কুষ্টিয়া প্রতিনিধি
কুমারখালী উপজেলার যদুবয়রা-পান্টি সড়কের নগরকয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়সংলগ্ন এলাকায় ২২টি মেহগনি গাছের অংশ কেটে ফেলার অভিযোগ উঠেছে। এ ঘটনায় সদর উদ্দিন শেখ (৫৫) নামে এক প্রভাবশালী ব্যক্তিকে আটকের পর পুলিশ ছেড়ে দিয়েছে বলে অভিযোগ করেছেন স্থানীয়রা। সদর উদ্দিন এলাকার মৃত শরফত উল্লাহর ছেলে।
মঙ্গলবার সরেজমিন গিয়ে দেখা যায়, সড়কের দু’পাশে সারি সারি মেহগনিসহ বিভিন্ন ধরনের গাছ রয়েছে। এর মধ্যে নগরকয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়সংলগ্ন কালভার্ট এলাকার ২২টি মেহগনি গাছের ডালপালা ও মাথা কেটে ফেলা হয়েছে। কাটা অংশ মাটিতে পড়ে আছে।
নাম প্রকাশ না করার শর্তে স্থানীয় কয়েকজন জানান, গাছগুলো সরকারি। সকালে সদর উদ্দিন একজন শ্রমিক নিয়ে গাছগুলো কাটছিলেন। পরে পান্টি ক্যাম্পের এএসআই আবু তৈয়বসহ কয়েকজন পুলিশ সদস্য এসে তাঁকে নিয়ে গেছেন। পরে আর ফেরেননি।
এ বিষয়ে জানতে সদর উদ্দিনের বাড়িতে গিয়ে দেখা যায়, সেখানে কেউ নেই। বাড়িতে সুনসান নীরবতা। দরজায় ঝুলছে তালা। তিনি ফোন ব্যবহার করেন না বলে জানান স্থানীয়রা।
আটক ব্যক্তিকে ছেড়ে দেওয়ার অভিযোগ অস্বীকার করে পান্টি পুলিশ ক্যাম্পের এএসআই আবু তৈয়ব বলেন, তিনি খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে গাছ কাটা বন্ধ করে দিয়েছেন। গাছগুলো সরকারি হওয়ায় তিনি ওসিকে জানিয়েছেন। তবে কাউকে আটক করেননি বা ছেড়েও দেননি।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এস এম মিকাইল ইসলাম বলেন, গাছ কাটার বিষয়টি তাঁর জানা নেই। তবে লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেবেন।











































