Home আঞ্চলিক দফায় দফায় সময় বাড়িয়েও কাজের অগ্রগতি ২৪ শতাংশ

দফায় দফায় সময় বাড়িয়েও কাজের অগ্রগতি ২৪ শতাংশ

47


খুলনাঞ্চল রিপোর্ট
খুলনা মহানগরীর বর্জ্য থেকে সার, ডিজেল ও বিদ্যুৎ উৎপাদনের পরিকল্পনা করা হয় ২০১৯ সালে। করোনাকাল, প্রকল্প অনুমোদন, দরপত্রের প্রক্রিয়া শেষ করে ঠিকাদারি প্রতিষ্ঠান মাহাবুব ব্রাদার্সকে কার্যাদেশ দিতেই লেগে যায় চার বছর। ঠিকাদারের সঙ্গে চুক্তি ছিল চলতি বছরের ২৬ জানুয়ারি কাজ শেষ হবে, শুরু হবে উৎপাদন। সেটি আর হয়ে ওঠেনি; দফায় দফায় সময় বাড়িয়েও কাজের অগ্রগতি ২৪ শতাংশের বেশি নয়। এতে প্রকল্পটি বাস্তবায়ন নিয়ে সংশয় প্রকাশ করছে সচেতন মহল।

জানা গেছে, নানা অজুহাত দেখিয়ে সময় বাড়ানোর আবেদন করে ঠিকাদারি প্রতিষ্ঠান। সেই আবেদনের পরিপ্রেক্ষিতে প্রথম দফায় প্রকল্পের মেয়াদ বাড়ানো হয় ৮ এপ্রিল পর্যন্ত। সেই তারিখ অতিক্রম করলেও বাড়েনি কাজের গতি। আবারও চাওয়া হয় সময়। এবার নতুন লক্ষ্য নির্ধারণ করা হয় আগামী ৩০ জুন। এবার না পারলে ঠিকাদারকে কালো তালিকাভুক্তি এবং অর্থায়ন বন্ধের হুঁশিয়ারি দেয় মন্ত্রণালয়। এতেও টনক নড়েনি ঠিকাদারের।
সূত্র জানায়, মাহাবুব ব্রাদার্সের ব্যবস্থাপনা পরিচালক শেখ মাহবুবুর রহমানের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে খুলনার জনপ্রতিনিধি ও আওয়ামী লীগের স্থানীয় শীর্ষ নেতাদের। এসব কারণে কাউকে তোয়াক্কা করেন না ঠিকাদার মাহবুব।
খুলনা সিটি করপোরেশন (কেসিসি) থেকে জানা গেছে, এই নগরীতে প্রতিদিন প্রায় ১ হাজার ২০০ টন গৃহস্থালিসহ বিভিন্ন ধরনের বর্জ্য উৎপন্ন হয়। এর মধ্যে প্রায় ৮০০ টন সংগ্রহ করে সিটি করপোরেশন, যার অধিকাংশ রাজবাঁধ ডাম্পিং গ্রাউন্ডে ফেলা হয়। বিপুল এই বর্জ্য শক্তিতে রূপান্তরের পরিকল্পনা থেকেই প্রকল্পটি নেওয়া। নাম ‘ইন্টিগ্রেটেড ল্যান্ডফিল অ্যান্ড রিসোর্স রিকভারি ফ্যাসিলিটি শলুয়া’।
সূত্রটি জানায়, স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের নগর অঞ্চল উন্নয়ন প্রকল্প-২ (সিআরডিপি)-এর আওতায় নগরীর পার্শ্ববর্তী শলুয়ায় এই বর্জ্য রিসাইক্লিং কেন্দ্র নির্মাণ করা হচ্ছে। এটি তদারকির দায়িত্ব কেসিসির। কেন্দ্রটি নির্মাণে ব্যয় হবে ৫২ কোটি ৭০ লাখ টাকা। প্রকল্পটিতে অর্থায়ন করছে এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক (এডিবি)।
প্রকল্পের কর্মকর্তারা জানান, নির্মাণ হয়ে গেলে কেন্দ্রটিতে প্রতিদিন ৩৭৫ টন বর্জ্য দিয়ে ১৫ টন জৈবসার, ৩০০ কিলোওয়াট বিদ্যুৎ এবং প্রায় পাঁচ হাজার লিটার ডিজেল উৎপাদন করা যাবে। এখানে সব কাজই হবে আধুনিক যন্ত্রের মাধ্যমে। শুধু যন্ত্র পরিচালনা, প্লান্ট ব্যবস্থাপনা ও প্রাথমিক স্তরের কাজের জন্য ৩০ জন শ্রমিক ও আটজন সুপারভাইজার কাজ করবেন।
প্রকল্প এলাকা ঘুরে দেখা গেছে, মূল ল্যান্ডফিল্ডের মাটির কাজ এখনও চলমান; অফিস ভবন ও অন্যান্য অংশের কংক্রিটের বেজমেন্টের কাজও শেষ হয়নি। ৮ মে এডিবির একটি প্রতিনিধি দল প্রকল্পটি পরিদর্শনে আসবে। অগ্রগতি সামান্য। এমনকি শুরুই হয়নি যন্ত্রপাতি আমদানি।

প্রকল্পের পরামর্শক প্রতিষ্ঠানের জ্যেষ্ঠ প্রকৌশলী আলী আশরাফ বলেন, ঈদের পর কাজে গতি কিছুটা বেড়েছে। সার্বিকভাবে প্যাকেজের অগ্রগতি ২৪ শতাংশ।
কেসিসির প্রধান প্রকৌশলী মশিউজ্জামান খান বলেন, ঠিকাদার যন্ত্রপাতি আমদানির প্রক্রিয়া শুরুর দাবি করলেও প্রমাণ নেই। বৃহত্তর খুলনা উন্নয়ন সংগ্রাম সমন্বয় কমিটির সভাপতি শেখ আশরাফ উজ জামান বলেন, প্রকল্পের কাজের অগ্রগতি হতাশাজনক।