ঝিনাইদহ প্রতিনিধি।।
ভারতে চিকিৎসা করাতে গিয়ে নিখোঁজ ঝিনাইদহ-৪ আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনার। ৩ দিন ধরে পরিবারের সদস্যরা এমপি’র সঙ্গে যোগাযোগ করতে পারছেন না। বিষয়টি নিয়ে উদ্বিগ্ন এমপি আনারের পরিবার। বাবাকে খুঁজে পেতে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা বিভাগের দ্বারস্থ হয়েছেন এমপিকন্যা মুমতারিন ফেরদৌস ডরিন। এমপি আনোয়ারুল আজিম আনারের নিখোঁজের তথ্য নিশ্চিত করেছেন তার ব্যক্তিগত সহকারী (পিএস) আব্দুর রউফ।
তিনি শনিবার রাত সাড়ে ৯টার দিকে মুঠোফোনে বলেন, শনিবার (১১ই মে) সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনার চিকিৎসার জন্য ভারতে যান, কিন্তু ৩ দিন ধরে পরিবারের সঙ্গে তার যোগাযোগ বিচ্ছিন্ন। বিষয়টি প্রধানমন্ত্রীকে অবগত করানো হয়েছে। সরকারের বিভিন্ন গোয়েন্দা বিভাগ বিষয়টি তদারকি করছে। রোববার সকালে ডিবি প্রধান কার্যালয়ে তার পরিবারকে ডাকা হয়েছে। সংসদ সদস্যের মেয়ে মুমতারিন ফেরদৌস ডরিন গণমাধ্যমকে বলেন, দুইদিন ধরে বাবার সঙ্গে যোগাযোগ নেই। আমরা দুশ্চিন্তায় আছি। সব উপায়ে তার সঙ্গে যোগাযোগের করার চেষ্টা করছি। সরকারের ঊর্ধ্বতন পর্যায়ে জানানো হয়েছে।
প্রয়োজন হলে আমার পরিবারের লোকজন কলকাতা যাবে। ঝিনাইদহ জেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক সংসদ সদস্য সফিকুল ইসলাম অপু জানান, তিনি এ বিষয়ে কিছুই জানেন না। তবে ঘটনা সত্য হলে খুবই উদ্বেগ ও দুঃখজনক ব্যাপার। তিনি দল ও সরকারের ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে বিষয়টি জানাবেন বলেও জানান। জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাইদুর করিম মিন্টু বলেন, বিষয়টি তার পরিবার আজকেই আমাকে জানিয়েছেন। কালীগঞ্জ থানার ওসি মোহাম্মদ আবু আজিফ জানান, স্থানীয় এমপি সাহেবের নিখোঁজ থাকার খবর লোকমুখে শুনেছি। তবে কেউ অভিযোগ করেনি।
এদিকে পিতার খোঁজ পেতে গতকাল বিকালে সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনারের মেয়ে মুমতারিন ফেরদৌস ডরিন গতকাল ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) মিন্টো রোডের কার্যালয়ে যান। নাম প্রকাশ না করার শর্তে ডিবির এক কর্মকর্তা বলেন, ঝিনাইদহ-৪ আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনারের মেয়ে ডিবি কার্যালয়ে এসেছেন তার নিখোঁজের বিষয়টি অবহিত করতে।











































