স্টাফ রিপোর্টার।।
উপজেলা নির্বাচনে নির্দেশনা উপেক্ষা করে খুলনা বিভাগের তিন জেলায় প্রার্থী হয়েছেন বিএনপির ১২ নেতা। প্রচারসহ নির্বাচনী কাজে তারা দলের নেতাকর্মীকে পাশে পাচ্ছেন না। ফলে ক্ষমতাসীন দলের প্রার্থীর সঙ্গে তাদের নিঃসঙ্গ লড়াই করতে হচ্ছে।
আগামী ২১ মে দ্বিতীয় ধাপের ভোট হবে। এতে চেয়ারম্যান পদে প্রার্থী হয়েছেন খুলনার দিঘলিয়া উপজেলায় সেনহাটী ইউনিয়ন বিএনপির যুগ্ম আহ্বায়ক গাজী মো. এনামুল হাচান মাসুম, ফুলতলা উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক সাব্বির হোসেন ও মেহেরপুরের গাংনী উপজেলায় জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক জুলফিকার আলী ভুট্টো। এ ছাড়া ফুলতলা উপজেলায় ভাইস চেয়ারম্যান প্রার্থী হয়েছেন মহানগর বিএনপির সাবেক সহসভাপতি শেখ ইকবাল হোসেন, ঝিনাইদহের হরিণাকুণ্ডু উপজেলায় ফুলসী ইউনিয়ন বিএনপির সভাপতি গোলাম রহমান ও উপজেলা বিএনপির সহসাধারণ সম্পাদক আমিরুল ইসলাম। গত ৪ মে গোলাম রহমান ও আমিরুল ইসলামকে বহিষ্কার করে বিএনপি।
স্থানীয় সূত্র জানায়, নির্বাচন ইস্যুতে বিএনপির অধিকাংশ নেতাকর্মীরা নিষ্ক্রিয় রয়েছেন। ফলে প্রার্থীরা আত্মীয়স্বজন ও শুভাকাঙ্ক্ষীদের নিয়ে নির্বাচনী কর্মকাণ্ড করছেন। অবশ্য হাতেগোনা কয়েক নেতা গোপনে কাজ করছেন বলে জানা গেছে। ফুলতলা উপজেলার চেয়ারম্যান প্রার্থী সাব্বির হোসেন জানান, ইচ্ছা থাকলেও বহিষ্কারের ভয়ে অনেক নেতা সহযোগিতা করছেন না।
আগামী ২৯ মে হবে তৃতীয় ধাপের নির্বাচন। এ নির্বাচনে খুলনার ডুমুরিয়া উপজেলায় চেয়ারম্যান পদে প্রার্থী হয়েছেন জেলা ছাত্রদলের সহসভাপতি মুনিমুর রহমান নয়ন। কয়রা উপজেলায় ভাইস চেয়ারম্যান প্রার্থী হয়েছেন উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও বর্তমান আহ্বায়ক কমিটির সদস্য শেখ আব্দুর রশিদ এবং উপজেলা ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক আব্দুর রব খোকন।
কয়রা উপজেলায় মহিলা ভাইস চেয়ারম্যান পদে প্রার্থী হয়েছেন মহিলা দলের সভাপতি নাসিমা আলম। ডুমুরিয়া উপজেলায় ভাইস চেয়ারম্যান প্রার্থী হয়েছেন উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক শেখ শাহীনুর রহমান ও উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য গাজী আব্দুল হালিম।
প্রার্থীরা নির্বাচনকে সুযোগ হিসেবে কাজে লাগাতে চাইছেন। তাদের ভাষ্য, আওয়ামী লীগ দলীয়ভাবে মনোনয়ন না দেওয়ায় একাধিক নেতা প্রার্থী হয়েছেন। ভোটও ভাগ হয়ে গেছে। বিএনপিসহ সমমনা ভোটাররা বিএনপির প্রার্থীকে ভোট দেবেন। এটিকে কাজে লাগানো উচিত।
ডুমুরিয়ায় চেয়ারম্যান প্রার্থী মুনিমুর রহমান নয়নের বাবা মোল্লা আবুল কাশেম জেলা বিএনপির সাবেক সহসভাপতি এবং চাচা মোল্লা মোশাররফ হোসেন মফিজ ডুমুরিয়া উপজেলা বিএনপির আহ্বায়ক। তাদের কিছু অনুসারী নয়নের পক্ষে কাজ করছেন। তবে বিএনপির বড় অংশ নিষ্ক্রিয়। মুনিমুর রহমান বলেন, ‘ডুমুরিয়ার সর্বস্তরের জনগণ আমার সঙ্গে আছেন।’
খুলনা জেলা বিএনপির সদস্য সচিব মনিরুল হাসান বাপ্পী বলেন, ‘দলীয় সিদ্ধান্ত অমান্য করে প্রার্থী হলে কেন্দ্রীয় কমিটি ব্যবস্থা নিচ্ছে। নেতাকর্মীরা নির্বাচনী কর্মকাণ্ডে অংশ নিলে তদন্ত করে তাদের বিরুদ্ধেও সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।’
এদিকে গত বুধবার অনুষ্ঠেয় প্রথম ধাপের নির্বাচনে খোকসা উপজেলায় কুষ্টিয়া জেলা মহিলা দলের সহসভাপতি ইশরাত জাহান পুনম ভাইস চেয়ারম্যান পদে বিজয়ী হয়েছেন। আর রামপালে ভাইস চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন বাগেরহাট জেলা তাঁতী দলের আহ্বায়ক মেহেদী হাসান মিন্টু। প্রার্থী হওয়ায় আগেই তাদের বহিষ্কার করেছে বিএনপি।











































