Home আঞ্চলিক সারা খুলনা অঞ্চল ও আশপাশের সব খবরা খবর

সারা খুলনা অঞ্চল ও আশপাশের সব খবরা খবর

61
আচার্য প্রফুল্ল চন্দ্র রায় কেন্দ্রীয় গবেষণাগার থেকে পদ্ম ফুলের শোভা দেখা যায়।

রূপসায় মতবিনিময়কালে চেয়ারম্যান প্রার্থী অধ্যক্ষ সরদার ফেরদৌস
সাংবাদিকরা হলো নির্যাতিত নিপিড়িত মানুষের ভরসাস্থল

রূপসা প্রতিনিধি
সাংবাদিকরা হলো জাতির বিবেক। নির্যাতিত নিপিড়িত মানুষের ভরসাস্থল। যে কারণে প্রেসক্লাবকে বলা হয় মজলুমের আদালত। নির্বাচনকে কেন্দ্র করে প্রার্থী ও তাদের কর্মী সমর্থকরা নানাবিধ প্রতিবন্ধকতার শিকার হয়ে থাকে। এসব ক্ষেত্রে সাংবাদিকদের বস্তুনিষ্ঠ লেখনীর গুরুত্ব অপরিসীম। আজ আমি আপনাদের এখানে মত বিনিময় করতে এসেছি বলেই অন্যায় করে ছাড় পেতে চাইনা। আমার বিরুদ্ধে কোন ভুল বা অনিয়ম-দুর্ণীতি পেলে তা তুলে ধরবেন। এতে আমি সংশোধন হতে পারবো।
১৯ মে বেলা ১১টায় রূপসা প্রেসক্লাবে সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে উপজেলা পরিষদের চেয়ারম্যান প্রার্থী উপজেলা আওয়ামীলীগের সদস্য ও সরকারি বঙ্গবন্ধু কলেজের সাবেক অধ্যক্ষ সরদার ফেরদৌস আহম্মেদ এসব কথা বলেন।
রূপসা উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক এবিএম কামরুজ্জামানের পরিচালনায় অনুষ্ঠিত এ মত বিনিময় অনুষ্ঠানে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন খুলনা জেলা আওয়ামীলীগের সদস্য জাহাঙ্গীর হোসেন মুকুল, সাবেক সদস্য আব্দুল মজিদ ফকির, উপজেলা আ’লীগের সাংগঠনিক সম্পাদক এমডি রকিব উদ্দিন, এ্যাড. মুস্তাফিজুর রহমান মুসতাক, উপজেলা আ’লীগের সদস্য মোঃ মাহাবুব উল আলম, উপজেলা যুবলীগের সদস্য মোঃ আবু আহাদ হাফিজ বাবু, আ’লীগ নেতা আলতাফ হোসেন খান, আবু বক্কর শেখ, রবিউল ইসলাম লিটু, সাবেক ইউপি সদস্য শরিফুল ইসলাম বাবু, নৈহাটি ইউনিয়ন যুবলীগের সভাপতি মোঃ তারেক আজিজ, মঈন উদ্দীন মোহন, মোঃ ইসরাইল শেখ, মোঃ রাজু হাওলাদার, মোঃ জাহাঙ্গীর, যুবলীগ নেতা সাকিব খান মিলন প্রমূখ। এসময় প্রেসক্লাবের নেতৃবৃন্দসহ বিভিন্ন ইলেকট্রনিক মিডিয়া, প্রিন্ট মিডিয়া ও অনলাইন নিউজ পোর্টালের সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

দাকোপে বর্তমান উপজেলা চেয়ারম্যান মুনসুর আলী খান ও চেয়ারম্যান প্রার্থী গৌরপদ বাছাড়ের মনোনয়নপত্র প্রত্যাহার
মোঃ শামীম হোসেন – বাজুয়া (দাকোপ)
আসন্ন ৫ জুন উপজেলা পরিষদ নির্বাচনকে সামনে রেখে দাকোপে উপজেলা চেয়ারম্যান পদে ২ প্রার্থীর মনোনয়নপত্র প্রত্যাহার করার খবর পাওয়া গেছে। দাকোপ উপজেলা নির্বাচন অফিসার ও সহকারি রির্টানিং অফিসার মোঃ আরিফুল ইসলাম জানান, গতকাল ১৯ মে রোববার মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিনে দাকোপ উপজেলায় চেয়ারম্যান পদে বর্তমান উপজেলা চেয়ারম্যান মুনসুর আলী খান ও গৌরপদ বাছাড় তাদের মনোনয়নপত্র প্রত্যাহার করে নিয়েছেন। এখন এ উপজেলায় চেয়ারম্যান পদে ৪ জন প্রার্থী নির্বাচনে প্রতিদ্বন্দিতা করবেন আলহাজ্ব শেখ আবুল হোসেন, আলহাজ্ব শেখ যুবরাজ, গাজী সাইফুল ইসলাম ও অচিন্ত্য কুমার মন্ডল। অপর এক প্রশ্নের উত্তরে তিনি বলেন আসন্ন নির্বাচনে এ উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান পুরুষ ও মহিলা পদে যারা মনোনয়ন জমা দিয়ে ছিলেন তাদের মধ্যে কেউ মনোনয়নপত্র প্রত্যাহার না করায় তারা সকলেই নির্বাচনে প্রতিদ্বনিন্দতায় অংশ নিবেন।

জনপ্রতিনিধি নন ডুমুরিয়াবাসীর সেবক হওয়ার অঙ্গীকার আজগর বিশ্বাস তারার
খবর বিজ্ঞপ্তি
ডুমুরিয়ায় গণসংযোগকালে উপজেলা চেয়ারম্যান প্রার্থী মোঃ আজগর বিশ্বাস তারা বলেছেন, ‘ডুমুরিয়ার সহজ-সরল মানুষের ভাগ্য নিয়ে কাউকে ছিনিমিনি খেলতে দেয়া হবে না। খুলনার শষ্য ভান্ডার খ্যাত ডুমুরিয়া প্রত্যন্ত অঞ্চলে কতিপয় জনপ্রতিনিধির অদক্ষতার কারণে এখনো আধুনিকতার ছোঁয়া লাগেনি। মোটরসাইকেল মার্কায় ভোট দিয়ে আমাকে জয়যুক্ত করলে আমিই প্রধানমন্ত্রী শেখ হাসিনার উন্নয়নের ধারাবাহিকতায় ডুমুরিয়াকে বাংলাদেশের মডেল উপজেলা হিসেবে গড়ে তুলবো। ঘরে বসেই অত্যাধুনিক সুযোগ-সুবিধা পেতে তারা বিশ্বাসকে আপনাদের সেবক নিযুক্ত করুন। আমি জনপ্রতিনিধি নই, ডুমুরিয়াবাসীর সেবক হতে চাই। ডুমুরিয়ার মা-মাটি মানুষের একজন কর্মী হতে চাই। আমি ডুমুরিয়াতে নিতে আসিনি, মন খুলে দিতে এসেছি। ডুমুরিয়াবাসীকে সেবা করার সুযোগ দিন।
রবিবার (১৯ মে) ডুমুরিয়া উপজেলার গুটুদিয়া ইউনিয়নের বিভিন্ন এলাকায় পথসভা ও উঠান বৈঠকে উপজেলা চেয়ারম্যান প্রার্থী আজগর বিশ্বাস তারা এসব কথা বলেন।
গতকাল গভীর রাত অবধি তার মোটরসাইকেল প্রতীক নিয়ে শহরতলীর গুটুদিয়া ইউনিয়নে ভোটারদের দ্বারেদ্বারে যান তিনি। খুলনা জেলা আ’লীগের প্রভাবশালী সদস্য আজগর বিশ্বাস তারা দীর্ঘদিন ডুমুরিয়া উপজেলাবাসীর ভাগ্যোন্নয়নে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। সে কারণে তার পথসভা, উঠান বৈঠক ও ছোট্ট ছোট্ট লিফলেট বিতরণের পথযাত্রাগুলোতে স্থানীয়দের স্বতস্ফূর্ত অংশগ্রহন বিশাল জনসমুদ্রে রূপ নিচ্ছে। মোটরসাইকেল প্রতীকে গণসংযোগকালে আ’লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীদের সাথে এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ অংশ নেন।।

মহাকবি মাইকেল মধুসূদন ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে
আলমগীর হোসেন ,কেশবপুর (যশোর )প্রতিনিধি
যশোরের কেশবপুরে শনিবার বিকেলে মহাকবি মাইকেল মধুসূদন ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। কেশবপুর কলেজ পাড়া স্পোর্টিং ক্লাবের উদ্যোগে ১৬ দলীয় এ ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল খেলা কেশবপুর সরকারি ডিগ্রি কলেজ মাঠে অনুষ্ঠিত হয়। ফাইনালে ডুমুরিয়ার হাসানপুর ক্রিকেট একাডেমি ১৬ রানের ব্যবধানে উপজেলার পাঁজিয়ার রাফসান ক্রিকেট একাডেমিকে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়েছে।

কেশবপুর সরকারি ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মিজানুর রহমানের সভাপতিত্বে ফাইনাল খেলার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে অতিথি ছিলেন, যশোর জেলা পরিষদের সদস্য টিপু সুলতান, উপজেলা পরিষদের নবনির্বাচিত ভাইস চেয়ারম্যান আব্দুল্লাহ আল মামুন ও পৌরসভার মহিলা কাউন্সিলর আছিয়া হালিম। আয়োজক কমিটিতে ছিলেন, কলেজ পাড়ার মাসুদ পারভেজ শহিদ, শাকিলুর রহমান সোহান, আব্দুল্লাহ আল মামুন, হাসিবুর রহমান, মাসুদ হোসেন অপু, জাহিদ হাসান, আব্দুস সামাদ, মাহফুজুর রহমান, প্রমিজ হাসান, মাসফি চৌধুরী অরিন ও আল মামুন। খেলায় চ্যাম্পিয়ন ডুমুরিয়ার হাসানপুর ক্রিকেট একাডেমিকে পুরস্কার হিসেবে ট্রফি ও ৩০ হাজার টাকা এবং রানার্স আপ কেশবপুরের পাঁজিয়ার রাফসান ক্রিকেট একাডেমিকে ট্রফি ও ২০ হাজার টাকা তুলে দেন অতিথিরা।

