স্পোর্টস ডেস্ক
পাকিস্তানের চার পেসার নাসিম শাহ, হারিস রউফ, মোহাম্মদ আমির ও শাহিন আফ্রিদির সামনে বুক চিতিয়ে লড়তে পারলেন না ভারতের ব্যাটাররা। দলের মাত্র তিনজন পেয়েছেন দুই অঙ্কের রানের দেখা। দলের হয়ে ঋশাভ পান্ত সর্বোচ্চ ৪২ রান করলেও ব্যাটিংয়ে স্বাচ্ছন্দ্যে ছিলেন না। দলের হয়ে আর কেউ বিশও পার করতে পারেননি। শেষ পর্যন্ত নির্ধারিত ২০ ওভারের এক ওভার বাকি থাকতে ১১৯ রানে অলআউট হয় ভারত।
নিউইয়র্কের নাসাউ কাউন্টি ক্রিকেট স্টেডিয়ামে ভেজা আউটফিল্ডের কারণে আজ নির্ধারিত সময়ের চেয়ে আধা ঘণ্টা পর হয় টস। তবে বাংলাদেশ সময় রাত নয়টায়ও খেলা শুরু করা যায়নি। কিছুক্ষণ পর মাঠে নামলে প্রথম ওভার শেষ করার পর আবারও হানা দেয় বেরসিক বৃষ্টি। কিছুক্ষণ পর আবারও খেলা শুরু হয়।
এদিন ভেজা মাঠের পূর্ণ সুবিধা তুলে নিয়েছেন পাকিস্তানের পেসাররা। দ্বিতীয় ওভারে দলীয় মাত্র ১২ রানেই বিরাট কোহলিকে ফেরান তরুণ নাসিম শাহ। দলীয় ১৯ রানে ফেরেন দারুণ কিছুর ইঙ্গিত দেওয়া রোহিত শর্মাও। শাহিন আফ্রিদির বলে পরাস্ত হয়েছেন ভারত অধিনায়ক। এরপর জুটি বেধে ভারতকে ম্যাচে ফেরানোর চেষ্টা করেছেন ঋষভ পান্ত ও অক্ষর প্যাটেল। যদিও ব্যাটিংয়ে মোটেও স্বাচ্ছন্দ্যে ছিলেন না তারা। পাকিস্তানের ফিল্ডিং ব্যর্থতায় দুজনে গড়েন ৩৯ রানের জুটি। অষ্টম ওভারের চতুর্থ বলে দলীয় ৫৮ রানে তৃতীয় ব্যাটার হিসেবে ফেরেন অক্ষর (১৮ বলে ২০)। প্রথম ১০ ওভারে এই তিন উইকেট হারিয়েই ৮১ রান করে ভারত।
নিজেদের ইনিংসের প্রথম অর্ধেকে ভালো রান করে বড় সংগ্রহের স্বপ্নই দেখেছিল ভারত। তবে নাসিম-হারিস রউফ-মোহাম্মদ আমিরদের তোপে ভেস্তে যায় সেই স্বপ্ন। ৮৯ রানের মাথায় রউফের বলে চতুর্থ ব্যাটার হিসেবে ফেরেন সূর্যকুমার যাদব। দলীয় সংগ্রহ এক শ পূর্ণ হওয়ার আগে আরও ৩ উইকেট হারায় ভারত। শিভাম দুবেকে নাসিম ফেরানোর পর আমিরের তোপে উইকেট বিলিয়ে আসেন পান্ত ও রবীন্দ্র জাদেজা। শেষের দিকে হারিস রউফের তোপে টেকেননি হার্দিক পান্ডিয়া-জাসপ্রিত বুমরাহও। তাতে এক ওভার বাকি থাকতেই ১১৯ রানে অলআউট হয় ভারত।
একটি রানআউট বাদে ভারতের নয়টি উইকেটই ভাগ করে নেন পাকিস্তানের চার পেসার। এর মধ্যে সবচেয়ে সফল নাসিম ও রউফ। ৪ ওভারে ২১ রান দিয়ে ৩ উইকেট নেন নাসিম। এক ওভার কম বল করে সমান সংখ্যক উইকেট নেন রউফ। এছাড়া আমির ২টি ও শাহিন নেন একটি উইকেট।
প্রসঙ্গত, বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে ভারত আয়ারল্যান্ডের বিপক্ষে জয় পেলেও হেরে গেছে পাকিস্তান। যুক্তরাষ্ট্রের বিপক্ষে সুপার ওভারে গড়ানো ম্যাচে হারের লজ্জায় পুড়েছেন বাবর আজমরা। ভারতের বিপক্ষে আজকের ম্যাচে তাই জয় খুবই প্রয়োজন পাকিস্তানের।











































