Home আলোচিত সংবাদ রাইসির শেষ বিদায়ে লাখো মানুষের ঢল

রাইসির শেষ বিদায়ে লাখো মানুষের ঢল

31

খুলনাঞ্চল ডেস্ক।।

হেলিকপ্টার দুর্ঘটনায় সদ্যপ্রয়াত ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি ও তার সফরসঙ্গীদের শেষকৃত্যের অনুষ্ঠান শুরু হয়েছে। গতকাল মঙ্গলবার দেশটির পূর্ব আজারবাইজান প্রদেশের তাবরিজ শহরে শেষবারের মতো রাইসিকে বিদায় জানাতে লাখো মানুষের ঢল নেমেছিল। এ সময় জনতা ইরানের পতাকা ও প্রয়াত প্রেসিডেন্টের ছবি হাতে নিয়ে শহরের কেন্দ্রীয় চত্বর থেকে যাত্রা শুরু করে। গত রবিবার হেলিকপ্টার বিধ্বস্ত হওয়ার আগে এখানেই ফিরছিলেন প্রেসিডেন্ট রাইসি, পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির আব্দোল্লাহিয়ানসহ আরও সাতজন।


গত রবিবার আজারবাইজানের সীমান্তবর্তী এলাকায় দুই দেশের যৌথ উদ্যোগে নির্মিত কিজ কালাসি বাঁধ উদ্বোধন করে হেলিকপ্টারে করে তাবরিজে ফিরছিলেন প্রেসিডেন্ট ও তার সফরসঙ্গীরা। পথে দেশটির পূর্ব আজারবাইজান প্রদেশের জোলফা এলাকার কাছে দুর্গম পাহাড়ে বিধ্বস্ত হয় হেলিকপ্টারটি। এরপর ঘন কুয়াশা ও বিরূপ আবহাওয়ার মধ্যেই শুরু হয় উদ্ধার অভিযান। ব্যাপক অনুসন্ধান শেষে গতকাল সোমবার দুর্ঘটনাস্থল থেকে রাইসিসহ সবার মরদেহ পাওয়া যায়। এ ঘটনায় ইরানে আজ থেকে শুরু হয়েছে পাঁচদিনের শোক পালন।

গতকাল মঙ্গলবার তাবরিজে বিদায়ী শোক মিছিলের পর প্রেসিডেন্ট রাইসি এবং পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির আব্দোল্লাহিয়ানের মরদেহ অন্য অনুষ্ঠানের জন্য রাজধানী তেহরানে স্থানান্তর করা হবে। তার আগে দিনের শেষদিকে মরদেহগুলোকে অন্য একটি অনুষ্ঠানের জন্য মধ্য ইরানের ধর্মীয় গুরুত্বপূর্ণ শহর কোমে নিয়ে যাওয়া হবে। আজ বুধবার তেহরানে বড় পরিসরের অনুষ্ঠানে দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি দেশি-বিদেশি বিশিষ্ট ব্যক্তিদের উপস্থিতিতে জানাজার নামাজ পড়াবেন। এর পর প্রেসিডেন্টের মরদেহ উত্তর-পূর্ব ইরানের দ্বিতীয় বড় শহর মাশহাদে নেওয়া হবে। এখানেই প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি জন্মেছিলেন এবং বেড়ে উঠেছিলেন। এখানেই রাইসিকে আগামী বৃহস্পতিবার দাফনের পরিকল্পনা রয়েছে।