আজ বিশ্ব মেট্রোলজি দিবস
তথ্য বিবরণী
আজ ২০ মে বিশ্ব মেট্রোলজি দিবস পালন করা হবে। দিবসটি উপলক্ষ্যে বাংলাদেশ স্ট্যান্ডার্ডস এন্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই) এর উদ্যোগে খুলনার খালিশপুর বিএসটিআই’র সম্মেলনকক্ষে সকাল ১১টায় আলোচনা সভা অনুষ্ঠিত হবে। দিবসের এবারের প্রতিপাদ্য ‘টেকসই ভবিষ্যৎ বিনির্মাণে আজকের পরিমাপ’।

আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন খুলনার বিভাগীয় কমিশনার মোঃ হেলাল মাহমুদ শরীফ এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন খুলনা মেট্রোপলিটন পুলিশ কমিশনার মোঃ মোজাম্মেল হক।

বাংলা টিভির প্রতিষ্ঠা বার্ষিকী পালন
খবর বিজ্ঞপ্তি
বাংলা টিভি মুক্তিযুদ্ধের পক্ষের একটি অন্যতম গণমাধ্যম। দেশের ইতিহাস, ঐতিহ্য ও উন্নয়ন-সমৃদ্ধির কথা তুলে ধরে মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছে। আগামি দিনে স্বাধীনতার স্বপক্ষের শক্তি হিসেবে দেশ ও জণগণের কথা বস্তুনিষ্ঠ ভাবে তুলে ধরবে এ প্রত্যাশা করেন অতিথিবৃন্দ। তারা বাংলা টিভির ভবিষ্যৎ উন্নয়ন ও অগ্রগতি ধারা বজায় রেখে আরো এগিয়ে যাবে এই শুভ কামনা জানান। বাংলা টিভির খুলনা অফিসের আয়োজনে রবিবার বেলা ১১ টায় খুলনা প্রেসক্লাব মিলনায়তনে বাংলা টিভির অষ্টম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে কেক কাটা ও শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে অতিথিবৃন্দ এসব কথা বলেন। বাংলা টিভির খুলনা প্রতিনিধি তরিকুল ইসলাম ডালিমের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন খুলনা মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এমডিএ বাবুল রানা। বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মীর আলিফ রেজা,অতিরিক্ত পুলিশ সুপার ( ট্রাফিক) এস এম আল বেরুনী, খুলনা প্রেসক্লাবের সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা মকবুল হোসেন মিন্টু, দৈনিক পূর্বাঞ্চলের সম্পাদক মোহাম্মদ আলী সনি, দৈনিক দেশ সংযোগের সম্পাদক ও খুলনা টিভি রিপোর্টার্স ইউনিটির আহবায়ক মুন্সি মাহবুবুল আলম সোহাগ, খুলনা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মামুন রেজা, মহানগর আওয়ামী যুবলীগের সভাপতি মো শফিকুর রহমান পলাশ, বিএফইউজে’র যুগ্ম মহাসচীব মোল্লা হেদায়েত হোসেন, খুলনা সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক আসাদুজ্জামান খান রিয়াজ, খুলনাস্থ বরিশাল বিভাগীয় কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক রুহুল আমিন হাওলাদার, খুলনা টিভি রিপোর্টার্স ইউনিটির সাবেক সভাপতি সুনিল দাস, এন টিভির খুলনা ব্যুরো প্রধান আবু তৈয়ব মুন্সি, যমুনা টেলিভিশনের খুলনার স্টাফ রিপোর্টার প্রবির বিশ্বাস, আর টিভির খুলনা প্রতিনিধি মীর মনির, কেইউজের সাবেক সাধারণত সম্পাদক আনোয়ারুল ইসলাম কাজল, সাংবাদিক কাজী শামীম আহম্মেদ, বিজয় টিভির খুলনা প্রতিনিধি আব্দুর রাজ্জাক, বাংলা টিভির বটিয়াঘাটা প্রতিনিধি মামুন রেজা হাওলাদার, সাংবাদিক হাসান তানজির, শহিদুল ইসলাম, আমিরুল ইসলাম বাবু, মো: আরিফুর রহমান, বাংলা টিভির খুলনা ক্যামেরা পারসন মো: জালাল শেখ, আর টিভির খুলনা ক্যামেরা পারসন জি এম দুলাল,মেহেদী হাসান পলাশ প্রমূখ।##

ভোটকেন্দ্রে ভোটার পাওয়া যায় না: দুদু
যশোর অফিস
বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু বলেছেন, বিএনপি ভোট বর্জন করে মুক্তিযুদ্ধের চেতনা ও গণতন্ত্রের পক্ষে অবস্থান নিয়েছে। দেশবাসী এই সিদ্ধান্তকে অকুণ্ঠ সমর্থন দিয়েছে। যে কারণে ভোটকেন্দ্রে ভোটার পাওয়া যায় না। আর এজন্যই নির্বাচন কমিশনার বলেন, এক শতাংশ ভোট গ্রহণযোগ্য।
শনিবার যশোর শহরের বড়বাজারে নির্বাচন বর্জনের আহ্বান জানিয়ে লিফলেট বিতরণ কর্মসূচি উদ্বোধনকালে এসব কথা বলেন তিনি।

শামসুজ্জামান দুদু বলেন, বর্তমান সরকার, নির্বাচন কমিশন ও প্রশাসন দেশের নির্বাচন ব্যবস্থা, রাজনীতি, মানুষের দাবি একেবারে পদানত ও ধ্বংস করে দিয়েছে। এদের মধ্যে ন্যূনতম মুক্তিযুদ্ধের চেতনাবোধ, শহীদদের প্রতি সম্মান থাকলে সব দলকে ডেকে আলোচনা করে সিদ্ধান্ত নিত।

তিনি আরও বলেন, বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াসহ সব রাজনৈতিক বন্দিকে মুক্ত করে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে যদি নির্বাচন ফিরিয়ে আনা সম্ভব হয়, তাহলেই স্বাধীনতার যে লক্ষ্য তা প্রতিষ্ঠা করা সম্ভব।

এ সময় বিএনপির ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলাম অমিত, জেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক নার্গিস বেগম, সদস্য সচিব অ্যাডভোকেট সাবেরুল হক সাবুসহ জেলা বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

এদিকে বিএনপি নেতা শামসুজ্জামান দুদু বিকেলে স্থানীয় প্রেস ক্লাব মিলনায়তনে দলের জেলা কমিটির উদ্যোগে ‘ফারাক্কা দিবসের তাৎপর্য’ শীর্ষক সেমিনারে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন। সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন জেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক নার্গিস বেগম।

মেহেরপুরে আমের আকাল বছর
মেহেরপুর প্রতিনিধি
মেহেরপুরের বাগানগুলোতে ১৫ মে থেকে আঁটি ও বোম্বাই জাতের আম সংগ্রহের সময় নির্ধারণ করা হয়েছিল। তবে তিন দিনেও বাজারে সুস্বাদু দুই জাতের আমের দেখা মেলেনি। চাষিরা জানিয়েছেন, এবার গাছে মুকুল ধরেছিল কম। যেসব গাছে ভালো পরিমাণ মুকুল এসেছিল, সেগুলোর বেশির ভাগই তীব্র তাপদাহে ঝরে গেছে। ফলে এবার জেলার অর্ধেকের বেশি গাছ আমহীন। এ কারণে হতাশা ঘিরে ধরেছে চাষিদের।

