Home আঞ্চলিক সারা খুলনা অঞ্চল ও আশপাশের সব খবরা খবর

সারা খুলনা অঞ্চল ও আশপাশের সব খবরা খবর

37
ঢাকা-খুলনা মহাসড়কের দুই পাশে কৃষ্ণচূড়া সৌন্দর্য ছড়াচ্ছে। দৌলতদিয়া ফেরিঘাট সড়ক, গোয়ালন্দ, রাজবাড়ী।

নগর স্বেচ্ছাসেবক লীগ ও ছাত্রলীগের শোক
খবর বিজ্ঞপ্তি
খুলনা মহানগর স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক ও মহানগর ছাত্রলীগের সাধারণ সম্পাদক এস এম আসাদুজ্জামান রাসেল এর নানী শাশুড়ী আমেনা বেগম ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়াইন্না ইলাহির রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিলো ৭৫ বছর। বার্ধক্যজনিত কারণে রবিবার বেলা ১২ টায় নগরীর ময়লাপোতাস্থ বাড়ীতে ইন্তেকাল করেন তিনি। মৃত্যুকালে তিনি পুত্র, কন্যা, নাতী, নাতনীসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। রবিবার বাদ মাগরিব বাগেরহাটের ফকিরহাট দোহাজারি মসজিদ সংলগ্ন মাঠে নামাজে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয় তাকে।
আমেনা বেগমের মৃত্যুতে পৃথক পৃথক শোক বিবৃতি দিয়েছে খুলনা মহানগর স্বেচ্ছাসেবক লীগ ও মহানগর ছাত্রলীগ। পৃথক পৃথক শোক বিবৃতিতে নেতৃবৃন্দ গভীর শোক প্রকাশ করে মরহুমার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।
শোক বিবৃতিদাতারা হলেন খুলনা মহানগর স্বেচ্ছাসেবক লীগের সভাপতি এম.এ নাসিম, খুলনা মহানগর ছাত্রলীগের সভাপতি শেখ শাহাজালাল হোসেন সুজন এবং মহানগর স্বেচ্ছাসেবক লীগ ও মহানগর ছাত্রলীগের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

ঘূর্ণিঝড় রেমাল আতঙ্কে কাটাচ্ছে উপকূলে বাসিন্দারা
আহাদ আলী, স্টাফ রিপোর্টারঃ
ঘূর্ণিঝড় রেমাল আতঙ্কে উপকূলের মানুষের দুশ্চিন্তায় নির্ঘুম রাত কাটাছে অনেকে। রাত জেগে স্বেচ্ছাশ্রমে দুর্বল বেড়িবাঁধ সংস্কার করাতে দেখা গেছে। সাইক্লোন সেন্টারগুলোতে মানুষ আসা শুরু করেছে। রাতে হালকা বাতাস ও গুম গুম আওয়াজে আতঙ্ক ছড়িয়েছে। রবিবার ভোরে থেকে বৃষ্টির দেখা মেলছে। পরবর্তীতে দিনভর হালকা ও মাঝারি বৃষ্টিপাত হচ্ছে। এতে উদ্বেগ আর উৎকণ্ঠা বাড়ছে উপকূলীয় খুলনার কয়রা, পাইকগাছা, দাকোপ ও বটিয়াঘাটা উপজেলার মানুষের মধ্যে।
এদিকে, দক্ষিণ উপকূলীয় এলাকার অধিকাংশ বেড়িবাঁধই দুর্বল। যদিও পানি উন্নয়ন বোর্ড বলছে, খুলনার দাকোপ, বটিয়াঘাটা, পাইকগাছা, কয়রার ৬৩০ কিলোমিটারের মধ্যে মাত্র ১০ কিলোমিটার বেড়িবাধ ঝুঁকিপূর্ণ। আর সাতক্ষীরা পানি উন্নয়ন বোর্ড-১ এর আওতায় বেড়িবাঁধ রয়েছে ৩৮০ কিলোমিটার। এরমধ্যে ৩০ কিলোমিটার বেড়িবাঁধ ঝুঁকিপূর্ণ। বারবার বাঁধ ভাঙ্গায় উপকূলবাসী সংকেত পেলেই আতঙ্কে থাকেন।
খুলনার ও সাতক্ষীরা উপকূলীয় এলাকায় ২০০৯ সালের ২৫ মে আঘাত হানে ঘূর্ণিঝড় আইলা। আইলার সেই ক্ষত কাটিয়ে ওঠার আগেই ২০১৩ সালের ১৬ মে মহাসেন, ২০১৫ সালের ৩০ জুলাই কোমেন, ২০১৬ সালের ২১ মে রোয়ানু, ২০১৭ সালের ৩০ মে মোরা, ২০১৯ সালের ৪ মে ফণী, একই বছরের ১০ নভেম্বর বুলবুল আঘাত হানে। ২০২০ সালের ২০ মে আম্পান, ২০২১ সালের ২৬ মে আঘাত হানে ঘূর্ণিঝড় ইয়াস। ২০২২ সালের ১২ মে আসনি, এরপর একই বছরের ২৫ অক্টোবর সিত্রাং এবং সর্বশেষ ‘মোখা’ আঘাত হানে। এসব ঘূর্ণিঝড়ের সময় বেড়িবাঁধ ভেঙে প্লাবিত হয় কয়রা, দাকোপ, আশাশুনি ও শ্যামনগর উপজেলার কয়েকটি ইউনিয়ন। যার ক্ষত এখনো শুকায়নি। সর্বশেষ উপকূলে ঘূর্ণিঝড় রেমালের আঘাত হানার আশঙ্কা দেখা দিয়েছে।
উপকূলীয় সাতক্ষীরার শ্যামনগর উপজেলার গাবুরা ইউনিয়নের বেড়িবাঁধের অনেক জায়গা দিয়ে চুইয়ে পানি ঢুকছে বলে জানা যায়। সুভদ্রাকাটি এলাকার একটি জরাজীর্ণ বাঁধ গভীর রাতে স্বেচ্ছাশ্রমে এলাকাবাসী মেরামত করেন। পানি উন্নয়ন বোর্ড থেকে সেখানে জিও ব্যাগের ব্যবস্থা করা হয়। আর এলাকাবাসী জিও ব্যাগে মাটি ভরে রাস্তা সংস্কার করেন। যে কোন সময় দুর্বল বেড়িবাঁধ নদী গর্ভে বিলীন হয়ে প্লাবিত হতে পারে বিস্তীর্ণ এলাকা। এমন আশংকা নিয়ে নির্ঘুম রাত কাটাচ্ছে খুলনা জেলার কয়রা, দাকোপ, পাইকগাছা, সাতক্ষীরা জেলার শ্যামনগর, আশাশুনির ও বাগেরহাট উপকূলের মানুষ।
কয়রা উপজেলার গোবরা গ্রামের বাঁধের পাশে বসবাসকারী আখতারুজ্জামান ও বিল্লাল হোসেন জানান, আইলার সময় ঘাঁটাখালি বাঁধ ভেঙ্গে যাওয়ায় তাদের বসতবাড়ি নদীগর্ভে বিলীন হয়। এরপরে প্রায় দুই মাস আশ্রয় কেন্দ্রে থাকেন। সেখান থেকে বাঁধের উপরে ঝুপড়ি বেঁধে বসবাস শুরু করেন। একপর্যায়ে জনপ্রতিনিধিদের কথায় বাঁধের স্লোবে পুনরায় ঘর তৈরি করে বসবাস করছেন। আইলার ১৫ বছর পরেও তারা নিজ ঠিকানায় ফিরতে পারেননি। সেখানে বাঁধের পাশে প্রায় শতাধিক পরিবার রয়েছে। তারা রেমাল ঝড়ের সংকেত পেয়ে আতঙ্কে রয়েছেন। নির্ঘুম রাত কাটিয়েছেন।
কয়রার দক্ষিণ বেদকাশি ইউনিয়নের চেয়ারম্যান মোঃ আছের আলী মোড়ল জানান, তার ইউনিয়নের ঘড়িলাল থেকে চরামুখা খেয়াঘাট, খেয়াঘাট থেকে হলদিবুনিয়া পর্যন্ত বেশি ঝুঁর্কিপূর্ণ।
সাতক্ষীরা পানি উন্নয়ন বোর্ড-১ এর নির্বাহী প্রকৌশলী মোঃ সালাউদ্দিন জানান, আমাদের আওতায় বেড়িবাঁধ রয়েছে ৩৮০ কিলোমিটার। এরমধ্যে ৩০ কিলোমিটার বেড়িবাঁধ ঝুঁকিপূর্ণ। তবে গাবুরায় মেগা প্রকল্পের কাজ চলমান রয়েছে। কিছু জায়গায় সমস্যা রয়েছে। তাৎক্ষনিকভাবে কোন সমস্যা হলে সে জন্য কাজ করার সুযোগ রয়েছে।
খুলনা পানি উন্নয়ন বোর্ড (বিভাগ-২) এর নির্বাহী প্রকৌশলী মোঃ আশরাফুল আলম বলেন, আমার এরিয়ার মধ্যে ৬৩০ কিলোমিটার বেড়িবাঁধ রয়েছে। এর মধ্যে ১০ কিলোমিটার ঝুঁকিপূর্ণ রয়েছে। এছাড়া তাৎক্ষণিক কোন সমস্যা হলে জরুরি ব্যবস্থা নেয়ার সুযোগ রয়েছে।
এদিকে, ঘূর্ণিঝড় ‘রেমাল’র ক্ষয়ক্ষতি এড়াতে খুলনা উপকূলবর্তী তিনটি উপজেলায় প্রস্তুত রাখা হয়েছে ৬০৪টি আশ্রয় কেন্দ্র। এছাড়া ৩টি মুজিব কিল্লা ও ৫ সহস্রাধিক স্বেচ্ছাসেবক প্রস্তত রয়েছে। এসব আশ্রয় কেন্দ্রে ৩ লাখ ১৫ হাজার মানুষ থাকতে পারবে।
খুলনা জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, উপকূলবর্তী খুলনার তিনটি উপজেলা কয়রা, দাকোপ ও পাইকগাছার সরকারি কর্মকর্তা-কর্মচারীদের নিজ নিজ কর্মস্থলে থাকার জন্য বলা হয়েছে। সতর্ক থাকার জন্য উপজেলা নির্বাহী কর্মকর্তাদেরকে নির্দেশনা দেয়া হয়েছে। বিপদ সংকেত জারি হলে তারা এলাকায় মাইকিংয়ের ব্যবস্থা করবেন। শুকনো খাবার, ওষুধ, ঢেউটিন ও নগদ টাকা প্রস্তত রাখা হয়েছে। প্রস্তত রয়েছে স্বাস্থ্য বিভাগ, জনস্বাস্থ্য প্রকৌশল বিভাগ, ফায়ার সার্ভিস, পুলিশ, নৌ বাহিনী, কোস্টগার্ড, পানি উন্নয়ন বোর্ড। প্রস্তুতিতে কোনো ঘাটতি নেই।
খুলনা জেলা প্রশাসক খন্দকার ইয়াসির আরেফীন জানান, ঘূর্ণিঝড়ের ক্ষতি এড়াতে কয়রা, দাকোপ ও পাইকগাছা উপজেলায় ৫ হাজার ২৮০ জন স্বেচ্ছাসেবককে প্রস্তুত থাকতে নির্দেশনা দেয়া হয়েছে। এছাড়া ৬০৪টি সাইক্লোন শেল্টার প্রস্তুত রাখা হয়েছে। যাতে পরিস্থিতি অনুযায়ী ঝুঁকিপূর্ণ লোকজন সেখানে আশ্রয় নিতে পারেন। এসব সাইক্লোন শেল্টারে মোট ৩ লাখ ১৫ হাজার ১৮০ জন মানুষ আশ্রয় নিতে পারবে। এছাড়া ৩টি মুজিব কিল্লায় ৪৩০ জন মানুষ আশ্রয় ও ৫৬০টি গবাদি পশু রাখা যাবে।
অপরদিকে, ঘূর্ণিঝড়-পূর্ব, ঘূর্ণিঝড় সময়কালীন এবং ঘূর্ণিঝড়-পরবর্তী কর্মতৎপরতা সমন্বয় করতে খোলা হয়েছে খুলনা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স’র বিভাগীয় মনিটরিং সেল। খুলনা, সাতক্ষীরা ও বাগেরহাটে কাজ করছে ফায়ার সার্ভিসের ৩০টিম। মাইকিং করে উপকূলীয় এলাকায় চালানো হচ্ছে সচেতনতামূলক প্রচারণা। খুলনা বিভাগীয় নিয়ন্ত্রণ কক্ষ এ বিষয়ে সার্বক্ষণিক নজরদারি করছে। রয়েছে স্পেশাল টিম।
সার্বিকভাবে যেকোনো পরিস্থিতি মোকাবিলায় প্রস্তুত রয়েছে ফায়ার সার্ভিস। দুর্যোগপ্রবণ এলাকার জনসাধারণকে সচেতন, সতর্ক ও সাবধান করছে দুর্যোগপ্রবণ এলাকার ফায়ার স্টেশনগুলো। উপকূলীয় এলাকাসমূহের সকল ফায়ার স্টেশনের সকল কর্মকর্তা-কর্মচারীর ছুটি বাতিল করে সবাইকে সতর্ক ডিউটিতে রাখা হয়েছে।
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স খুলনার উপপরিচালক মামুন মাহমুদ বলেন, ঘূর্ণিঝড় রেমালে খুলনা, সাতক্ষীরা ও বাগেরহাটের ৩০টি টিম শনিবার সকাল ৬টা থেকে কাজ শুরু করেছে। এরমধ্যে খুলনায় ১৪টি ফায়ার স্টেশন রয়েছে। যারমধ্যে একটি রিভার ফায়ার স্টেশন আছে। এছাড়া বাগেরহাটে ১০টি এবং সাতক্ষীরায় ৬টি ফায়ার স্টেশনের টিম কাজ করছে। টিমের সদস্যরা মানুষকে সচেতন করার পাশাপাশি রেসকিউ, বিশুদ্ধ খাবার পানির ব্যবস্থা, নিরাপদে আশ্রয় কেন্দ্রে আনাসহ যাবতীয় কাজ করবে। জল ও স্থল উভয় পথে ফায়ার সার্ভিসের টিম এবং যাবতীয় সরঞ্জাম প্রস্তুত রাখা হয়েছে। খুলনা সদরদপ্তরে স্ট্যান্ডবাই রাখা হয়েছে ২০ সদস্যের স্পেশাল টিম। খোলা হয়েছে মনিটরিং সেল।
ফায়ার সার্ভিসের সূত্রে জানা গেছে, দুর্যোগপ্রবণ এলাকার জরুরি পরিস্থিতিতে প্রতি ফায়ার স্টেশনে ফায়ারফাইটিং টিম, সার্চ অ্যান্ড রেসকিউ টিম, প্রাথমিক চিকিৎসাকারী দল এবং ওয়াটার রেসকিউ টিম প্রস্তুত রাখা হয়েছে। প্রয়োজনীয় সংখ্যক অগ্নিনির্বাপণ ও উদ্ধার সরঞ্জামসহ অ্যাম্বুলেন্স, চেইন স’, হ্যান্ড স’, রোটারি রেসকিউ স’, স্প্রেডার, মেগাফোন, র্যামজ্যাক বা এয়ার লিফটিং ব্যাগ, ফাস্ট এইড বক্সসহ যাবতীয় সরঞ্জাম প্রস্তুত রাখা হয়েছে।
ঘূর্ণিঝড়-পরবর্তী অনুসন্ধান ও উদ্ধারকাজসহ রাস্তাঘাট যান চলাচল উপযোগী করার কাজে ফায়ার সার্ভিস নিয়োজিত থাকবে। তাদের সাথে সহযোগিতা করবেন ফায়ার সার্ভিসের প্রশিক্ষিত ভলান্টিয়াররা। এসব এলাকায় জীবন ও মালামাল সুরক্ষা সংক্রান্ত যেকোনো কাজে দিবা-রাত্রি ২৪ ঘণ্টা ফায়ার সার্ভিসের সেবা গ্রহণ করা যাবে। সব আশ্রয়কেন্দ্রের পাশাপাশি প্রয়োজনে উপকূলবর্তী ফায়ার স্টেশনগুলোতেও সাধারণ জনগণ আশ্রয় নিতে পারবেন।
সূত্র আরও জানায়, ফায়ার সার্ভিসের মনিটরিং সেল, বিভাগীয় নিয়ন্ত্রণ কক্ষ সার্বক্ষণিক তথ্য সংগ্রহে নিয়োজিত থাকবে। যেকোনো জরুরি প্রয়োজনে সেবা গ্রহণের জন্য ফায়ার সার্ভিসের নিকটবর্তী ফায়ার স্টেশন, বিভাগীয় নিয়ন্ত্রণ কক্ষ, কেন্দ্রীয় নিয়ন্ত্রণ কক্ষের হটলাইন নম্বর ১৬১৬৩ অথবা খুলনা বিভাগীয় মনিটরিং সেল-এর জরুরি মোবাইল নম্বর ০১৭৩৩০৬২২০৯-এ ফোন করার জন্য সবাইকে অনুরোধ জানানো হয়েছে। এছাড়া জরুরী প্রয়োজনে ১০২ এবং ৯৯৯ হটলাইনে কল করে তথ্য জানানো যাবে।

