কয়রা (খুলনা)প্রতিনিধি
বঙ্গপসাগরে সৃষ্টি হওয়া প্রবল ঘূর্ণিঝড় রেমেল ধেয়ে আসছে বাংলাদেশের উপকূলে দিকে । এমন পরিস্থিতিতে সরকারি নির্দেশনা অনুযায়ী উপকূলীয় উপজেলাগুলোর প্রশাসন আশ্রয়কেন্দ্র প্রস্তুত করা এবং ঝুকিপূর্ণ এলাকা থেকে মানুষকে সরিয়ে আনাসহ প্রয়োজনীয় বিভিন্ন প্রস্তুতি নিচ্ছে। কিন্তু সেসব ছাড়িয়ে উপকুলবর্তী জনপদের মানুষের ভয় বাড়িয়ে দিচ্ছে দুর্বল নিচু বেঁড়িবাঁধ। নানা ভাবে তারা অরক্ষিত। এমনকি এমন অনেক জায়গা রয়েছে যেখানে বেঁড়িবাঁধের চিহ্ন পর্যন্ত নেই। এছাড়া নেই পর্যাপ্ত ঘূর্ণিঝড় আশ্রয়কেন্দ্র। নদীতে স্বাভাবিক জোয়ারের চেয়ে জোয়ারের পানি বেড়েছে কয়েক ফুট বেশি। এতে বাঁধের একেবারে চুড়ার কাছাকছি পানি উঠেছে। নদী স্থির তো নয় আছে খুব উত্তাল। সাথে মেঘলা আকাশের সঙ্গে মাঝে মধ্যে দমকা হাওয়া ও ঝড়ো বৃষ্টি ঝরছে। এমন পরিস্থিতিতে আতঙ্কিত হয়ে পড়েছেন উপকূলীয় কয়রার মানুষেরা।
মানুষের খাওয়া-ঘুম হারাম হয়ে গেছে। দুশ্চিন্তায় নির্ঘুম রাত কাটিয়েছে অনেকে। রাত জেগে স্বেচ্ছাশ্রমে দুর্বল বেড়িবাঁধ সংস্কার করার চিত্র দেখা গেছে অনেক জায়গায়। রাতের পর সকাল থেকে ঝুকিপুর্ন বেড়িবাঁধ রক্ষায় অনেক এলাকায় কাজ করছে এলাকাবাসী। রাতে হালকা বাতাস ও গুম গুম আওয়াজে আতঙ্ক ছড়িয়েছে। ভোরে বৃষ্টির দেখা মেলে। বেলা বাড়ার সাথে সাথে দমকা হাওয়া আর জোয়ারের পানির তোড় আতংকিত হয়ে পড়ে স্থানীয়া। অনেক জায়গায় বেড়িবাঁধ উপচে পানি প্রবেশ করার উপক্রম হয়ে পড়ে। দিনের বেলায় বাঁধ রক্ষা করতে পারলেও রাতের চিন্তায় আতংকিত জনপদের মানুষ। ২৬ মে মোংলা ও পায়রা বন্দরে ১০ নং মহা বিপদ সংকেত ঘোষণার পরে কয়রা বিভিন্ন এলাকায় আতঙ্ক বাড়ে। সাথে সাথে এসব এলাকায় ঘূর্ণিঝড় রেমাল মোকাবেলায় মানুষকে সচেতন করার লক্ষ্যে মাইকিং এর মাধ্যমে প্রচারণা চালানো হয়। মানুষদের আশ্রয় কেন্দ্রে যাওয়ার পরামর্শ দেওয়া হয়। কয়রা উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ব্যাপক প্রস্তুুতি নেওয়া হয়েছে। রাতে উপকুল অতিক্রম করবে রেমাল সেই আতংকে রয়েছে কয়রাবাসী। এদিকে কয়রার অধিকাংশ বেড়িবাঁধই দুর্বল। যদিও পানি উন্নয়ন বোর্ড বলছে, কয়রার ১২১ কিলোমিটারের মধ্যে মাত্র ১০ কিলোমিটার বেড়িবাধ ঝুঁকিপূর্ণ। বারবার বাঁধ ভাঙ্গায় উপকূলবাসী সংকেত পেলেই আতঙ্কে থাকেন।
দশালিয়া গ্রামের স্বপন মিস্ত্রী বলেন বলেন, আমাদের এলাকায় যতবার ঘূর্ণিঝড় হয়েছে, ততবারই ঝড়ে মানুষের তেমন ক্ষতি হয়নি। তবে ক্ষতি হয়েছে উচু জোয়ারের বাঁধ উপচে এলাকা তলিয়ে যাওয়ায় অথবা বাঁধ ভেঙে যাওয়ায়। আমাগের তো ভয় ঝড় নিয়ে না, ভয় হলো উচু জোয়ায়রে রাতে বাঁধের কী হয় তা-ই নিয়ে। এখন তো ভাটার কথা। কিন্তু ভাটাতে নদীর পানি মোটেও কমেনি। কী যে হবে রাতের জোয়ারে ইশ^র জানে, জেয়ায়ারের যতটা পানি বাড়ছে ভাটায় সে পরিমান পানি কমছে না। পরিস্থতি সামলাতে ঝুড়ি কোদাল নিয়ে বাঁধ পাহারা দিতে হবে।