সদর উপজেলার পিরোজপুর গ্রামের মেহেরুল ইসলামের প্রায় তিন বিঘা জমিতে আমের বাগান রয়েছে। তিনি গতকাল জানান, এ বছর এমনিতেই গাছে আমের মুকুল কম এসেছিল। ফলে গুটিও কম হয়েছিল। যেসব গুটি ধরেছিল, তাও তীব্র তাপদাহের কারণে ঝরে গেছে।
আম রক্ষায় এই চাষি গাছে সেচ দেওয়াসহ নানাভাবে পরিচর্যা করেন। তাতেও শেষ রক্ষা হয়নি। মেহেরুল বলেন, কোনো কোনো বাগানের গাছে আম নেই বললেই চলে। যাদের গাছে আম আছে, তারা এবার দামে পুষিয়ে নেবেন।
একই উপজেলার আমঝুপির আকতারুজ্জামানের বাগানের আয়তন প্রায় পাঁচ বিঘা। এখানে নানা জাতের ৩৪টি গাছ রয়েছে। বৈদেশিক মুদ্রা উপার্জনের আশায় ২০১৬ সালে তিনি প্রথমবারের মতো ফ্রুট প্রটেকশন ব্যাগিং পদ্ধতিতে বাগান শুরু করছেন। সেবার ভালো মুনাফাও করেন। ২০১৭ ও ২০১৮ সালে আকতারুজ্জামানের মতো মেহেরপুরের অন্য চাষিদের বাগানের আমও ইউরোপে সুনাম কুড়ায়।
আকতারুজ্জামান বলেন, ভালো দামের আশায় বহু বাগানের মালিক ব্যাগিং শুরু করেন। করোনাভাইরাসের বৈশ্বিক মহামারির কারণে ২০১৯ সালের পর রপ্তানিকারকরা আর মেহেরপুরে আসছেন না। ফলে ওই বাগানিদের লোকসান গুনতে হয়। বাধ্য হয়ে ২০২৩ সালে ব্যাগিং বন্ধ করে দেন।
মেহেরপুরের হিমসাগর, ল্যাংড়া, আঁটি, বোম্বাই, ফজলি, আম্রপালিসহ নানা জাতের আমের কদর দেশজুড়ে। বিশেষ করে হিমসাগর ও ল্যাংড়া আম স্বাদে-গন্ধে অতুলনীয়। জেলা কৃষি বিভাগ ও প্রশাসন ২৫ মে হিমসাগর, ৩০ জুন ল্যাংড়া ও ৫ জুন থেকে আম্রপালি সংগ্রহের নির্দেশনা দিয়েছে। জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের তথ্যমতে, মেহেরপুরে ২ হাজার ৭৮০ হেক্টর জমিতে আমের বাগান রয়েছে। এবার আম উৎপাদনের লক্ষ্যমাত্রা ধরা হয়েছিল ৩৬ হাজার টন। তবে কর্মকর্তারা বলছেন, এবার আমের আকালের বছর (অফ ইয়ার)। যে কারণে উৎপাদন অর্ধেকেরও কম হবে বলে মনে করছেন তারা। এসব কারণে বিপাকে পড়েছেন পাইকারি ব্যবসায়ীরাও। ঢাকার আম ব্যবসায়ী রশিদুল হাসান এবার মেহেরপুরে ছয়টি বাগান কেনেন ২২ লাখ টাকায়। তিনি বলেন, ‘মুকুলের সময় বাগান কিনেছিলাম। কিন্তু আমের ফলন ভালো আসেনি। লোকসানের মুখে পড়েছি। গাছে যে আম আছে তাতে বাজারে ভালো দাম না পেলে আরও ক্ষতির মুখে পড়ব। আশা করছি, আমের সরবরাহ কম হওয়ায় ভালো দাম পাব।’
তাঁর ভাষ্য, এখানে দাম ভালো মিললে রাজশাহী ও সাতক্ষীরার আমে বাজার সয়লাব হয়ে যাবে। তাই মেহেরপুরে কাঁচামাল সংরক্ষণাগারের প্রয়োজনীয়তা বোধ করছেন। তাহলে আম কিছুদিন সংরক্ষণ করে বিক্রি করতে পারতেন।
জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরে উপপরিচালক বিজয়কৃষ্ণ হালদার বলেন, এ বছর আমের অফ ইয়ার হওয়ায় ভালো ফলন আসেনি। তবে যা আছে সেগুলো চাষিরা যাতে ভালো দামে বিক্রি করতে পারেন, সে বিষয়ে উদ্যোগ নেওয়া হবে। আম পরিপুষ্ট হওয়ার পর বাজারে ছাড়তে চাষিদের পরামর্শ দিচ্ছেন। একই সঙ্গে রাসায়নিক সার ব্যবহার না করতে সতর্ক করে দিচ্ছেন।

খুলনার তিন মামলায় জামিন পেয়েছেন কেন্দ্রীয় বিএনপি নেতা বকুল
।। খবর বিজ্ঞপ্তি।।
খুলনার আদালতে পুলিশের দায়েরকৃত তিনটি গায়েবী মামলায় খুলনার আদালত থেকে জামিন পেয়েছেন বিএনপি জাতীয় নির্বাহী কমিটির ছাত্র বিষয়ক সম্পাদক ও খুলনা মহানগর বিএনপির সম্মানিত সদস্য রকিবুল ইসলাম বকুল। ২৮ আক্টোবর পরবর্তী সময়ে খুলনা সদর, সোনাডাঙ্গা ও আড়ংঘাটা থানায় এ তিন মামলা দায়ের করে পুলিশ।
রবিবার (১৯ মে) মহানগর দায়রা জজ মো. শরীফ হোসেন হায়দার এর আদালতে হাজির হয়ে বিএনপি নেতা রকিবুল ইসলাম বকুল জামিনের আবেদন করলে বিচারক শুনানী শেষে তার জামিন মঞ্জুর করেন। আসামীপক্ষের আইনজীবী ছিলেন এড. মোমরেজুল ইসলাম, এড. তৌহিদুর রহমান চৌধুরী তুষার, এড. মোহাম্মাদ আলী বাবু। এসব মামলায় তিনি উচ্চাদালত থেকে আগাম জামিনে ছিলেন। আদালতে শুনানীকালে মহানগর বিএনপি অঙ্গ ও সহযোগী দলের শীর্ষ নেতৃবৃন্দ আদালত চত্ত্বরে উপস্থিত ছিলেন। বিএনপি জাতীয় নির্বাহী কমিটির ছাত্র বিষয়ক সম্পাদক ও খুলনা মহানগর বিএনপির সম্মানিত সদস্য রকিবুল ইসলাম বকুল জামিন প্রাপ্তিতে শুকরিয়া আদায় করেছেন খুলনা বিএনপি। বিএনপি মিডিয়া সেল প্রদত্ত বিবৃতিতে নেতৃবৃন্দ অভিযোগ করে বলেন, বিবোধী দল-মত দমন-নিপীড়নে আওয়ামী লীগ পুলিশকে ব্যবহারের করেছে। আইনের শাসন লঙ্ঘন করে একদলীয় শাসন কায়েম ও ক্ষমতা অবৈধভাবে দখলে রাখতে বিএনপির নেতাকর্মীদের বিরুদ্ধে গায়েবী মামলা দায়ের করেছে। অবিলম্বে পুলিশের দায়েরকৃত সকল গায়েবী মামলা প্রত্যাহারের দাবি জানিয়েছেন বিবৃতিদাতারা। বিবৃতিদাতারা হলেন বিএনপি’র কেন্দ্রীয় নির্বাহী কমিটির তথ্য বিষয়ক সম্পাদক আজিজুল বারী হেলাল, খুলনা মহানগর বিএনপির আহবায়ক এড. শফিকুল আলম মনা, জেলা বিএনপির আহবায়ক আমীর এজাজ খান ও মহানগর বিএনপির সদস্য সচিব শফিকুল আলম তুহিন, জেলা বিএনপির সদস্য সচিব মনিরুল হাসান বাপ্পী প্রমূখ।

সাড়ে ৩ বছর পর ডিজাইন পরিবর্তন, ভৈরব সেতুর কাজ বন্ধ
স্টাফ রিপোর্টার
খুলনা মহানগরীর রেলিগেট ও দিঘলিয়া উপজেলাকে পৃথক করেছে ভৈরব নদ। মহানগরীর পাশ দিয়ে বয়ে চলা ভৈরব নদের দুই পাড়ের মানুষের জন্য যোগাযোগ ব্যবস্থা উন্নত করতে ২০১৯ সালে ১৭ ডিসেম্বর একনেকে পাস হয় ভৈরব নদের ওপর সেতু নির্মাণ প্রকল্প।

এরপর ২০২০ সালের ২৭ জুলাই সওজ’র খুলনা জোনের অতিরিক্ত প্রধান প্রকৌশলী ভৈরব নদীর ওপর সেতু নির্মাণ কাজের দরপত্র আহ্বান করেন। প্রক্রিয়া শেষে ২০২০ সালের ১২ নভেম্বর ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির সভায় ওয়াহিদ কনস্ট্রাকশন লিমিটেডকে সেতুর নির্মাণকাজ দেওয়ার বিষয়ে অনুমোদন দেওয়া হয়। কার্যাদেশের পর শুরু হয় এ সেতুর নির্মাণকাজ। পরবর্তী দুবছরে এটি শেষ হওয়ার কথা ছিল। তবে এরই মধ্যে পার হয়ে গেছে সাড়ে তিন বছর। নতুন করে কাজের মেয়াদ বাড়ানো হয়েছে ২০২৪ সালের জুন পর্যন্ত।

নানা অজুহাতে সেতু নির্মাণ কাজ বন্ধ হয় চার থেকে পাঁচবার। একমাস ধরে ফের বন্ধ রয়েছে নির্মাণ কাজ। ভৈরব সেতুর কাজে ধীর গতির কারণে স্থানীয়দের মধ্যে চরম হতাশা কাজ করছে। এ সেতু নির্মাণ হলে স্থানীয় জনপদের জীবন মান বদলে নতুন ধারা যোগ হবে। কিন্তু তা স্থবির হয়ে আছে। নানান জটিলতায় সেতু বাস্তবায়ন কাজ এগোচ্ছে না।

এদিকে প্রায় সাড়ে তিন বছর পর ভৈরব সেতুর নকশায় বড় ধরনের পরিবর্তন আনা হচ্ছে। নতুন প্রস্তাবে মূল সেতু কংক্রিটের পরিবর্তে হবে আর্চ স্টিলের। সেতুর দুই পাশে স্বল্পগতির যানবাহন এবং হাঁটার জন্য পৃথক লেন থাকবে। এতে সেতুর প্রশস্ততা বাড়বে আরো ৯ ফুট। নতুন নকশায় সেতু দেখতে হবে কালনা সেতু ও হাতিরঝিলের মতো। এরই মধ্যে সংশোধিত নকশা তৈরির কাজ সম্পন্ন করেছে সড়ক বিভাগ। চলতি মাসেই চূড়ান্ত অনুমোদনের জন্য এটি সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ে পাঠানো হবে।

