শ্যামনগর (সাতক্ষীরা) প্রতিনিধি।।
উচ্চ বেতনে চাকরির শর্তে স্থানীয় রিক্রুটিং এজেন্সির মাধ্যমে সাতক্ষীরার শ্যামনগর উপজেলার এক নারী গিয়েছিলেন সৌদি আরবে। তবে গত ১৯ মার্চ সেখানে পৌঁছানোর পর তাঁকে স্থানীয় সহযোগীদের কাছে বিক্রি করে দেয় প্রতিষ্ঠানটি।
এরপর একটি নির্দিষ্ট স্থানে রেখে করা হতো পাশবিক নির্যাতন। পাঠানো হতো বিভিন্ন স্থানেও। রাজি না হলে মারধরের পাশাপাশি অভুক্ত রাখা হতো। দেড় মাসের জিম্মিদশা শেষে ওই নারীকর্মীকে উদ্ধার করা হয়েছে গত সোমবার। গত বুধবার তিনি দেশে ফিরেছেন।
ওই নারীর ভাই সমকালকে জানান, সাতক্ষীরার সেভেন স্টার ম্যানপাওয়ার সার্ভিসেস নামের একটি রিক্রুটিং এজেন্সির মাধ্যমে তাঁর বোন সৌদি আরব যান। দেশটির বিমানবন্দরে নামার পরই পাচার চক্রের সদস্যরা মোবাইল ফোন ছিনিয়ে নেয়। সরাসরি যোগাযোগ করতে না দিয়ে বোন ভালো আছে বলে তাদের জানানো হতো। এর মধ্যে ১৬ এপ্রিল আরেকজনের মোবাইল থেকে হোয়াটসঅ্যাপে কল দিয়ে তাঁর বোন বাঁচানোর আকুতি জানান। তারা বিষয়টি সেভেন স্টার কর্তৃপক্ষকে জানালে ফিরিয়ে আনতে ২ লাখ টাকা দাবি করে। পরে ২ মে তিনি ওই প্রতিষ্ঠানের ম্যানেজার রাসেল আকন, স্থানীয় এজেন্ট তাসলিমা, তাঁর ছেলে মোস্তাফিজুরের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতপরিচয় দুই-তিনজনের বিরুদ্ধে মামলা করেন।
ভুক্তভোগী নারী জানান, সৌদিতে দেড় মাস ধরে তাঁর ওপর অমানসিক নির্যাতন করা হয়েছে। দীর্ঘ সময় ধরে অভুক্ত রেখে তাঁকে কাজ করতে বাধ্য করা হতো। প্রচণ্ড মারধরও চলত। এ বিষয়ে কথা বলতে সেভেন স্টার ম্যানপাওয়ার সার্ভিসেসের মালিক মিজানুর রহমানের মোবাইল নম্বরে কল করা হলেও তিনি ধরেননি।
মামলার তদন্ত কর্মকর্তা শ্যামনগর থানার উপপরিদর্শক মো. হানিফ জানান, মামলার পর মোস্তাফিজুর নামে এক আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। আজ আদালতে জবানবন্দি দেওয়ার পর ওই নারীকে পরিবারের কাছে হস্তান্তর করা হবে।











































