খুলনাঞ্চল রিপোর্ট
শেষ হয়েছে সুন্দরবনের দুবলার চরের পাঁচ মাসের শুঁটকি তৈরির কর্মযজ্ঞ। গতকাল রোববার থেকে লোকালয়ে ফিরতে শুরু করেছেন জেলেরা। আবহাওয়া অনুকূলে থাকায় ও বেশি মাছ আহরণ হওয়ায় এবার শুটকিপল্লি থেকে প্রায় ৭ কোটি টাকা রাজস্ব আয় হয়েছে, যা গত বছরগুলোকে ছাড়িয়ে গেছে।
২০২২-২৩ অর্থবছরে ৬ কোটি ১৭ লাখ ১১ হাজার ৮৭১ টাকা ও ২০২১-২২ অর্থবছরে ৪ কোটি ১৮ লাখ টাকা রাজস্ব আদায় হয়েছিল। আবহাওয়া অনুকূলে থাকায় দুবলার চরে এবার রেকর্ড পরিমাণ শুঁটকি উৎপাদন হয়েছে বলে জানিয়েছেন পূর্ব সুন্দরবনের বিভাগীয় কর্মকর্তা নুরুল কবির।
দুবলার চরের আলোর কোল, মেহেরআলী, অফিস কিল্লা, নারিকেলবাড়িয়া ও শেলারে পাঁচ মাসের জন্য থাকার অস্থায়ী ঘর, শুঁটকি সংরক্ষণের ঘর ও মাচা নিয়ে গড়ে উঠে শুঁটকিপল্লি। সাধারণত চট্টগ্রাম, সাতক্ষীরা, খুলনার পাইকগাছা, দাকোপ, বাগেরহাটের রামপাল, মোংলা ও শরণখোলার জেলেরা এসে মাছ ধরা ও শুঁটকি তৈরির কাজ করে থাকেন। এবার প্রায় ১৫ হাজার জেলে ও মৎস্যজীবী যুক্ত ছিলেন এ কর্মযজ্ঞে।
বাগেরহাটের রামপাল উপজেলার পেড়িখালী গ্রামের ওমর ফারুক ও সোহেল মল্লিক জানান, তারা ১০ বছর ধরে শুটকি মৌসুমে সাগরে যান। দুবলায় যেতে অনেক খরচ হয়। চড়া সুদে টাকা দাদন নিতে হয়। ঝড়-জলোচ্ছ্বাস ও করোনার কারণে গত দুই বছর খরচ ওঠেনি। এবার ভালো মাছ পাওয়ায় শুঁটকির মানও ভালো হয়েছে।
বন বিভাগের তথ্যমতে, গত ৩ নভেম্বর থেকে দুবলার চরে শুরু হয়েছিল শুঁটকির মৌসুম। জ্বালানি, মাছ শুকানোর চাতাল, মাচাসহ সব ধরনের কাজে সুন্দরবনের কোনো গাছপালা ব্যবহার নিষিদ্ধ হওয়ায় জেলেরা সঙ্গেই নিয়ে গেছেন প্রয়োজনীয় সব সামগ্রী। এবার জেলেদের থাকা ও শুঁটকি সংরক্ষণের জন্য বন বিভাগের অনুমতি নিয়ে দেড় হাজার ঘর, ৬৩টি ডিপো এবং শতাধিক দোকান স্থাপন করা হয়।
দুবলা জেলেপল্লির ভারপ্রাপ্ত কর্মকর্তা ফরেস্ট রেঞ্জার খলিলুর রহমান বলেন, জেলেদের নিরাপত্তায় চাতালে দিনে দু’বার টহল দেওয়া হয়। এ কারণে ডাকাতের উৎপাত ছিল না। মৌসুম শেষে নির্বিঘ্নে জেলেরা ঘরে ফিরে গেছেন।
তবে ডাকাতের উৎপাত না থাকলেও ভারতীয় জেলেরা মাছ ধরে নিয়ে যায় বলে জানিয়েছেন চট্টগ্রামের শুঁটকি ব্যবসায়ী জাহিদ বহাদ্দার।
তিনি আরও বলেন, শুকানো শুঁটকি চলে যায় চট্টগ্রাম, সৈয়দপুর, রংপুর, ঢাকাসহ দেশের বড় বাণিজ্যকেন্দ্রগুলোতে। সরাসরি সাগর থেকে নিয়ে এসে কোনো রাসায়নিক ছাড়া তাৎক্ষণিক রোদে শুকাতে দেওয়া হয় বলে স্বাদ ও গুণাগুণে অনন্য ওই শুঁটকি, যা বিদেশেও রপ্তানি হয়।











































