Home আলোচিত সংবাদ যেসব কারণে ঘন ঘন ঘূর্ণিঝড় হচ্ছে

যেসব কারণে ঘন ঘন ঘূর্ণিঝড় হচ্ছে

55


খুলনাঞ্চল রিপোর্ট।।

উপকূলে আঘাত হেনেছে বঙ্গোপসাগরে সৃষ্ট প্রবল ঘূর্ণিঝড় রেমাল। এটি ৯০-১২০ কিলোমিটার গতিতে প্রবেশ করছে স্থলভাগে। ঘূর্ণিঝড়টি অতি প্রবল আকার ধারণ করতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। তবে ঘন ঘন এসব ঘূর্ণিঝড় সৃষ্টির কারণ খুঁজছেন অনেকেই।

বিভিন্ন সময় প্রাকৃতিক দুর্যোগ আঘাত হেনেছে বাংলাদেশের ওপর। এর মধ্যে মে মাসে ঘূর্ণিঝড়ের অভিজ্ঞতার দীর্ঘ ইতিহাস রয়েছে বাংলাদেশের। এতে যেমন উল্লেখযোগ্য ক্ষয়ক্ষতি হয়েছে তেমনি প্রাণহানিও কম হয়নি। গত কয়েক বছরে ফণী, আইলা, আম্ফান, ইয়াস, বুলবুল, মোখার মতো বেশকিছু ঘূর্ণিঝড় আঘাত হেনেছে। পাশাপাশি এখন রেমাল মোকাবিলা নিয়েও চলছে ব্যাপক প্রস্তুতি। ক্ষয়ক্ষতি কমানোর চেষ্টায় কাজ করে চলেছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

তবে ঘন ঘন কেন সংগঠিত হচ্ছে এত ঘূর্ণিঝড়? আবহাওয়াবিদরা জানান, বিশ্বের উষ্ণতা বৃদ্ধি এবং এল নিনো’র নিরপেক্ষতার কারণে সাগরের পরিবেশগুলোও অতিরিক্ত উত্তপ্ত হয়ে উঠছে। যেমন- ভারত মহাসাগরও স্বাভাবিকের তুলনায় তাপমাত্রা ১-২ ডিগ্রি বেশি উষ্ণ হয়ে উঠেছে।

এসব কারণে ঝড়গুলো এখন ঘন ঘন দ্রুত আঘাত হানছে উপকূলগুলোতে। এই ঝড়গুলো পরবর্তীতে বড় আকার ধারণ করছে, কিছু আবার শক্তি অর্জনের আগেই হারিয়ে যাচ্ছে। যতদিন পর্যন্ত এসব সাগরের উষ্ণতা যথেষ্ট মাত্রায় নিচে নেমে না আসবে, ততদিন এসব ঝড়ের দেখা পাওয়া যাবে বলে মনে করেন বিশেষজ্ঞরা।

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউট অব এনভায়রনমেন্ট সাইন্সের অধ্যাপক ড. মো. রিদওয়ানুর রহমান বলেন, ঘূর্ণিঝড় আগের সময়ের চাইতে বর্তমানে ঘন ঘন উপকূলে আঘাত হানছে। এর কারণ হিসেবে দেশের অত্যধিক তাপমাত্রা অনেকাংশে দায়ী। এই গরম তাপমাত্রা এবং বায়ুমণ্ডলের ওপর প্রভাব সৃষ্টি করে। একসময় বায়ুমণ্ডলে গরম বাতাস আস্তে আস্তে উপরের দিকে উঠে যায়। তখন সমুদ্রের ছোট-বড় ঘূর্ণন বা ঘূর্ণিঝড়গুলো এই ভ্যাকিউম বা শূন্যস্থান পূরণের জন্য উপকূলের দিকে ধাবিত হতে থাকে। যে সব অঞ্চলে এ ধরনের বায়ুমণ্ডলের হঠাৎ পরিবর্তন দেখা দেয়, সেখানে ঘূর্ণিঝড়ের আঘাত হানার প্রবণতাও অনেক বেশি থাকে।

এই বিশেষজ্ঞ আরো বলেন, কত শক্তিশালী ঘূর্ণিঝড় আঘাত হানছে, তার চেয়ে গুরুত্বপূর্ণ হলো দেশের মাত্রাতিরিক্ত বৃক্ষনিধন। একটা সময় এর চাইতে অনেক শক্তিশালী ঘূর্ণিঝড়ের আঘাতও দেশের সুন্দরবন মোকাবিলা করেছে। তবে এখন অপেক্ষাকৃত কম শক্তিশালী দুর্যোগের আঘাতেও ক্ষয়ক্ষতির পরিমাণ অনেক বেশি মনে হয়।

বঙ্গোপসাগরে সৃষ্ট কোনো লঘুচাপ কিংবা নিম্নচাপ পূর্ণাঙ্গ ঘূর্ণিঝড়ে পরিণত হবে কিনা, তা আবহাওয়া সম্পর্কিত বেশ কিছু বিষয়ের ওপর নির্ভর করে। বায়ুমণ্ডলে গ্রিনহাউস গ্যাস বৃদ্ধি ও এর থেকে তাপমাত্রা বাড়ার ফলে ক্রমেই ঘূর্ণিঝড়ের চলার গতি কমে যাচ্ছে। এ ধীরগতির কারণে ঘূর্ণিঝড় তার চলার পথে ধ্বংসযজ্ঞ চালানোর সময় বেশি পাচ্ছে বলে মনে করেন সংশ্লিষ্টরা।