Home Uncategorized নতুনদের নিয়ে উচ্ছ্বাস কম দলে, টেনশনে অন্যরা

নতুনদের নিয়ে উচ্ছ্বাস কম দলে, টেনশনে অন্যরা

63

ঢাকা অফিস।।
ঈদুল আজহার ঠিক দুদিন আগে ৪৫ নেতাকে চেয়ারপারসনের উপদেষ্টা ও জাতীয় নির্বাহী কমিটির গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব দেওয়া হয়েছে। এ নিয়ে রাজধানী ঢাকা বা ঢাকার বাইরে নেতাকর্মীদের মাঝে খুব একটা উচ্ছ্বাস প্রকাশ করতে দেখা যায়নি। বরং আড়ালে-আবডালে অনেক নেতাকে ক্ষোভ ও হতাশা প্রকাশ করতে শোনা গেছে। দলের গুরুত্বপূর্ণ নেতারা বলেন, পদায়নের ক্ষেত্রে শিক্ষা, রাজনৈতিক প্রজ্ঞা ও সাংগঠনিক দক্ষতা, সামাজিক মর্যাদার বিবেচনা স্থান পাচ্ছে না। তুলনামূলক বিচারে পদ-পদবি অনুযায়ী, যেভাবে নেতাদের মান নিচের দিকে নামিয়ে আনা হয়েছে, তাতে করে দলের জন্য কোনো মঙ্গল বয়ে আনবে না।

ক্ষোভের পাশাপাশি দলে নিজেদের ভবিষ্যৎ অবস্থান নিয়েও টেনশনে আছেন অনেক নেতা, বিশেষ করে জাতীয় নির্বাহী কমিটির অন্যান্য গুরুত্বপূর্ণ পদে কাদের দায়িত্ব দেওয়া হচ্ছে। সেখানে নিজের স্থান হবে কিনা, হলেও সিনিয়র-জুনিয়র মেইনটেইন করে সম্মান রক্ষা হবে কিনাÑ এ নিয়ে উদ্বিগ্ন তারা।

জাতীয় নির্বাহী কমিটির পাশাপাশি মেয়াদোত্তীর্ণ জেলা ও মহানগর কমিটি এবং অঙ্গসহযোগী সংগঠনের মেয়াদোত্তীর্ণ কমিটি ভেঙে নতুন কমিটি গঠনের সিদ্ধান্ত নিয়েছে

দলের শীর্ষ নেতৃত্ব। দলের সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম জাতীয় স্থায়ী কমিটির শূন্যপদও পূরণ করা হবে। ৭ জানুয়ারি নির্বাচনের পর স্থায়ী কমিটির বৈঠকে এসব সিদ্ধান্ত নেওয়া হয় বলে দলের নির্ভরযোগ্য সূত্রে জানা গেছে। এর অংশ হিসেবে গত ১৩ জুন রাতে একযোগে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ, চট্টগ্রাম ও বরিশাল মহানগর এবং কেন্দ্রীয় যুবদলের কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়। জানা গেছে, পর্যায়ক্রমে খুলনা, কুমিল্লা, গাজীপুর, রাজশাহী মহানগরসহ অন্তত আরও সাত জেলা কমিটি যে কোনো সময় ভেঙে দেওয়ারও আভাস পাওয়া গেছে।

বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেন, ‘যোগ্যতার বিচারেই পদায়ন করা হচ্ছে।’ তবে গয়েশ্বর চন্দ্র রায়ের এ বক্তব্যের সঙ্গে অনেকেরই দ্বিমত রয়েছে। তারা বলেন, যুগ্ম মহাসচিব থেকে ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন, মজিবুর রহমান সরোয়ার, সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, হারুন অর রশিদ, আসলামকে চৌধুরী চেয়ারপারসনের উপদেষ্টা করা হয়েছে। কিন্তু তাদের স্থলে যাদের নিয়োগ দেওয়া হয়েছে, তারা হলেনÑ আবদুস সালাম আজাদ, সৈয়দ এমরান সালেহ প্রিন্স ও শহীদ উদ্দিন চৌধুরী এ্যানী। এ্যানীর এ পদ অনেক আগেই পাওয়া উচিত ছিল উল্লেখ করে একজন ভাইস চেয়ারম্যান প্রশ্ন করেন, বাকি দুজনের শিক্ষাগত যোগ্যতা বা তারা কোথায় পড়াশোনা করেছেন?

