Home জাতীয় বাবাকে জড়িয়ে ধরার অপেক্ষা ফুরায়, চলে সালামি নেয়ার প্রতিযোগিতা

বাবাকে জড়িয়ে ধরার অপেক্ষা ফুরায়, চলে সালামি নেয়ার প্রতিযোগিতা

37
ঈদের রাত পর্যন্ত চলে আড্ডা ও ঘোরাঘুরি


ঢাকা অফিস।।

বাঙালি মুসলমানের ঈদ উদযাপনকে ছকে বেধে উপস্থাপন করলে মূলত তিন পর্বে ভাগ করা যায়: সকালে ঈদের জামাত, দুপুরে পরিবারের সঙ্গে ভোজনবিলাস ও বিকেল থেকে রাত অবধি পরিবার ও বন্ধুবান্ধবের সঙ্গে ঘোরাঘুরি-আড্ডা।


দীর্ঘ এক মাস রোজা রাখার পর ঈদুল ফিতর উদযাপন মুসলিম সংস্কৃতির অবিচ্ছেদ্য এক আনন্দের অংশ। একেক দেশে একেকভাবে ঈদ উদযাপন করা হলেও, বাঙালির ঈদ উদযাপন শহরে ও গ্রামে প্রায় একই ধাঁচের।

বাংলাদেশে ঈদ উদযাপনের নথিভুক্ত প্রমাণ মেলে মোগল আমল থেকে। তুর্কি শাসন আমলে এ মুল্লুকে ঈদ উদযাপন করা হলেও, তখনও এর ব্যাপ্তি তৎকালীন বঙ্গ জনপদ পর্যন্ত এসে পৌঁছেনি। বিশেষ করে সম্রাট জাহাঙ্গীরের আমল থেকে পুরো বঙ্গ জনপদ মোগল শাসনের আওতাভুক্ত হলে, তখন থেকে ঈদের আমেজ লাগে এ অঞ্চলে।

সে সময়ে ঈদের দিন সকালে মোগল সেনারা শিঙায় ফুঁ দিয়ে নামাজের জন্য মুসলমানদের আহ্বান করতো। এখন ধর্মীয় রীতি ও মাইক্রোফোনের কল্যাণে সবখানে আজানের প্রচলনে শিঙায় ফুঁ না থাকলেও, ঈদের দিন সকাল শুরু হয় মিষ্টিমুখ ও পরিবারসহ ঈদ জামাতে অংশ নেয়ার মধ্য দিয়ে।

প্রতীক্ষিত বাবা-ছেলের কোলাকুলি

অন্যদিন বাবাকে জড়িয়ে ধরতে না পারলেও ঈদের এই দিনে অনেক ছেলের অপেক্ষা থাকে ঈদ জামাত শেষে বাবাকে পরম শ্রদ্ধা ও ভালোবাসায় আলিঙ্গন করার। ঈদের এই দিনে কিছুক্ষণের জন্য হলেও পিতার সঙ্গে পুত্রের এ কোলাকুলি প্রজন্মের দূরত্ব ঘুচিয়ে দেয়।

এ অনুভূতির কথা জানিয়ে এ প্রজন্মের এক তরুণ মঈনুল হাসান বলেন, ‘আমাদের সমাজে বাবাদের সঙ্গে ছেলেদের এক অঘোষিত দূরত্ব কাজ করে। প্রচণ্ড আবেগ ও ভালোবাসা কাজ করলেও সেটি প্রকাশের উপায় থাকে না। ঈদ বাবাকে আলিঙ্গনের যে সুযোগ করে দেয়, সে অনুভূতি ভাষায় প্রকাশযোগ্য না।’

শুধু বাবা-ছেলের কোলাকুলি না, ঈদ জামাত শেষে ধর্ম-বর্ণ নির্বিশেষে সবাইকে জড়িয়ে ধরে কোলাকুলি করার এই উৎসব বৈষম্যের গালে এক বড় চপেটাঘাত।