রূপসার জয়পুরে একই পরিবারের আহত ৬: থানায় লিখিত অভিযোগ
স্টাফ রিপোর্টার
রূপসার জয়পুরে শত্রুতার জের ধরে একই পরিবারের ৬ জনকে আহত করা হয়েছে। এর মধ্যে গুরুতর আহত রাজমিস্ত্রী মো. লিটন হাওলাদার (৩৫) ও মো. জুম্মান হাওলাদার (৩৮) কে রূপসা উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে ভর্তি করা হয়।

পরে চিকিৎসকের পরামর্শ অনুযায়ী আহতদের খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

বাকি আহতদের ৪ জনকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

শনিবার (২৫ মে) আনুমানিক রাত সাড়ে ৮ টায় উপজেলার নৈহাটী ইউনিয়নের জয়পুর মিনাবাড়ি রোড এলাকায় এ ঘটনা ঘটে।

ঘটনায় মো. তাহের (৫৫), ওমর ফারুক (২৪), সিদ্দিকুর রহমান (২৭), টুকি (২১), আলামিন (১৮), ও ইব্রাহিম (৪০) সহ অজ্ঞাত আরও কয়েকজনের নাম উল্লেখ করে আহতদের বোন ভুক্তভোগী আসমা বেগম রূপসা থানায় লিখিত অভিযোগ করেছেন।

ভুক্তভোগী পরিবার ও অভিযোগ সুত্রে জানা গেছে, শনিবার (২৫ মে) দুপুরে পুর্ব শত্রুতা ও তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে একই এলাকার প্রতিবেশীদের সাথে উভয়ের মধ্যে কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে ওইদিন রাতে প্রতিবেশী হামলাকারী ওমর ফারুক, তাহের, সিদ্দিক, টুকি, আলামিন ও ইব্রাহিম একত্রিত হয়ে অকথ্য ভাষায় গালিগালাজ করতে করতে বাড়ির আঙিনায় প্রবেশ করে তাদের অতর্কিত হামলা চালায়।

হামলাকারীরা আহত লিটন ও জুম্মানকে লাঠি দিয়ে পিটিয়ে ও ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে মাথায় রক্তাক্ত জখম করে। এমনকি তাদের শরীরের বিভিন্ন স্থানে এলোপাথাড়ি কিল-ঘুষি দিয়ে আঘাত করা হয়।

এ-সময় আহতদের পরিবারের লোকজন ঠেকাতে গেলে তাদেরকেও কিল-ঘুষি, চড়থাপ্পড় ও লাঠি দিয়ে পেটানো হয়।

এতে আহত লিটনের মাথায় ১৬ টি সেলাই ও তার ভাই জুম্মানের মাথায় ৩টি সেলাই লেগেছে বলে ভুক্তভোগীরা জানিয়েছেন।

এছাড়াও ৬-৭ মাস আগে ভুক্তভোগী নারী আসমা খাতুন হামলাকারী ওমরের বিরুদ্ধে মাদক সেবনের অভিযোগে রূপসা থানায় জিডি করে।

এ রিপোর্ট লেখা পর্যন্ত থানায় মামলার প্রস্তুতি চলছিলো।

এ বিষয়ে অভিযোগকারী নারী আসমা খাতুন বলেন, আমার ভাইদের ধারালো দা ও লাঠি দিয়ে কুপিয়েছে।

এমনকি আমার মা, আমার ভাইদের স্ত্রী এবং আমি ঠেকাতে গেলে আমাদেরও মারপিট করে।

আমরা গরিব মানুষ, এর সঠিক বিচার চাই।

হামলাকারীদের সাথে ঘটনা জানতে যোগাযোগ করার চেষ্টা করা হলেও তাদেরকে পাওয়া যায়নি।

রূপসা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. এনামুল হক বলেন, এবিষয়ে লিখিত অভিযোগ হয়েছে।

তদন্ত পূর্বক আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

মোটরসাইকেলে ভোট দিলে আধুনিক ডুমুরিয়া গড়তে বাকি জীবন উৎসর্গ করার প্রতিশ্রুতি তারা বিশ্বাসের
খবর বিজ্ঞপ্তি
ডুমুরিয়ায় গণসংযোগকালে ‘মোটরসাইকেল’ প্রতীকের উপজেলা চেয়ারম্যান প্রার্থী মোঃ আজগর বিশ্বাস তারা বলেছেন, ‘কোনো চক্রান্ত করে লাভ হবে না; ডুমুরিয়াবাসী অত্যন্ত সচেতন- উন্নয়নের ধারা অব্যাহত রাখতে মোটরসাইকেল প্রতীকে ভোট দিতে বদ্ধপরিকর। ষড়যন্ত্রকারীদের সকল অন্যায়ের প্রতিবাদ মোটরসাইকেল ভোটদান। আধুনিক ডুমুরিয়া গড়তে মা-মাটি-মানুষের জন্যে বাকি জীবন উৎসর্গ করবো। মোটরসাইকেল মার্কায় ভোট দিয়ে আমাকে জয়যুক্ত করলে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উন্নয়নের ধারা অব্যাহত রেখে আমিই ডুমুরিয়াবাসীর দ্বোর গড়ায় নাগরিক সেবা পৌঁছে দেবো। নির্বাচিত হলে জনপ্রতিনিধি ভাগ্যের উন্নয়ন ঘটে; আর আমি কথা দিচ্ছি- মোটরসাইকেল প্রতীকে ভোট দিয়ে আমাকে জয়যুক্ত করলে আমি ডুমুরিয়াবাসীর ভাগ্যের উন্নয়ন ঘটাবো ইনশাআল¬াহ্।
রবিবার (২৬ মে) ডুমুরিয়া উপজেলার খর্ণিয়া ইউনিয়নে পথসভা ও উঠান বৈঠকে উপজেলা চেয়ারম্যান প্রার্থী আজগর বিশ্বাস তারা এসব কথা বলেন।
তিনি আরও বলেছেন, সকল সম্প্রদায়ের মিলিত শক্তি দেশ গড়ার হাতিয়ার। তাই আমি নির্বাচিত হলে অসম্প্রদায়িক চেতনায় সৌহার্দ্যরে প্রতীক হিসেবে ডুমুরিয়া উপজেলাকে একটি মডেল উপজেলা হিসেবে বাংলাদেশের সামনে উপস্থাপন করবো। তাই সাবেকদের কথায় আবেগে না পড়ে বিবেক কাজে লাগিয়ে খুলনার শষ্য ভান্ডারখ্যাত ডুমুরিয়ার কৃষকদের উৎপাদিত খাদ্য-শষ্যের ন্যায্যমূল্য নিশ্চিতকরণ, সুলভ মূল্যে সার-বীজ সহজপ্রাপ্তি এবং অবকাঠামোগত উন্নয়ন বুঝে নিতে মোটরসাইকেল মার্কায় ভোট দিন।’
খুলনা জেলা আ’লীগের প্রভাবশালী সদস্য আজগর বিশ্বাস তারা দীর্ঘদিন ডুমুরিয়া উপজেলাবাসীর ভাগ্যোন্নয়নে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। সে কারণে তার পথসভা, উঠান বৈঠক ও ছোট্ট ছোট্ট লিফলেট বিতরণের পথযাত্রাগুলোতে স্থানীয়দের স্বতস্ফূর্ত অংশগ্রহন বিশাল জনসমুদ্রে রূপ নিচ্ছে। মোটরসাইকেল প্রতীকে গণসংযোগকালে আ’লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীদের সাথে এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ অংশ নেন।

