Home খেলাধুলা ‘কী বলব, আউট তো যেকোনোভাবেই হতে পারে’, লিটন প্রসঙ্গে হৃদয়

‘কী বলব, আউট তো যেকোনোভাবেই হতে পারে’, লিটন প্রসঙ্গে হৃদয়

46


ক্রীড়া প্রতিবেদক

অফফর্মে আছেন লিটন দাস। তৃতীয় ম্যাচেও রান পাননি তিনি। তার আউট হওয়ার ধরনটি ছিল দৃষ্টিকটু। ব্লেসিং মুজারাবানির করা ওভারে (ইনিংসের চতুর্থ ওভারের তৃতীয় বল) অফ স্টাম্পের বাইরের বল স্কুপ করতে গিয়ে স্টাম্পে টেনে আনেন লিটন। এর আগের দুই বলেও স্কুপ করার চেষ্টা করে ব্যর্থ হন তিনি। শেষ পর্যন্ত ১৫ বলে ১২ রানে থামে লিটনের দুঃস্বপ্নের ইনিংস।

আজ তৃতীয় ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে লিটনের আউট নিয়ে জানতে চাইলে হৃদয় বলেন, ‘আউট সম্পর্কে কী বলব? আউট তো যে কোনভাবেই হতে পারে। বোল্ড, ক্যাচ এগুলা তো আউট-ই। ঠিক আছে, দুই একটা ইনিংস এদিক-ওদিক হতেই পারে। আবার যেদিন ভালো শুরু করবে দেখবেন তারাই ম্যাচ জিতিয়ে দিয়েছে। টপ অর্ডারে যারা ব্যাটিং করছে দেখবেন তারাই একদিন ১০০ মেরে ম্যাচ জিতিয়ে দিছে।’

লিটন ছাড়াও ফর্মে নেই নাজমুল হোসেন শান্তও। এমনকি প্রথম ম্যাচে অর্ধশতক করলেও পরের দুই ম্যাচে ১৮, ২১ রান করেন তানজিদ তামিম। টপ অর্ডারের রান না পাওয়া প্রসঙ্গে হৃদয় বলেন, ‘কেউ তো ইচ্ছে করে উইকেট দিয়ে আসে না। লিটন ভাই বা যারা টপ অর্ডারে ব্যাটিং করছে তারা সবাই চেষ্টা করছে নিজের সেরাটা দিয়ে। আপনি আপনার প্রফেশনে চেষ্টা করবেন সেরাটা দিতে। একটা প্লেয়ার প্রত্যেক সময় ভালো খেলবে না। এটাই স্বাভাবিক। উনি কী প্লেয়ার বা উনার (শান্ত) স্ট্রাইকরেট নিয়ে অনেক কথা হচ্ছে শুনতেছি। যদি চেক করেন দেখবেন উনার স্ট্রাইকরেট বাংলাদেশের কয়েকজনের মধ্যে আছে। ২-৩ জনের ভেতর। বিশ্বের যত বড় ব্যাটার হোক প্রতিটা ম্যাচ বা সিরিজ সে ভালো খেলবে না। আপ-ডাউন হবেই। আশা করি সবাই ভালোভাবেই কামব্যাক করবে। একটা ইনিংস ভালো খেললেই আত্মবিশ্বাস ফিরে আসবে। আমাদের বিশ্বাস রাখতে হবে। বিশ্বাস হারালে হবে না।’

আন্তর্জাতিক টি-টোয়েন্টি ক্যারিয়ারে প্রথমবার অর্ধশতকের স্বাদ পেলেন তাওহিদ হৃদয়। জিম্বাবুয়ে সিরিজের তৃতীয় টি-টোয়েন্টিতে চারে নেমে ৫৭ রানের ঝোড়ো ইনিংস খেলেছেন তিনি। তার ৩৮ বলের ইনিংসটি সাঁজানো ছিল ৩ চার ও ২ ছক্কায়। আগের দুই ম্যাচে ৩৩* ও ৩৭* রান করেছিলেন তাওহিদ। ধারাবাহিকভাবে রান পাচ্ছেন তিনি। তাতে খুশি বাংলাদেশের টপঅর্ডারের এই ব্যাটার।

হৃদয় বলেন, ‘আলহামদুলিল্লাহ, প্রত্যেকটা ব্যাটারই যদি রান করে তাহলে তো ভালো লাগার একটা বিষয় কাজ করে। একজন ব্যাটার হিসেবে আমার রোল তো টিমে অবদান রাখা। আমিও চেষ্টা করি যেভাবেই হোক ফিল্ডিং বা রান করে হোক, চেষ্টা করি দলের জন্য অবদার রাখার। কিছু দিন হয়, কিছু দিন হয় না। আমার কাছে যেটা মনে হয়, যেদিন শুরুটা ভালো পাব, টিমকে ভালো কিছু দিতে পারব।’

দলীয় ৬০ রানের মধ্যে প্রথম সারির তিন উইকেট হারায় বাংলাদেশ। সেখান থেকে দলকে এগিয়ে নিয়ে যান তাওহিদ। তাকে উপযুক্ত সঙ্গ দিয়েছেন জাকের আলী। চতুর্থ উইকেটে তারা স্কোরকার্ডে ৫৭ বলে ৮৭ রান জমা করেন। ব্যাটিংয়ে নামার সময় কী পরিকল্পনা ছিল জানতে চাইলে হৃদয় বলেন, ‘আমি এমন জায়গায় ব্যাটিং করছি সেখানে এমনও হতে পারে পাওয়ার প্লেতে ব্যাটিংয়ে নামতে হতে পারে। আবার দেখা যাচ্ছে ১০-১৫-১৬ ওভার পরও ব্যাটিংয়ে নামতে হতে পারে। প্রথম ওভারেও নামা লাগতে পারে। প্রথমে ম্যাচটা কী ডিমান্ড করে, সেইভাবে খেলার চেষ্টা করি। শুরুতে দুইটা উইকেট হারিয়েছি, একটা ভালো পার্টনারশিপ দরকার ছিল। জাকের ভাইয়ের একটা পার্টনারশিপ ছিল। যেরকম ডিমান্ড ছিল ওইভাবেই এক্সিকিউট করার চেষ্টা করেছি। শুরুতে উইকেট যদি ২-১টা না যেত তাহলে রান হয়তো ২০০’র কাছাকাছি থাকত।’

তৃতীয় ম্যাচে টস হেরে প্রথমে ব্যাটিংয়ে নামে বাংলাদেশ। তবে নিজেদের সামর্থ্য অনুযায়ী দলীয় সংগ্রহ পায়নি। জিম্বাবুয়ের যে বোলিং লাইনআপ তাতে দলীয় সংগ্রহটা আরও বড় হতে পারত। হৃদয় মনে করেন, তারা ১০ রান কম করেছেন। তিনি বলেন, ‘মনে হয় ১০ রান কম করেছি। উইকেটটা আজকে একটু স্লো ছিল। আমার মনে হয়েছে এই উইকেটে ১৭০ বা যে স্কোর করেছি একদম খারাপ না। হয়ত বা শেষের দিকে ওদের ব্যাটাররা একটু ভালো ব্যাটিং করেছে, সেজন্য এরকম লাগছে আর কিছু না।’