এ প্রসঙ্গে সমাজকর্মী হুমায়ুন হোসেন বলেন, ‘ইসলাম ধর্মের সবচেয়ে সুন্দর দিকটি হচ্ছে বৈষম্যহীনতা; যার সবচেয়ে বড় প্রকাশ ঈদের কোলাকুলি। এদিন কে মালিক, কে শ্রমিক সেদিকে কারো খেয়াল থাকে না। দেখা যায়, বাড়ির মালিক নিরাপত্তাকর্মীর সঙ্গে কোলাকুলি করছেন, অফিসের বস জুনিয়র কলিগকে বুকে জড়িয়ে ধরছেন, এমনকি বহুদিনের দ্বন্দ্ব থাকলেও এদিন সব শত্রুতা ভুলে এক মুসলমান আরেক মুসলমানকে বুকে জড়িয়ে ধরে। এটিই ঈদের সবচেয়ে বড় সৌন্দর্য এবং বিশ্ব মানবতার কাছে সবচেয়ে শক্তিশালী বার্তা।’

সালামি আদায়ের একাল-সেকাল

ঈদের দিন তরুণ প্রজন্মের সবচেয়ে বেশি আকর্ষণ থাকে সালামি আদায়ে। নামাজে যাওয়ার আগে থেকেই শুরু হয় সালামি আদায়ের উৎসব। নিজ ঘরে মুরুব্বিদের থেকে শুরু করে সালামি আদায় চলে পরিচিত এবং অনেক সময় অপরিচিত নির্বিশেষে।

মূলত ঈদের দিন ছোটদের প্রতি স্নেহের বহিঃপ্রকাশ হিসেবে এই সালামি এখন শুধু বাংলাদেশ না, নানা নামে উপমহাদেশের সংস্কৃতিতে রূপ নিয়েছে।

তবে কালের বিবর্তনে সালামি আদায়ের রূপ বদলেছে অনেকখানি। এ প্রসঙ্গে দেশের একটি প্রাইভেট ব্যাংকের জ্যেষ্ঠ কর্মকর্তা রাফসান জানি বলেন, এই দশকে সালামিতে এসেও ক্যাশলেস বাংলাদেশের ছোঁয়া লেগেছে। এখন হাতেহাতে সালামি দেয়ার পাশাপাশি বিভিন্ন ডিজিটাল মাধ্যমে সালামি দেয়া হচ্ছে। এসব সালামির সঙ্গে ঈদ কার্ড ও ফুটনোট যোগ করা যায়, যা সালামিকে আরও আকর্ষণীয় করে তোলে।

তবে তরুণ প্রজন্ম যতই আধুনিক হোক না কেন, নতুন নোটের সালামির রোমাঞ্চ এখনও অটুট। নতুন নোটের চাহিদা টের পাওয়া যায় ঈদের ১৫ দিন আগে থেকেই। অনেকে ব্যাংক থেকে নোট সংগ্রহ করতে না পেরে খোলাবাজার থেকে বাড়তি টাকা দিয়ে নতুন নোট কিনে থাকেন।

নতুন ব্যাংক নোট প্রসঙ্গে তরুণ প্রজন্মের কয়েকজন জানান, ঈদের দিন সালামি আদায়ে এক প্রকারে প্রতিযোগিতা চলে। আর এ সালামি পাওয়ার সবচেয়ে বড় আকর্ষণ নতুন নোট। অনেকে নতুন নোট বহুদিন খরচ পর্যন্ত করেন না, শখের বসে জমা করে রাখেন। মুরুব্বিদের হাত থেকে নেয়া সালামির ছবি ঈদের স্মৃতি হিসেবে সবসময় সুন্দর।

মায়ের হাতে ফিরনি-সেমাইয়ে ঈদের দিন শুরু

ঈদের সকালে নামাজে যাওয়ার আগে মিষ্টি কিছু মুখে দিয়ে যাওয়া মুসলামানদের ধর্মীয় সংস্কৃতি। এরই অংশ হিসেবে উপমহাদেশের একেক জায়গায় একেক ধরনের মিষ্টান্নের রেসিপি বিখ্যাত হয়েছে। পাকিস্তান ও ভারতের মুসলমানদের কাছে শাহী টুকরা, শির খুরমা ও শাহী জিলাপি ঈদের সকালের জনপ্রিয় খাবার হলেও বাংলাদেশের মুসলমানদের কাছে জনপ্রিয় সেমাই ও ফিরনি।

