Home Uncategorized ফের সুন্দরবনে আগুন নিভানোর কাজ শুরু, তিনদিন ধরে চলবে অগ্নিনির্বাপণের কাজ

ফের সুন্দরবনে আগুন নিভানোর কাজ শুরু, তিনদিন ধরে চলবে অগ্নিনির্বাপণের কাজ

17

মোংলা (বাগেরহাট) প্রতিনিধি।।
রবিবার রাত ৯টা থেকে আবারো সুন্দরবনে শুরু হয়েছে আগুন নিভানোর কাজ। বনবিভাগের দুইটি টিমের ২০সদস্যের নেতৃত্ব বনরক্ষী, সিপিজি ও ভিটিআরটি কর্মীরা পালাক্রমে রাতভর ধরে চালাবেন এ কার্যক্রম। এরই মধ্যে আগুনের বিস্তৃততি ঘটেছে বনের ৪/৫একর এলাকা জুড়ে। তবে আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে রয়েছে, এই মুহুর্তে গাছপালার কোথাও কোন আগুন দেখা যাচ্ছেনা বলে জানিয়েছেন বনবিভাগ। বনবিভাগ বলছেন, মাটির উপরের আগুন নিভে গেছে, নিচে আগুন থাকতে পারে। তাই নিচের আগুন নতুন করে ছড়িয়ে না পড়ে সেজন্য রাতের পানি স্প্রে করা হচ্ছে।

প্রধান বনসংরক্ষক আমির হোসেন চৌধুরী রবিবার বিকেল থেকে সন্ধ্যা সাড়ে ৭টা পর্যন্ত সুন্দরবনের অগ্নিকান্ডের স্থল পরিদর্শন শেষে বলেন, বনের ৪/৫একর এলাকার গুল্ম জাতীয় লতাপাতায় এ আগুন লাগে। এখন উপরে কোন আগুন নেই। তারপরও নিচের আগুন যাতে ছড়াতে না পারে সেজন্য রবিবার সন্ধ্যায় ২০সদস্যদের দুইটি টিম করে দেয়া হয়েছে। একটি রাত ৯টায় শুরু করে ১২টা আর অপরটি ১২টার পর থেকে পাম্প দিয়ে পানি স্প্রে করবে। যাতে নতুন করে আগুনের বিস্তৃতি না ঘটে। তিনি আরো বলেন, আগামী তিনদিন আগুন পর্যবেক্ষণে রেখে নির্বাপক কার্যক্রম চালিয়ে যাওয়া হবে।

আপাতত আগুন লাগার কারণ জানাতে না পারলেও মুলত ঝরে পড়া পাতার ৭/৮ইঞ্চি পুরু জৈব পদার্থের লেআউট থেকেই এই আগুনের বিস্তার ঘটছে বলেও জানিয়েছেন প্রধান বনসংরক্ষক আমির হোসেন চৌধুরী। তিনি বলেন, আগুন এখন পুরোপুরি নিয়ন্ত্রণে। খালি চোখ কোথাও আগুন দেখা যাচ্ছেনা। রাতে আগুন ভাল দেখা যায়, তাই দেখামাত্রই যাতে নির্বাপক করা যায় সেই ব্যবস্থা নেয়া হয়েছে। আর সোমবার সকাল থেকে পুনরায় ফায়ার সার্ভিসসহ অন্যান্যরা আগুন নির্বাপণের কাজ শুরু করবেন।

এদিকে সুন্দরবনের আগুন নিয়ন্ত্রণ কার্যক্রম পরিদর্শন করেছেন খুলনা নৌ অঞ্চলের কমান্ডার রিয়ার এডমিরাল গোলাম সাদেক।