খুলনাঞ্চল রিপোর্ট
খুলনা মহানগরীর জলাবদ্ধতা দূর করতে রূপসা নদীর তীরে উচ্চ শক্তির পাম্প হাউস নির্মাণের উদ্যোগ নিয়েছে খুলনা সিটি করপোরেশন (কেসিসি)। নদীতে জোয়ারের সময় বৃষ্টি হলে নগরীর ভেতরের পানি নিষ্কাশনে এ পাম্প ব্যবহার করা হবে। ইতোমধ্যে পাম্প হাউস নির্মাণের জন্য আন্তর্জাতিক দরপত্র আহ্বান করা হয়েছে। এতে মোট ব্যয় ধরা হয়েছে ৬৮ কোটি টাকা।
খুলনার বিশিষ্টজন বলছেন, জলাবদ্ধতা নিরসনে গত ১০ বছরে বিভিন্ন প্রকল্প বাস্তবায়ন করেছে কেসিসি। কিন্তু সুফল মিলছে কমই। নতুন উদ্যোগ বাস্তবায়নের আগে সংশ্লিষ্ট বিষয়ে অভিজ্ঞদের পরামর্শ নেওয়া প্রয়োজন। কেসিসির পাম্প হাউস নির্মাণের অভিজ্ঞতা নেই। রূপসার মতো খরস্রোতা নদীর তীরে পাম্প স্টেশন নির্মাণকাজ তদারকির জন্য পানি উন্নয়ন বোর্ডসহ সরকারের অন্যান্য দপ্তরের সহযোগিতা নেওয়া উচিত।
কেসিসির প্রধান প্রকৌশলী মশিউজ্জামান খান জানান, মহানগরীতে বৃষ্টির পানি বিভিন্ন ড্রেন ও খাল দিয়ে রূপসা নদীতে গিয়ে পড়ে। পলি জমে রূপসার তলদেশ ভরাট হয়ে গেছে। এ কারণে জোয়ারের সময় বৃষ্টি হলে সেই পানি নিষ্কাশন হয় না। এতে নগরীর নিম্নাঞ্চলসহ বিভিন্ন সড়কে পানি জমে যায়। মূলত জোয়ারের সময় বৃষ্টির পানি নিষ্কাশনের জন্য এ পাম্প স্টেশন নির্মাণ করা হচ্ছে।
কেসিসি সূত্র জানায়, খুলনা শহরের জলাবদ্ধতা দূরীকরণে ড্রেনেজ ব্যবস্থার উন্নয়ন (প্রথম পর্যায়) প্রকল্পের আওতায় রূপসা নদীর পাইকারি মাছ বাজারের কাছে সাহেবখালী খালের ওপর এটি নির্মাণ করা হবে। স্টেশনে তিনটি পাম্প এবং তিনটি স্লুইসগেট বসবে। প্রতিটি পাম্প মিনিটে ৩ লাখ ৩০ হাজার লিটার পানি নিষ্কাশন করবে।
কেসিসির নির্বাহী প্রকৌশলী ও জলাবদ্ধতা দূরীকরণ প্রকল্পের পরিচালক শেখ মোহাম্মদ মাসুদ করিম বলেন, প্রকল্পের পরামর্শক প্রতিষ্ঠান খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (কুয়েট), ডেভেলপমেন্ট ডিজাইন কনসালট্যান্টস (ডিডিসি) লিমিটেড বিভিন্ন তথ্য-উপাত্ত সংগ্রহ এবং অভিজ্ঞদের মতামত নিয়ে পাম্প স্টেশনের নকশা ও দরপত্র তৈরি করেছে। পাম্প দিয়ে প্রতি মিনিটে প্রায় ১০ লাখ লিটার পানি নিষ্কাশন হবে। এতে বৃষ্টি হলে নগরীতে পানি আটকে থাকবে না। তিনি জানান, বিদ্যুতের সাহায্যে এ পাম্প চলবে। বিদ্যুৎ না থাকলে জেনারেটর ব্যবহার করা হবে। বিদ্যুতের সাবস্টেশন, জেনারেটর ও অপারেটরদের জন্য আড়াইতলা অফিস ভবন নির্মাণ করা হবে। দরপত্র জমা হবে আগামী জুলাই মাসে। সেপ্টেম্বর মাসেই পাম্পের কাজ শুরু হবে বলে আশা করছেন।
খুলনার সিটি মেয়র তালুকদার আবদুল খালেক বলেন, বৃষ্টির সময় পানি সেচের মাধ্যমে বের করা ছাড়া বিকল্প পথ খোলা নেই। এ জন্য রূপসায় প্রথম পাম্প স্টেশন নির্মাণ করা হবে। এটি সফল হলে আলুতলা ১০ গেটে আরেকটি পাম্প স্টেশন নির্মাণ করা হবে। সেটিতে অর্থায়ন বিষয়ে জার্মান ডেভেলপমেন্ট ব্যাংক সম্মত হয়েছে।
বৃহত্তর খুলনা উন্নয়ন সংগ্রাম সমন্বয় কমিটির সভাপতি শেখ আশরাফ উজ জামান বলেন, গত ১০ বছরে বিভিন্ন প্রকল্প দেখছি। কিন্তু কাজের কাজ হচ্ছে না। নতুন কিছু করার আগে আরও ভালোভাবে যাচাই-বাছাই করে সিদ্ধান্ত নেওয়া উচিত। তিনি বলেন, খালের পানি সেচ দিয়ে নদীতে ফেলা হবে। খাল পর্যন্ত যাতে নির্বিঘ্নে পানি যেতে পারে, এ জন্য ড্রেনগুলো নিয়মিত পরিষ্কার ও বর্জ্য অপসারণ করতে হবে। না হলে এর সুফল মিলবে না।











