এ ছাড়া সেতুর প্রশস্ততা বাড়ায় ১৭, ১৮ ও ১৯ নম্বর পিলারের নকশায়ও সংশোধন আনা হচ্ছে। প্রকল্পে নগরীর মহসীন মোড়ের আগে অ্যাপ্রোচ সড়কে একটি আন্ডারপাস নির্মাণ, সেতু নির্মাণের জন্য ভেঙে ফেলা দুটি মসজিদ ও একটি ঈদগাহ নতুন করে নির্মাণ করতে হবে। এ জন্য প্রকল্পটি সংশোধন করতে হবে। সংশোধিত প্রকল্পের ব্যয়ও বাড়বে, তবে টাকার পরিমাণ এখনো চূড়ান্ত হয়নি। বর্তমানে প্রকল্প ব্যয় ৬১৭ কোটি ৫৩ লাখ টাকা। এর মধ্যে সেতু নির্মাণের ব্যয় ৩০২ কোটি ৭৮ লাখ টাকা।

বর্তমান নকশায় নদীর ওপর ১৬০ মিটার কংক্রিটের সেতু নির্মাণের কথা রয়েছে। সেতুর প্রশস্ততা হবে ৭ দশমিক ৩ মিটার বা প্রায় ২২ ফুট। দুই লেনের সেতুতে স্বল্পগতির যানবাহন এবং মানুষ চলাচলের জন্য পৃথক কোনো লেন নেই। এতে করে ভবিষ্যতে যানবাহনের চাপ বাড়লে যানজট এবং দুর্ঘটনার আশঙ্কা দেখা দেবে।

সড়ক বিভাগ খুলনা অঞ্চলের অতিরিক্ত প্রধান প্রকৌশলী সৈয়দ আসলাম আলী বলেন, নতুন নকশায় প্রশস্ততা বাড়িয়ে ১০ দশমিক ৩ মিটার করা হবে। রূপসা সেতুর মতো দুই পাশে স্বল্পগতির যানবাহনের জন্য সার্ভিস লেন থাকবে। ওজন কম এবং নদীর ভেতরে পিলারের প্রয়োজন না হওয়ায় আর্চ স্টিল সেতু নির্মাণের প্রস্তাব দেওয়া হয়েছে। এতে ব্যয় সামান্য বাড়বে। তবে নকশা পরিবর্তনের জন্য কাজের গতিতে কোনো সমস্যা হবে না বলে জানান তিনি।

কয়েক দফা সময় বাড়িয়েও সেতু নির্মাণের কাজে গতি আনা যাচ্ছে না। কাজের অগ্রগতি মাত্র ১৩ দশমিক ২৯ শতাংশ। এ অবস্থায় নতুন করে মেয়াদ ২০২৬ সালের ৩০ জুন পর্যন্ত বাড়ানোর প্রস্তাব করা হয়েছে। নির্মাণকাজ নিয়ে হতাশ স্থানীয় জনপ্রতিনিধি, উন্নয়ন কর্মী ও সাধারণ মানুষ।

বৃহত্তর খুলনা উন্নয়ন সংগ্রাম সমন্বয় কমিটির নেতারা এক বিবৃতিতে খুলনার ভৈরব নদীর উপর সেতু নির্মাণের কাজ দ্রুততার সঙ্গে সম্পন্ন করার জোর দাবি জানিয়ে বলেন, খুলনার মানুষের দীর্ঘ প্রত্যাশিত এই সেতু নির্মিত হলে অত্র অঞ্চলের যোগাযোগ ব্যবস্থা ত্বরান্বিত হবে। একই সঙ্গে উৎপাদিত কৃষিপণ্য বাজারজাত সহজ হবে এবং অর্থনীতি ও শিল্প বাণিজ্যের প্রসার ঘটবে।

প্রকল্প এলাকা ঘুরে ও সড়ক বিভাগ থেকে জানা গেছে, গত সাড়ে তিন বছরে প্রকল্পের দৃশ্যমান অগ্রগতি সামান্য। সেতুর ৫৮টি পিলার কলামের মধ্যে মাত্র ২০টি নির্মাণ হয়েছে। ২৮টি পিলার ক্যাপের মধ্যে কাজ শেষ হয়েছে ৮টির। সেতুর অ্যাপ্রোচ রোড, সার্ভিস রোড, আরসিসি বক্স কালভার্ট, ড্রেন, কংক্রিটের ঢাল ও দুটি ইন্টারসেকশনের কাজ শুরুই হয়নি।

সেতুর দিঘলিয়া অংশের বেশির ভাগ পিলারের কাজ শেষ হলেও খুলনা শহরের অংশে গতি নেই। কার্যাদেশের চার বছরেও ঠিকাদারকে শহর অংশের জমি বুঝিয়ে দিতে পারেনি সড়ক বিভাগ।

সম্প্রতি সেতুর নির্মাণকাজ পরিদর্শন করেন প্রধানমন্ত্রীর অর্থনৈতিক উপদেষ্টা ড. মসিউর রহমান। পরে তিনি সাংবাদিকদের বলেন, এতো বছর হয়ে গেল, সেতুর কাঠামো এখনো দেখতে পেলাম না। এখন একটাই আশা, জীবিত অবস্থায় যেন সেতুটি দেখতে পাই। ভৈরব সেতুর কাজ সম্পন্ন হলে মানুষের যাতায়াতে অনেক সুবিধা হবে। এই প্রকল্পের কাজ সঠিক সময়ে বাস্তবায়ন করার জন্য তিনি সংশ্লিষ্টদের নিদের্শনা প্রদান করেন।

সেতুর পর্যালোচনা সভায় ধীরগতির কাজ নিয়ে সড়ক বিভাগ ও ঠিকাদারের প্রতি ক্ষোভ ঝাড়েন খুলনা সিটি কর্পোরেশনের মেয়র তালুকদার আবদুল খালেক। তিনি বলেন, তিন বছরে অর্ধেক পিলারের কাজও শেষ হয়নি, যেভাবে পারেন দ্রুত কাজ শেষ করেন।

ঠিকাদারি প্রতিষ্ঠান ওয়াহিদ কনস্ট্রাকশনের পরিচালক সাখাওয়াত হোসেন বলেন, শহর অংশের জমি এখনো বুঝে পাইনি। জমি বুঝে পেলে কাজ শেষ করতে সময় লাগবে না।

সড়ক বিভাগ খুলনার নির্বাহী প্রকৌশলী আনিসুজ্জামান মাসুদ বলেন, দু-একদিনের মধ্যে স্থাপনা নিলামের কার্যাদেশ পাওয়া যাবে। ১৫ দিনের মধ্যে ঠিকাদারকে শহর অংশের জমি বুঝিয়ে দেওয়া হবে।

যেভাবে সবার প্রিয় মানুষ হয়ে উঠেন গোপাল দা
নিজস্ব প্রতিনিধি
৫০ বছরের বেশি সময় ধরে মাগুরার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান ও পাড়া মহল্লায় আইসক্রিম বিক্রি করে আসছেন গোপাল বিশ্বাস। দীর্ঘ সময় ধরে আইসক্রিম বিক্রি করতে করতে গোপাল দা যেন শিশু-কিশোর থেকে শুরু করে সকলের কাছে হয়ে উঠেছেন অত্যন্ত প্রিয় মানুষ। শহরে থেকে শুরু করে গ্রামাঞ্চলের ছোট বড় সকলের কাছে অত্যন্ত প্রিয় ব্যক্তি আইসক্রিম বিক্রেতা গোপালকে দেখলেই শিশু-কিশোর থেকে প্রবীণরাও তাকে গোপাল দা গোপাল দা বলে চিৎকার করে ওঠে।

৪০ বছর আগে যেসব শিশু-কিশোর শিক্ষার্থীরা তার কাছ থেকে আইসক্রিম খেত, তারা এখন নিজ নিজ পেশায় হয়েছেন প্রতিষ্ঠিত। কেউ কেউ হয়েছেন শিক্ষক, ডাক্তার, ইঞ্জিনিয়ার, অ্যাডভোকেট, সাংবাদিক, এমপি এবং বিচারপতি। তাদের ঘরেও সন্তান হয়েছে। কিন্তু তাদের সন্তানরাও স্কুল-কলেজে অথবা রাস্তা-ঘাটে গোপাল দা, গোপাল দা বলে ডাকে। এভাবেই যেন সকলের কাছে আইসক্রিম বিক্রেতা গোপাল দা অতি প্রিয় মানুষে পরিণত হয়েছেন।

ছাত্র জীবনে গোপাল দার কাছ থেকে আইসক্রিম কিনে খেতেন অ্যাডভোকেট কাজী মিহির। তিনি বলেন, আমি তখন ২ নম্বর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের (বতর্মান মডেল সরকারি বিদ্যালয়) চতুর্থ শ্রেণিতে পড়তাম। আমাদের স্কুল জীবনে গোপাল দার সেই আইসক্রিম ছিল সকলের অত্যন্ত প্রিয় মালাই। তখন একটা মালাইয়ের দাম ছিল আটআনা আর একটু ভালো মালাইগুলোর দাম ছিল ১ টাকা। অনেক সময় কাছে পয়সা না থাকলেও গোপাল দা, হাসিমুখে আমাদের আইসক্রিম দিতেন। আজ আমার সন্তান অক্ষর এই স্কুলেই পড়ে। সেও তাকে গোপাল দা বলে ডাকে। এভাবেই যুগ যুগ ধরে সকলের কাছে প্রিয় হয়ে উঠেছেন গোপাল দা।
মাগুরা-১ আসনের সাবেক এমপি অ্যাডভোকেট সাইফুজ্জামান শিখর বলেন, আমাদের শৈশবের সবচেয়ে আনন্দের বিষয় ছিল টিফিনের সময় গোপাল দার আইসক্রিম খাওয়া। এবং কে কয়টা খেতে পারে তার একটা প্রতিযোগিতা। গোপাল দার আইসক্রিম ছিল আমাদের পছন্দের প্রথম স্থানে। আমি তখন সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের ছাত্র ছিলাম। এমন কোনো দিন নেই যে, গোপাল দার আইসক্রিম খাওয়া হয়নি। স্কুল ছুটি হলে অথবা টিফিনের সময় গোপাল দার আইসক্রিমের বাক্সের কাছে সবাই দল বেধে যেতাম। এটি ছিল আনন্দের বিষয়। গোপাল দা ছিল আমাদের স্বপ্নের ফেরিওয়ালা। তার আইসক্রিম খায়নি, এমন মানুষ মাগুরাতে নেই বললেই চলে! আমার মতো হাজারো ছেলেমেয়ের স্কুল জীবনের শৈশবজুড়ে গোপাল দা এবং তার আইসক্রিম আছে। আজও মাঝেমধ্যে দেখা হলে গোপাল দা ছুটে আসেন আইসক্রিম খাওয়াতে।