ঢাকা বিভাগের সাংগঠনিক সম্পাদক ছিলেন ছাত্রদলের সাবেক সভাপতি ফজলুল হক মিলন। তিনি এ পদ থেকে পদত্যাগ করে গাজীপুর জেলা বিএনপির সভাপতি হন। তার স্থলে দায়িত্ব দেওয়া হয় সহসাংগঠনিক সম্পাদক আবদুস সালাম আজাদকে। যুগ্ম মহাসচিব পদে আজাদকে পদোন্নতি দেওয়া হলে গাজীপুর জেলা কমিটির সাধারণ সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বিতা করে পরাজিত হওয়া সাইয়েদুল আলম বাবুলকে কয়েক মাস আগে সহসাংগঠনিক সম্পাদক এবং সম্প্রতি সাংগঠনিক সম্পাদক হিসেবে নিয়োগ দেওয়া হয়।

যুগ্ম মহাসচিব থেকে সদ্য চেয়ারপারসনের উপদেষ্টা পদে স্থান পাওয়া একজন নেতা বলেন, সাইয়েদুল ইসলাম বাবুলের মাঝে ভারপ্রাপ্ত চেয়ারম্যান কী মধু পেলেন। গাজীপুর মহানগর বিএনপির গুরুত্বপূর্ণ এক নেতা বলেন, দল যখন যারে দেয়, তাকে আমরা স্যালুট দিতে বাধ্য; মন্তব্য করার সাহস নেই। এতে দলের কী ক্ষতি হচ্ছে, তা আমরাই ভালো জানি।

সাবেক উপমন্ত্রী রাজশাহী বিভাগের সাংগঠনিক সম্পাদক রুহুল কুদ্দুস তালুকদার দুলুর স্থলে সহসাংগঠনিক সম্পাদক সৈয়দ শাহীন শওকত খালেককে (রাজশাহী বিভাগ) সাংগঠনিক সম্পাদক করা হয়েছে। রাজশাহীর একজন গুরুত্বপূর্ণ নেতা বলেন, তারেক রহমান কথা দিয়েছিলÑ যারা আন্দোলনে ভূমিকা রাখবে, তাদের দলে মূল্যায়ন করবে। কিন্তু শাহীন শওকত কবে কোথায় আন্দোলনে ভূমিকা রেখেছে? কজন নেতাকর্মী তার সঙ্গে রয়েছে? আন্দোলনের সময়কার টাকা মেরে খাওয়ারও অভিযোগ আছে তার বিরুদ্ধে। সার্বিক পরিবেশ পরিস্থিতিতে রাজনীতি করার মতো আগ্রহ হারিয়ে ফেলেছেন বলে ওই নেতা জানান।

সহ-তথ্য ও প্রযুক্তিবিষয়ক সম্পাদক খালেদ হোসেন চৌধুরী ফাহিনকে দলীয় চেয়ারম্যানের উপদেষ্টা পদে নিয়োগ দেওয়ায় দলের মধ্যে প্রশ্ন দেখা দিয়েছে। দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীর কাছে তিনি অপরিচিত মুখ। রাজশাহীর নেতাদের প্রশ্ন তারেক রহমান তাকে কীভাবে চেনেন?

দলের প্রচার সম্পাদক করা হয়েছে যুবদলের সদ্য বিলুপ্ত কমিটির সভাপতি সুলতান সালাউদ্দিন টুকুকে এবং সহসাংগঠনিক করা হয়েছে বিএনপির সহপ্রচারবিষয়ক সম্পাদক আমিরুল ইসলাম খান আলীমকে। দলের গুরুত্বপূর্ণ একাধিক নেতা বলেন, ছাত্রদল ও যুবদলের নেতৃত্ব দেওয়া টুকুকে অতিমাত্রায় অবমূল্যায়ন করা হয়েছে। একইভাবে অবমূল্যায়ন করা হয়েছে ছাত্রদলের আরেক নেতা আলীমকেও।

