Home আঞ্চলিক কুষ্টিয়ায় বাউলের আড্ডাঘর ভেঙে দিয়েছে দুর্বৃত্তরা

কুষ্টিয়ায় বাউলের আড্ডাঘর ভেঙে দিয়েছে দুর্বৃত্তরা

5


কুষ্টিয়া প্রতিনিধি
কুষ্টিয়ার মিরপুরে নিশান আলী নামে এক বাউলের আড্ডাঘর ভেঙে দিয়েছে দুর্বৃত্তরা। শুক্রবার (৭ জুন) দিবাগত রাতের কোনো একসময় সরকারি খালের জমিতে গড়ে তোলা ওই আড্ডাঘরের টিনের চালা ভেঙে দেওয়া হয়।
খবর পেয়ে শনিবার (৮ জুন) দুপুরে ঘটনাস্থল পরিদর্শন করেছেন কুষ্টিয়ার মিরপুর সার্কেলের সহকারী পুলিশ সুপার মো. আবদুল খালেক ও মিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তফা হাবিবুল্লাহ।

এ সময় সহকারী পুলিশ সুপার মো. আবদুল খালেক বলেন, গত (৬ জুন) নিশান ও তার চাচাতো ভাইয়েরা মিলে রোহেল শেখ নামে একজনকে মারধর করেন। তিনি এখনো হাসপাতালে চিকিৎসাধীন। ওই ঘটনায় দায়ের করা মামলায় নিশানও আসামি। তার জের ধরেও ভাঙচুর চালানো হতে পারে।

কে বা কারা বাউলের আস্তানা ভাঙল, তা আমরা খতিয়ে দেখছি বলেও জানান তিনি এ ঘটনায় মোবাইল ফোনে নিশান আলী জানান, কেন আমার ঘর ভাঙা হলো আমি জানি না।

রোহেলের সঙ্গে ঝামেলার বিষয়ে তিনি বলেন, আমার চাচাতো ভাইদের সঙ্গে পাওনা টাকা নিয়ে রোহেলের ঝামেলা হয়। তারা টাকা উদ্ধার করতে গেলে সেখানে মারামারির ঘটনা ঘটে। এখন চাচাতো ভাইদের সমস্যা আমার ওপর চাপিয়ে দেওয়া হচ্ছে।

তিনি বর্তমানে সহকারী পুলিশ সুপারের কার্যালয়ে আছেন বলেও জানান।

এদিকে গঙ্গা-কপোতাক্ষ (জিকে) প্রকল্পের খালের ওপর অবস্থিত আড্ডাঘরে বাউলরা সন্ধ্যার পর গানের আসর বসাতেন। লোকালয় থেকে দূরে হওয়ায় এলাকাবাসীও এর থেকে বেশিকিছু বলতে পারছেন না।