আইসক্রিম বিক্রেতা পারনান্দুয়ালি গ্রামের গোপাল বিশ্বাস বলেন, ছোট ছোট ছেলেমেয়েরা যখন গোপাল দা বলে ডাক দেয়, তখন খুব ভালো লাগে। টাকা না থাকলেও শিশুদের হাতে একটা আইসক্রিম তুলে দিতে পারলে খুবই তৃপ্তি পাই। কাঁধে করে অথবা মাথায় করে আইসক্রিমের বাক্স নিয়ে স্কুলে স্কুলে পাড়া মহল্লায় ঘুরে ঘুরে আইসক্রিম বিক্রি করছি ৫০ বছর ধরে। কিন্তু এখন একটি আইসক্রিম বিক্রির ভ্যান গাড়ি পেয়েছি। তাই আগের মতো কষ্ট হয় না। এক সময় যেসব ছেলেমেয়েরা আমার কাছ থেকে স্কুল জীবনে আইসক্রিম খেত তারাই এটি আমাকে উপহার দিয়েছে। জীবনে আর যে কদিন বেঁচে থাকি এভাবেই শিশুদের আইসক্রিম খাওয়াতে চায়।

কয়রায় জমে উঠেছে উপজেলা পরিষদ নির্বাচন-২০২৪
মোটরসাইকেল ও আনারস প্রতিকের লড়াই হবে হাড্ডা-হাড্ডি

কয়রা(খুলনা)প্রতিনিধি
দ্বি-পাক্ষিক লড়াইয়ে টান টান উত্তেজনার মধ্য দিয়ে জমে উঠেছে ২৯ মে-২০২৪, বুধবার অনুষ্ঠিত খুলনার কয়রা উপজেলা পরিষদ নির্বাচন। ভোটের দিন যতই এগিয়ে আসছে ততই বাড়ছে প্রচার-প্রচারণা। কোমর বেঁধে নেমে পড়েছেন প্রার্র্থীরা। মাঠ পর্যায়ে স্বশরিরে প্রচারণার পাশাপশি সামাজিক যোগাযোগ মাধ্যম গুলোতে চলছে জোর প্রচারণা। যেখানে কয়রা উপজেলা বাসীর ভাগ্যের উন্নয়নের কথা বলছেন প্রার্থীরা। দিচ্ছেন বিভিন্ন প্রতিশ্রুতি। সব মিলিয়ে শেষ সময়ে এসে ভোটের হিসাব-নিকাশে অনেকটাই পরিবর্তনের কথা বলছেন সাধারণ ভোটাররা। উপজেলার ৭ টি ইউনিয়নের ভোটাররাই এমন ব্যক্তিকে নির্বাচিত করতে চাচ্ছেন যাকে সুখে-দুঃখে বিপদে-আপদে সবসময় পাশে পাবেন। তবে নিরপেক্ষ নির্বাচন ও সুষ্ঠুভাবে ভোট দেওয়ার সুযোগ চান ভোটাররা। নির্বাচন উপলক্ষে গ্রামঞ্চল, হাট বাজার থেকে শুরু করে আনাচে কানাচে প্রার্থীদের পোষ্টারে ছেয়ে গেছে। বিশেষ করে সন্ধ্যার পর ভোটার সমার্থকদের ব্যাপক আড্ডা লক্ষ্য করা গেছে চায়ের দোকানগুলোতে। ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনে দলীয় প্রতীক না থাকায় ৩য় ধাপের এই নির্বাচনকে ঘিরে স্থানীয় আওয়ামীলীগ ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা দুই ভাগে বিভক্ত হয়ে পড়েছেন। তবে যারা মাঠে রয়েছেন তারা সবাই আওয়ামীলীগের রাজনীতির সঙ্গে জড়িত।
তথ্যানুযায়ী, বেশিরভাগ নেতাকর্মীরা বিগত দিনে আওয়ামীলীগ মনোনীত নৌকার বিপক্ষে বিদ্রোহী হিসেবে কাজ করেছেন একটা অংশ বর্তমান চেয়ারম্যান পদে এসএম শফিকুল ইসলামের পক্ষে কাজ করলেও বেশিরভাগ দলীয় পদধারি তৃর্ণমূল আওয়ামীলীগ নেতাকর্মী, ছাত্রলীগ ও যুব সমাজের ত্যাগী এবং সুবিধাবঞ্চিত নেতাকর্মীরা উপজেলা আওয়ামীলীগের সভাপতি জিএম মোহসিন রেজার পক্ষে প্রচার প্রচারণা চালিয়ে যাচ্ছেন। এমনকি উপজেলা যুবলীগের সভাপতি এসএম শফিকুল ইসলাম বিগত দিনে ইউনিয়ন পরিষদ ও উপজেলা পরিষদে নৌকার বিপক্ষে বিদ্রোহী হিসেবে জয়লাভ করেছেন। কিন্তু এবার এবার নির্বাচনে দলীয় প্রতিক না থাকায় কিছুটা থমকে গেছেন।
অপর দিকে জিএম মোহসিন রেজা নৌকা প্রতিক নিয়ে একবার জয়লাভ করলেও ২য়বার বিদ্রোহী প্রার্থীর কাছে হেরেছেন। কিন্তু তিনি সদ্য সংসদ নির্বাচনে একই ভাবে বর্তমান চেয়ারম্যান গ্রুপ ঈগল প্রতিকে কাজ করে এবং মোহসিন রেজা নৌকার পক্ষে কাজ করে। কয়রা জামায়াত অধ্যুষিত এলাকা হিসেবে চিহ্নিত থাকলেও এই প্রথম নৌকা মার্কায় বেশি ভোট পেয়ে জয়লাভ করেন।
তবে পছন্দের প্রার্থীর পক্ষে প্রচারণায় অংশ নিয়ে বিজয়ের মালা পরানোর আশাবাদ ব্যক্ত করে অনেকেই একে অন্যের উপর আক্রমণাত্নক বক্তব্য দিলেও কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি। এ নির্বাচনকে ঘিরে সাধারণ মানুষের মাঝে খুব বেশি আগ্রহ না দেখা গেলেও বিভিন্ন হাট বাজার ও পাড়া মহল্লার মোড়ে মোড়ে দোকানের সামনে দলীয় নেতাকমী ও সচেতন মহল নানা সমীকরনের ব্যাখা দিয়ে চলেছেন।

উপজেলা আওয়ামীরীগের সাধারণ সম্পাদক নিশিত রঞ্জন মিস্ত্রী বলেন, জিএম মোহসিন রেজা ২০০৪ সাল থেকে আওয়ামীলীগের সাধারণ সম্পাদক পদে ও ২০০৯ সাল থেকে অদ্যাবদি দীর্ঘদিন উপজেলা আওয়ামীলীগের সভাপতির পদে রাজনীতিতে দায়িত্ব পালন করা, একবার উপজেলা চেয়ারম্যান হিসেবে নির্বাচিত এবং বহু বছর ধরে স্থানীয় ও সংসদ নির্বাচন পরিচালনায় দায়িত্ব পালন করায় দলীয় নেতাকর্মদের মাঝে ব্যাপক গ্রহনযোগ্যতা রয়েছে। এবং ৭ টি ইউনিয়নের ৫ টি চেয়ারম্যান তার পক্ষে কাজ করায় বেশি সুবিধা আছে। তাই ভোটের মাঠে দলীয় নেতাকমীদের উপস্থিতি যত বেশি হবে মোহসিন রেজার জয় তত বেশি সহজ হবে।

উত্তরবেদকাশি ইউপি চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি সরদার নুরুল ইসলাম এবং দক্ষিণ বেদকাশি ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সমরেস কুমার একই সুরে বলেন, বিগত ৫ বছর উপজেলায় রাস্তাঘাটের উন্নয়ন হয়নি। এমনকি নির্বাচন পরবর্তী মানুষের বাড়ীঘর ভাংচুর, মারামারিতে রক্তের কর্মযজ্ঞে পরিণত হয়েছিল। তাই এবার উপজেলা পরিষদ নির্বাচনে উপজেলার মানুষ পরিবর্তন চান বলে জিএম মোহসিন রেজার মোটর সাইকেল প্রতিকে গনজোয়ারের ঢল নেমেছেন। তিনি সাধারণ মানুষের কাছে একজন নিঃস্বার্থ এবং ত্যাগী নেতা হিসেবে পরিচিতি লাভ করে আসছেন। তাকে নিয়ে উপজেলার মানুষ স্বপ্ন দেখেন উন্নয়নের সারথি হিসেবে। কারন তার স্বপ্ন উপজেলাকে স্মার্ট বাংলাদেশের রোল মডেল হিসেবে প্রতিষ্ঠিত করা।

