Home খেলাধুলা এক পরিবর্তন এনে ভারতের বিপক্ষে ফিল্ডিং নিল পাকিস্তান

এক পরিবর্তন এনে ভারতের বিপক্ষে ফিল্ডিং নিল পাকিস্তান

16


স্পোর্টস ডেস্ক

টি-টোয়েন্টি বিশ্বকাপের গ্রুপপর্বে সবচেয়ে আকাঙ্খিত ম্যাচ আজ। নিউইয়র্কের নাসাউ কাউন্টি ক্রিকেট স্টেডিয়ামে মুখোমুখি দুই চিরপ্রতিদ্বন্দ্বী দেশ ভারত ও পাকিস্তান। বাংলাদেশ সময় রাত নয়টায় শুরু হতে যাওয়া এই ম্যাচে টসে জিতে ভারতকে ব্যাটিংয়ে পাঠানোর সিদ্ধান্ত নিয়েছেন বাবর আজম।

বৃষ্টির পর ভেজা আউটফিল্ডের কারণে আজ টস হয়েছে নির্ধারিত সময়ের আধা ঘণ্টা পরে। ভারত এই ম্যাচে অপরিবর্তিত একাদশ নিয়ে নামলেও একটি পরিবর্তন এনেছে পাকিস্তান। অফফর্মে থাকা আজম খানের বদলে একাদশে এসেছেন অলরাউন্ডার ইমাদ ওয়াসিম।

নিউইয়র্কের পিচ নিয়ে ভালোই সমালোচনা হচ্ছে। একে ‘জঘন্য’ হিসেবে আখ্যায়িত করেছেন ইংল্যান্ডের সাবেক অধিনায়ক মাইকেল ভন। এই মাঠে অবশ্য এগিয়ে থাকবে ভারতই। নাসাউয়ের এই স্টেডিয়ামেই আইরিশদের ৮ উইকেটে হারিয়েছিল রোহিত শর্মার দল। বাংলাদেশের বিপক্ষে প্রস্তুতি ম্যাচও তারা খেলেছিল এই মাঠে। অন্যদিকে প্রথমবারের মতো এই মাঠে নামছে পাকিস্তান। মুখোমুখি দেখায়ও অনেক এগিয়ে ভারত। ১২ ম্যাচের মধ্যে ৯টিতেই জয় পেয়েছে ‘মেন ইন ব্লু’রা। বিপরীতে ৩ জয় পাকিস্তানের।

সবশেষ চার ম্যাচ অনুযায়ী, এই মাঠের গড় রান ১১২। ওয়াকার ইউনিসের মতো পাকিস্তানের কিংবদন্তি পেসার বলেছেন, এই পিচে ভালো করবেন পেসাররাই। পরিসংখ্যানও একই কথা বলে, এখনো পর্যন্ত হওয়া ম্যাচের ৮০ শতাংশ উইকেটই নিয়েছেন পেস বোলাররা।

প্রসঙ্গত, বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে ভারত আয়ারল্যান্ডের বিপক্ষে জয় পেলেও হেরে গেছে পাকিস্তান। যুক্তরাষ্ট্রের বিপক্ষে সুপার ওভারে গড়ানো ম্যাচে হারের লজ্জায় পুড়েছেন বাবর আজমরা। ভারতের বিপক্ষে আজকের ম্যাচে তাই জয় খুবই প্রয়োজন পাকিস্তানের।

দুই দলের একাদশ

ভারত: রোহিত শর্মা (অধিনায়ক), বিরাট কোহলি, ঋষভ পান্ত (উইকেটকিপার), সূর্যকুমার যাদব, শিবম দুবে, হার্দিক পান্ডিয়া, রবীন্দ্র জাদেজা, অক্ষর প্যাটেল, জাসপ্রিত বুমরাহ, মোহাম্মদ সিরাজ ও আরশদীপ সিং

পাকিস্তান: মোহাম্মদ রিজওয়ান (উইকেটকিপার), বাবর আজম (অধিনায়ক), উসমান খান, ফখর জামান, শাদাব খান, ইফতিখার আহমেদ, ইমাদ ওয়াসিম, শাহীন আফ্রিদি, হারিস রউফ, নাসিম শাহ ও মোহাম্মদ আমির