছর সংসদ সদস্যের উদ্যোগে ৩০ লাখ টাকা খরচে সড়কটি মেরামত করা হয়। তা-ও টেকেনি।
তাঁর ভাষ্য, সড়কের মাটি ভরাটের দায়িত্ব পানি উন্নয়ন বোর্ডের। তারা সেই উদ্যোগ না নিলে সেখানে পাকাকরণের কাজ টেকে না। এ বিষয়ে সংশ্লিষ্টদের সঙ্গে কথা হলেও কোনো উদ্যোগ নেওয়া হয় না।
দক্ষিণ বেদকাশি ইউপি চেয়ারম্যান আছের আলী মোড়ল বলেন, সড়কের ওই অংশের কারণে তাঁর ইউনিয়ন সদর থেকে প্রায় যোগাযোগ বিচ্ছিন্ন। সংস্কারের বিষয়ে পাউবো ও এলজিইডির কর্মকর্তারা একে অন্যের ওপর দায় চাপান; কাজের কাজ কিছুই হয় না। সর্বশেষ গত সপ্তাহে সংসদ সদস্যের দৃষ্টি আকর্ষণ করেছিলেন। তিনি উপজেলা প্রকৌশলীর কার্যালয়ে গিয়ে তাঁকে কল দিতে বলেছেন।
পাউবো খুলনা-২ বিভাগের উপসহকারী প্রকৌশলী মশিউল আবেদীন বলেন, কাটকাটা থেকে হরিহরপুর পর্যন্ত শাকবাড়িয়া নদী তীরের সড়কটিতে মাটি ভরাটের কাজ শিগগিরই শুরু হবে। পরবর্তী দায়িত্ব স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি)।
কয়রা উপজেলা এলজিইডির প্রকৌশলী দারুল হুদা বলেন, ওই অংশে কাজ করার জন্য একাধিকবার প্রকল্প নেওয়া হয়েছে। তবে তা বাস্তবায়ন না হওয়ার জন্য পাউবোর অসহযোগিতাকে দায়ী করেন। এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানানো হয়েছে।











































