Home Uncategorized ফরিদপুরে সকাল ও সন্ধ্যায় সড়ক দুর্ঘটনায় নিহত ১৬

ফরিদপুরে সকাল ও সন্ধ্যায় সড়ক দুর্ঘটনায় নিহত ১৬

82


খুলনাঞ্চল রিপোর্ট
ফরিদপুরে বাস ও পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষে ১৪ জন ও গ্যাস সিলিন্ডারবাহী পিকআপের ধাক্কায় মা-ছেলেসহ ১৬ নিহত হয়েছে। মঙ্গলবার (১৬ এপ্রিল) সকাল পৌনে আটটার দিকে ঢাকা-খুলনা মহাসড়কে ফরিদপুরের কানাইপুর এলাকায় ও নগরকান্দার বড় কুমারদিয়ায় এ দুর্ঘটনা ঘটে। বাস ও পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষে এক পরিবারের নিহত চারজন হলেন- ফরিদপুরের বোয়ালমারীর বেজিডাঙ্গা গ্রামের রফিক মোল্লা (৩৫), তার স্ত্রী সুমি বেগম (২৩), দুই ছেলে রুহান মোল্লা (৬) ও হাবিব মোল্লা (৩)। রফিক ঈদের ছুটি শেষ করে মা, স্ত্রী ও দুই ছেলেকে নিয়ে পিকআপ ভ্যানে করে ঢাকায় যাচ্ছিলেন। স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, ঢাকা থেকে মাগুরাগামী ইউনিক পরিবহনের সঙ্গে ফরিদপুরের আলফাডাঙ্গা থেকে আসা একটি পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে ১১ জন এবং বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে তিনজন মারা যান।


নিহতদের পরিবার পাচ্ছে ৫ লাখ, আহতরা ৩ লাখ: ফরিদপুরে বাস ও পিকআপ ভ্যানের সংঘর্ষে নিহত ১৪ জনের স্বজনদের পাঁচ লাখ ও আহতদের তিন লাখ টাকা করে দেওয়া হবে। এ ছাড়া মরদেহ দাফনের জন্য ২০ হাজার টাকা এবং আহতদের ১০ হাজার টাকা তাৎক্ষণিকভাবে আর্থিক সাহায্য দেওয়ার কথা জানিয়েছেন ফরিদপুর জেলা প্রশাসক। বিষয়টি নিশ্চিত করেছেন জেলা প্রশাসক মো. কামরুল আহসান তালুকদার।


দুর্ঘটনা তদন্তে ৫ সদস্যের কমিটি: ফরিদপুরের সদরের কানাইপুরে বাস ও পিকআপ ভ্যানের সংঘর্ষে ১৪ জন নিহতের ঘটনা তদন্তে পাঁচ সদস্যের কমিটি গঠন করা হয়েছে। এরপরই অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেটকে (এডিএম) প্রধান করে তদন্ত কমিটি গঠন করা হয়। ফরিদপুর জেলা প্রশাসক এ তথ্য নিশ্চিত করেছেন।
লাশ পরিবারের কাছে হস্তান্তর: ফরিদপুরের সড়ক দুর্ঘটনায় নিহত ১৪ জনের লাশ স্বজনদের কাছে হস্তান্তর করেছে কানাইপুর হাইওয়ে থানা পুলিশ। মঙ্গলবার (১৬ এপ্রিল) দুপুর দেড়টার দিকে ঢাকা-খুলনা মহাসড়কের কানাইপুরের দ্বীপনগর এলাকায় লাশ হস্তান্তর করা হয়। করিমপুর হাইওয়ে থানার ওসি সালাউদ্দিন চৌধুরী জানান, ময়নাতদন্ত ছাড়াই পরিবারের কাছে ১৪টি লাশ হস্তান্তর করা হয়েছে। দুপুর দেড়টার দিকে অ্যাম্বুলেন্সে একে একে লাশ এসে পৌঁছায়। এরপর স্বজনদের আবেদনের ভিত্তিতে ময়নাতদন্ত ছাড়াই লাশ হস্তান্তর করা হয়। তবে এর আগে লাশের সুরতহাল প্রতিবেদন করা হয়।


মা-ছেলে নিহত, আহত বাবা-মেয়ে: ঢাকা-খুলনা মহাসড়কের ফরিদপুরের নগরকান্দার বড় কুমারদিয়ায় গ্যাস সিলিন্ডারবাহী পিকআপের ধাক্কায় মা ও ছেলের মৃত্যুর খবর পাওয়া গেছে। এতে আহত হয়েছেন বাবা ও মেয়ে। মঙ্গলবার সন্ধ্যা ৬টার দিকে ঢাকা-খুলনা মহাসড়কের ফরিদপুরের নগরকান্দার বড় কুমারদিয়া নামক স্থানে এ ঘটনা ঘটে। আহতদের উদ্ধার করে পার্শ্ববর্তী গোপালগঞ্জের মুকসুদপুর স্বাস্থ্য কমপেক্সে ভর্তি করা হয়েছে। নিহত মায়ের নাম সুমাইয়া আক্তার (৩৫) ও তার ৮ মাস বয়সী শিশুপুত্র মোহাম্মদ মীর। তারা যশোরের লাউনিয়ার সিদ্ধিরপাশা গ্রামের আজমিন মিয়ার স্ত্রী ও সন্তান বলে পরিচয় নিশ্চিত করা গেছে। এ সময় নিহতের স্বামী আজমিন (৪৫) ও কন্যা ফাতেমা আক্তার (২) গুরুতর আহত হন।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, নিহত সুমাইয়া আক্তার তার স্বামী সন্তানদের নিয়ে স্বামীর বাইকে চেপে ঢাকায় যাচ্ছিলেন। পথিমধ্যে ঘটনাস্থলে পৌঁছালে পেছনদিক থেকে আসা একটি গ্যাস সিলিন্ডার বোঝাই ট্রাক তাদের ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই মা ও ছেলে নিহত হন। নগরকান্দা থানার ওসি মোহাম্মদ আমিনুর রহমান বলেন, ঘটনাস্থলে গিয়ে পুলিশ লাশ উদ্ধার করেছে। যান চলাচল স্বাভাবিক রয়েছে এবং লাশ দুটিকে ভাঙ্গা হাইওয়ে থানায় বুঝিয়ে দেয়া হয়েছে। ভাঙ্গা হাইওয়ে থানার ওসি মো: খাইরুল আনাম জানান, লাশ উদ্ধার করে ভাঙ্গা হাইওয়ে থানায় আনা হয়েছে। পরিবারের কাছে লাশ হস্তান্তরের প্রক্রিয়া চলছে।