স্পোর্টস ডেস্ক
চ্যাম্পিয়ন্স লিগে সেমিফাইনালের লাইন আপ এখন পরিস্কার। ফরাসি ক্লাব প্যারিস সেন্ট জার্মেইয়ের বিপক্ষে লড়বে জার্মান ক্লাব বুরুশিয়া ডর্টমুন্ড। আরেক জার্মান ক্লাব বায়ার্ন মিউনিখ লড়বে টুর্নামেন্টের সবচেয়ে সফল দল রিয়াল মাদ্রিদের বিপক্ষে।
বুধাবার রাতে কোয়ার্টার ফাইনালের দ্বিতীয় লেগে ১-০ গোলে জেতে বায়ার্ন। দুই লেগ মিলিয়ে ৩-২ গোলের অগ্রগামিতায় পৌঁছে যায় সেমিফাইনালে। আর রিয়াল হারায় বর্তমান চ্যাম্পিয়ন ম্যানচেস্টার সিটিকে। রিয়ালের ঘরের মাঠ সান্তিয়াগো বার্নাব্যুতে ৩-৩ গোলে ড্র হওয়ার পর সিটির মাঠ ইত্তিহাদেও ড্র করে দুই দল। নির্ধারিত সময়ে ১-১ গোলে ড্র হওয়া ম্যাচ অতিরিক্ত সময়ে গড়ালেও ফল আসেনি। শেষ পর্যন্ত টাইব্রেকারে ৪-৩ গোলে জেতে রিয়াল।
রিয়ালের বিপক্ষে মাঠে নামার আগে স্প্যানিশ এই ক্লাবটির শক্তি সম্পর্কে জানা থাকলেও লড়াইয়ের জন্য প্রস্তুত বায়ার্নের ফরোয়ার্ড হ্যারি কেইন। ১৪ বারের চ্যাম্পিয়নদের নিয়ে এই তারকা বলেন, ‘রিয়াল মাদ্রিদ অবশ্যই বড় ক্লাব, চ্যাম্পিয়ন্স লিগে দুর্দান্ত ইতিহাস আছে তাদের। আমাদের জন্য কঠিন এক সেমিফাইনাল অপেক্ষা করছে। কিন্তু চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনাল এমনই: বড় দলের বিপক্ষে আপনাকে খেলতে হবে। আমরা এখন এই জয় (আর্সেনালের বিপক্ষে) উপভোগ করব এবং অন্য ম্যাচের প্রস্তুতি নেব।’
টটেনহ্যাম ছেড়ে বায়ার্নে এই মৌসুমেই যোগ দিয়েছেন কেইন। গোলও পাচ্ছেন মুড়ি-মুড়কির মতো। বায়ার্নের জার্সিতে সব ধরনের প্রতিযোগিতায় এখনো পর্যন্ত খেলা ৪০ ম্যাচে ৩৯ গোল করেছেন এই তারকা। তবে এখনো শিরোপার দেখা পাননি কেইন। টানা ১১ মৌসুম বুন্দেসলিগা জেতার পর এবারই বেয়ার লেভারকুসেনের কাছে শিরোপা হাতছাড়া হয়েছে কেইনের দলের। তাই চ্যাম্পিয়ন্স লিগকেই পাখির চোখ করেছেন তিনি।











