অপর দিকে উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি আঃ সাত্তার পাড় বলেন, উপজেলা যুবলীগের সভাপতি এসএম শফিকুল ইসলাম দীর্ঘ ৫ বছর উপজেলা পরিষদের চেয়ারম্যানের দায়িত্ব পালনের কারনে উপজেলার ৭ টি ইউনিয়নের ১৩১ টি গ্রামের এমন কোন পাড়া মহল্লা নেই যেখানে তার যাতায়াত ছিল না। সদর ইউনিয়ন ও মহারাজপুর ইউনিয়নের দুই হেভিয়েট চেয়ারম্যান সাথে থাকায় এবং তার পরিচ্ছন্ন রাজনৈতিক ইমেজের কারনে সাধারণ ভোটরদের মাঝেও তার ব্যাপক জনপ্রিয়তা রয়েছে। এজন্য এবার নির্বাচনে আনারস মার্কার জয় হবে।
মহেশ^রীপুর ইউপি মেম্বর মহাসিস বলেন, উপজেলার সাধারণ মানুষ বিশ^াস করেন শফিকুল ইসলাম আবারও উপজেলা পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হলে সাধারণ মানুষের মাঝে রাষ্ট্রের সকল বরাদ্ধের সুষম বন্ঠন করবেন এবং এলাকার উন্নয়ন ও অগ্রযাত্রায় ব্যাপক উন্নয়ন সাধিত হবে।

তবে অনাদী সানার ঘোড়া মার্কার অবস্থান নড়বড়ে হলেও ও তেমন প্রচার প্রচারনা না করলেও এ্যাডঃ হিসেবে তার একটা পরিচিতি আছে।
অন্যদিকে ভোটের মাঠে সাধারণ মানুষের কাছে ভোটের হিসাব নিকাশের খোজ নিয়ে জানা গেছে, তারা বলেন, আওয়ামীলীগ সরকার ক্ষমতায়। যারা মাঠে রয়েছেন তারাও আওয়ামীলীগ সেজন্য সরকার, এমপি এমনকি আওয়ামীলীগ দলের সাথে যে ওতপ্রতভাবে জড়িত তাকে নির্বাচিত করতে পারলে এলাকার রাস্তাঘাট, বরাদ্ধ তথা সামগ্রীক উন্নয়ন হবে। এবং মারামারি হানাহানি থেকে বিরত থেকে মানুষ শান্তিতে বসবাস করতে পারবে।
উল্লেখ্য ২৯ মে অনুষ্ঠিত ষষ্ঠ কয়রা উপজেলা পরিষদ নির্বাচনের ভোট গ্রহন হবে ব্যালট পেপারে। এ নির্বাচনে ৭ টি ইউনিয়নের মোট ভোটার ১ লক্ষ ৭৮ হাজার ৫ শত ৩৭ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন। এর মধ্যে পুরুষ ভোটর ৯০ হাজার ৩ শত ২০ জন, মহিলা ভোটার ৮৮ হাজার ২ শত ১৬ জন এবং হিজরা ভোটার ১ জন।
উপজেলা নির্বাচনের সার্বিক পরিস্থিতি সম্পার্কে সহকারি রিটানিং কর্মকর্তা ও উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) বিএম তারিক উজ-জামান বলেন, প্রার্তীরা নির্বাচনী আচরণ বিধি মেনে চলছেন কিনাতা নিশ্চিত করতে মাঠে একজন নির্বাহী ম্যাজিস্ট্রেট দায়িত্ব পালন করছেন।এখনও পর্যন্ত কেউ কোন প্রার্থীর বিরুদ্ধে লিখিত অভিযোগ করেননি। নির্বাচন সুষ্ঠু, অবাদ ও নিরপেক্ষ করতে কমিশনের সব ধরনের প্রস্তুতি রয়েছে।পর্যাপ্ত পরিমাণ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী নিয়োজিত থাকব্ েসব প্রার্থীকে সমান গুরুত্ব দিয়ে নির্বাচনী পরিবেশ নিরপেক্ষ রাখতে আমাদের সর্বোচ্চ চেষ্টা অব্যহত থাকবে।

বরিশাল সমিতি’র উদ্যোগে হজ্বযাত্রীদের বিদায় সংবর্ধনা
খবর বিজ্ঞপ্তি
ঐতিহ্যবাহী বরিশাল বিভাগীয় কল্যাণ সমিতি, খুলনা’র সদস্য যাঁরা এ বছর পবিত্র হজ্বব্রত পালন করতে যাচ্ছেন তাঁদেরকে বিদায় সংবর্ধনা জানানোসহ হজ্বযাত্রায় সহি-সালামতী কামনা করে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। সমিতির সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব এ্যাড. আব্দুল মালেকের সভাপতিত্বে ১৯ মে ’২৪ তারিখ নগরীর কাইফেং চাইনিজ রেঁস্তরার মিলনায়তনে অনুষ্ঠিত সংবর্ধনায় প্রধান আলোচক ছিলেন সাবেক যুগ্ম সচিব বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব কামরুল হক নাসিম এবং বিশেষ আলোচক ছিলেন খুলনা ওয়াসা’র ডিএমডি আলহাজ্ব প্রকৌশলী কামাল উদ্দীন আহমেদ ও বিশিষ্ট সমাজসেবক আলহাজ্ব জলিল খান কালাম।
সমিতির সাধারণ সম্পাদক আলহাজ্ব রোটারিয়ান ইঞ্জিনিয়ার রুহুল আমিন হাওলাদারের সঞ্চালনায় পবিত্র কালামে পাক থেকে তেলওয়াতের মধ্য দিয়ে শুরু হওয়া অনুষ্ঠানে স্বাগত বক্তৃতা করেন অনুষ্ঠানের প্রধান সমন্বয়কারী আলহাজ্ব রোটারিয়ান আলতাফ হোসেন, ধন্যবাদ জ্ঞাপন করেন সদস্য সচিব আলহাজ্ব হুমায়ুন কবির বালী এবং দোয়া পরিচালনা করেন আহ্বায়ক আলহাজ্ব মুজিবর রহমান খন্দকার। অনুষ্ঠানের প্রেক্ষাপট এবং সমিতির ঐতিহ্য তুলে ধরে বক্তৃতা করেন সমিতির অন্যতম প্রতিষ্ঠাতা নেতা মোঃ ফিরোজ আলম খান। হজ্ব পালনের গুরুত্বের উপর আলোচনা করেন আলহাজ্ব মাওলানা অধ্যাপক আজিজুর রহমান সিদ্দিকী এবং আলহাজ্ব মাওলানা ইছা রুহুল্লাহ। হজ্বযাত্রীদের পক্ষ থেকে বক্তৃতা করেন আহসান উল্লাহ বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ড. কাজী মোকলেসুর রহমান, অধ্যাপক নাসির উদ্দীন আহমেদ এবং মেরীন ইঞ্জিনিয়ার সৈয়দ জাকির হোসেন।
এ সময়ে অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন ও উপস্থিত ছিলেন সমিতির অন্যতম প্রতিষ্ঠাতা নেতা মোঃ খলিলুর রহমান, মেজর ডোনার মেম্বর এম এ সালাম, সমিতির নেতা আলহাজ্ব ইঞ্জিনিয়ার কাজী এনায়েত হোসেন, আলহাজ্ব আশরাফ হোসেন, মোঃ হুমায়ুন কবির খান, প্রকৌঃ মাহাবুবুর রহমান শামীম, মোঃ সালাম মোল্লা, আলহাজ্ব নাজেম আলী খলিফা, আলহাজ্ব দেলোয়ার তালুকদার, আলহাজ্ব আবুল হাসান, শিক্ষক হুমায়ুন কবির, ডা. এন এম বাবুল, মোঃ দেলোয়ার হোসেন, হাফিজুর রহমান, মোঃ রানা, আলহাজ্ব কাজী সালমা প্রমুখ নেতৃবৃন্দ।
সভা থেকে দেশে চলমান উপজেলা নির্বাচনে ঝালকাঠী সদর উপজেলার চেয়ারম্যান প্রার্থী সমিতির মেজর ডোনার মেম্বর আলহাজ্ব সুলতান হোসেন খান এবং সমিতির নেত্রী মংলা উপজেলার ভাইস চেয়ারম্যান প্রার্থী আলহাজ্ব কামরুন নাহার হাই এর সাফল্য কামনা করা হয়। পরিশেষে সমিতির প্রয়াত সদস্যদের আত্মার মাগফেরাত ও অসুস্থ সদস্যদের সুস্থতা কামনায় বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।

যশোরের শার্শা উপজেলা নির্বাচনকে ঘিরে সাধারণ মানুষের মাঝে উদ্বেগ উৎকন্ঠা
বেনাপোল প্রতিনিধি
যশোরের অন্যতম গুরুত্বপূর্ণ উপজেলা শার্শার নির্বাচন আগামী ২১ মে। ইভিএমে ভোট গ্রহণ করা হবে এই উপজেলাতে । নির্বাচনকে ঘিরে প্রশাসন ও সাধারণ মানুষের মাঝে উদ্বেগ উৎকন্ঠার শেষ নেই। ক্রমেই উত্তপ্ত হয়ে উঠছে সীমান্তবর্তী এই উপজেলার পরিবেশ। যারা নির্বাচনে প্রার্থী হয়েছেন তারা সকলেই আওয়ামীলীগ ও যুবলীগের শীর্ষ পর্যায়ের নেতা।

ইতিমধ্যে নির্বাচনী সহিংসতায় সাবেক ইউপি চেয়ারম্যানসহ কয়েকজন গুরুতর আহত হয়েছেন। অন্যান্য স্থান থেকেও বিচ্ছিন্ন ঘটনা ঘটছে।
দেশের সর্ববৃহৎ স্থলবন্দর বেনাপোল ও শার্শা উপজেলা যশোর জেলার অন্তর্গত। এই বন্দর দিয়ে বছরে প্রায় ১২ হাজার কোটি টাকার রাজস্ব আয় করে সরকার। ভারতের পশ্চিম বাংলার রাজধানী কোলকাতার দূরত্ব কম হওয়ায় দেশের শতকরা ৭০ ভাগ পাসপোর্টযাত্রী বেনাপোল বন্দর দিয়েই যাতায়াত করেন।