গত ১৩ জুন একযোগে ভেঙে দেওয়া ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ এবং চট্টগ্রাম ও বরিশাল বিএনপি এবং জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় কমিটি গঠনের ব্যাপারে দলের বিভিন্ন পর্যায়ের নেতাদের মতামত নেওয়া শুরু করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। সেখানে বিভিন্ন পর্যায় থেকে নাম প্রস্তাব করা হচ্ছে।

ঢাকা মহানগর উত্তর : নতুন কমিটিতে জাতীয় নির্বাহী কমিটির সদস্য তাবিথ আউয়াল, সদ্য বিদায়ী কমিটির মহানগর উত্তরের সদস্য সচিব আমিনুল হকের নাম প্রস্তাব করেছেন অনেক নেতা। যুবদলের সাবেক সহসভাপতি এসএম জাহাঙ্গীরের নামও প্রস্তাব করা হয়েছে। আলোচনায় আছেন বিএনপির স্বেচ্ছাসেবকবিষয়ক সহসম্পাদক আবদুল কাদির ভূঁইয়া জুয়েল, যুবদলের সাবেক সভাপতি সাইফুল আলম নিরব, সদ্য প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকুর নাম।

ঢাকা মহানগর দক্ষিণ : নতুন কমিটির শীর্ষ পদের জন্য অনেক নেতাই প্রস্তাব করেছেন সদ্য বিদায়ী কমিটির দক্ষিণের সদস্য সচিব রফিকুল আলম মজনু ও যুগ্ম আহ্বায়ক তানভীর আহমেদ রবিনের নাম। প্রস্তাব করা হয়েছে জাতীয় নির্বাহী কমিটির সদস্য হামিদুর রহমান হামিদ, হাবিবুর রশিদ হাবিব, প্রকৌশলী ইশরাক হোসেনের নাম।

চট্টগ্রাম মহানগর : এ মহানগরে আলোচনায় আছেন- সদ্য বিদায়ী কমিটির আহ্বায়ক ডা. শাহাদাত হোসেন, সদস্য সচিব আবুল হাশেম বক্কর, যুগ্ম আহ্বায়ক এমএ আজিজ, এসএম সাইফুল ইসলাম, নাজিমুর রহমান, সদস্য এরশাদ উল্লাহ, চট্টগ্রাম মহানগর যুবদলের সভাপতি মোশাররফ হোসেন দিপ্তীসহ ডজনখানেক নেতা।

বরিশাল মহানগর : এ সাংগঠনিক জেলার নতুন কমিটিতে শীর্ষ পদের বিপরীতে আলোচনায় আছেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য আবু নাসের মুহাম্মদ রহমাতুল্লাহ, সদ্য বিদায়ী কমিটির আহ্বায়ক মনিরুজ্জামান ফারুক, যুগ্ম আহ্বায়ক জিয়াউদ্দিন শিকদার, সদস্য আফরোজা খানম নাসরীন, বরিশাল দক্ষিণ জেলা বিএনপির সাবেক সভাপতি এবায়েদুল হক চাঁন, সাবেক আহ্বায়ক মজিবুর রহমান নান্টুসহ ডজনখানেক নেতা।

কেন্দ্রীয় যুবদল : যুবদলের নতুন কেন্দ্রীয় কমিটির শীর্ষ পদের জন্য সদ্য বিলুপ্ত কমিটির সহসভাপতি নুরুল ইসলাম নয়ন, সাধারণ সম্পাদক আবদুল মোনায়েম মুন্না, যুগ্ম সম্পাদক শফিকুল ইসলাম মিল্টন এবং ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক আকরামুল হাসান মিন্টুর নাম অনেক নেতা প্রস্তাব করেছেন। প্রস্তাবের তালিকায় যুবদলের সাবেক নেতা এসএম জাহাঙ্গীর, সদ্য বিলুপ্ত কমিটির গোলাম মাওলা শাহীন, সাংগঠনিক সম্পাদক ইসহাক সরকার, সদস্য সাঈদ ইকবাল টিটু, ছাত্রদলের সাবেক সভাপতি কাজী রওনকুল ইসলাম শ্রাবণ, সাবেক সাধারণ সম্পাদক সাইফ মাহমুদ জুয়েলের নামও আছে।