ঘূর্ণিঝড় রেমালের তাণ্ডবে তলিয়ে গেছে সুন্দরবন
স্টাফ রিপোর্টারঃ
ঘূর্ণিঝড় রেমালের প্রভাবে সুন্দরবনের নদ-নদীতে স্বাভাবিক জোয়ারের চেয়ে চার ফুট বেশি পানি বৃদ্ধি পেয়েছে। তলিয়েছে সুন্দরবন ও করমজল। একই সঙ্গে বেড়েছে উপকূলীয় অঞ্চলের নদ-নদীর জোয়ারের পানি। করমজল বন্যপ্রাণী প্রজনন কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা হাওলাদার আজাদ কবির বলেন, ঘূর্ণিঝড় রেমালের প্রভাবে সুন্দরবনের নদ-নদীতে স্বাভাবিক জোয়ারের চেয়ে ৪ ফুট বেশি পানি বৃদ্ধি পেয়েছে। জোয়ারের পানিতে সুন্দরবন তলিয়ে গেছে। একই সঙ্গে করমজলের রাস্তা-ঘাট তলিয়ে গেছে। তবে আমাদের বন্যপ্রাণীগুলোকে নিরাপদ আশ্রয়ে রাখা হয়েছে।
খুলনার কয়রা উপজেলার বাসিন্দা নিতিশ সানা বলেন, শাকবাড়িয়া নদীসহ সুন্দরবন ও কয়রা উপকূল এলাকার নদ-নদীতে জোয়ারের পানি বেড়েছে। ঝড়ো বাতাস বইছে।
বাগেরহাটের শরণখোলা উপজেলা পরিষদের চেয়ারম্যান রায়হান উদ্দিন শান্ত বলেন, ঘূর্ণিঝড় রেমালের কারণে বলেস্বর নদীসহ বিভিন্ন নদ-নদীতে ৫ ফুট পানি বৃদ্ধি পেয়েছে। বেড়িবাঁধ দুর্বল হওয়ার কারণে সাধারণ মানুষ আতঙ্কে রয়েছে।
রায়েন্দা ফেরিঘাট এলাকার বাসিন্দা মশিয়ার রহমান ওয়াসিম বলেন, রায়েন্দা ফেরিঘাটে আগের চেয়ে পানি বেড়ে গেছে। রাতে আরও বাড়তে পারে।
পানি উন্নয়ন বোর্ডের সাতক্ষীরা ডিভিশনের নির্বাহী প্রকৌশলী এম সালাউদ্দীন বলেন, ঘূর্ণিঝড় রেমালের প্রভাবে সুন্দরবন সংলগ্ন নদ-নদীতে স্বাভাবিকের চেয়ে চার ফুট পানি বেড়েছে। উপকূল রক্ষা বাঁধের ১২৭ কিলোমিটারের মধ্যে সাত থেকে আটটি পয়েন্টের প্রায় দুই কিলোমিটার এলাকা ঝুঁকিপূর্ণ ছিল। তবে মাটি ফেলে উচ্চতা বৃদ্ধিসহ জিও ব্যাগ ডাম্পিং করে বাঁধের ভাঙন ও ধস ঠেকানোর প্রস্তুতি হয়েছে।

‘‘ক্লাইমেট-স্মার্ট ওয়াশ সিসটেম ফর চিলড্রেন ইন খুলনা সিটি কর্পোরেশন’’ শীর্ষক কর্মশালা
খবর বিজ্ঞপ্তি
খুলনা সিটি কর্পোরেশনের মেয়র তালুকদার আব্দুল খালেক বলেছেন, জলবায়ু উদ্বাস্তু ও নগরীর স্বল্প আয়ের মানুষের জীবনমান উন্নয়নে খুলনা সিটি কর্পোরেশন বিভিন্ন প্রকল্প বাস্তবায়ন করছে। তিনি বলেন, দরিদ্র জনগোষ্ঠীর জন্য স্বাস্থ্যসম্মত বাসস্থান, সুপেয় পানি সরবরাহ ও উন্নত স্যানিটেশন ব্যবস্থা নিশ্চিত করার জন্য কাজ করে যাচ্ছি। আমাদেরকে সহযোগিতার জন্য বিভিন্ন দাতা সংস্থা প্রকল্প বাস্তবায়ন করছে। এসব প্রকল্প অবশ্যই বাস্তবসম্মত হওয়া প্রয়োজন। তিনি বলেন বাস্তবসম্মত প্রকল্প ছাড়া কোন প্রকল্প টেকসই নয়।

সিটি মেয়র রবিবার সকালে নগরীর হোটেল সিটি ইন-এ ‘‘কাইমেট-স্মার্ট ওয়াস সিস্টেম ফর চিলড্রেন ইন খুলনা সিটি কর্পোরেশন, বাংলাদেশ” শীর্ষক বেজলাইন জরীপ ফলাফল প্রকাশ সম্পর্কিত কর্মশালায় প্রধান অতিথির বক্তৃতায় একথা বলেন। কেসিসি’র সহযোগিতায় ইউনিসেফ-এর অর্থায়নে ‘জলবায়ু সহিষ্ণু টেকসই পানি সরবরাহ, স্যানিটেশন, এবং স্বাস্থ্য ব্যবস্থাপনা-খুলনা সিটি কর্পোরেশন’ প্রকল্পের আওতায় এ কর্মশালার আয়োজন করা হয়।

দরিদ্র বসতি এলাকায় অবকাঠামোগত উন্নয়ন, নিরাপদ পানি ও স্যানিটেশন ব্যবস্থার উন্নয়ন, প্রান্তিক জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে সমস্যা চিহ্ণিতকরণ, ঝুঁকি মূল্যায়ন, আচরণগত অভ্যাস পরিবর্তন ও জনসচেতনতা বৃদ্ধি, টেকসই নিরাপদ স্যানিটেশন বিষয়ে এলাকার যুবদের সমন্বয়ে স্বেচ্ছাসেবক দল গঠন ও প্রশিণ প্রদান, নিরাপদ স্বাস্থ্যবিধি ও স্যানিটেশন সুব্যবস্থা প্রচার করা, জলবায়ু ঝুঁকিপ্রবন এলাকার জনগণের জীবন জীবিকার উন্নয়নে প্রশিণ প্রদান, পরিবর্তনশীল জলবায়ুর সাথে টিকে থাকার জন্য প্রশিণ প্রদান ও কর্মসংস্থানের ব্যবস্থা করা, স্বাস্থ্যসম্মত টয়লেট নির্মাণ ও সুপেয় পানির ব্যবস্থা করা, বর্জ্য ব্যবস্থাপনায় বর্জ্য সংগ্রহ ও পৃথকীকরণ কাজে সহায়তা প্রদানই এ প্রকল্পের মূল উদ্দেশ্য।
কেসিসি’র প্রধান নির্বাহী কর্মকর্তা (দায়িত্বপাপ্ত) সানজিদা বেগম-এর সভাপতিত্বে কর্মশালায় বিশেষ অতিথি হিসেবে বক্তৃতা করেন খুলনা ওয়াসা’র ব্যবস্থাপনা পরিচালক মোঃ আব্দুল্লাহ পিইঞ্জ, জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর-খুলনার তত্বাবধায়ক প্রকৌশলী মোঃ জামানুর রহমান, ইউনিসেফ ঢাকা অফিসের কর্মকর্তা মোঃ শফিকুল আলম এবং চিফ অব ওয়াস পিটার এলমাস। অন্যানের মধ্যে কেসিসি’র চিফ প্লানিং অফিসার আবির উল জব্বার, স্বাস্থ্য কর্মকর্তা ডা. শরীফ শাম্মীউল ইসলাম, খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ড. রাফিজুল ইসলাম ও সহকারী প্রফেসর সাধন স্বর্ণকার, বিশ্বস্বাস্থ্য সংস্থার ডিভিশনাল কো-অর্ডিনেটর ডা. মোঃ আরিফুর রহমান, ইউনিসেফের ওয়াস অফিসার মোঃ নাহিদ মাহমুদ, এনকেডিএম এসোসিয়েশনের ম্যাপিং প্রকৌশলী সাহাব উদ্দিন প্রমুখ কর্মশালায় বক্তৃতা করেন ও উপস্থিত ছিলেন। পাওয়ার পয়েন্টের মাধ্যমে জরীপ রিপোর্ট উপস্থাপন করেন এসইউআরসিএইচ-এর প্রফেসর ড. মোহাম্মদ তারেক এবং স্বাগত বক্তৃতা করেন কেসিসি’র সহকারী কঞ্জারভেন্সী অফিসার নূরুন্নাহার এ্যানি।
জরুরী সভা: ঘুর্ণিঝড় ‘রেমাল’-এর ক্ষয়ক্ষতি মোকাবেলায় করণীয় নির্ধারণে জরুরী এক সভা কেসিসি মেয়র তালুকদার আব্দুল খালেক-এর সভাপতিত্বে নগর ভবনের জিআইজেড মিলনায়তনে অনুষ্ঠিত হয়।

ঘূর্ণিঝড় ‘রেমাল’ মোকাবেলায় করণীয় নির্ধারণকল্পে খুলনা সিটি কর্পোরেশনের এক জরুরী সভা রবিবার দুপুরে নগর ভবনে অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন সিটি মেয়র তালুকদার আব্দুল খালেক। সভায় সিটি মেয়র প্রাকৃতিক দুর্যোগের ক্ষয়-ক্ষতি হ্রাসে সংশ্লিষ্ট সরকারি বেসরকারি দপ্তর ও সংস্থার সাথে সমন্বয়ের ওপর গুরুত্বারোপ করেন।