বেনাপোল বন্দরের উপর অনেক মানুষের জীবিকা নির্ভর করে। সে কারণে এ বন্দরকে নিয়ন্ত্রণ বা কর্তৃত্ব প্রতিষ্ঠার করার প্রবনতা স্থানীয় রাজনীতিবিদদের।
প্রার্থী হওয়ার ক্ষেত্রে কোনো বাধ্যবাধকতা না থাকায় যে যার পেশী শক্তি কাজে লাগানোর চেস্টা করছে। নির্বাচনকে তীব্র প্রতিদ্বন্দ্বিতার জায়গায় নিয়ে যাওয়ার পাশাপাশি পরিবেশ নিয়ে শংকাও তৈরি হয়েছে।

শার্শা উপজেলা পরিষদের নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন ১১ জন। তাদের মধ্যে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আব্দুল মান্নান মিন্নু (মোটরসাইকেল), উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক অধ্যক্ষ ইব্রাহিম খলিল (ঘোড়া), উপজেলা যুবলীগের সভাপতি অহিদুজ্জামান অহিদ (আনারস) এবং যুবলীগের সাধারণ সম্পাদক ও সাবেক ইউপি চেয়ারম্যান সোহরাব হোসেন (দোয়াত কলম)।

ভাইস চেয়ারম্যান (পুরুষ) পদে চারজন প্রতিদ্বন্দ্বিতা করছেন। তারা হলেন উপজেলা ছাত্রলীগ সভাপতি আব্দুর রহিম সরদার (তালা), সাবেক ছাত্রলীগ নেতা সরদার সাহরিন আলম বাদল (টিউবওয়েল), যুবলীগ নেতা তরিকুল ইসলাম মিলন (টিয়া পাখি) এবং শফিকুল ইসলাম মন্টু (চশমা)।

মহিলা ভাইস চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন তিনজন। তারা হলেন বর্তমান মহিলা ভাইস চেয়ারম্যান ও উপজেলা মহিলা আওয়ামী লীগ নেত্রী আলেয়া ফেরদৌস (হাঁস), নাজমুন নাহার (ফুটবল) এবং জেলা যুবমহিলা লীগের সাধারণ সম্পাদক শামিমা আলম সালমা (কলস)।

২ মে নির্বাচনী প্রতীক বরাদ্দের পর পরই নির্বাচনী প্রচারে সরগরম হয়ে উঠেছে পুরো পরিবেশ।

আব্দুল মান্নান মিন্নু ছাড়া চেয়ারম্যান পদের অপর তিনজন প্রার্থী স্থানীয় রাজনীতিতে এমপি শেখ আফিল উদ্দিনের কাছের মানুষ হিসেবে পরিচিত। যে কোনো কর্মসূচি থেকে এমপির ব্যক্তিগত ও অন্যান্য অনুষ্ঠানাদিতে ছায়ার মতো সঙ্গ দিতেন অধ্যক্ষ ইব্রাহিম খলিল, অহিদুজ্জামান অহিদ এবং সোহরাব হোসেন।

ফলে, একই পক্ষ থেকে তিনজন প্রতিদ্বন্দ্বিতায় অবতীর্ণ হওয়ায় এমপি শেখ আফিল উদ্দিন একটু অস্বস্তিতেই পড়েছেন বলে মনে করছেন তার সমর্থকেরা। যদিও, সাবেক ইউপি চেয়ারম্যান সোহরাব হোসেন নিজেকে এমপি শেখ আফিল উদ্দিনের মনোনীত প্রার্থী হিসেবে পরিচয় দিয়ে প্রচার-প্রচারণা চালাচ্ছেন। তবে নির্বাচনের লড়াইটা হবে ত্রীমূখী।

কে›ন্দ্র দখল, বেছে বেছে ভোটারদের বাড়ি বাড়ি যেয়ে কেন্দ্রে না যাওয়ার জন্য হুমকি, রাস্তায় ভোটারদেরকে আটকে দেওয়া, কেন্দ্রের সামনে সারিবদ্ধ ভাবে দাঁড়িয়ে বুথের মধ্যে একজন প্রার্থীর পক্ষে দেদারছে ভোট কাটার কৌশল সম্পর্কেও সবাই সতর্ক।

গত ১২ মে রোববার জেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভায় নির্বাচন নিয়ে যে দুটো উপজেলাকে ঝুঁকিপূর্ণ উল্লেখ করে আশংকা করা হয়েছে তারমধ্যে শার্শা উপজেলা অন্যতম। সভাতে প্রশাসনের পক্ষে হুশিয়ারি দেওয়া হয়েছে যারা জোর করে ভোট কেন্দ্র দখলের চেস্টা করবেন তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে।

কারণ, প্রশাসন কঠোরভাবেই এই চ্যালেঞ্জ মোকাবেলা করে অবাধ ও সুষ্ঠু পরিবেশে ভোট গ্রহণ সম্পন্ন করতে বদ্ধপরিকর। কোনো দল, মত বা প্রার্থীকে বিশেষ কোনো সুবিধা প্রদান, কেন্দ্র দখল বা সহিংসতা করার সুযোগ দেওয়া হবে না।
এসব অপতৎপরতার বিরুদ্ধে জিরো টলারেন্স নীতিতে থাকবে জেলা প্রশাসন। যে কোনো অপতৎপরতা শক্ত হাতে রুখে দেওয়া হবে বলে সুস্পষ্টভাবে জানানো হয়েছিল ওই সভায়।

শার্শা উপজেলা নির্বাচন কর্মকর্তা ও সহকারী রিটানিং কর্মকর্তা মোঃ কামাল উদ্দিন আহমেদ বলেন, শার্শা উপজেলা পরিষদ ১১টি ইউনিয়ন ও একটি পৌরসভা নিয়ে গঠিত। মোট ভোটার সংখ্যা দুই লাখ ৯৯ হাজার ১১১ জন। এর ভেতর পুরুষ ভোটার এক লাখ ৫০ হাজার ১৯৯জন, নারী ভোটার এক লাখ ৪৮ হাজার ৯১০ জন ও তৃতীয় লিঙ্গের দুই জন।
শার্শা উপজেলা নিয়েই গঠিত যশোর-১ সংসদীয় আসন। এবারের উপজেলা নির্বাচনে মোট ভোটকেন্দ্র রয়েছে ১০২টি। এর ৬৬১টি বুথে সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে ভোট গ্রহণ করা হবে। নির্বাচন উপলক্ষে প্রশাসনের পক্ষ থেকে ব্যাপক প্রস্তুতি গ্রহণ করা হয়েছে।

দাকোপে কৃষি উপকরণ বিক্রেতা ও লিড ফারমারের সাথে পরিকল্পনা সভা অনুষ্ঠিত
দাকোপ প্রতিনিধি
দাকোপে বীজ বাজারজাতকরণের সমস্যা ও সমাধানের জন্য উপকরণ বিক্রেতা, লিড ফারমার এবং কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের সাথে উপজেলা পর্যায়ে ত্রৈমাসিক আলোচনা ও পরিকল্পনা সভা অনুষ্ঠিত হয়েছে। ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ নবযাত্র-২ প্রকল্পের আয়োজনে ইউএসএআইডি প্রকল্পের সহযোগীতায় রবিবার সকাল ১০ টায় উপজেলা প্রাণীসম্পদ অফিসের হলরুমে নবযাত্রা ২ প্রকল্পের ইকোনমিক এন্ড মার্কেট সিস্টেম স্পেশালিস্ট মোছাঃ লেবনা ইয়াসমিনের পরিচালনায় পকিল্পনা সভায় প্রধান আলোচক ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মোঃ শফিকুল ইসলাম। এসময় অন্যানের মধ্যে উপস্থিত ছিলেন সাংবাদিক মোঃ মামুনুর রশিদ, ইউনাইটেড সীড প্রোঃ কোম্পানীর মার্কেটিং অফিসার পলাশ মল্লিক, কৃষক ও সার,বীজ ব্যবসায়ীদের মধ্যে জীবন মন্ডল, ছন্দা মন্ডল, লক্ষী মন্ডল, সাবিনা ইয়ামিন, কাকলি মন্ডল, লক্ষী সরদার, বাদসা মিয়া, সুকল্যাণ সরকার, তুষার মিস্ত্রী, ফজলু শেখ, সুশংকর মন্ডল, গোপাল কুমার থান্দার প্রমুখ।

পাইকগাছার উপজেলা নির্বাচন
গণসংযোগে ব্যস্ত চেয়ারম্যান প্রার্থী শেখ কামরুল হাসান টিপু