সেমাইয়ের মধ্যে ঈদের দিন লাচ্ছা সেমাই এখন পর্যন্ত জনপ্রিয়তার তুঙ্গে। বিশেষ করে ঘিয়ে ভাজা সেমাই উচ্চবিত্ত বাঙালি মুসলমানদের ঈদ রেসিপির অভিজাত সংস্কৃতির একটি বড় অংশ। শুধু সেমাই না, কালের বিবর্তনে এসবের সঙ্গে যোগ হয়েছে জাফরান, কাজু বাদাম ও আখরোটের মতো উপাদেয় খাবার।

সেমাইয়ের পাশাপাশি কোনো অংশে পিছিয়ে নেই ফিরনিও। কিসমিস আর কাজু বাদামের মিশ্রণে তৈরি দুধ ফিরনি ঈদ রেসিপিতে বড় একটি জায়গা নিয়ে আছে। সকালে বাসায় মেহমান আসলেও অ্যাপ্যায়নের প্রথম পর্বে থাকে ফিরনি বা সেমাইয়ের মতো মিষ্টান্ন।

এ প্রসঙ্গে নিজের অভিজ্ঞতা জানিয়ে সরকারি কর্মকর্তা হাসিবুল ইসলাম বলেন, সেই ছোটবেলা থেকে আজ অবধি ঈদ মানে সকালে উঠে গোসল করে মায়ের হাতে বানানো ফিরনি বা সেমাই খাওয়া। বর্তমানে অন্যান্য দিন মা রান্না না করলেও ঈদের দিন যত্ন নিয়ে ফিরনি বা সেমাই রান্না করেন। ঈদের দিনে এই মিষ্টান্নের স্বাদে সবচেয়ে বড় উপাদান যেন মায়ের আদর। এটিই ঈদকে সবচেয়ে বেশি স্পেশাল করে তোলে।

দুপুরে আয়োজনের সমারোহ

ঈদুল ফিতরের দুপরের আয়োজন বাঙালি মুসলিম সংস্কৃতিতে আকর্ষণের কেন্দ্রবিন্দু। এদিন খাবার টেবিলে বসে আত্মীয়-স্বজনের মিলনমেলা। অনেকে যায় আপনজনের বাসায় দাওয়াত খেতে, অনেকের বাসায় আবার হয় বিশাল আয়োজন। ঈদের দিন ধনী-গরিব নির্বিশেষে সবাই সাধ্যমতো নিজেদের এ আয়োজনকে রাঙিয়ে তোলে নানা খাবারের রূপ-গন্ধে, টেবিলে জমে ওঠে আড্ডা।

রাজধানীর রিকশাচালক আলামিন জানান, ঈদের দিন সকালে নামাজ পড়ে রিকশা চালাতে বের হন তিনি। অন্যান্য দিন তাড়া না থাকলেও, এদিন অবশ্যই দুপুরে বাসায় গিয়ে পরিবারের সঙ্গে খাবার খান। শুধু ছেলে-মেয়ে স্ত্রী না, ঢাকায় থাকা আলামিনের ভাই-বোনেরাও এসে জড়ো হন রামপুরা বউবাজারে তার বাসায়।

তবে শহরের আয়োজন থেকে গ্রামের আয়োজন যেন আরও রঙিন। এদিন খাবার টেবিলে রীতিমতো চাঁদের হাট বসে। যারা দূরদূরান্তে থাকেন তারা এসে জড়ো হন ঈদের দিনে। এই যে শহর ছেড়ে নাড়ির টানে বাড়ি ফেরা- এ যেন একসঙ্গে ঈদের জামাত আর দুপুর বেলা এক টেবিলে বসে খাওয়ার জন্যই।