সভায় কর্মকর্তা-কর্মচারীদের ছুটি বাতিলসহ নগরবাসীকে সতর্ক থাকার আহবান জানিয়ে ৩১টি ওয়ার্ড এলাকায় মাইকিং করা ও নগর ভবনের সাথে নগরবাসীর জরুরী যোগাযোগের জন্য কন্ট্রোল রুম খোলার সিদ্ধান্ত নেয়া হয়। ঘূর্ণিঝড় সংক্রান্ত যে কোন প্রয়োজনে কেসিসি’র কন্ট্রোল রুমের সাথে যোগাযোগ করার জন্য নগরবাসীর প্রতি আহবান জনানো হয়েছে। কন্ট্রোল রুমের ফোন নম্বর ০২৪৭৭-৭২৯৯৭৭। এছাড়া ঘুর্ণিঝড়ে ক্ষয়-ক্ষতির আশঙ্কা থাকায় মেডিকেল টীম গঠন ও ক্ষতিগ্রস্থ গাছপালা দ্রুত অপসারণের লক্ষ্যে সার্বক্ষণিক প্রস্তুত থাকার জন্য সংশ্লিষ্টদের নির্দেশ দেয়া হয়েছে।

কেসিসি’র দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সদস্য কাউন্সিলর মো: আরিফ হোসেন মিঠু, প্রধান নির্বাহী কর্মকর্তা (দায়িত্বপ্রাপ্ত) সানজিদা বেগম, প্রধান প্রকৌশলী মশিউজ্জামান খান, তত্ত্বাবধায়ক প্রকৌশলী (যান্ত্রিক) মো: আব্দুল আজিজ, প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. স্বপন কুমার হালদার, চীফ প্লানিং অফিসার আবির উল জব্বার, বাজেট কাম একাউন্টস অফিসার মো: মনিরুজ্জামান, প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা প্রকৌশলী মোঃ আনিসুর রহমান, শিক্ষা ও সাংস্কৃতিক কর্মকর্তা এস কে এম তাছাদুজ্জামান, রাজস্ব কর্মকর্তা অহিদুজ্জামান খান, বাজার সুপার এম এ মাজেদ, এস্টেট অফিসার নুরুজ্জামান তালুকদার প্রমুখ সভায় উপস্থিত ছিলেন।

পাইকগাছায় ঘূর্নিঝড় রেমালের প্রভাবে নদ-নদীতে পানি বৃদ্ধি : মারাত্মক ঝুঁকিতে ২টি ভেড়িবাঁধ
পাইকগাছা(খুলনা)প্রতিনিধি:

ঘূর্নিঝড় রেমালের প্রভাবে রোববার সকাল থেকে গুড়ি গুড়ি বৃষ্টি সহ ঝড়ে হাওয়া প্রবাহিত হচ্ছে।

নদ-নদীতে স্বাভাবিকের থেকে ২ফুট পানি বৃদ্ধি পেয়েছে বলে পানি উন্মন বোর্ডের কর্মকর্তারা জানান। দুপুরের পর থেকে ঝড়ো হাওয়া আরো বৃদ্ধি পেয়েছে। এদিকে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ১০নং মহা বিপদ সংকেত দেখানো হয়েছে। উপজেলা প্রশাসনের পক্ষ থেকে জনসাধারনকে নিরাপদ স্হানে সরে যাওয়ার জন্য মাইকিং করা হচ্ছে।১০ টি ইউনিয়ন ও একটি পৌরসভায় ১০৮ টি আশ্রয়কেন্দ্র প্রস্তুত রাখা হয়েছে। ইতোমধ্যে বিভিন্ন আশ্রয়কেন্দ্রে লোকজন আসা শুরু করেছে। উপজেলার ৬ টি পোল্ডারের ১১ টি স্হানে ওয়াপদার ভেড়িবাঁধ ঝুকিপূর্ন অবস্হায় রয়েছে । এর মধ্যে লস্করের আলমতলা ও গড়ইখালীর খুদখালী ওয়াপদার বেড়িবাঁধ মারাত্মক ঝুঁকিতে রয়েছে। যেকোন সময় বাঁধ ভেঙ্গে প্লাবিত হতে পারে পাইকগাছা-কয়রার ৬টি ইউনিয়ন। ক্ষতি হবে ফসলী জমি,মৎস্য ঘের, ঘরবাড়ি সহ কয়েক কোটি টাকার সম্পদ। এদিকে রবিবার দুপুরে পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তারা ও ঠিকাদারি প্রতিষ্টানের লোকজন গড়ইখালীর খুদখালী ওয়াপদার ক্ষতিগ্রস্হ বেড়িবাঁধ পরিদর্শনে আসলে তাৎক্ষণিক এলাকার শত শত বিক্ষুব্ধ জনতা তাদের কে অবরুদ্ধ করে রাখে। খবর পেয়ে পাইকগাছা থানার অফিসার ইনচার্জ মোঃ ওবাইদুর রহমানের নেতৃত্বে থানা পুলিশ ঘটনাস্হলে পৌছে পরিস্হিতি নিয়ন্ত্রনে আনে। এদিকে সকালে উপজেলার বিভিন্ন ক্ষতিগ্রস্হ ভেড়িবাঁধ এলাকা পরিদর্শন করেছেন সংসদ সদস্য মোঃ রশীদুজ্জামান,উপজেলা চেয়ারম্যান আনোয়ার ইকবাল মন্টু,উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহেরা নাজনীন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ইমরুল কায়েস প্রমুখ।

উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ইমরুল কায়েস জানান,আমাদের কাছে পর্যাপ্ত পরিমানে শুকনো খাবার মজুদ আছে। যা প্রায় ১০হাজার লোকজন কে ৫/৬দিন খাওয়ানো সম্ভব হবে। এছাড়া চাহিদা অনুযায়ী আরো খাদ্য পাওয়া যাবে। উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহেরা নাজনীন জানান,ইতোমধ্যে আমাদের সকল প্রস্তুতি সম্পন্ন হয়েছে।উপজেলায় সিপিপি, রেড ক্রিসেন্ট সোসাইটি ,উত্তরন, নবলোক সহ কয়েকটি বে-সরকারি সংস্হা মাঠে কাজ করছে। লস্করের আলমতলা ও গড়ইখালীর খুদখালীতে ঝুকিপূর্ন বাঁধ মেরামতের কাজ চলমান রয়েছে। আর আশ্রয়কেন্দ্রগুলোতে লোকজন আসা শুরু হয়েছে।সর্বোপরি তিনি সকলকে নিরাপদ আশ্রয়কেন্দ্রে আসার জন্য অনুরোধ জানিয়েছেন।

কুয়েটে সর্বজনীন পেনশন সংক্রান্ত বৈষম্যমূলক প্রজ্ঞাপন প্রত্যাহার, শিক্ষকদের মানববন্ধন
খবর বিজ্ঞপ্তি
সর্বজনীন পেনশন সংক্রান্ত বৈষম্যমূলক প্রজ্ঞাপন প্রত্যাহার, বিশ্ববিদ্যালয় শিক্ষকদের জন্য সুপার গ্রেড কার্যকর এবং স্বতন্ত্র বেতনস্কেল প্রবর্তনের দাবিতে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি ফেডারেশনের আহ্বানে ২৬মে রবিবার সারাদেশের পাবলিক বিশ্ববিদ্যালয়সমূহের ন্যায় খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (কুয়েট) এর শিক্ষক সমিতি একযোগে সকাল সাড়ে ১১ ঘটিকায় বিশ্ববিদ্যালয়ের দুর্বার বাংলার পাদদেশে মানববন্ধন কর্মসূচি পালন করে।
এসময় সংক্ষিপ্ত বক্তব্যে শিক্ষকরা বলেন, বিশ্ববিদ্যালয়সমূহ দেশের সর্বোচ্চ বিদ্যাপীঠ হিসেবে দেশের শিক্ষা ব্যবস্থা ও গবেষণার মূল চালিকা শক্তি। সেই সঙ্গে জাতি গঠনে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের ত্যাগ ও কঠোর পরিশ্রম গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। একই বেতনস্কেলে কর্মরত বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও প্রজাতন্ত্রের অন্যান্য কর্মকর্তা-কর্মচারীদের জন্য ভিন্ন নীতি অবলম্বন সংবিধানের মূল চেতনার সাথে সাংঘর্ষিক। এর মাধ্যমে একটি রাষ্ট্র একই শ্রেণীর কর্মচারীর একটি নির্দিষ্ট অংশকে সুবিধাবঞ্চিত করবে। শিক্ষকদের প্রতি এমন বৈষম্যমূলক আচরণ বর্তমানে কর্মরত শিক্ষকদের মানসিকভাবে বিপর্যস্ত করবে এবং ভবিষ্যতে মেধাবী শিক্ষার্থীরা শিক্ষকতা পেশায় যোগদানে নিরুৎসাহিত হবে। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের টেকসই ও স্মার্ট বাংলাদেশ বিনির্মানে এই বৈষম্যমূলক প্রজ্ঞাপন গভীর অন্তরায় হবে বলে বক্তারা মতামত দেন।
শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক ড. মো. আলমগীর হোসেন বলেন, সর্বজনীন পেনশন চালুর মধ্য দিয়ে শিক্ষক সমাজে বৈষম্য সৃষ্টির যে অপচেষ্টা করা হচ্ছে তা কুয়েটের সকল শিক্ষক প্রত্যাখান করেছে।
শিক্ষক সমিতির সভাপতি প্রফেসর ড. মোঃ আব্দুল হাসিব তার বক্তব্যে বিদ্যমান পেনশন এবং প্রত্যয় স্কিমের সুবিধা ও বৈষম্যের চিত্র তুলে ধরে বলেন, এই ব্যবস্থা সরকারি অন্যান্য চাকুরীজীবি এবং বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের মধ্যে অর্থনৈতিক ও সামাজিক বৈষম্য বাড়াবে। তিনি প্রত্যয় স্কিম বাতিল করার জন্য মাননীয় প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেন। তিনি ২০১৫ সালে ৮ম জাতীয় বেতনস্কেল প্রবর্তনের সময় বিশ^বিদ্যালয়ের শিক্ষকদের সুপারগ্রেডে অন্তর্ভূক্তি করার যে প্রতিশ্রুতি প্রদান করা হয়েছিল তা বাস্তবায়নে আহ্বান জানান। এ সময় তিনি মেধাবীদের শিক্ষকতা পেশায় আকৃষ্ট করতে বিশ^বিদ্যালয়ের শিক্ষকদের জন্য অবিলম্বে স্বতন্ত্র বেতনস্কেল গঠনেরও দাবি জানান।

জীবননগরে ১৭১ বোতল ভারতীয় ফেনসিডিল সহ গ্রেফতার ১
দামুড়হুদা (চুয়াডাঙ্গা) প্রতিনিধি
জীবননগর থানা পুলিশের হাতে ১৭১ বোতল ফেন্সিডিলসহ ১ জন গ্রেফতার হয়েছে।
শনিবার সন্ধায় জীবননগর থানার অফিসার ইনচার্জ এস.এম. জাবীদ হাসানের নেতৃত্বে এসআই(নি:) মোঃ জামাল হোসেন সঙ্গীয় অফিসার ফোর্সসহ সীমান্ত ইউনিয়নের গঙ্গাদাসপুর গ্রামে এক অভিযান চালায়। এসময় গ্রামের একটি আমবাগানের সামনে একই এলাকার হাবিবপুর গ্রামের আবুল কাশেম মোঃ সুন্দর আলী (৩৬)গ্রেফতার করে।পরে তার দেহ তল্রাসী করে বিশেষ কায়দায় রাখা ১৭১ বোতল ভারতীয় ফেনসিডিল উদ্ধার করে। পরে গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে জীবননগর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে।