হেলিকপ্টার বিধ্বস্তে নিহত ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি ও তার সফরসঙ্গীদের স্মরণে গত সোমবার এক মিনিট নীরবতা পালন করেছে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের সদস্যরা। নিরাপত্তা পরিষদের চলতি মাসের প্রেসিডেন্ট মোজাম্বিকের রাষ্ট্রদূত পেদ্রো কমিসারিও আফনসো এই নীরবতা পালন করতে বলেন। পরে যুক্তরাষ্ট্রসহ নিরাপত্তা পরিষদের সদস্যরা এক মিনিট নীরবতা পালন করেন। তবে এ ঘটনায় ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছে ইরানের চিরপ্রতিদ্বন্দ্বী দেশ ইসরায়েলের জাতিসংঘে নিযুক্ত রাষ্ট্রদূত গিলাদ এরদান। এক্সে দেওয়া এক ভিডিওবার্তায় গিলাদ বলেন, ‘জাতিসংঘের নিরাপত্তা পরিষদ ইরানের গণহত্যাকারী প্রেসিডেন্ট রাইসির স্মরণে এক মিনিট নীরবতা পালন করেছে। কী লজ্জাজনক!’

এদিকে হেলিকপ্টার বিধ্বস্তের ঘটনায় ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি নিহত হওয়ার ঘটনায় তদন্ত শুরু হয়েছে। দেশটির সশস্ত্র বাহিনীর প্রধান মেজর জেনারেল মোহাম্মদ বাগেরি উচ্চপর্যায়ের একটি দলকে ব্রিগেডিয়ার আলী আবদুল্লাহির নেতৃত্বে তদন্তের নির্দেশ দিয়েছেন এবং তারা কাজও শুরু করে দিয়েছে। তবে এরই মধ্যে বিধ্বস্ত ওই হেলিকপ্টারে রেডিও সংকেত পাঠানোর ট্রান্সপন্ডার ছিল না বা বন্ধ ছিল বলে চাঞ্চল্যকর তথ্য দিয়েছে তুরস্ক।

অন্যদিকে হেলিকপ্টার বিধ্বস্তের পর যুক্তরাষ্ট্রের কাছে আনুষ্ঠানিকভাবে সহায়তা চেয়েছিল ইরান। তবে এ ব্যাপারে দেশটিকে কোনো ধরনের সহায়তা করেনি যুক্তরাষ্ট্র। মার্কিন পররাষ্ট্র দপ্তর গত সোমবার ইরানের সহায়তা চাওয়ার বিষয়টি জানিয়েছে, যদিও বিস্তারিত কিছু বলেনি দেশটি। মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র ম্যাথু মিলার সাংবাদিকদের বলেন, গত রবিবার হেলিকপ্টারটি বিধ্বস্ত হওয়ার পর সেটিকে খুঁজে পেতে দ্রুত সাহায্য চেয়েছিল ইরান। এ ধরনের পরিস্থিতিতে যে কোনো বিদেশি সরকারের কাছ থেকে আসা অনুরোধে আমরা সাড়া দিয়ে থাকি। তবে শেষ পর্যন্ত মূলত ব্যবস্থাপনাগত কারণে ইরানকে তারা সেটা দিতে পারেননি। উল্লেখ্য, ১৯৭৯ সালের ইসলামি বিপ্লবের পর থেকে তেহরানের সঙ্গে ওয়াশিংটনের কোনো কূটনৈতিক সম্পর্ক নেই। তা সত্ত্বেও দুই দেশের মধ্যে কীভাবে যোগাযোগ হলো, তা বলতে অস্বীকৃতি জানান মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র।

হেলিকপ্টার বিধ্বস্তের ঘটনায় যুক্তরাষ্ট্র শোক জানিয়েছে, তবে দেশটি বলেছে যে রাইসির হাতে ‘রক্ত’ লেগে আছে। মার্কিন পররাষ্ট্র দপ্তরের শোকবার্তায় বলা হয়েছে, ইরান এখন নতুন প্রেসিডেন্ট বেছে নিচ্ছে। এ অবস্থায় ইরানের জনগণ ও তাদের মানবাধিকার এবং মৌলিক স্বাধীনতার পক্ষে যুক্তরাষ্ট্র আবারও সমর্থন জানাচ্ছে। মার্কিন প্রশাসন আরও বলেছে, এটি একটি রেওয়াজমাফিক শোকবার্তা। এতে রাইসির প্রতি কোনো সমর্থন প্রকাশ করা হচ্ছে না। রাইসি সেই ব্যক্তি, যিনি বিচারক থাকাকালে গণহারে রাজবন্দিদের মৃত্যুদ- দিয়েছিলেন। তিনি প্রেসিডেন্ট থাকাকালে নারীদের গণ-আন্দোলন কঠোরভাবে দমন করা হয়েছে।