ঢাকায় একটি বেভারেজ কোম্পানিতে চাকরি করেন জাহিদ হোসেন। বরিশালের বাসিন্দা জাহিদ বলেন, ঈদের আগের দিন ছাড়া ছুটি পাওয়া যায় না। ঈদের আগে টিকিটের এত ঝামেলা নিয়ে, এত পরিশ্রম করে, এক রকমের জীবনের ঝুঁকি নিয়ে বরিশালে গ্রামের বাড়িতে যাওয়ার একটাই উদ্দেশ্য; পরিবারের সঙ্গে ঈদ করা। দুপুরে সবাই মিলে যখন একসঙ্গে খেতে বসি, মা যখন আদর করে প্লেটে খাবার তুলে দেয়, বোনরা যখন হাত ধোয়ার পানি এনে দেয়, মনে হয় সব কষ্ট সার্থক। পরিবারের এই আদর-আহ্লাদে ঈদ যেন আরও অনেক বেশি ঝলমলে হয়ে ওঠে।

বিকেলের ঘোরাঘুরি গিয়ে ঠেকে রাতে

ঈদের দিন গৃহকর্ত্রী ও শিশুদের সবচেয়ে আনন্দের মুহূর্ত বিকেলের ঘোরাঘুরি। সারাদিনের কাজ আর অতিথি অ্যাপায়ন শেষে ঘরের গৃহকর্ত্রীদের স্বস্তির দেখা মেলে এই ঘোরাঘুরিতে। ঈদের দিন রাজধানীর সড়ক ফাঁকা থাকলেও দর্শনীয় স্থানগুলো যেন লোকে লোকারণ্য হয়ে ওঠে। সূর্যের তাপদাহ মিলিয়ে যাবার আগেই রাজধানীর রমনা, চিড়িয়াখানা, টিএসসি কিংবা রবীন্দ্র সরবোরের মতো জায়গা একেকটি মিলনমেলায় রূপ নেয়।

শুধু পরিবার না, কিশোর-কিশোরী, তরুণ-তরুণী ও বন্ধু-বান্ধবরা আড্ডায় মেতে ওঠেন ঈদের এ বিকেল বেলায়। ঘোরাঘুরি বিকেল থেকে শুরু হলেও, গিয়ে ঠেকে রাত অবধি। বিশেষ করে সন্ধ্যার পর দর্শনীয় স্থান ছেড়ে এরা জড়ো হন রাজধানীর রেস্তোরাঁতে।

এবারের ঈদুল ফিতরে সরেজমিনে রাজধানী ঘুরে দেখা যায়, প্রতিবারের মতো এবারও লোক সমাগমে মুখর রাজধানীর দর্শনীয় স্থান। বিশেষ করে সন্ধ্যার পর রেস্তোরাঁ এলাকা হিসেবে পরিচিত খিলগাঁও, ধানমণ্ডি ও বনানী যেন মানুষে গিজগিজ করছে।

ঈদের দিনের বিকেলের ঘোরাঘুরি প্রসঙ্গে বেসরকারি চাকরিজীবী নাজিফা আক্তার বলেন, ‘সারাদিন বাসায় কাজ করার পর এ সময়টা মেয়েদের জন্য সবচেয়ে আনন্দের। বাংলাদেশের ঈদের ঘোরাঘুরি যেন উৎসবকে শুধু ধর্মের মধ্যে আবদ্ধ না রেখে সবার মাঝে ছড়িয়ে দেয়। এদিন আমার অন্য ধর্মাবলম্বী বন্ধুরাও আড্ডা দিতে বের হয়।’

ঈদুল ফিতরের দিন অন্যান্য দিনের মতো বাসায় ফেরার তাড়া থাকে না। আত্মীয়-অনাত্মীয়ের মিলনমেলায় সকাল থেকে সন্ধ্যা অবধি সরব থাকে বাঙালি মুসলমানের ঈদ উদযাপন। সবশেষে ঘোরাঘুরি, আড্ডা আর খাওয়া দাওয়ার মধ্য দিয়ে শেষ হওয়া ঈদের রাত যেন কোলাহল আর কলহাস্যে আরও সুন্দর হয়ে ওঠে।