ঘূর্ণিঝড় রেমাল: খুবির টার্ম ফাইনাল পরীক্ষাসহ সকল একাডেমিক কার্যক্রম স্থগিত
খবর বিজ্ঞপ্তি
প্রবল ঘূর্ণিঝড় ‘রেমাল’ এর প্রভাবজনিত কারণে দুর্যোগপূর্ণ আবহাওয়ায় খুলনা ও এর পার্শ্ববর্তী এলাকাসমূহ ১০ নম্বর মহাবিপদসংকেতের আওতায় রয়েছে। এরই প্রেক্ষিতে খুলনা বিশ্ববিদ্যালয়ের ডিনবৃন্দের সর্বসম্মত সিদ্ধান্তের আলোকে আজ ২৭ মে (সোমবার) বিশ্ববিদ্যালয়ের চলতি টার্ম ফাইনাল পরীক্ষাসহ সকল একাডেমিক কার্যক্রম কর্তৃপক্ষের নির্দেশনা মোতাবেক স্থগিত করা হয়েছে। তবে বিশ্ববিদ্যালয়ের সকল অফিসসমূহ যথারীতি সকাল ৯টা থেকে বিকাল ৫টা পর্যন্ত খোলা থাকবে। বিশ^বিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) প্রফেসর খান গোলাম কুদ্দুস স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
উল্লেখ্য, মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী কর্মরত সকল সরকারি কর্মকর্তার ছুটি বাতিল করা হয়েছে। উদ্ভূত পরিস্থিতি মোকাবেলায় ক্যাম্পাসে অবস্থানকারী সব শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীকে নিরাপদে অবস্থান করার জন্য অনুরোধ জানানো হয়েছে। দুর্যোগকালীন সহযোগিতা ও বিশেষ প্রয়োজনে সিকিউরিটি হটলাইন (০১৭৯৯-২১৩৯৩৯) নম্বরে যোগাযোগ করতে বলা হয়েছে।

নদীতে পানির উচ্চতা বাড়ছে, আতঙ্কে খুলনা উপকূলের মানুষ
স্টাফ রিপোর্টার
ঘূর্ণিঝড় রিমাল উপকূলের দিকে এগিয়ে আসার সঙ্গে খুলনা উপকূলের নদ-নদীতে পানির উচ্চতা বাড়ছে। স্বাভাবিক সময়ে ভাটায় পানি নেমে গেলেও রোববার বিকেলে তা হয়নি। বরং নদীতে স্বাভাবিকের চাইতে পানির উচ্চতা ৩-৪ ফুট বেশি রয়েছে। খুলনার কয়রা ও দাকোপের অনেক নদীর পানি বাঁধ ছুয়েছে। পানির এই চাপই আতঙ্ক বাড়াচ্ছে উপকূলের মানুষের মাঝে।

সরেজমিন পরিদর্শন ও অন্যান্য উপজেলায় খোঁজ নিয়ে জানা গেছে, ঘূর্ণিঝড়ের প্রভাবে খুলনা উপকূলে দমকা হাওয়া ও গুঁড়ি গুঁড়ি বৃষ্টি শুরু হয়েছে সকাল থেকে। মাঝে মাঝে বৃষ্টি থেমে, কিছু সময় পর আবার হচ্ছে। বাতাসের গতিবেগ বৃদ্ধির সঙ্গে সঙ্গে আশ্রয়কেন্দ্রের দিকে ছুটছেন মানুষ। রোববার দুপুর ২টা পর্যন্ত ৫ উপজেলার সাইক্লোন শেল্টারে আশ্রয় নিয়েছে ৮৫ হাজার মানুষ। প্রতিনিয়ত এই সংখ্যা বাড়ছে।

দেখা গেছে, দুপুরের পর থেকে দাকোপের শিবসা, পশুর, ভদ্রা, কয়রার শাকবাড়িয়া, কপোতাক্ষ নদের বাড়ি বেড়েছে। অনেক এলাকায় বাঁধ ছুয়েছে পানি।

পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী আশরাফুল আলম বলেন, বাঁধ রক্ষায় ঝুঁকিপূর্ণ এলাকায় বালুর বস্তা ফেলানো হচ্ছে। পানি উন্নয়ন বোর্ডের সব কর্মকর্তা-কর্মচারী উপকূলীয় এলাকায় অবস্থান করছেন।

খুলনা জেলা ত্রাণ ও পুনবার্সন কর্মকর্তা আবদুল করিম জানান, খুলনার উপজেলার আশ্রয় কেন্দ্রগুলোতে ৮৫ হাজার মানুষ আশ্রয় নিয়েছে। তাদের শুকনা খাবারসহ বিতরণ করা হচ্ছে। দুর্যোগ মোকাবিলায় জেলা ও উপজেলা প্রশাসনের সঙ্গে ৫ হাজার ২৮০ জন স্বেচ্ছাসেবক প্রস্তুত রয়েছেন।

ক্রমশ শক্তিশালী হচ্ছে ঝড়, নদীতে জোয়ারের তীব্র চাপ
শ্যামনগর (সাতক্ষীরা) প্রতিনিধি
ঘুর্ণিঝড় রিমাল-এর প্রভাবে উপকূলবর্তী শ্যামনগরসহ আশপাশের এলাকায় বাতাসের গতিবেগ বেড়েছে। থেমে থেমে বৃষ্টির পাশাপাশি দমকা বাতাস বইতে থাকায় স্থানীয়দের মধ্যে উদ্বেগ-উৎকণ্ঠা তৈরি হচ্ছে। রোববার দুপুর পর্যন্ত স্থানীয়রা সাইক্লোন শেল্টারে আশ্রয় না নিলেও মূল্যবান ও প্রয়োজনীয় জিনিসপত্র গুছিয়ে নিজ নিজ বাড়িতে অবস্থান নিয়েছেন বলে জানা গেছে।

এদিকে দুপুরের আগে থেকে সুন্দরবন উপকূলবর্তী নদীসমূহে জোয়ারের চাপ তীব্রতর হয়েছে। এর আগে থেকে দমকা বাতাস থাকায় কপোতাক্ষ ও খোলপেুটয়া নদীর ঢেউ গাবুরার নেবুবুনিয়া ও লক্ষীখালীসহ বুড়িগোয়ালীনির দুর্গাবাটি এলাকার উপকূল রক্ষা বাঁধে আছড়ে পড়তে শুরু করেছে বলে জানান স্থানীয়রা।

দুর্গবাটি গ্রামের বাসিন্দা মলিনা রপ্তান জানান, গ্রামের ৫০ জনের বেশি মানুষ বাঁধ রক্ষার কাজ শুরু করেছে। ঢেউ ও স্রোতের তীব্রতা থেকে উপকূল রক্ষা বাঁধের ক্ষতি এড়াতে এলাকার মানুষ বাঁধের বাইরের অংশে জিও শিট (জিও ব্যাগের কাপড়) লাগানো হচ্ছে।

পোড়াকাটলা গ্রামের সাবেক ইউপি সদস্য নীলকান্ত রপ্তান বলেন, ওয়াপদার লোকজন বালু ভর্তি বস্তা ফেলে গেছে। কিন্তু বালু যেন বস্তা থেকে বের হয়ে না যায় সে ব্যবস্থা নেয়নি। বাধ্য হয়ে ঢেউয়ের আঘাত থেকে বস্তার বালু রক্ষায় এলাকাবাসীকে আলাদাভাবে কাজ শুরু করতে হয়েছে।

এদিকে গাবুরার নেবুবুনিয়া গ্রামের আব্দুস সাত্তার জানান, তাদের বাড়ি থেকে সাইক্লোন শেল্টার ২-৩ কিলোমিটার দূরে। গাবুরা গাইনবাড়ীর সাইক্লোন শেল্টারের ধারণক্ষমতা কম। বাধ্য হয়ে অধিকাংশ এলাকাবাসী নিজ নিজ বাড়িতে অবস্থান করছেন।

স্বেচ্ছাসেবী সংগঠন সিপিপির সদস্য আব্দুস সামাদ জানান, মানুষজন বাড়িঘর ছেড়ে সাইক্লোন শেল্টারে যেতে আগ্রহ দেখাচ্ছে না। তবুও স্থানীয়দের বুঝিয়ে স্বল্প সংখ্যক মানুষকে সাইক্লোন শেল্টারে নেওয়া হয়েছে।

পানি উন্নয়ন বোর্ডের উপ-বিভাগীয় প্রকৌশলী ইমরান সরদার বলেন, ঝুঁকিপূর্ণ এলাকার বাঁধ রক্ষায় তারা মাটি ফেলাসহ জিও ব্যাগ ডাম্পিংয়ের কাজ শেষ করেছেন। স্বাভাবিকের তুলনায় ৭-৮ ফুট পর্যন্ত জোয়ারের পানি বৃদ্ধি পেলেও ক্ষতির সম্ভাবনা নেই।

শ্যামনগরের উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নাজিবুল আলম বলেন, শনিবার রাত থেকেই মাইকিং করে স্থানীয়দের নিরাপদে যাওয়ার আহ্বান জানানো হয়েছে। জনপ্রতিনিধিদের সঙ্গে যোগাযোগ রেখে ঝুঁকিপূর্ণ এলাকার মানুষকে সরিয়ে নেওয়ার চেষ্টা চলছে।

মনিরামপুরে ১০ দিনেই পিচ উঠে দেবেছে সড়ক
যশোর অফিস
যশোরের মনিরামপুরে একটি সড়ক পুনর্র্নিমাণ কাজে নিম্নমানের খোয়া, বালু ও পাথর ব্যবহারের অভিযোগ পাওয়া গেছে। ওই সড়কের কাজ শেষ হওয়ার এক সপ্তাহ পার না হতেই পিচ উঠে যাচ্ছে। কোথাও দেবে যাচ্ছে সড়ক। সংশ্লিষ্ট কর্মকর্তারা ঠিকমতো দেখভাল না করায় এমন পরিস্থিতি তৈরি হয়েছে বলে স্থানীয় লোকজনের ভাষ্য। ইতোমধ্যে এ বিষয়ে দুই ঠিকাদারি প্রতিষ্ঠানকে চিঠি দিয়েছে উপজেলা স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি)।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, উপজেলা নওয়াপাড়া-সুন্দলী সড়কের ৪ হাজার ৭৬৫ মিটার পুনর্র্নিমাণের জন্য এলজিইডি ২০২৩ সালের অক্টোবরে ই-টেন্ডার দেয়। পৌর শহরের ঢাকুরিয়া মোড় থেকে শুরু হয়ে হরিদাসকাটি ঋষিপল্লির পূর্বপাশ পর্যন্ত সড়কটির জন্য তিনটি গ্রুপে দরপত্র দেওয়া হয়। এক নম্বর গ্রুপে ঢাকুরিয়া মোড় থেকে হোগলাডাঙ্গা মাদ্রাসার সামনে পর্যন্ত ১৫৭৫ মিটার অংশের কাজ পায় চুয়াডাঙ্গা জেলার জীবননগরের মেসার্স জাকাউল্লাহ অ্যান্ড ব্রাদার্স। দুই নম্বর গ্রুপে সেখান থেকে হোগলাডাঙ্গা বাজার পর্যন্ত ১৫৭৫ মিটার কাজ পায় যশোরের চৌগাছা উপজেলার মেসার্স ডেভেলপমেন্ট এন্টারপ্রাইজ। তিন নম্বর গ্রুপে ওই বাজার থেকে হরিদাসকাটি ঋষিপল্লির পূর্বপাশ পর্যন্ত ১৬৭৫ মিটার অংশের কাজ পায় চৌগাছার মেসার্স আসিফ এন্টারপ্রাইজ।
এদের মধ্যে এক ও দুই নম্বর গ্রুপের জন্য গত বছরের ২৪ ডিসেম্বর কার্যাদেশ দেওয়া হয়। তাদের চলতি বছরের ২২ এপ্রিল পর্যন্ত সময় দেওয়া হয়। তিন নম্বর গ্রুপের কার্যাদেশ দেওয়া হয় গত বছরের ১৯ নভেম্বর। এটি শেষ করার তারিখ ছিল চলতি বছরের ২৩ মার্চ। তবে গত ১৪ মে সব কাজ শেষ হয়েছে।

