বাগেরহাট প্রতিনিধি
অন্যান্য ভোটকেন্দ্রের মতো বাগেরহাটের কচুয়া উপজেলার জোবাই সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে প্রার্থীদের পক্ষ থেকে অস্থায়ী বুথ খুলে ভোটারদের ভোটার স্লিপ দেওয়া হচ্ছে। তবে শুধু স্লিপ নয়, ভোটারদের জন্য রাখা হয়েছে পান-বিড়ির ব্যবস্থাও।
বুধবার সরেজমিনে জোবাই কেন্দ্রের প্রবেশপথে চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থীর এমন ৭টি বুথ দেখা যায়। প্রতিটি বুথের টেবিলেই সাজানো ছিল পান-সুপারি, জর্দা ও চুন। এর মধ্যে দুটি বুথে পানের পাশাপাশি বিড়ি-সিগারেটও দেখা যায়।
ভোটার স্লিপের সাথে পান-বিড়ি দেওয়ায় বুথগুলোতে ভিড়ও দেখা গেল কিছুটা। বুথে থাকা প্রার্থীর সামর্থকরা জানান, কেবল ভোট দিতে যাওয়ার নয়, ভোট দিয়ে ফেরার পথেও ভোটাররা পান-বিড়ি খাচ্ছেন।
পান চিবুতে চিবুতে ভোট দিয়ে বের হওয়া ষাটোর্ধ্ব মোহাম্মদ ইসমাইল শেখ বলেন, ‘আমরা পানও খাইছি, ভোটও দিছি। দারুণ ভালো লাগছে। ভোট তিনডা (চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান, মহিলা ভাইস চেয়ারম্যান), পানও খাইছি তিনডা।’ বলেই হাসতে হাসতে হাতে থাকা পানের বোটার লাগানো চুন মুখে তুলে নেন তিনি।
তখন পাশের বুথে ভোটার নম্বর খুঁজতে দাঁড়ান রহিমা বেগম। ভোটার নম্বর খুঁজে পাওয়ার আগেই পান-সুপারি হাতে নিতে দেখা যায় তাকে। মুখে পান গুজে নাম-ঠিকানা দিয়ে ভোটার নম্বর খুঁজে নেন তিনি। তিনি বললেন, ‘ভোট আমাদের গ্রামে একটা উৎসবের মত। দেহেন না, কেমন যেন মেলা মিলছে।’
জোবাই সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে মোট ভোটার ২ হাজার ১৪৫ জন। ওই কেন্দ্রের প্রিজাইডিং কর্মকর্তা দিনেশ চন্দ্র বলেন, সকালে বৃষ্টির কারণে ভোটার উপস্থিতি কিছুটা কম ছিল। প্রথম এক ঘণ্টায় ১০০টির মতো ভোট পড়ে। তবে ১২টা পর্যন্ত মোট ভোট পড়েছে ৪৬৭টি, অর্থাৎ ২২ শতাংশ।
জেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয়ের তথ্য অনুযায়ী, কচুয়া উপজেলায় চেয়ারম্যান পদে ৪ জন, ভাইস চেয়ারম্যান পদে ২ জন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৩ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন।
তবে ভোটের আগে দিন বিকেলে চেয়ারম্যান প্রার্থী জেলা আওয়ামী লীগের ধর্মবিষয়ক সম্পাদক কে এম ফরিদ হাসান (আনারস) নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়ে জেলা যুবলীগের আহ্বায়ক মীর জায়েসী আশরাফি জেমসকে (মোটরসাইকেল) সমর্থন দেন। উপজেলার অপর ২ চেয়ারম্যান প্রার্থী হলেন বর্তমান উপজেলা চেয়ারম্যান ও উপজেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি নাজমা সরোয়ার (ঘোড়া) ও রাড়ীপাড়া ইউনিয়ন যুবলীগের আহ্বায়ক মেহেদী হাসান বাবু (দোয়াত কলম)।











































