স্পোর্টস ডেস্ক
ম্যানচেস্টার সিটিকে বিদায় করে চ্যাম্পিয়নস লিগের সেমিফাইনালে উঠেছে রিয়াল মাদ্রিদ। গতকাল বুধবার রাতে ইতিহাদ স্টেডিয়ামে ১২০ মিনিটের খেলায় ১-১ গোলে ড্র থাকে। যেখানে দুই লেগ মিলিয়ে ৪-৪ হওয়ায় অবশেষে খেলার ফলাফল নির্ধারণে টাইব্রেকারের সিদ্ধান্ত নেন রেফারি। সেই টাইব্রেকারে সিটিকে ৪-২ ব্যবধানে হারায় রিয়াল। কোয়ার্টার ফাইনালের প্রথম লেগে রিয়ালের মাঠে ৩-৩ গোলে ড্র হয়েছিল।
এদিন স্বাগতিকরা পুরো ম্যাচে আধিপত্য দেখিয়েও জয় পায়নি। তাতে সিটি কোচ পেপ গার্দিওলার কোন অনুশোচনা নেই। তিনি মনে করেন দুর্ভাগ্যবশত কারণে তারা ম্যাচটি জিততে পারেনি।
খেলায় সিটিজেনদের পুরো ম্যাচে ৬৮ শতাংশ বল দখলে ছিল। আর ৩৩টি শট নিয়ে গোলমুখে রাখতে পেরেছে ৯টি। ফলে বোঝাই যায় চেষ্টার কমতি রাখেনি সিটির ফুটবলাররাও। তবে শেষ হাসি হাসে রিয়াল মাদ্রিদ। টাইব্রেকারে বেনার্দো সিলভা ও মাতেও কোভাচিচের পেনাল্টি ঠেকিয়ে নায়ক বনে যান রিয়ালের গোলরক্ষক লুনিন।
সিটির বস গার্দিওলা ম্যাচ শেষে বলেন, ‘আমরা যা করেছি, তা নিয়ে কোনো অনুশোচনা নেই। পুরো ম্যাচেই আমরা বেশি সুযোগ তৈরির চেষ্টা করেছি। কারণ, এভাবে জেতা যায় বলে বিশ্বাস করি। আমরা সব রকম চেষ্টাই করেছি। প্রতিটি বিভাগেই আমরা দারুণ খেলেছি কিন্তু দুর্ভাগ্যবশত জিততে পারিনি।’











