অনুসন্ধানে জানা গেছে, এক ও তিন নম্বর গ্রুপের কাজটি কিনে নেয় যশোরের ঠিকাদারি প্রতিষ্ঠান মেসার্স বনান্তর এন্টারপ্রাইজ। তারা সড়কের দুই পাশ সম্প্রসারিত করে মাটি কেটে খোয়া ও বালু ব্যবহার করে বক্স বা ম্যাকাডাম তৈরি করে। পাথর দিয়ে কার্পেটিং সার্ফেস তৈরির পর বিটুমিন ঢেলে সড়কের কাজ সম্পন্ন করে। অভিযোগ রয়েছে, এসব কাজে নিম্নমানের খোয়া, বালু, পাথর ও বিটুমিন ব্যবহার করেছে তারা। এ ছাড়া সড়কের মোড়ে মোড়ে আরসিসি গাইডপোস্ট স্থাপনে নকশার ব্যত্যয় ঘটেছে।
গতকাল শনিবার দুপুরে শরিফ ব্রিকফিল্ডের পূর্ব পাশে কয়েক জায়গায় কার্পেটিং উঠে থাকতে দেখা যায়। একই দৃশ্য চোখে পড়ে হোগলাডাঙ্গা মোড়ে। হোগলাডাঙ্গা মাদ্রাসার সামনে সড়কের মাঝখান দেবে গেছে।

স্থানীয় কৃষক আইয়ুব আলীর অভিযোগ, নিম্নমানের সামগ্রী করায় এমনই হওয়ার কথা ছিল। এলজিইডি কর্মকর্তারা দেখভালে অবহেলা করায় ঠিকাদার কাজে নয়ছয় করেছেন বলে দাবি করেন একই এলাকার আবদুল হামিদ।
হরিদাসকাটি ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আলমগীর কবির লিটন এ ঘটনায় তীব্র ক্ষোভ প্রকাশ করেন। তিনি বলেন, সঠিকভাবে কাজ করতে বারবার তাগিদ দিয়েছেন। তবু ঠিকাদারি প্রতিষ্ঠান বা কর্মকর্তারা তাদের কথা শোনেনি।

ওই কাজ দেখভালের দায়িত্বে থাকা উপসহকারী প্রকৌশলী খালেকুজ্জামানের ভাষ্য, স্থানীয় লোকজন যে অভিযোগ করছেন, তার সব ঠিক নয়। তবে কিছু গড়িমসি হয়েছে। এ জন্য ঠিকাদারকে জানানো হয়েছে।
উপজেলা প্রকৌশলী বিদ্যুৎ কুমার দাস জানান, বেজ ছাড়াই গাইডপোস্ট নির্মাণ ও কার্পেটিংয়ের সারফেস সঠিকভাবে সম্পন্ন করা হয়নি। এ কারণে দুই ঠিকাদারি প্রতিষ্ঠান মেসার্স জাকাউল্লাহ অ্যান্ড ব্রাদার্স ও মেসার্স আসিফ এন্টারপ্রাইজের বিল দেওয়া বন্ধ করেছেন। দ্রুত ঠিকভাবে কাজ সম্পন্ন করার তাগিদ দিয়ে ১৪ মে তাদের চিঠি দিয়েছেন।
তবে গতকাল শনিবারও ওই চিঠি পাননি বলে দাবি করেন মেসার্স জাকাউল্লাহ অ্যান্ড ব্রাদার্সের পরিচালক জাকাউল্লাহ। তাঁর ভাষ্য, মেসার্স বনান্তর এন্টারপ্রাইজ ও আসিফ এন্টারপ্রাইজের সঙ্গে মিলে ওই সড়কের কাজ করেছেন। কোনো সমস্যা দেখা দিলে মেরামত করে দেওয়া হবে। এ বিষয়ে মেসার্স বনান্তর এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী আবু সাঈদের মোবাইল ফোনে কয়েক দফায় কল দিলেও তিনি ধরেননি।

রেমালের প্রভাবে সাতক্ষীরায় ঝড়বৃষ্টি শুরু
সাতক্ষীরা প্রতিনিধি
বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড় রেমালের প্রভাবে সাতক্ষীরায় ঝড়বৃষ্টি শুরু হয়েছে। একইসঙ্গে উপকূলীয় এলাকার নদ-নদীর পানি স্বাভাবিকের চেয়ে ৪-৫ ফুট বৃদ্ধি পেয়েছে। এতে জরাজীর্ণ বেড়িবাঁধ নিয়ে উপকূলবাসী এক ধরনের অজানা আতঙ্কে রয়েছেন।স্থানীয়রা জানান, রেমালের প্রভাবে সাতক্ষীরায় দুপুরের পর থেকেই বৃষ্টি শুরু হয়। সেই সঙ্গে বইছে তীব্র বাতাস। জেলার সব নদ-নদীর পানি বৃদ্ধি পেয়েছে। যেকোনো সময় বেড়িবাঁধ ভেঙে বিস্তীর্ণ এলাকা প্লাবিত হওয়ার সম্ভাবনা রয়েছে।

সাতক্ষীরার পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ সালাউদ্দিন এসব তথ্য নিশ্চিত করেছেন।

খুলনায় আশ্রয়কেন্দ্রে লক্ষাধিক মানুষ
স্টাফ রিপোর্টার
বাংলাদেশের উপকূলীয় এলাকায় প্রবল ঘূর্ণিঝড় রেমালের অগ্রভাগের প্রভাবে বৃষ্টিসহ দমকা বা ঝড়ো হাওয়া অব্যাহত রয়েছে। এটি আরো উত্তর দিকে অগ্রসর হয়ে রোববার সন্ধ্যা ৬টা থেকে মোংলার কাছ দিয়ে সাগর আইল্যান্ড (পশ্চিমবঙ্গ)-খেপুপাড়া উপকূল অতিক্রম করছে। তবে এরপর ঘূর্ণিঝড়ের প্রভাব কমে যাবে তেমনটি নয়। কেন্দ্র অতিক্রম করা শেষ হওয়ার পর এর শেষ অংশও উপকূলসহ তীরবর্তী অঞ্চলে প্রভাব ফেলবে।
ঘূর্ণিঝড় রেমালের প্রভাবে উপকূলীয় অঞ্চল খুলনার কয়রায় হালকা, মাঝারি ও ভারী বৃষ্টি ও দমকা হাওয়া বইছে। সময় বৃদ্ধির সঙ্গে সঙ্গে বাতাসের গতিবেগও বেড়ে চলেছে। এতে ভয় বাড়ছে উপকূলের মানুষের। স্বাভাবিকের চেয়ে জোয়ারের ৩ থেকে ৪ ফুট পানি বৃদ্ধি পাওয়ায় দুর্বল বেড়িবাঁধ নিয়ে উৎকণ্ঠায় মানুষ। মাইকিং করে সতর্কতা জানানো হচ্ছে। ঘূর্ণিঝড় আতঙ্কে পরিবার-পরিজন নিয়ে আশ্রয়কেন্দ্রে ছুটছে মানুষ। এরইমধ্যে প্রায় লক্ষাধিক মানুষ বিভিন্ন আশ্রয়কেন্দ্রে অবস্থান করছেন।

দাকোপ উপজেলা নির্বাহী কর্মকর্তা জয়দেব চক্রবর্তী জানান, ১০ নম্বর বিপদ সংকেত ঘোষণার পরই মানুষকে আশ্রয়কেন্দ্রে আসার জন্য মাইকিং শুরু হয়। বেলা দেড়টা পর্যন্ত উপজেলার ১৩০টি আশ্রয়কেন্দ্রে ১৯ হাজার মানুষ আশ্রয় নিয়েছেন।

খুলনা জেলা প্রশাসক খন্দকার ইয়াসির আরেফীন বলেন, ঘূর্ণিঝড় মোকাবিলার জন্য খুলনার ৬০৪টি সাইক্লোন শেল্টার প্রস্তুত রাখা হয়েছে। দুপুরে প্রবল জোয়ারে কয়েক এলাকায় বেড়িবাঁধ ভেঙে যাওয়ায় অনেকেই সাইক্লোন শেল্টারে আশ্রয় নিয়েছেন। এরইমধ্যে প্রায় ১ লাখ মানুষ আশ্রয়কেন্দ্রে এসেছেন।

ঘূর্ণিঝড় রিমাল: ইউনিয়ন পরিষদের গোডাউনে জলোচ্ছ্বাসের পানি, ১০০ বস্তা চাল নষ্ট
বাগেরহাট প্রতিনিধি
বাগেরহাটের মোরেলগঞ্জে ইউনিয়ন পরিষদের ১০০ বস্তা চাল পানিতে ডুবে নষ্ট হয়েছে। রোববার (২৬ মে) দুপুরে ঘূর্ণিঝড় রিমালের প্রভাবে জলোচ্ছ্বাসে উপজেলার খাউলিয়া ইউনিয়ন পরিষদের গোডাউনে পানি ঢুকে ওই চাল নষ্ট হয়।

খাউলিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাস্টার সাইদুর রহমান চাল নষ্ট হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, প্রায় ৩০ বছর ধরে ওই গোডাউনটি ইউনিয়ন পরিষদ ব্যবহার করে আসছে। গোডাউনে ইউনিয়নের ৫১৯ জন মৎস্যজীবীর জন্য বরাদ্দের এক হাজার ৩৮৪ বস্তা চাল ছিল। হঠাৎ ঘূর্ণিঝড় রিমালের প্রভাবে পানি বেড়ে এ ক্ষতি হয়েছে। বর্তমানে বাকি চাল গোডাউন থেকে সরিয়ে ইউনিয়ন পরিষদ ও একটি মসজিদে রাখা হয়েছে।
মোরেলগঞ্জ উপজেলা মৎস্য কর্মকর্তা বিনয় কুমার বলেন, চেয়ারম্যানের মাধ্যমে চাল নষ্ট হওয়ার খবর পেয়েছি। তালিকাভুক্ত মৎস্যজীবীরা যাতে তাদের প্রাপ্ত চাল পান, সে বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

