Home Uncategorized ঈদ আনন্দ নেই স্বজনহারা জেলে পরিবারে

ঈদ আনন্দ নেই স্বজনহারা জেলে পরিবারে

26
বাগেরহাটের কচুয়া উপজেলার বগা ও চারাখালি গ্রামের স্বজনহারা জেলে পরিবারগুলোতে নেই ঈদ আনন্দ

বাগেরহাট প্রতিনিধি।।

ঈদ আনন্দ নেই উপকূলীয় জেলা বাগেরহাটের কচুয়া উপজেলার বগা ও চারাখালি গ্রামের স্বজনহারা জেলে পরিবারগুলোতে। একমাত্র উপার্জনক্ষম সদস্যদের হারিয়ে অনাহারে-অর্ধাহারে দিন কাটে পরিবারগুলোর। হারানো স্বজনদের স্মৃতিই বেঁচে থাকার একমাত্র অবলম্বন তাদের। এই অবস্থায় সরকারি ও বিত্তবানদের সহযোগিতা চেয়েছে হতদরিদ্র এই জেলে পরিবারগুলো।


সরেজমিনে বগা জেলে পল্লিতে গিয়ে দেখা যায়, একটি টিনসেড ঘরের বারান্দায় প্লাস্টিকের চেয়ারে বসে গভীর মনোযোগে বাবার ছবি দেখছেন দশ বছর বয়সী হামিম। ঈদে অন্য শিশুরা বাবাদের সান্নিধ্য পেলেও, সে সুযোগ নেই হামিমের। মাত্র ৯ মাস বয়সে বাবা হারায় সে। ৯ বছর আগে তার বাবা অলিয়ার রহমান সাগরে মাছ ধরতে গিয়ে আর ফেরেননি। এরপর থেকেই বাবার ছবিই ভরসা হামিমের।

শুধু হামিম নয়, কচুয়া উপজেলার বগা ও চারাখালি গ্রামের জেলে পল্লীতে অন্তত ৩০টি পরিবারের অবস্থা একই রকম। সাগরে মাছ ধরতে গিয়ে আর ফেরেননি এসব পরিবারের একমাত্র উপার্জনক্ষম এই জেলেরা। জীর্ণশীর্ণ ঘরে বসবাস আর, অনাহারে-অর্ধাহারে দিনকাটে সাগরে প্রাণ হারানো জেলে পরিবারের। প্রচণ্ড আর্থিক সংকটে ঈদ আনন্দ মাটি এসব পরিবারে। এমন কি প্রাণ হারানো এই পরিবারগুলো সরকারি সহযোগিতাও পায়নি। উৎসবের কোনো রঙই ছুঁতে পারে না এইসব পরিবারের সদস্যদের।

সাগরে মাছ ধরতে গিয়ে মারা যাওয়া মহিদুল মোল্লার মা হাছিয়া বেগম বলেন, সাগরে গিয়ে আমার একমাত্র ছেলে মারা গেছে। ৩টি ছোট ছোট সন্তান রেখে গেছে। এরপর থেকে যে কীভাবে আমাদের দিন কাটে তা কাউকে বোঝানো যাবে না। কখনও খেয়ে, আবার কখনও না খেয়ে যায় আমাদের জীবন।

মহিদুলের স্ত্রী মুরশিদা বেগম বলেন, আসলে আমাদের দেখার কেউ নেই। স্বামী মারা যাওয়ার পরে আর কেউ খোঁজও নেয় না। বেঁচে থাকলে ছেলেদের কখনও সাগরে পাঠাব না বলে কান্নায় ভেঙে পড়েন ওই মা।

অলিয়ার রহমানের স্ত্রী নুরুন নাহার বেগম বলেন, গরীবের আবার ঈদ কিসের। প্রতিদিন ঠিকমত তিন বেলা খেতেই পারি না। আবার ঈদ। ছোট ছেলেকে ৯ মাস বয়সের রেখে স্বামী মারা গেছেন; এখন ছেলের বয়স ১০ বছর। কবে যে ওরে ঈদে নতুন জামা দিছি মনে নাই।

সাগরে মাছ ধরতে যাওয়া জেলে আবুল হোসেন বলেন, সাগরে মাছ ধরতে গিয়ে আসলে যা পাই তা সঞ্চয় করার কোনো উপায় থাকে না। এই অবস্থায় যেসব জেলে মারা যায়, তাদের পরিবার খুবই সংকটে পড়ে। কি যে নিদারুণ কষ্টে থাকে পরিবারগুলো, তা বর্ণনা করা যায় না।

মো. আইয়ুব আলী নামে এক জেলে বলেন, সাগরে আমার দুই ভাই মারা গেছে। এরপরেও সাগরে যাই। কারণ অন্য কোনো কাজ শিখি নাই। লেখা পড়া জানি না। আর্থিক কষ্ট ও জীবনের ঝুঁকি থাকার পরেও বংশ পরম্পরায় বাধ্য হয়ে সাগরে মাছ ধরতে যাই। হয়ত সাগরেই যাবে জীবন।

এ দিকে বগা ও চারাখালি গ্রামে চার শতাধিক জেলে থাকলেও সরকারি সুবিধা হিসেবে চাল পায় মাত্র ১৫৩ জন জেলে। এদের সরকারি সহযোগিতা প্রদানের দাবি জানান মৎস্যজীবী নেতা ইব্রাহিম আমানি।

তিনি বলেন, আসলে দীর্ঘদিন ধরে এই এলাকার মানুষ সাগরে মাছ ধরে জীবনযাপন করে। কিন্তু তারা তেমন কোনো সহযোগিতা পান না। এলাকার সব জেলেকে সরকারি সহযোগিতার আওতায় আনার দাবি জানান তিনি।

জেলে ও মৎস্য অধিদফতরের তথ্য অনুযায়ী, বঙ্গোপসাগরে মাছ ধরতে গিয়ে ২০১৫ সালে ১৯ জন এবং ২০২২ সালে ৮ জনসহ গেল ১০ বছরে অন্তত ৩০ জন জেলে প্রাণ হারিয়েছেন বগা ও চারাখালি গ্রামের।

কচুয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান নাজমা আক্তার বলেন, বগা ও চারাখালি এলাকার জেলেরা খুবই আর্থিক কষ্টে থাকেন। এখানের সব জেলে সরকারি চালও পান না। এ ছাড়া ২০১৫ সালে মারা যাওয়া ১৯ জন এখনও সরকারি সহযোগিতা পাননি। জেলেদের কার্ড বৃদ্ধি ও নিহত জেলেদের সরকারি সহযোগিতার জন্য মন্ত্রণালয়ে লেখা হয়েছে বলে জানালেন ওই জনপ্রতিনিধি।