অন্য দিকে প্রশাসনের লোকজন ও সিপিপির লোকজন স্থানীয় বাসিন্দাদের আশ্রয়কেন্দ্রে যাওয়ার তাগাদা দিচ্ছেন জানিয়ে কালনা গ্রামের রহিমা বেগম বলেন, কিন্তু সেখানে গিয়ে কি করব? আশ্রয়কেন্দ্রে তো আর সারা বছর থাকতে দেবে না। যদি বাঁধ ভাঙে তখন কী উপায় হবে আমাগে। এবার বাঁধ ভাঙলি এলাকায় থাকা আমাগের পক্ষে আর থাকা সম্ভব হবে না। তাই ভাবছি আশ্রয়কেন্দ্রে গে আর কি হবে।
কালনা গ্রামের ৭০ বছরে বৃদ্ধ মোকছেদ বলেন, আশ্রয়কেন্দ্রে গেলি বাড়ি যে কডা ধান চাল আছে তা সব চুরি করে নিয়ে যাবেনে। তাই ওর চেয়ে বাড়ি থাকি ঝড়ে ওয়াপদা ভেঙে পানি আসলি অন্তত ধান চাল কডা বাচাতে যদি পারি।
কয়রা উপজেলার আংটিহারা, খাশিটানা, জোড়শিং, মাটিয়াভাঙ্গা, গাতির ঘেরি, গাববুনিয়া, কাটকাটা, রত্বার ঘেরি, মদিনাবাদ লঞ্চঘাট, লোকা, গোবিন্দপুরম ৪নং কয়রা, ৬নং কয়রা, মঠবাড়ি তেতুলতলার চর, নয়ানী ২নং কয়রা, হরিনখোলা সহ অনেক এলাকায় ভাঙ্গনের পাশাপাশি প্রবল জোয়ারের পানি উপচে পড়ার উপক্রম হয়ে পড়ে। পানি উন্নয়ন বোর্ড থেকে সেখানে জিও ব্যাগের ব্যবস্থা করা হয়। আর এলাকাবাসী জিও ব্যাগে মাটি ভরে রাস্তা সংস্কার করেন। যে কোন সময় দুর্বল বেড়িবাঁধ নদী গর্ভে বিলীন হয়ে প্লাবিত হতে পারে বিস্তীর্ণ এলাকা। এমন আশংকা নিয়ে নির্ঘুম রাত কাটাচ্ছে খুলনা জেলার কয়রার উপকূলের মানুষ। কয়রার দক্ষিণ বেদকাশি ইউনিয়নের চেয়ারম্যান মোঃ আছের আলী মোড়ল জানান, তার ইউনিয়নের খাশিটানা ও গোলখালীা এলাকার বেড়িবাঁধ উপচে পানি প্রবেশ করে স্থানীয়দের চেষ্টায় কোন রকম রক্ষা পেলেও রাতে কি হবে তা বলা যাচ্ছে না। ঘড়িলাল থেকে চরামুখা খেয়াঘাট, পর্যন্ত বেশি ঝুঁর্কিপূর্ণ। উত্তর বেদকাশি ইউপি চেয়ারম্যান সরদার নুরুল ইসলাম কোম্পানী বলেন, ইউনিয়নের অধিকাংশ বেড়িবাঁধের অবস্থা খুবই খারাপ। কয়েকদিন আগে এলাকার একটি বেড়িবাঁধে ধস নামে। তারা খুবই আতঙ্কের মধ্যে বসবাস করছেন। উপজেলা নির্বাহী অফিসার বিএম তারিক-উজ-জামান বলেন, ঘুর্নিঝড় রেমাল মোকাবেলায় কয়রায় ১১৬ টি সাইক্লোন সেল্টারে মানুয় আশ্রয় গ্রহন করছেন। ইতিমধ্যে সেখানকার মানুষের জন্য শুকনা খাবারের ব্যবস্থা গ্রহন করা হয়েছে। মেডিকেল টিম গঠন করা হয়েছে। সেই সাথে সিপিপি সদস্যরা কাজ করছে। পাউবোর খুলনার নির্বাহী প্রকৌশলী মোঃ আশরাফুল আলম বলেন, কয়রার ঝুঁকিপূর্ণ বাঁধের তালিকা করা হয়েছে। কিছু এলাকায় সংস্কারকাজও চলছে। পাউবো সব সময় নজর রেখেছে ঝুকিপুর্ন এলাকায় কাজ অব্যাহত রাখার। এছাড়া তাৎক্ষণিক কোন সমস্যা হলে জরুরি ব্যবস্থা নেয়ার সুযোগ রয়েছে। ইতিমধ্যে জরুরী ভিত্তিতে বাঁধ রক্ষায় জিও ব্যাগের ব্যবস্থা গ্রহন করা হয়েছে। খুলানা-৬ পাইকগাছা-কয়রার সংসদ সদস্য মোঃ রশীদুজ্জামান বলেন, ঘুর্নিঝড় রেমাল মোকাবেলায় কয়রায় বিভিন্ন প্রস্তুতি গ্রহন করা হয়েছে। আমি সার্বক্ষনিক কয়রায় অবস্থান করে সার্বিক বিষয় খোজ খবর রাখছি।
কয়রা আবহাওয়া কেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা মোঃ হাসানুল বান্না বলেন, ঘূর্ণিঝড় রেমল রবিবার সন্ধ্যা বা মধ্যরাতের উপকূলীয় উপজেলা কয়রায় আঘাত হানতে পারে।











