এমপি সেখ জুয়েলের সুস্থতা কামনায় বঙ্গবন্ধু সৈনিকলীগ খুলনা মহানগর

খবর বিজ্ঞপ্তি
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভ্রাতুষ্পুত্র ও খুলনা ২ আসনের সংসদ সদস্য সেখ সালাহউদ্দিন জুয়েলের আশু রোগ মুক্তি ও সুস্থতা কামনা করে বিবৃত্তি দিয়েছেন বঙ্গবন্ধু সৈনিকলীগ খুলনা মহানগর নেতৃবৃন্দ। বিবৃত্তি প্রদানকারী নেতৃবৃন্দ হলেন সংগঠনের খুলনা মহানগর আহবায়ক মোঃ মোস্তফা কামাল, সিনিঃ যুগ্ম আহবায়ক এম আসাদুজ্জামান মুন্না, যুগ্ম আহবায়কবৃন্দ এম এ শেখ জিহাদ, মোঃ মহিদুল ইসলাম নান্নু, মোঃ মনিরুজ্জামান মিন্টু, বীর মুক্তিযোদ্ধা মোঃ হাসমত আলী, মোঃ হুমায়ুন কবীর নিয়াজ, মল্লিক রফিকুল ইসলাম লিটন, সদস্যবৃন্দ বীর মুক্তিযোদ্ধা শেখ লিয়াকত আলী, সুমন সেলিম, শেখ মোক্তার উদ্দীন, মোঃ রফিকুল ইসলাম রাফি, মোঃ আলমগীর হোসেন, মোঃ রাশেদুল ইসলাম, মোঃ আবুল কালাম আজাদ, শেখ মোঃ জাহাঙ্গীর হোসেন, মোঃ সুমন হাচান, সরদার সাইদী হাসান বাবু, মোঃ সাইফুল ইসলাম চৌধুরী, কাজী শরিফুল ইসলাম মিঠু, মোঃ আকরাম মোল্লা, মোঃ জুয়েল আরমান, মোঃ সজীব হোসেন সুরুজ, মোঃ মোস্তফা কামাল রাজা, শেখ আব্দুল হালিম, মোঃ পাপ্পু, মোঃ ফিরোজ ফারাজী, খান জাহিদুর রহমান জুয়েল, আরুপ হোসেন সোহাগ, মোঃ ফোরকান শেখ, দেলোয়ার হোসেন ফারাজী, মোঃ মাছুম শেখশেখ জুবায়ের রহমান, খাদিমুল ইসলাম মিজু, নুসরাত জাহান, মল্লিক আজিজুর রহমান টিটু, নিভা বিশ্বাস, মোঃ জাহিদুর রহমান, বীর মুক্তিযোদ্ধা আছাদ আলী, মোঃ ইসমাইল হোসেন, মোঃ নূর ইসলাম, , মোঃ আশিকুর রহমান, ইফতেখার হোসেন দিপু, শ্রীমান ননী বাবু, মোঃ ফরহাদ হোসেন, ডা. সেলিম রেজা, মোঃ কলিম, বাপ্পা ইসলাম, মোঃ সাইফুল ইসলাম, মোঃ শহীদুল ইসলাম, আরমান ব্যাপারীসহ সংগঠনের খুলনা মহানগরের নেতৃবৃন্দ।

বটিয়াঘাটায় ৪৪ জন ইলিশ জেলেদের মাঝে বকনা বাছুর বিতরণ
বটিয়াঘাটা অফিস
বটিয়াঘাটা উপজেলা মৎস্য অধিদপ্তরে আয়োজনে ইলিশ সম্পদ উন্নয়ন ব্যাবস্থাপনা রক্ষণ প্রকল্পের আওতায় গতকাল রবিবার বেলা ১ টায় ৪৪ জন সুফলভোগী ইলিশ জেলেদের মাঝে বিকল্পধারার কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে ৩০ হাজার টাকা মূল্যের বকনা বাছুর স্থানীয় উপজেলা পরিষদ মাঠে বিতরণ করা হয় । উপজেলা সিনিয়র মৎস্য ( অতিঃ দ্বায়িত্ব) আবু বকর সিদ্দিক’র সভাপতিত্বে অনুষ্ঠিত বিতরনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ শরীফ আসিফ রহমান । অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন কৃষি অফিসার কৃষিবিদ মোঃ আবু বকর সিদ্দিক,সমাজ সেবা কর্মকর্তা সরদার আলী আহসান, যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ আবু বকর মোল্লা, উপজেলা প্রেসক্লাবের সভাপতি প্রতাপ ঘোষ, সাধারণ সম্পাদক ইন্দ্রজিৎ টিকাদার, সহকারী মৎস্য কর্মকর্তা এস এম আমীর আলী, সুফলভোগী যথাক্রমে, মোঃ সেকেন্ডের খাঁ, মোঃ সবুর খা,নিমাই ঢালী, সমাবেশ মন্ডল প্রমুখ ।এ সময় ৪৪ জন সুফলভোগীদের মাঝে ৪৪ টি বকনা বাছুর বিতরণ করা হয়।

বটিয়াঘাটা অফিস ঃ- ঘূর্ণিঝড় রেমাল মোকাবেলায় বটিয়াঘাটা উপজেলা পরিষদ নির্বাচনে দোয়াত কলম প্রতীকের চেয়ারম্যান পদপ্রার্থী নিতাই গাইন দলীয় নেতাকর্মীদের সাথে নিয়ে গতকাল রবিবার দিনব্যাপী উপজেলার নদী ভাঙ্গন উপকূলীয় অঞ্চলে মাইকিং’র মাধ্যমে সাধারণ মানুষ ও তাদের জানমাল রক্ষায় নিরাপদ স্থানে যাওয়ার জন্য পূর্বের ন্যায় জনসচেতনতামূলক প্রচার-প্রচারণা চালিয়েছেন।এছাড়াও দূর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়’র নির্দেশনায় উপজেলা প্রশাসন ও উপজেলা দূর্যোগ ব্যবস্থাপনা কমিটির পক্ষে নির্বাহী অফিসার মোঃ শরীফ আসিফ রহমান’র তত্ত্বাবধানে ঘূর্ণিঝড় রমেল মোকাবেলায় সকল ঝুঁকিপূর্ণ এলাকার সাধারণ মানুষদের নিরাপদ স্থানে সাইক্লোন সেন্টার ও শিক্ষা প্রতিষ্ঠানে যাওয়ার অনুরোধ জানান । পাশাপাশি বটিয়াঘাটা ফায়ার সার্ভিস স্টেশন কর্মকর্তাবৃন্দ দূর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়’র নির্দেশনায় মাইকিং এর মাধ্যমে প্রচার-প্রচারণা মাধ্যমে প্রচার- প্রচারণা চালান।এ সময় তার সাথে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন

ইন্দুরকানীতে ৩০ কিঃ মিঃ ভেরীবাধ ঝুকি
ইন্দুরকানী (পিরোজপুর) সংবাদদাতা ঃ
পিরোজপুরের ইন্দুরকানতে ভেরীবাধ না থাকায় নদী তীরবর্তী ৩০ কিঃমিঃ এলাকা ঝুকিপূর্ণ। উপজেলার কঁচা নদীর তীরবর্তী কয়েক হাজার মানুষ যুগ যুগ ধরে বাস করে আসছে। তবে নদী পাড়ে ভেড়ীবাধ না থাকায় এসব গ্রামের মানুষের জীবনযাপনে আতঙ্গে বাড়ছে। স্বাভাবিক জোয়ারের চেয়ে পানি বাড়লে খুব সহজেই উপজেলার পাড়েরহাট, টগড়া, লাহুরী, গাজীপুর, চারাখালী, ইন্দুরকানী, কালাইয়া, সাঈদখালী, ঢেপসাবুনিয়া, বালিপাড়া, চরবলেশ^র, চন্ডিপুর, খোলপটুয়া সহ অধিকাংশ এলাকা প্লাবিত হয়। এদিকে ইতিপূর্বে ঘূর্ণিঝড় সিডর, আইলা, বুলবুলসহ বিভিন্ন সময়ের ঝড় ও জলোচ্ছাসে এলাকার কৃষি ফসল, গবাদি পশু, গাছপালা, মৎস্য ও মানুষের প্রাণ হানি ঘটে। তাই এ উপজেলার মানুষ ঘূর্ণিঝড়া ও জলোচ্ছাসের কথা শুনলেই আতঙ্কিত হয়ে পড়ে। এইর মধ্যে রিমাল নামে ঘূর্ণিঝড়ের কারণে এ উপজেলায় নদীতীরবর্তী ভেরীবাধ না থাকায় এ এলাকার মানুষের মধ্যে আতঙ্ক বিরাজ করছে। কালাইয়া গ্রামের আঃ ছালাম জানান, বিভিন্ন সময়ে নদী ভাঙ্গনে বাপ-দাদার জমি-ভিটা গ্রাস করেছে কঁচা নদী। বৃদ্ধা বাবা মা, ছেলে-মেয়ে নিয়ে নদীর পাড়ের কোনরকম ঝুপটি ঘরে বেঁচে আছি। ভেরীবাধ না থাকায় আজ আমরা পথের ফকির। ইন্দুরকানী সদর উপজেলা চেয়ারম্যান মাসুদ করিম ইমন জানান, উপজেলাটি নদী তীরবর্তী হওয়ায় ইন্দুরকানী সদর ইউনিয়নটি বেশী ঝুকিপূর্ণ। ভেরীবাধের জন্য পানি উন্নয়ন বোর্ডে একাধিকবার যোগাযোগ করা হয়েছে। উপজেলা নির্বাহী অফিসার আবু বকর সিদ্দিকী জানান, ঘূণিঝড় রিমাল মোকাবেলায় ইন্দুরকানী উপজেলার পক্ষ থেকে সব ধরনের প্রস্তুতি নেয়া হয়েছে। ২০টি আশ্রয় কেন্দ্র প্রস্তুত রাখা হয়েছে। আমি উপস্থিত থেকে চারদিকে নদী বেষ্টীত চর সাউদখালীর সকলকে সাইক্লোন সেল্টারে নেয়ার ব্যবস্থা করেছি। তাদের মাঝে চিড়া, মুড়ি, সুপেয় পানী, পানি বিশুদ্ধকরণ ট্যাবলেট বিতরণ করা হয়েছে। এ ছাড়াও নদী তীরবর্তী মানুষদের আশ্রয়কেন্দ্রে আনার জন্য প্রচার-প্রচারণা অব্যহত আছে।

ইন্দুরকানীতে রিমালের প্রভাবে পানি বৃদ্ধি,অধিকাংশ গ্রাম প্লাবিত
ইন্দুরকানী (পিরোজপুর) সংবাদদাতাঃ
পিরোজপুরের ইন্দুরকানীতে ঘূর্ণিঝড় রিমালের প্রভাবে পানি বৃদ্ধি পাওয়ায় উপজেলার অধিকাংশ গ্রাম প্লাবিত হয়েছে। সরেজমিনে দেখা যায়, গভীর বঙ্গোপসাগরে নিম্নচাপটি ঘূর্ণিঝড়ে রুপ নেওয়ায় উপজেলার পাড়েরহাট, টগড়া, লাহুরী, গাজীপুর, চারাখালী, ইন্দুরকানী, কালাইয়া, সাঈদখালী, ঢেপসাবুনিয়া, বালিপাড়া, চরবলেশ^র, চন্ডিপুর, খোলপটুয়া সহ অধিকাংশ এলাকার রাস্তাঘাট, খালবিল,বাড়ী, বাগান, মাছের ঘের জোয়ারের পানিতে তলিয়ে গেছে। নদী তীরবর্তী হওয়ায় ঘূর্ণিঝড় রিমালের আতংকে কাটাচ্ছে স্থানীয় জনসাধারণ। এ উপজেলায় নদী তীরবর্তী টেকসই ভেরীবাধ না থাকায় খুব সহজেই জেয়ারের পানি প্রবেশ করে। বিগত ঘূর্ণিঝড় সিডর, আইলায় এ অঞ্চলে উল্লেখযোগ্য সংখ্যক কৃষি ফসল, গবাদি পশু, গাছপালা, মৎস্য ও মানুষের প্রাণ হানি ঘটে। কালাইয়া গ্রামের আঃ রুস্তুম জানান, বাপ-দাদার জমি-ভিটা ভেঙ্গে কঁচা নদী চলে গেছে। বৃদ্ধা বাবা মা, ছেলে-মেয়ে নিয়ে নদীর পাড়ে কোন রকমে দিন কাটাচ্ছি। ভেরীবাধ না থাকায় আজ আমরা পথের ফকির। ইন্দুরকানী সদর উপজেলা চেয়ারম্যান মাসুদ করিম ইমন জানান, উপজেলাটি নদী তীরবর্তী হওয়ায় বেশ ঝুকিপূর্ণ। ঘূর্ণিঝড় রিমালের প্রভাবে পানি বৃদ্ধি পাওয়ায় সদর ইউনিয়ন সহ অধিকাংশ গ্রাম প্লাবিত ।