রাইসি ও তার সফরসঙ্গীদের বহনকারী হেলিকপ্টারটি মার্কিন যুক্তরাষ্ট্রে নির্মিত বেল ২১২ হেলিকপ্টার। এখনো ইরান এ ব্যাপারে কোনো বক্তব্য না দিলেও ওয়াশিংটনকে এই দুর্ঘটনার দায় দিতে পারে কিনা জানতে চাইলে মার্কিন প্রতিরক্ষামন্ত্রী লয়েড অস্টিন বলেন, ‘এই দুর্ঘটনায় যুক্তরাষ্ট্রে কোনো ভূমিকা নেই। দুর্ঘটনার কারণ কী হতে পারে, সেটা নিয়ে আমি জল্পনা-কল্পনা করতে পারি না।’ তবে ইরান কিছু না বললেও রাইসির হেলিকপ্টার বিধ্বস্ত হওয়ার ঘটনায় যুক্তরাষ্ট্রকে ঠিকই দুষছেন রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভ। গতকাল লাভরভ কাজাখস্তানে এক বাণিজ্য সম্মেলনে তিনি বলেন, মার্কিন নিষেধাজ্ঞার আওতায় তাদের তৈরি উড়োজাহাজের যন্ত্রাংশ ইরানে সরবরাহের ওপরও নিষেধাজ্ঞা দেওয়া হয়। এর মধ্য দিয়ে তারা (যুক্তরাষ্ট্র) মানুষের জীবনকে ঝুঁকির মধ্যে ফেলেছে।

ইব্রাহিম রাইসির মৃত্যুতে ইরানের ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ মোখবারকে অন্তর্বর্তীকালীন প্রেসিডেন্ট হিসেবে অনুমোদন দিয়েছেন দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। এ ছাড়া পররাষ্ট্র প্রতিমন্ত্রী আলি বাগেরি কানিকে ভারপ্রাপ্ত পররাষ্ট্রমন্ত্রী হিসেবে নিয়োগ দিয়েছে দেশটির মন্ত্রিসভা। দেশটির সংবিধান অনুযায়ী, মোখবার ৫০ দিনের মধ্যে জাতীয় নির্বাচন আয়োজন করবেন। এর মধ্যেই আগামী ২৮ জুন ইরানে নতুন প্রেসিডেন্ট নির্বাচন হবে বলে জানিয়েছে রাষ্ট্রীয় গণমাধ্যম।

হেলিকপ্টার দুর্ঘটনায় ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসিসহ অন্য আরোহীদের মৃত্যুতে বাংলাদেশে একদিনের রাষ্ট্রীয় শোক পালন করা হবে। আগামীকাল ২৩ মে বৃহস্পতিবার এ শোক পালিত হবে বলে গতকাল মঙ্গলবার মন্ত্রিপরিষদ বিভাগের দেওয়া প্রজ্ঞাপনে জানানো হয়েছে। এ উপলক্ষে ওইদিন বাংলাদেশের সব সরকারি, আধা-সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান এবং শিক্ষা প্রতিষ্ঠানসহ সব সরকারি-বেসরকারি ভবন এবং বিদেশস্থ বাংলাদেশ মিশনগুলোতে জাতীয় পতাকা অর্ধনমিত থাকবে। সেই সঙ্গে সেদিন নিহতদের শান্তি কামনার জন্য বাংলাদেশের সব মসজিদে বিশেষ দোয়া অনুষ্ঠিত হবে। অন্যান্য ধর্মীয় প্রতিষ্ঠানে থাকবে বিশেষ প্রার্থনার আয়োজন।