স্টাফ রিপোর্টার
ঈদের কেনাকাটা ঘিরে মানুষের অতিরিক্ত সমাগমের মধ্যেও খুলনা নগরীর সড়কে চলছে ড্রেন সংস্কারের জন্য খোঁড়াখুঁড়ি। এতে প্রতিনিয়ত সৃষ্টি হচ্ছে যানজটের। ইজিবাইক ও রিকশার দাপটে নগরীর কয়েকটি সড়কে এখন পথচলাই যেন দায়। যানজটের কারণে নগরবাসীকে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। যানজট নিরসনে হিমশিম খাচ্ছে খুলনা মেট্রোপলিটন পুলিশের (কেএমপি) ট্রাফিক বিভাগ।
জানা গেছে, সংস্কারের জন্য নগরীর টুটপাড়া মোড়ে খানজাহান আলী সড়কের ড্রেন খোঁড়া হয়েছে। সেই ড্রেনের মাটি ও ইট রাখা হয়েছে রাস্তার ওপর। সড়কের একপাশ দিয়ে যানবাহন চলাচল বন্ধ। ফলে অন্য পাশে প্রতিনিয়ত যানজট সৃষ্টি হচ্ছে।
অন্যদিকে, ঈদ সামনে রেখে নগরীতে বেড়েছে রিকশা ও ইজিবাইকের সংখ্যা। হাজার হাজার ইজিবাইকের কারণে নগরীর বিভিন্ন গুরুত্বপূর্ণ মোড়ে সৃষ্টি হচ্ছে যানজট। খুলনা সিটি করপোরেশনের হিসাব অনুযায়ী, নগরীতে লাইসেন্সধারী রিকশার সংখ্যা প্রায় ১৭ হাজার। আর লাইসেন্সধারী ইজিবাইক রয়েছে ৮ হাজার। তবে এর বাইরেও কয়েক হাজার ইজিবাইক ও রিকশা চলাচল করছে।
নগরীর কয়েকটি রুটে বাস চলাচল করলেও নগরবাসীর প্রধান বাহন হচ্ছে রিকশা, ইজিবাইক, সিএনজিচালিত অটোরিকশা ও মাহিন্দ্রা। জীবিকা জন্য প্রতিনিয়ত বিভিন্ন জেলা-উপজেলার অসংখ্য শ্রমজীবী মানুষ নগরীতে এসে রিকশা ও ইজিবাইক চালান। ঈদ সামনে রেখে রিকশা-ইজিবাইকের সংখ্যা আরও বেড়েছে।
বিশেষ করে নগরীর সিমেট্রি রোড, ধর্মসভা রোড, ফারাজীপাড়া ফুল মার্কেট মোড়, বেনী বাবু রোড, স্যার ইকবাল রোড, পি সি রায় রোড, হাদিস পার্কের মোড়, পাওয়ার হাউস মোড়, ডাকবাংলো মোড়, খুলনা সদর থানার মোড়, পিকচার প্যালেস মোড়, ময়লাপোতা মোড়, মৌলভীপাড়া মোড়, গল্লামারী ও সাতরাস্তার মোড়ে যানজট হচ্ছে।
ঈদের কেনাকাটা উপলক্ষে নগরীর মার্কেটগুলোয় লোকসমাগম বেড়েছে। বেড়েছে নগরমুখী যানবাহনের সংখ্যা। বিভিন্ন মার্কেটের সামনে ও পার্শ্ববর্তী এলাকায় গাড়ি পার্ক করা হচ্ছে। এর ফলেও যানজট বেড়েছে।
খুলনা নাগরিক সমাজের সদস্য সচিব অ্যাডভোকেট বাবুল হাওলাদার বলেন, নগরীর রাস্তার তুলনায় রিকশা, ইজিবাইক, মাহিন্দ্রাসহ তিন চাকার যানবাহনের সংখ্যা অনেক বেশি। বিশেষ করে ইজিবাইকের কারণে যানজটের সৃষ্টি হচ্ছে।
মেট্রোপলিটন পুলিশের ট্রাফিক বিভাগের ডেপুটি কমিশনার মুনীরা সুলতানা বলেন, সড়কে খোঁড়াখুঁড়ি ও ঈদের কেনাকাটার কারণে কয়েকটি স্থানে মাঝেমধ্যে যানজট সৃষ্টি হচ্ছে। তবে যানজট নিরসনে সাধ্যমতো চেষ্টা করা হচ্ছে।











