উপজেলা নির্বাহী অফিসার আবু বকর সিদ্দিকী জানান, ঘূণিঝড় রিমাল মোকাবেলায় ইন্দুরকানী উপজেলার পক্ষ থেকে সব ধরনের প্রস্তুতি নেয়া হয়েছে। আশ্রয় কেন্দ্রগুলো প্রস্তুত রাখা হয়েছে। সাইক্লোন সেল্টারে ইতিমধ্যে লোকজন আসতে শুরু করেছে। তাদের মাঝে পানি বিশুদ্ধকরণ ট্যাবলেট সহ শুকনা খাবার বিতরণ করা হয়েছে। ঘূর্ণিঝড় রিমালের প্রভাবে পানি বৃদ্ধি পাওয়ায় উপজেলার অধিকাংশ গ্রাম প্লাবিত।

মহেশপুরে মুজিববর্ষের ঘরে এখনও জ¦লেনি বিদ্যুতের আলো
প্রচন্ড গরমে ঘর ছেড়ে পালাচ্ছে অসহায় মানুষেরা

শামীম খান জনী,মহেশপুর(ঝিনাইদহ)প্রতিনিধিঃ
এক বছর পুর্বে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশত বার্ষিকী উপলক্ষে এলাকার অসহায় মানুষের মাঝে জমিসহ দু’রুম বিশিষ্ট বসত ঘর নির্মান করে দেন জাতির জনকের কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা। অসহায় মানুষের মাঝে দেওয়া বসত ঘর গুলোতে আজও বিদ্যুতের আলো পৌছায়নি। ফলে অসহায় মানুষ গুলো প্রচন্ড গরমের কারনে তাদের বসত ঘর ফেলে দিনে রাতে বাগানে গাছের নিচে আশ্রয় নিয়েছে। তাদের স্কুল পড়ুয়া ছেলে-মেয়েরা রাতের বেলাতে বই নিয়ে বসতেও পাচ্ছে না। সে কারণে অনেক পরিবার তাদের বসত ঘর ছেড়ে গাছ তলায় আশ্রয় নিচ্ছে।
ঝিনাইদহের মহেশপুর উপজেলার যুগিহুদা গ্রামের ভালাইপুর পাড়ায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশত বর্ষিকী উপলক্ষে এলাকার অসহায় ৯টি পরিবারের মাঝে দেওয়া ৯টি বসত ঘর গুলোতে গিয়ে ঠিক এমন চিত্র দেখা যায়। অধিকাংশ ঘরে ঝুলছে তালা অন্যত্র চলে গেছে সে ঘরে বসবাসকারীরা। কয়েকটি পরিবার থাকলের ফাঁকা মাঠে ঘর গুলো হওয়ার কারণে বিদ্যুৎ সংযোগ না থাকায় প্রচন্ড তাপদাহ,গরমে ঘরে থাকা দায় হয়ে পড়েছে তাদের। অন্যদিকে রয়েছে পানি সংকট টিউবয়েল না থাকায় যেন আরেক ভোগন্তী।
অসহায় মিলন মিয়া জানান, সকাল থেকে রাত পর্যন্ত অটো রিক্সা চালিয়ে রাতে বাড়ি ফিরি। কিন্তু বিদ্যুৎ না থাকায় রাতের বেলাতে ঘর ছেড়ে বাইরে গাছ তলাতে থাকতে হয়। ছেলে-মেয়েরা বিদ্যুতের কারনে রাতের বেলাতে বই নিয়ে পড়তেও পারেনা। তিনি আরো জানান, দিনের বেলাতে প্রচন্ড গরমের কারনে তাদের স্ত্রী সন্তানেরা বাড়ীর পাশের বাগানের গাছ তলাতে বসবাস করেন।
মুজিববর্ষের ঘরে বসবাসকারী রাহেলা বেগম জানান, শেখ হাসিনা আমাদের বসত ঘর দিয়েছেন ঠিটই কিন্তু তার দেওয়া ঘরে এক বছরেও বিদ্যুতের আলো জ¦লেনি। রয়েছে পানির কষ্টও। বিদ্যুতের আলো না থাকায় আমরা রাতের বেলাতে এখানে বসবাস করতে পাচ্ছিনা। আমাদের সন্তানরাও বিদ্যুতের আলো না থাশার কারনে বই পড়তেও পাচ্ছেনা।
ফতেপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আওয়ামীলীগ নেতা গোলাম হায়দার নান্টু বলেন, বিদ্যুৎ,পানির ব্যবস্থা না করে কিভাবে অসহায় মানুষ গুলোকে ঘরে তুলে দেওয়া হলো।
এখন তাদের জন্য জরুরী হয়ে পড়েছে বিদ্যুতের ব্যবস্থা।
উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মফিজুর রহমান জানান, মুজিববর্ষের ঘর সুষ্ট ভাবে করে দেওয়ার দায়িত্বটা আমাদের। বিদ্যুৎ বা পানির ব্যবস্থা করে দেওয়ার দায়ীত্ব আমাদের না। ঘর গুলোতে বিদ্যুতের ব্যবস্থা করার জন্য প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে বিদ্যুৎ বিভাগকে চিঠি দিয়েছে বিদ্যুৎ দেওয়ার জন্য।
উপজেলা পরিষদের চেয়ারম্যান ময়জদ্দীন হামিদ জানান, বিদ্যুৎ না থাকার কারনে ঘরে বসবাসকারীরা প্রচন্ড গরমের মধ্যে খুবই কষ্টে তারা দিন-রাত পার করছেন। আমি কয়েকদিন ধরে মুজিববর্ষের ঘর গুলোতে বিদ্যুতের সংযোগ দেওয়ার জন্য পল্লী বিদ্যুতের উপ মহাব্যবস্থাপককে চিঠি দিয়েছি। তার পরও আমি চেষ্টা করে যাচ্ছি মুজিববর্ষের ঘর গুলোতে বিদ্যুতের আলো জ¦ালাতে।
পল্লী বিদ্যুতের উপ পরিচালক (ডিজিএম)অভিজিৎ সাহা জানান, উপজেলা পরিষদ থেকে আমাদেরকে চিঠি দেওয়ার পর আমরা কাজ শুরু করবো। কিন্তু প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে চিঠি দেওয়ার বিষয়টি তিনি এরিয়ে যায়।
মহেশপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ইয়াসমিন মনিরা জানান, বিষয়টি আমার যানা নেই। তার পরও আমি খোজ খবর নিয়ে দেখছি এখনও বিদ্যুতের সংযোগ কেন দেওয়া হলো না।

উপকূলের বাসিন্দাদের সচেতনতায় স্বাধীন সমাজকল্যাণ যুব সংস্থার মাইকিং
খবর বিজ্ঞপ্তি
ঘূর্ণিঝড় ‘রিমাল’ মোকাবেলায় খুলনার উপকূলীয় এলাকা কয়রা উপজেলার দক্ষিণ বেদকাশী ইউনিয়নের বাসিন্দাদের নিরাপদ আশ্রয়ে যেতে মাইকিং করা হয়েছে। রোববার (২৬ মে) সকাল থেকে দক্ষিণ বেদকাশী ইউনিয়নের বিভিন্ন স্থানে মাইকিং করেছে স্বেচ্ছাসেবী সংগঠন স্বাধীন সমাজকল্যাণ যুব সংস্থার সদস্যরা। গ্রামে গ্রামে মাইকিং করে জনসাধারণকে আশ্রয়কেন্দ্রে যাওয়ার জন্য প্রচারণা করা হয়েছে। ঘূর্ণিঝড় রিমালের প্রভাবে উপকূলীয় এ এলাকায় ১০ নম্বর মহাবিপৎসংকেত দেখিয়ে যেতে বলেছে আবহাওয়া অধিদপ্তর। স্বাধীন সমাজকল্যাণ যুব সংস্থার সভাপতি মোঃ আবু সাঈদ খান বলেন, সরকারের বিভিন্ন সংস্থার পাশাপাশি স্বেচ্ছাসেবী সংগঠনের স্বেচ্ছাসেবকরা উপকূলীয় এলাকায় ঘূর্ণিঝড়ের বিষয়ে সতর্কতামূলক প্রচারণা চালিয়ে যাচ্ছে। এ সতর্কতামূলক প্রচারণায় অংশ নেন স্বাধীন সমাজকল্যাণ যুব সংস্থার সাধারণ সম্পাদক সাইফুর রহমান, সদস্য আকবার আলী, ওলিউল্লাহ খান, আসাদুল ইসলাম, শাহিনুর রহমান, ইকবাল খান, শফিকুল ইসলাম, রব্বানী, মাসুদ প্রমুখ।#

ঘূর্ণিঝড় রেমাল-এর সম্ভাব্য ক্ষয়ক্ষতি মোকাবেলায় রূপান্তরের প্রস্তুতি সভা
খবর বিজ্ঞপ্তি
প্রবল ঘূর্ণিঝড় রেমাল-এর সম্ভাব্য ক্ষয়ক্ষতি মোকাবেলায় প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণে রূপান্তর-এর এক প্রস্তুতি সভা রোববার দুপুরে খুলনা নগরীর শিরিশনগরস্থ রূপান্তর প্রশিক্ষণ কেন্দ্রে অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন রূপান্তর-এর নির্বাহী পরিচালক রফিকুল ইসলাম খোকন। সঞ্চালনা করেন রূপান্তর ডিজাস্টার প্রোগ্রাম প্রধান ফারুক আহমেদ। সভায় রূপান্তর প্রধান কার্যালয়ে কর্মরত কর্মকর্তাগণ ছাড়াও রূপান্তর-এর মাঠ পর্যায়ের কর্মকর্তাগণ জুম প্লাটফর্মের মাধ্যমে সভায় অংগ্রহণ করেন। সভায় বক্তৃতা করেন পিস কন্সোর্টিয়ামের পরিচালক শাহাদত হোসেন বাচ্চু, সিনিয়র কর্মকর্তা শেখ জার্জিস উল্লাহ, সুবল ঘোষ টুটুল, খন্দকার জিলানী হোসেন, অনন্যা, লোপা, আসাদ, আলমগীর হোসেন মিরু, ঝুমা কর্মকার, আতাবুল রহমান টিপু, অনুপ রায় প্রমূখ।
বৃহত্তর খুলনা জেলা এবং বরিশাল অঞ্চলে রূপান্তর-এর কর্ম এলাকায় প্রবল ঘূর্ণিঝড় রেমাল আঘাত হানলে দ্রুততম সময়ের মধ্যে উদ্ধার এবং কার্যক্রম শুরুর বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণে গুরুত্বারোপ করা হয়। এলাকার বিপদাপন্ন মানুষকে আশ্রয় কেন্দ্রে নেওয়ার ক্ষেত্রে স্থানীয় প্রশাসনকে সহযোগিতা করার জন্যে রূপান্তরের মাঠ পর্যায়ের কর্মীদের নির্দেশনা প্রদান করা হয়। ঘূর্নিঝড় রেমাল পরিস্থিতি পর্যবেক্ষণের জন্য ইতোমধ্যেই রূপান্তর-এর পক্ষ থেকে সার্বক্ষণিক নিয়ন্ত্রণ কক্ষ খোলা হয়েছে।