কপিলমুনি (খুলনা) প্রতিনিধি ঃ
পাইকগাছা উপজেলা নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী শেখ কামরুল হাসান টিপু উপজেলার সর্বত্র মাঠ চষে বেড়াচ্ছেন। প্রতিটি পাড়া-মহল্লায় উঠান বৈঠক, আলোচনা সভা, পরিচয় সভা, এবং প্রতিটি ইউনিয়নে কমিটি গঠন করে নির্বাচনী প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন। প্রতিটি এলাকায় ভোটার, নেতাকর্মী, সহ সর্বস্তরের মানুষ প্রচারণায় অংশ নিচ্ছেন। মুক্তিযোদ্ধা ও শহীদ পরিবারের সন্তান উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক শেখ কামরুল হাসান টিপু উপজেলার দশটি ইউনিয়নের প্রতিটি গ্রাম, পাড়া-মহল্লায় সর্বস্তরের মানুষকে সাথে নিয়ে নির্বাচনী প্রচারণা চালিয়ে যাচ্ছেন। এ সময় তিনি বর্তমান সরকারে উন্নয়ন কর্মকান্ড, উপজেলা পরিষদের আগামী উন্নয়ন ভাবনা ও পরিকল্পনার চিত্র তুলে ধরেন। এ ধরনের গণসংযোগের ফলে প্রতিটি এলাকায় উৎসবের আমেজ বিরাজ করছে। উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক টিপু তার নিজস্ব নানা কৌশলে গণসংযোগ করে যাচ্ছেন। রবিবার আগরঘাটা, হরিঢালী ও কপিলমুনিতে ব্যাপক গণসংযোগ করেন তিনি, তার এই গণসংযোগে মুহূর্তের মধ্যে জনসমুদ্রে পরিণত হয়।
এ সময় তার সঙ্গে উপস্থিত ছিলেন হরিঢালী কপিলমুনি, লতা, দেলুটি, চাঁদখালী, গড়ুইখালী, রাড়ুলী, গদাইপুর, লস্কর, ও সোলাদানা ইউনিয়নের গণ্যমান্য ব্যক্তিবর্গ সহ সর্বস্তরের জনগণ। উপজেলা পরিষদের চেয়ারম্যান প্রার্থী শেখ কামরুল হাসান টিপু বলেন, উপজেলা পরিষদ হচ্ছে জনগনের উন্নয়নের কেন্দ্রবিন্দু। ফলে বর্তমান সরকারে উন্নয়নের সব কার্যক্রম উপজেলা ভিত্তিক হলে জনগণ উপকৃত হবে। সৎ আদর্শ মানুষ নির্বাচিত হলে জনগণ ভালো সেবা পাবে। তাই জনগণের কল্যাণে কাজ করতে আপনাদের সহযোগিতা কামনা করছি ।

কয়রায় মিথ্যা অভিযোগে হয়রানি করার প্রতিবাদে সংবাদ সম্মেলন
কয়রা(খুলনা)প্রতিনিধি
কয়রায় মিথ্যা অভিযোগ দিয়ে হয়রানি করার প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছেন উপজেলার তেতুলতলারচর গ্রামের মৃত মইজুদ্দীন শেখের পুত্র আঃ হামিদ শেখ। তিনি সুন্দরবন খুলনা রেঞ্জের হায়াতখালী বন টহল ফাঁড়ির কমিউনিটি প্রেটোলিং গ্রুপ ( সিপিজি) সদস্য। গতকাল রবিবার বেলা ১১ টায় স্থানীয় প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য তিনি জানান, গত ১৬ মে মহেশ্বরীপুর ইউনিয়নের ৬নং ওর্য়াডের ইউপি সদস্য মোঃ গনি মোড়ল সংবাদ সম্মেলনের মাধ্যমে আমার বিরুদ্ধে যে সকল অভিযোগ দায়ের করেছে তা সম্পুর্ন মিথ্যা ভিত্তীহিন ও বানোয়াট। ইউপি সদস্য গনি মোড়ল অভিযোগ করেছে যে গত ১৪ মে আমার বাড়ি হতে সুন্দরবনের কর্তন নিষিদ্ধ কাঠ সহ গোলপাতা উদ্ধার করা হয়েছে। ঘটনাটি সঠিক না। পরিত্যাক্ত অবস্থায় সেগুলো উদ্ধার করা হয়েছে। আমাকে হয়রানী করার উদ্দেশ্য এমন তথ্য প্রদান করা হয়েছে। প্রকৃত ঘটনাটি হলো যে, আমি সিপিজি সদস্য হিসাবে বন বিভাগকে তথ্য প্রদান করে সহযোগিতা করে থাকি। আমার তথ্যর ভিত্তিতে বন বিভাগের সদস্যরা অনেক বন অপরাধের সাথে জড়িত ব্যাক্তিদের আটক পুর্বক ব্যবস্থা গ্রহন করেছে। যার প্রেক্ষিতে সুন্দরবনের অবৈধ সম্পদ আহরনকারী সদস্যরা আমার বিরুদ্ধে নানা ধরনের ষড়যন্ত্র লিপ্ত রয়েছে। সম্প্রতি বন অপরাধের সাথে জড়িত থাকার অভিযোগে ইউপি সদস্যর পুত্র শহিদুল ইসলামের বিরুদ্ধে মামলা দায়ের করেছে বন বিভাগ। ঐ ঘটনাকে কেন্দ্র করে আমার বিরুদ্ধে তার পিতাকে দিয়ে সংবাদ সম্মেলনের মাধ্যমে হয়রানি করার চেষ্টা করছে। বন বিভাগ কোন সাধারন মানুষের বিরুদ্ধে মিথ্যা মামলা দায়ের করেনা। যারা বন অপরাধের সাথে জড়িত রয়েছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহন করে থাকে। তিনি আরও বলেন, ইউপি সদস্য মোঃ গনি মোড়লের পুত্র শহিদুল ইসলাম সুন্দরবনের সকল প্রকার অবৈধ কাজের সাথে জড়িত রয়েছে। তার মদদে বিষ প্রয়োগ করে মাছ ও হরিন শিকার করে থাকে অসাধু জেলেরা। তার বিরুদ্ধে জায়গা দখল সহ বিভিন্ন অভিযোগ রয়েছে। ইতিপুর্বে বিভিন্ন অভিযোগে মামলা রয়েছে তার বিরুদ্ধে। প্রভাবশালী হওয়ায় তাদের বিরুদ্ধে কেউ কথা বলতে সাহস পায় না। তাদের এসকল কাজের প্রতিবাদ করায় আমার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ দিয়ে হয়রানি করছে। সংবাদ সম্মেলনের মাধ্যমে প্রকৃত ঘটনাটি উৎঘাটনের পাশাপাশি তদন্তপুর্বক ব্যবস্থা গ্রহনের জন্য প্রশাসনের আশু হস্তক্ষেপ কামনা করছি। এ ব্যাপারে জানতে চাইলে শহিদুল ইসলাম বলেন, সিপিজি সদস্য আঃ হামিদ তার অপকর্ম ধামা চাপা দেওয়ার জন্য আমার বিরুদ্ধে মিথ্যা সংবাদ সম্মেলন করেছে।

মহেশপুরে এক নারী মাদক ব্যবসায়ী আটক
মহেশপুর(ঝিনাইদহ)প্রতিনিধি,
ঝিনাইদহের মহেশপুরে ২০ বোতল ফেনসিডিলসহ এক নারী মাদক ব্যবসায়ীকে আটক ককরেছে মহেশপুর থানা পুলিশ। রোববার(১৯ মে) সকালে উপজেলার নাটিমা ইউপির কুরিপোল টালিখোলা এলাকা থেকে তাকে আটক করা হয়। আটককৃত নারী মাদক ব্যবসায়ী নাহিদা আফরোজ তাসলিমা(৪৪)পটুয়াখালী জেলার চর মৌশাদি গ্রামের মোতালেব হালদারের মেয়ে।
মহেশপুর থানা ওসি মাহাবুবুর রহমান জানান, মাদক পাচার হচ্ছে এমন গোপন সংবাদের ভিক্তিত্বে থানা পুলিশের একটি দল যাদবপুর টু মহেশপুর সড়কের কুরিপোল টালিখোলা নামক স্থানে অবস্থান নেয়। পরে ইজিবাইকের যাত্রী ওই নারীর ব্যাগ তল্লাসী করে ২০ বোতল ফেনসিডিলসহ তাকে আটক করা হয়। আটককৃত আসামীর বিরুদ্ধে মামলা রজু করে আদালতে সোপর্দ করা হয়েছে বলে জানান তিনি।

খুলনা চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি’র সভাপতি কাজি আমিনুল হক এর
সুস্থতা কামনা করেছেন ন্যাপ ভাসানীর নেতৃবৃন্দ

খবর বিজ্ঞপ্তি
খুলনা চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি’র সভাপতি কাজি আমিনুল হক অসুস্থ হয়ে বর্তমানে থাইল্যান্ডে চিকিৎসাধীন আছেন। তাঁর সুস্থতা কামনা করে বিবৃতি প্রদান করেছেন ন্যাশনাল আওয়ামী পার্টি (ন্যাপ ভাসানী) খুলনা মহানগর সভাপতি আশিক-উস সালেহিন, সাধারণ সম্পাদক মোঃ মাসুম মৃধা, সহ-সভাপতি ডাঃ মোঃ নূর ইসলাম তালুকদার, উপদেষ্টা শেখ ফজলুল রহমান, ন্যাপ নেতা শেখ রিজওয়ান রিজু, বিশিষ্ট ব্যবসায়ী মোঃ জাহাঙ্গীর হোসেন, ২৪নং ওয়ার্ড সভাপতি মোঃ আজিম হাওলাদার, ২০নং ওয়ার্ড সভাপতি মোঃ ফরিদ খান, সহ-সভাপতি সাজিদ হোসেন মাল্লান, সাধারণ সম্পাদক মোঃ জুম্মান, ১৪নং ওয়ার্ড সভাপতি মোঃ শেখ মকবুল হোসেন, সহ-সভাপতি আব্দুল আজিজ হাওলাদার, ১০নং ওয়ার্ড সভাপতি ফয়েজ হোসেন বাবু, ১৬নং ওয়ার্ড সভাপতি শেখ মোঃ মনিরুল ইসলাম মনি, সহ-সভাপতি শেখ মোঃ তৌহিদ হোসেন খোকন, সাধারণ সম্পাদক মোঃ আব্দুল হালিম খাঁ, ১৮নং ওয়ার্ড সভাপতি শেখ আসলাম উদ্দিন, ২৩নং ওয়ার্ড সভাপতি মোঃ সোহান খান, ২৫নং ওয়ার্ড সভাপতি শফি মল্লিক প্রমুখ।